বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

‘সিটিকে ধ্বংস করতে পারে ক্লাব বিশ্বকাপ’

ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ এবং নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের প্রস্তুতির মধ্যে সময় স্বল্পতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এই সূচির চাপে দল একপ্রকার ‘ধ্বংস’ হয়ে যেতে পারে।

গত ২৫ মে প্রিমিয়ার লিগ শেষ করেছে সিটি। মাত্র তিন সপ্তাহ পর, ১৮ জুন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু করেছে ক্লাব বিশ্বকাপ অভিযান।
আগামী সোমবার (১ জুলাই) অরল্যান্ডোতে শেষ ষোলোতে আল-হিলালের মুখোমুখি হবে সিটি। যদি তারা ফাইনালে পৌঁছে তাহলে ১৩ জুলাইয়ের পর নতুন মৌসুম শুরুর (১৬ আগস্ট) আগে প্রস্তুতির জন্য হাতে থাকবে মাত্র এক মাস।

গার্দিওলা সাংবাদিকদের বলেন, আমি জানি না ক্লাব বিশ্বকাপ আমাদের খেলোয়াড়দের উপর কী প্রভাব ফেলবে। আপনারা বরং মৌসুম শেষে আমাকে জিজ্ঞেস করুন।
তখন হয়তো বলবো, ‘দেখুন, আমরা একদম ধ্বংস হয়ে গেছি। আমরা ক্লান্ত। এই বিশ্বকাপ আমাদের শেষ করে দিয়েছে।’

গার্দিওলা আরো বলেন, ‘এই পরিস্থিতি আমাদের জীবনে প্রথমবার ঘটছে।
তাই এখনই কিছু বলা মুশকিল। সময়ই বলবে কী হবে।’

গার্দিওলা বলেন, তিনি সাবেক লিভারপুল কোচ ইউর্গেন ক্লপের বক্তব্যের সঙ্গে একমত, যিনি নতুন ফরম্যাটে ৩২ দলের এই ক্লাব বিশ্বকাপকে ফুটবলের ‘সবচেয়ে খারাপ ধারণা’ বলে মন্তব্য করেছিলেন।

যেসব সরকারি কর্মকর্তাদের পদোন্নতি হবে না

জনপ্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকা প্রায় চূড়ান্ত। প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অনুমোদন পেলে শিগগিরই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিবদের শূন্য পদগুলো পূরণেও তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচে ৩৭৮ জন কর্মকর্তা রয়েছে।
তাদের মধ্যে ১৩০ জনকে পদোন্নতি দেওয়া হতে পারে। এই তালিকা থেকে বাদ পড়বে ২০১৮ সালের রাতের ভোটের কারিগর হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকরা (ডিসি)। এ ছাড়া যাদের বিরুদ্ধে অসদাচারণ, শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষার স্বার্থে অনুমোদিত পদের বাইরেও পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যেসব উইং রয়েছে সেগুলোর প্রধানের পদে অতিরিক্ত সচিবদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন করপোরেশন ও অটোনোমাস প্রতিষ্ঠানগুলোর প্রধানের পদেও অতিরিক্ত সচিবদের পদায়ন করা হচ্ছে। এতে প্রায় চারশ’র বেশি অতিরিক্ত সচিবের প্রয়োজন রয়েছে।

প্রাথমিক তালিকায় পদোন্নতির জন্য প্রায় দুই শ কর্মকর্তার নাম রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পদোন্নতির তালিকা এখন পর্যালোচনা করছে। মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও লক্ষ্যপূরণ হয়েছে : মেসি

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েও হতাশ নন লিওনেল মেসি। বিদায়ের পর এক বিবৃতিতে নিজের দল ইন্টার মায়ামির এই পারফরম্যান্সে গর্বিত এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির ভাষায়— ‘আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েও মেসির মুখে আত্মতৃপ্তির কথা।
হারের পর আনুষ্ঠানিক বিবৃতিতে মেসি বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ীদের বিপক্ষে হার দিয়ে আজ আমাদের ক্লাব বিশ্বকাপের যাত্রা শেষ হলো।’

