বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিলের সিদ্ধান্ত

৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছেন অন্তর্বর্তী সরকার। আজ রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।

গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।

সার্বিয়ায় নির্বাচনের দাবিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের সমাবেশ

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় প্রায় ১,৪০,০০০ সরকারবিরোধী বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হন। এই বিক্ষোভ ছয় মাস ধরে চলে আসা সম্প্রসারিত আন্দোলনের অংশ। যা গত নভেম্বরে নোভি সাদে এক ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনা থেকে উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছিল এ বিক্ষোভ।

ইন্ডিপেন্ডেন্ট প্রোটেস্ট মনিটর, আর্কাইভ অফ পাবলিক গ্যাদারিংস এর তথ্য অনুযায়ী, মিছিলে প্রায় ১,৪০,০০০ জন অংশ নেন, যা পুলিশের ৩৬,০০০ জন উপস্থিতির চেয়ে বহুগুণ বেশি।
বিক্ষোভকারীরা ‘আমরা নির্বাচন চাই’ স্লোগান দিয়ে রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচের সরকারের প্রতি আগাম নির্বাচনের দাবি জানান।

যুব ও ছাত্র নেতৃত্বাধীন এই বিক্ষোভটি মূলত শান্তিপূর্ণ ছিল। তবে মিছিলের শেষে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ছুড়ে মারলে পুলিশ কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও লাঠি ব্যবহার করে।
পুলিশের তরফে ছয়জন কর্মকর্তা আহত ও কয়েক ডজন গ্রেপ্তার করা হয়।

নোভি সাদে জুনের দুর্ঘটনার বিচার ও দুর্নীতির তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচনের দাবিতেই আন্দোলন শুরু হয়েছে। ছাত্র নেতা স্টেফান ইভাকোভিচ বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যতক্ষণ সময় লাগে সমাবেশ করব।’ দেশটির শাসক দল এ আন্দোলনকে ‘বিদেশী প্রভাবিত’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে।

সূত্র : ফ্রান্স ২৪

দেশে স্বর্ণের বাজারে ফের পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (রোববার, ২৯ জুন) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। তবে আগের দামেই বিক্রি হবে রুপা।

সবশেষ শনিবার (২৮ জুন) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২৪ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৬৬৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২৫ জুন থেকে।

এ নিয়ে চলতি বছর মোট ৪০ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৬ বার, আর কমেছে মাত্র ১৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

ইরানে ফেলা বাংকার বাস্টারের ভিডিও দেখাল পেন্টাগন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা ব্যবহার করা বাংকার বাস্টারের সক্ষমতা দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এতে দেখা গেছে, কীভাবে ৩০ হাজার পাউন্ডের বাংকার বাস্টার নামে পরিচিত শক্তিশালী বোমা ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত করে ধ্বংস করে দেয়।

পেন্টাগনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বিশালাকৃতির বোমা আকাশ থেকে লক্ষ্যবস্তুতে ছুটে এসে আঘাত করছে। সঙ্গে সঙ্গে ধূলিঝড় সৃষ্টি হয়, তারপর লক্ষ্যবস্তুর অভ্যন্তরে ভয়াবহ বিস্ফোরণ। মাটি কাঁপানো ওই বিস্ফোরণ মুহূর্তেই এক বিস্ময়কর দৃশ্য তৈরি করে।

ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তা জানান, ‘বাংকার-বাস্টার’ নামে পরিচিত ৩০ হাজার পাউন্ড ওজনের জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর, সাধারণ কোনো বোমা নয়। এর বিস্ফোরণের পরে মাটির ওপর তেমন ক্ষতচিহ্ন দেখা যায় না। কারণ এটি মাটির অনেক গভীরে ঢুকে তারপর বিস্ফোরিত হয়। ফোরদো ইউরেনিয়াম প্ল্যান্টের প্রতিটি ভেন্টে ছয়টি করে বোমা পাঠানো হয়েছিল এবং সবগুলোই নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে।

গত ২১ জুন ইরানের পারমাণবিক কেন্দ্রে চালানো হয় ইতিহাসের অন্যতম বড় অপারেশন। এতে অংশ নেয় ১২৫টির বেশি মার্কিন সামরিক বিমান। বি-টু স্টিলথ বোমার বহর এই অভিযানে ১৪টি বাংকার-বাস্টার বোমা নিক্ষেপ করে, যা ছিল দ্বিতীয় দীর্ঘমেয়াদি বি-টু মিশন।

