বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো সাতজন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সেই হিসাবে শনাক্তের হার তিন দশমিক ৮২ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন পুরুষ, আরেকজন নারী। তাদের একজনের বয়স ৩১-৪০ বছর, আরেকজনের ৭১-৮০ বছরের মধ্যে। দুইজনের একজন চট্টগ্রাম, আরেকজন সিলেট বিভাগের।
তাদের একজন সরকারি, অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২১ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২২ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।

শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ শেষ রিয়াল ডিফেন্ডারের

রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন চাপে পড়ে যাচ্ছে একের পর এক ইনজুরিতে। এবার নতুন করে চোটে পড়েছেন অভিজ্ঞ অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। শুক্রবার ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক কাফ মাসলের চোটে ভুগছেন।

এর আগে এপ্রিলে বাঁ হাঁটুর মেনিসকাস ইনজুরিতে পড়েন আলাবা।
সেই চোট কাটিয়ে ধীরে ধীরে ফেরার চেষ্টা করছিলেন তিনি। তবে এবার নতুন ইনজুরি তার ফেরার পথে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ফলে চলমান ক্লাব বিশ্বকাপে আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘ডেভিড কিছুটা সময় নিচ্ছে।
অপারেশনের পর ধৈর্য ধরতে হচ্ছে। ধাপে ধাপে এগোচ্ছি, এখনই ঝুঁকি নিতে চাই না।’

ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত রিয়ালের হয়ে মাঠে নামেননি আলাবা। সামনেই ২ জুলাই রাউন্ড অব সিক্সটিনে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ।

তবে শুধু আলাবাই নন, আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়ালের জন্য। দানি কারভাহাল, এদের মিলিতাও এবং এদুয়ার্দো কামাভিঙ্গা এখনো পুরোপুরি ফিট নন। এই তিনজন দলের সঙ্গে অনুশীলনে ফিরলেও, ফেরলান্দ মেন্দি ও তরুণ ফরোয়ার্ড এনদ্রিক রয়েছেন মাদ্রিদে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে।

ফের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ

ফের সুখবর নিয়ে হাজির ইলিয়ানা ডি’ক্রুজ। দ্বিতীয় বার মা হলেন বলিউডের এই অভিনেত্রী। গত ১৯ জুন তার কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। সন্তান জন্মের সপ্তাহ খানেক পর খুশির খবরটি জানালেন অভিনেত্রী নিজেই।

শনিবার সকালে সোশ্যালে সদ্যোজাতের একটি ছবি শেয়ার করে তার নামও প্রকাশ্যে আনেন ইলিয়ানা। তিনি লিখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি কিয়েনু রেফ ডোনালের সঙ্গে।’ ছবিতে দেখা গেছে, মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত পাশ ফিরে শুয়ে। ঘুমে আধবোজা চোখ।

প্রকাশ্যে ইলিয়ানার দ্বিতীয় সন্তান কিয়েনু রেফ ডোনাল।

ইতিমধ্যেই একরত্তির মিষ্টি ছবি ভাইরাল। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইলিয়ানা এবং তাঁর সদ্যোজাতকে। সেই তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, আরশাদ ওয়ারসি এবং তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেঠি।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে প্রথমবার মা হন ইলিয়ানা। তখনও পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সন্তানের খবর সেসময় প্রকাশ্যে আনলেও বিয়ে নিয়ে অভিনেত্রী কিছুই জানান নি। তবে জানা গেছে সে বছরের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেন তিনি।

হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শান্ত

প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ৪৯৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে জয় তুলে নেওয়ার চেষ্টাও করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
তবে পারফরম্যান্সে ছিল জয়ের সুবাস।

এই পারফরম্যান্সের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন আত্মবিশ্বাসের কথা। কিন্তু কলম্বোতে এসে সেই আত্মবিশ্বাস যেন ধুলিসাৎ হয়ে গেল। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ২৪৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এরপর শ্রীলঙ্কা তুলে ফেলে ৪৫৮ রান। লিড নেয় ২১১ রানের।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চিত্র আরো হতাশাজনক। মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় পুরো দল।
ফলাফল—ইনিংস ও ৭৮ রানের বিশাল হার। এতে সিরিজও হাতছাড়া হয় ১-০ ব্যবধানে।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে অধিনায়ক শান্ত বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, এরপর এই টেস্টের ফল খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মোটেই মান অনুযায়ী হয়নি। আমাদের কিছু সুযোগ ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি।
আমি এখনো মনে করি, আমাদের আগে ব্যাট করাই ঠিক ছিল। উইকেট কিছুটা স্লো ছিল, তবে যেভাবে আমরা আউট হয়েছি, সেটা মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘আমরা সবসময় সহজ পথ নেওয়ার চেষ্টা করেছি, যার ফলে ভুল করেছি ব্যাটিংয়ে। তবে তৃতীয় দিনে যেভাবে আমরা বল করেছি, সেটা এই ধরনের কন্ডিশনে দেখে ভালো লেগেছে।’

এই হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শান্ত। জানিয়েছেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, দলের মঙ্গল ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকা বুদ্ধিমানের কাজ নয় : শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইনিংস ও ৭৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি আর টেস্ট ফরম্যাটে অধিনায়ক থাকতে চাই না।’

শান্ত আরো বলেন, ‘এটা ব্যক্তিগত কিছু নয়। দলের স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
আমার মনে হয়, এটি দলের জন্য ভালো হবে। আমি গত কয়েক সিরিজ ধরে ড্রেসিংরুমের অংশ ছিলাম। আমার মনে হয়, তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকা বুদ্ধিমানের কাজ নয়। বোর্ড কী সিদ্ধান্ত নেয় জানি না, তবে আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাব।
কিন্তু এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, তিন ফরম্যাটে আলাদা তিনজন অধিনায়ক থাকলে দলের জন্য তা কঠিন হয়ে যাবে।’

শান্ত আরো যোগ করেন, ‘আমি চাই না কেউ ভাবুক এটি আবেগপ্রবণ সিদ্ধান্ত বা আমি হতাশ হয়ে এমনটা বলছি। এটা পুরোপুরি দলের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।
’
তিনি জানান, কিছুদিন আগেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দিয়েছেন।

২০২৩ সালের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে শান্ত টেস্ট অধিনায়ক হন। তার নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৪টি জয় এবং ৯টি হার। ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি জয় ছিল সবচেয়ে বড় সাফল্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ছিল ড্র হওয়া তার অধিনায়কত্বে একমাত্র ম্যাচ।

অধিনায়ক থাকাকালীন ব্যাট হাতে শান্ত নিজেও ভালো ফর্মে ছিলেন। যেখানে অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৩৬.২৪, সেখানে অধিনায়ক না থাকাকালে তার গড় ২৯.৮৩। অধিনায়ক হিসেবে দলের জেতা চার টেস্টে তার গড় ছিল ৩৭.১৬।

এর আগে চলতি মাসেই ওয়ানডে অধিনায়কত্ব থেকেও তাকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেয় বিসিবি। এখন প্রশ্ন উঠেছে—বাংলাদেশের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হবেন কে? সেটা জানতে অপেক্ষায় থাকতে হবে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ব্রাজিলিয়ান খেলোয়াড়ের ঘরে ‘ভবঘুরে অতিথি’, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। দলের সদস্যরা উঠেছেন দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়া শহরের একটি অভিজাত ম্যারিয়ট হোটেলে। আর সেখানেই ঘটেছে এক বিরল ঘটনা—ফ্লুমিনেন্সের ডিফেন্ডার ইগনাচিওর কক্ষে ঢুকে গভীর ঘুমে মগ্ন অবস্থায় পাওয়া যায় এক গৃহহীন ভবঘুরেকে!

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবর অনুযায়ী, অনুশীলন শেষে হোটেলে ফিরে নিজের কক্ষে প্রবেশ করতে পারছিলেন না ইগনাচিও। কক্ষের কার্ড কাজ না করায় হোটেল নিরাপত্তাকর্মীদের ডেকে আনেন তিনি।
দরজা খুলতেই চমকে ওঠেন সবাই—বিছানায় আরাম করে ঘুমাচ্ছেন এক ভবঘুরে!