পেন্টাগনের মতে, এই অভিযানে মূলত বিস্ফোরণের ধাক্কা ও অতিরিক্ত চাপে টানেল ও অভ্যন্তরীণ যন্ত্রপাতির বড় ধরনের ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজে বিস্ফোরণের তীব্রতা, আগুনের কুণ্ডলী এবং ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র ফুটে ওঠে। সামরিক প্রযুক্তির এই উন্নত রূপ ইঙ্গিত দেয়, ভবিষ্যতের যুদ্ধ আর আকাশেই সীমাবদ্ধ থাকবে না, নামবে মাটির গভীরেও।

এদিকে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র কেন ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহার করেনি তা প্রথমবারের মতো জানিয়েছে পেন্টাগন। পরমাণু কেন্দ্রটি মাটির অত্যন্ত গভীরে হওয়ায় ওই বোমার কার্যকারিতে নিয়ে সন্দেহ থেকেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইস্পাহানে পারমাণবিক স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সেখানে প্রচলিত ‘বাংকার বাস্টার’ বোমাও কাজ নাও করতে পারে, এমন সন্দেহ থেকেই হামলার কৌশল বদলায় যুক্তরাষ্ট্র।

মার্কিন সিনেটকে দেয়া গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বলেন, ওই কেন্দ্র এত গভীরে যে, এমওপি বা ম্যাসিভ অর্ডনেন্স পেনেট্রেটর এর মত বোমাও সেখানে পৌঁছাতে পারত না। একারণে, ইস্পাহান লক্ষ্য করে পাঠানো হয় সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইল।

জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদপত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের কাছে এই প্রতিবাদপত্র জমা দেন।

গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১২ দিন ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৬২৭ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন ৪ হাজার ৮৭০ জন। ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কেন্দ্রীয় সদর দপ্তর, স্বাস্থ্য ও সেবাকেন্দ্র, কারাগার, আবাসিক এলাকা এবং নগর ও গ্রামীণ অঞ্চলসহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলায় দেশটির একাধিক বিখ্যাত পরমাণুবিজ্ঞানীকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে মানুষের জীবনধারণের অধিকার, শারীরিক ও মানসিক নিরাপত্তার অধিকার, চিকিৎসাসেবা পাওয়ার অধিকারসহ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

এ ছাড়া বারবার আবাসিক ভবনে বোমাবর্ষণের হুমকির মাধ্যমে মানসিক নির্যাতন নিষিদ্ধের অধিকার এবং ইরানের আইআরআইবিতে হামলা চালিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকেও লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে। এছাড়া সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য না করে চালানো হামলায় নীতি লঙ্ঘন করা হয়েছে। বেসামরিক নাগরিকদের পূর্ব সতর্কতা না দিয়ে তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে প্রতিবাদলিপিতে।

তথ্যসূত্র : প্রেস টিভি

বাংলাদেশে পিআর সিস্টেমে নির্বাচন সম্ভব নয় : সালাহউদ্দিন

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যারা পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা।

বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানাবেন আশা তার।

সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়।

এ দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ আয়োজন করে।

মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।
জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে।

আজও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি একটি ড্রোন এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে কুনিন এলাকায় গাড়িতে হামলা চালায়। এতে প্রাথমিক অবস্থায় একজন নিহত হয়েছে।
তবে ইসরায়েলের সেনবাহিনী এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় এক নারী ও ২৫ জন আহত হওয়ার পর দিনই ইসরায়েল এই হামলা চালাল। নাবাতিয়েহ শহরের একটি ভবনে ইসরায়েলের ড্রোন হামলায় ওই নারী নিহত হন বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে। শুক্রবারের ওই হামলায় সাতজন গুরুতর আহতও হয়।

অন্যদিকে ইসরায়েলি সেনবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তারা বেসামরিক ভবন লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। ওই এলাকার সন্ত্রাসী আস্তানায় হামলা চালানো হয়েছে, যেখানে হিজবুল্লাহকে পূণর্বাসিত করার চেষ্টা চলছিল বলে চিহ্নিত করা হয়েছিল।

আদ্রে আরো বলেন, হামলাটি বেসামরিক ভবনটিতে থাকা একটি রকেটে আঘাত হানলে সেটি বিস্ফোরিত হয়।

ইসরায়েলের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ করতে গত নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল তার প্রতিবেশি দেশটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধবিরতির শর্তে হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে ইসরায়েলের সীমান্তবর্তী ৩০ কিলোমিটার এলাকা থেকে হিজবুল্লাহর সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল। পাশাপাশি সশস্ত্র অবস্থায় ওই এলাকায় শুধু জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী ও লেবানিজ সেনাবাহিনী থাকবে বলেও উল্লেখ ছিল। এ ছাড়া দেশটি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করতেও বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও লেবাননের দক্ষিণে পাঁচটি এলাকা থেকে এখনো সেনাদের সরানো হয়নি, যা তাদের কৌশলগত কারণে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৯০ কোটি ১৭ লাখ টাকার বাজেট অনুমোদন