তবে আশ্চর্যের বিষয় হলো, কক্ষে থাকা কোনো জিনিসপত্র চুরি হয়নি, এমনকি কক্ষটিও ছিল গোছানো। ঘটনার পরপরই ভবঘুরে ব্যক্তিকে হোটেল থেকে বের করে দেওয়া হয় এবং বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো ফ্লুমিনেন্স ক্লাব কিংবা ফিফা কর্তৃপক্ষ গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এদিকে ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে ফ্লুমিনেন্স। সোমবার উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে এমন এক নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিলিয়ান দলটির ভক্ত-সমর্থকদের মধ্যেও।

বর্তমানে ফ্লুমিনেন্স দলের অনুশীলন চলছে ইউজেনি স্টোন স্টেডিয়ামে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই চেষ্টায় এখন হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তাবাহিনী।

ট্রাম্পের নির্বাহী আদেশ ঠেকানোর ক্ষমতা কমল নিম্ন আদালতের

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যা ভবিষ্যতের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের জন্যও এক বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে। এই রায়ের মাধ্যমে নিম্ন আদালতগুলোর নির্বাহী আদেশ ঠেকানোর ক্ষমতা সীমিত হয়ে গেল।

হোয়াইট হাউসের ব্রিফিংরুমে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ‘এটি একটি বড় এবং অসাধারণ রায়। আমরা অত্যন্ত খুশি।
’ তিনি এটিকে সংবিধান, ক্ষমতার পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেন।

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে প্রভাব

এই রায়ের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত ট্রাম্পের একটি বিতর্কিত নির্বাহী আদেশ কার্যকর হওয়ার পথ খুলে গেছে। সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের আদেশটি আগামী এক মাসের মধ্যে কার্যকর হতে পারবে, তবে যারা মামলা করেছে, তাদের ক্ষেত্রে নিম্ন আদালত এই আদেশের প্রভাব কমানোর সুযোগ পাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়।
ট্রাম্প প্রশাসন এটি বন্ধ করতে চাইছে। তবে অনেক অঙ্গরাজ্য জন্ম সনদে বাবা-মায়ের নাগরিকত্ব উল্লেখ করে না। বিশেষ করে ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলো এই পরিবর্তনে তাড়াহুড়ো করবে না। বেশির ভাগ মতামতে বিচারপতি অ্যামি কোনি ব্যারেট বলেন, ‘নিম্ন আদালতগুলোর উচিত হবে একটি সীমিত পরিসরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত কি না তা বিবেচনা করা।
’

ট্রাম্প একে বিরাট জয় বলে আখ্যায়িত করে বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্বের প্রতারণা আজ একপ্রকার পরোক্ষভাবে কঠোর আঘাত পেয়েছে।’ ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট এই জন্মসূত্রে নাগরিকত্বের ভবিষ্যৎ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রেসিডেন্টদের ক্ষমতা বাড়ানো

এই রায়ের ফলে নিম্ন আদালতের দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা হ্রাস পেয়েছে, যা প্রেসিডেন্টদের জন্য অনেক সুবিধা এনে দেবে। অতীতে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত যেমন বিদেশে সহায়তা কমানো, অভিবাসন সংস্কার, সরকারি কর্মচারী ছাঁটাই ও নির্বাচনী নিয়ম বদলের ক্ষেত্রে নিম্ন আদালতের হস্তক্ষেপে প্রশাসনের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।

ট্রাম্প বলেন, ‘এখন আমরা সেই নীতিগুলো নিয়ে এগোতে পারব, যেগুলো এত দিন ভুলভাবে থামিয়ে দেওয়া হয়েছিল।
’ এই সিদ্ধান্ত ভবিষ্যতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান – উভয় প্রেসিডেন্টের নীতিগত সিদ্ধান্ত কার্যকরে সময় ও সুযোগ সৃষ্টি করবে, যতক্ষণ না উচ্চ আদালত বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

সূত্র : বিবিসি

হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ‘কাটা লাগা’খ্যাত শেফালি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।

সাংবাদিক ভিকি লালওয়ানি একটি পোস্ট শেয়ার করেছেন পুরো ঘটনাক্রম নিয়ে।
তিনি লিখেছেন, হাসপাতালের রিসেপশনের কর্মী নিশ্চিত করে জানিয়েছেন, শেফালিকে হাসপাতালে ঢোকানোর পরেই চিকিৎসকরা দেখে জানান, এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তারপর সাংবাদিকরা আরএমও-কে জানালে তিনি আবার হৃদরোগ বিশেষজ্ঞের থেকে বিস্তারিত জানতে চান। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর লুলাও মৃত্যুর খবর নিশ্চিত করেন। কিন্তু এর থেকে বেশিকিছু এখনও জানা যায়নি।

‘কাটা লাগা’ গানের জন্য রাতারাতি বিখ্যাত বনে যান শেফালি। এরপর ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে বলিউডে অভিষেক করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। ব্যক্তি জীবনে ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি।
২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। তারপর ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন।

খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

প্রবাথের পাঁচ উইকেট, ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হার বাংলাদেশের

কলম্বো টেস্টের চতুর্থ দিনেই হয়ে গেল ম্যাচের নিষ্পত্তি। লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ইনিংস ও ৭৮ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

চতুর্থ দিনের শুরুতেই ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশের শেষ ভরসা লিটন দাস।
আগের দিন শেষ বিকেলে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ, পিছিয়ে ছিল ২১১ রানে। আশা ছিল, লিটন লেজের ব্যাটারদের নিয়ে কিছুটা লড়াই করবেন। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়ে দিনের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফিরে যান।

এরপর আর কিছুই করার ছিল না সফরকারীদের।
বাকি চার উইকেট হারাতে সময় লেগেছে মাত্র ৬ ওভার। স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩ রানেই থামে নাজমুল হোসেনদের ইনিংস।

পুরো ম্যাচে লঙ্কানদের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন প্রবাথ জয়াসুরিয়া।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন লঙ্কানদের জয়ের অন্যতম নায়ক। এছাড়া বাংলাদেশের ৯ উইকেট শিকার করেছেন স্পিনাররা।

ম্যাচে বাংলাদেশের হয়ে দুই ইনিংসে একটিও ফিফটি করতে পারেননি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে।

টেস্ট সিরিজ হারের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আগামী বুধবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

‘বিশ্বাসঘাতক’ বার্সা! ক্লাব ছাড়তে ‘নারাজ’ অধিনায়ক, মিলছে না বেতনের অঙ্ক

বহু কাঠখড় পুড়িয়েও বার্সেলোনায় থাকতে পারছেন না অভিজ্ঞ ও বিশ্বস্ত জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ইতিমধ্যে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ২৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে দলে টেনেছে কাতালান ক্লাবটি। তাই প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে তিনি যে আর বার্সায় থাকছেন না তা এক প্রকার নিশ্চিতই বলা যায়।

এ ছাড়া ম্যানুয়াল নয়্যারের বিদায়ের পর জার্মান জাতীয় দলের প্রথম পছন্দের গোলরক্ষক স্টেগেন।
সামনের বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপই হতে পারে তার প্রথম মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু ক্লাবে দ্বিতীয় গোলরক্ষক হয়ে থাকলে সেটা হুমকির মুখে পড়বে। তাই ক্লাব বিশ্বাসঘাতকতা করছে এমন গন্ধ পাচ্ছেন এই এক যুগ বার্সার পোস্ট সামলানো এই অধিনায়ক।

এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছে বার্সা।
ক্লাবটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ তাদের পথে কোনো বাধা নয়।

তবে নতুন খেলোয়াড় আনার সঙ্গে বার্সার আসল চ্যালেঞ্জটাও শুরু হচ্ছে এখন। আর তা হচ্ছে অপ্রয়োজনীয় খেলোয়াড়দের বিদায় জানানো। লা লিগার বেতনসীমা অতিক্রম করে ফেলার কারণে নতুনদের নিবন্ধনের জন্য অর্থসংকট মোকাবেলা করতে হচ্ছে এই ঐতিহ্যবাহী ক্লাবের।
আর এ তালিকার শীর্ষেই রয়েছেন ক্লাব অধিনায়ক ও দীর্ঘদিন বার্সার গোলপোস্ট সামাল দেওয়া গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

৩৩ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক গেল মৌসুমে হাঁটুর গুরুতর ইনজুরির কারণে মাত্র ৯ ম্যাচ খেলতে পারেন। প্যাটেলার টেনডন পুরোপুরি ছিঁড়ে যাওয়ার কারণে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় তাকে।

বয়স, ইনজুরি এবং বেতনের হিসাব—সব মিলিয়ে বার্সার জন্য টার স্টেগেন এখন আর্থিক বোঝা। বর্তমান চুক্তি অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবে থাকবেন এবং খেলোয়াড়দের মধ্যে তার বেতন অন্যতম সর্বোচ্চ।

লাপোর্তা বার্সার প্রেসিডেন্ট হিসেবে এসে ২০১৪ সালের মে মাসে বরুসিয়া মনশেনগ্লাদাখ থেকে বার্সায় আসা টের স্টেগেনের চুক্তির মেয়াদ বাড়ান।