২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২৭তম সিনেট অধিবেশনে এ বাজেট অনুমোদন করা হয়।

সিনেট অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব ব্যয়ের বিপরীতে প্রাক্কলিত রাজস্ব আয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা।

প্রস্তাবিত বাজেটে পরীক্ষা পরিচালনা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ২৮৯ কোটি ৩ লাখ টাকা। বেতন-ভাতা ও সুবিধাদি খাতে ১৮৮ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া সাধারণ আনুষঙ্গিক খাতে ৬০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ৫১ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকা এবং শিক্ষা আনুষঙ্গিক খাতে ৫০ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে ঘাটতি থাকছে ১২৪ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকা।

বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের জন্য বেতন-ভাতা খাতে ব্যয় বাড়ছে ৭৮ কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকা এবং চাকুরিকাল ২৫ বছর পূর্ণ হওয়া শিক্ষক-কর্মকর্তাদের পেনশন ও অবসর সুবিধাদি খাতে ব্যয় বাড়ছে ২৮ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা। ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মূল বাজেটের আগে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৪১৭ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ৭২১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকা।
২০২৪-২০২৫ অর্থবছরের প্রাক্কলিত আয় ৫২০ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা সংশোধন করে ৫১২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকা নির্ধারণ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. নূরুল ইসলাম প্রমুখ।

ড. ইউনূসকে তারেক রহমানের শুভেচ্ছা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষে ‘ফুলেরতোড়া ও কেক’ গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম।

ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই : মান্না

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৫ বছর তারা (আওয়ামী লীগ) যে নৃশংস অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে ক্ষমা করার কোন সুযোগ নেই। শেখ হাসিনা ছিল একজন কুৎসিত স্বৈরাচার। তিনি হিটলারকেও হার মানিয়েছেন।

শনিবার (২৮ জুন) রাজধানীর এফডিসিতে ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে চাইলে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা আরো বহুদিন মশালের মতো জ্বলবে। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই দেশ পরিচালনা করতে হবে।
’

নির্বাচনে কোনো জাতীয় ঐক্য থাকে না জানিয়ে তিনি বলেন, ‘যারা জাতীয় ঐক্য স্লোগান দিচ্ছেন তারা সবাই বুঝে দিচ্ছেন না। নির্বাচনের সময় কি জাতীয় ঐক্য থাকতে পারে। নির্বাচনে প্রার্থী সর্বোচ্চ একটা নীতি মানতে পারে। যে নীতি দ্বাড়া সে অপর প্রার্থীর ক্ষতি করবে না।
আর এই নীতি নির্বাচন কমিশনকেই ঠিক করে দিতে হবে। কিন্তু জাতির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে ও দুর্ভিক্ষের প্রশ্নে জাতীয় ঐক্য থাকতে হবে। আমি মনে করি জাতীয় ঐক্য রয়েছে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্যে প্রথমে সব দল একতাবদ্ধ না থাকলেও এখন দেখা যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে অসংলগ্নতা তৈরি হচ্ছে জানিয়ে নাগরিক ঐক্যের এই নেতা বলেন, ‘এনসিপির মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে।
তাদের এক নেতা এক কথা বলে আরেক নেতা সেই কথার বিরোধিতা করে। দলটাকে নির্ভেজাল রাখতে হবে। মানুষ দেখবে যে তারা ঐক্যবদ্ধ রয়েছে। মানুষ দেখবে যে দলটি ঠিক সিদ্ধান্ত দিচ্ছে। এইরকম করলে দলটির ভবিষ্যৎ রয়েছে। হটকারিতা বা শুধু তরুণরাই ভূমিকা রাখবে এ ধরনের চিন্তায় দল দাঁড়াবে না।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী অপরাধে গ্রেপ্তার হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে যিনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন সেই বিচারপতি খায়রুল হকের কোন বিচারই দেশবাসী দেখতে পেল না। নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাক অবৈধভাবে টিকিয়ে রাখার মহাপরাধী খায়রুল হকের বিচার এখন সময়ের দাবি।’

ছায়া সংসদে ইস্টার্ন ইউনিভার্সিটি’র বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক কাজী জেবেল, সাংবাদিক জাকির হোসেন লিটন ও সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।