তবে এর ফলে টার স্টেগেনের বেতন ভার আরও দীর্ঘমেয়াদে বার্সার কাঁধে আসে। ক্লাব সূত্র বলছে, তারা এতটাই মরিয়া যে প্রয়োজন হলে তাকে বিনা মূল্যেও ছেড়ে দিতে রাজি।

এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এবং চাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। টার স্টেগেনের ঘনিষ্ঠরা বিশ্বাস করেন, সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন আসছে, তা মূলত তাকে ক্লাব ছাড়ার দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা।

তবে বার্সার ভেতর থেকেও বলা হচ্ছে, কেবল আর্থিক দিক নয়—খেলোয়াড়ী বিষয়েও চিন্তা আছে। বার্সার চোখে, ২৪ বছর বয়সী গার্সিয়াকে দলে টানা ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত।

এরই মধ্যে কিছু বিতর্কও সামনে এসেছে। এপ্রিল মাসে জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এ এক সাক্ষাৎকারে টার স্টেগেন বলেন, তিনি খুব দ্রুত মাঠে ফিরতে চান এবং প্রস্তুত হয়ে ‘কোচ হ্যান্সি ফ্লিককে জানাবেন’। ক্লাব সূত্রের মতে, এই মন্তব্য অনেকেই নেতিবাচকভাবে নিয়েছেন, যেটা কোচের উপর চাপ প্রয়োগ হিসেবে দেখছেন অনেকে।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দলের সফরসঙ্গী হননি। একই সময়ে ইনজুরড জুল কুন্দে ব্যক্তিগত উদ্যোগে মিলানে গিয়ে দলের পাশে ছিলেন। এই তুলনা নিয়েও ক্লাবের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে।

টার স্টেগেনের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি, বরং ক্লাব ছাড়ার কোনো কারণ দেখছে না নিজের জায়গা ফিরে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী এই গোলরক্ষক।

জাতীয় দলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার সঙ্গে ক্লাবের কেউ এই বিষয়ে কিছু বলেনি। আমি বার্সেলোনাতেই থাকব।’

তবে গত মৌসুমে ইলকায় গুন্দোয়ানের সঙ্গে যা ঘটেছিল, সেটিও উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কোচ ফ্লিকের সঙ্গে একটি ব্যক্তিগত আলোচনা শেষে গুন্দোয়ান নিজেই সিদ্ধান্ত বদলে সিটি ফিরে যান। এবার সেই ‘আলোচনা’ই হতে পারে টের স্টেগেনের ভবিষ্যৎ নির্ধারণের বড় ক্ষেত্র।

বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেন, ‘আমি নয়, এই আলোচনা কোচের দায়িত্ব। খেলোয়াড়দের নিয়ে সিদ্ধান্ত নেওয়া তার কাজ, এবং প্রত্যেক খেলোয়াড়ের নিজের লক্ষ্য থাকে।’

১৩ জুলাই থেকে শুরু হচ্ছে বার্সার প্রাক-মৌসুম। সেদিনই প্রথমবারের মতো মুখোমুখি হবেন ফ্লিক ও টের স্টেগেন।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো—যদি ছাড়তেই হয়, তাহলে টার স্টেগেন যাবেন কোথায়?

আপাতত লা লিগার অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ নেই টের স্টেগেনের। লিগের নিয়ম অনুযায়ী, ফ্রি ট্রান্সফারে গেলেও নতুন ক্লাবে অন্তত আগের বেতনের ৫০ শতাংশ দিতে হবে। গোলরক্ষকের বেতনের আকাশছোঁয়া পরিমাণের কারণে বার্সার পক্ষে সেটিও বাস্তবসম্মত নয়।

এদিকে সৌদি লিগের কথা শোনা গেলেও, সাম্প্রতিক সময়ে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের দলে নেওয়ার বিষয়ে অনাগ্রহী সৌদি ক্লাবগুলো। জার্মানিতেও জায়গা নেই, বায়ার্নে নয়্যার আছেন এবং অন্য ক্লাবগুলো এতো বেতন দিতে পারবে না। প্রিমিয়ার লিগেও তার জন্য তেমন কোনো সম্ভাব্য গন্তব্য নেই।

সব মিলিয়ে জটিল এক পরিস্থিতি। আপাতত নজর রাখতে হচ্ছে—জুলাইয়ের সেই ফ্লিক-স্টেগেন আলোচনার দিকেই।