এর আগে নিজের সাবেক ক্লাব পিএসজির হয়ে দুই মৌসুম খেলেছিলেন মেসি। তিনি বলেন, ‘এই দলের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের আমি সত্যিই পছন্দ করি, এবং আবার তাদের দেখা পেয়ে আমি আনন্দিত।’

মেসি বলেন, ‘আমরা গর্বিত, কারণ এই টুর্নামেন্টে সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়াটাই ছিল আমাদের লক্ষ্য, এবং সেটা আমরা অর্জন করেছি।
এখন সময় এসেছে এমএলএস ও সামনে যা কিছু আসছে, তার ওপর মনোযোগ দেওয়ার।’

চীনে রোবটরা খেলল ফুটবল, ইতিহাসে প্রথম ম্যাচ

বিশ্বের প্রথম এআই-চালিত ফুটবল ম্যাচ শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। যেখানে হিউম্যানয়েড রোবটরা মাঠে নেমেছিল। এই ধরনের এআই ফুটবল ম্যাচটি চীনে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে এবং আগামী বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের দলগুলো এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল।

এই ম্যাচে কালো ও বেগুনি জার্সি পরা তিনটি রোবটের দল ৩ বনাম ৩ খেলায় অংশগ্রহণ করে। খেলা ১০ মিনিটের দুইটি ভাগে অনুষ্ঠিত হয়। রোবটগুলোর গতি ও সিদ্ধান্তগুলি তাদের অন্তর্নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যালগরিদম দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। এই ম্যাচের মূল লক্ষ্য ছিল দ্রুত গতি নয়, বরং ভারসাম্য, দ্রুত প্রতিক্রিয়া এবং এআই ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করা।
গোল করার পরে রোবটরা তাদের মুষ্টি তুলে উদযাপন করেছিল। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই ম্যাচে অংশ নিয়েছিল এবং এটি মেশিন স্বায়ত্তশাসনের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রোবট ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘ভ্যালকান’ নামের সিংহুয়া দলের দল বিজয়ী হয়। বেইজিং ইভেনিং নিউজ একটি ভিডিওও শেয়ার করেছে, যেখানে ম্যাচের কিছু মুহূর্ত দেখা যায়।
আয়োজকরা জানান, এই রোবটগুলো পুরোপুরি স্বায়ত্তশাসিত ছিল, কোনো মানবিক হস্তক্ষেপ ছাড়াই এআই চালিত কৌশল ব্যবহার করেছিল। উন্নত ভিজ্যুয়াল সেন্সর থাকার কারণে রোবটগুলো বল সনাক্ত করতে এবং মাঠে দ্রুত চলাফেরা করতে সক্ষম হয়েছিল। পড়ে যাওয়ার পরও তারা নিজে দাঁড়াতে পারতো, যদিও কিছু রোবটকে মাঠ থেকে বের করতে কর্মীদের সাহায্য নিতে হয়েছে, যা খেলাটিকে আরো বাস্তবসম্মত করেছে।

এই রোবটগুলো ‘বুস্টার রোবোটিক্স’ কোম্পানি সরবরাহ করেছে। কোম্পানির সিইও চেং হাও বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতা মানবাকৃতির রোবট পরীক্ষার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, যা অ্যালগরিদম এবং হার্ডওয়্যার-সফ্টওয়্যার সমন্বয়ে উন্নতি সাধনে সাহায্য করে।
’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

‘আলোচনার আগে আমেরিকাকে হামলার সম্ভাবনা বাতিল করতে হবে’

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চায়, তবে তাকে ইরানে আর কোনো হামলার সম্ভাবনা পুরোপুরি বাদ দিতে হবে। তেহরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বিবিসিকে এ কথা বলেছেন।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায়, তবে আলোচনার সময় আর হামলা চালানো হবে কি না — এই ‘গুরুত্বপূর্ণ প্রশ্নে’ তারা এখনো স্পষ্ট অবস্থান নেয়নি।

ইসরায়েল গত ১৩ জুন ভোরে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করলে ১৫ জুন ওমানে অনুষ্ঠিতব্য ষষ্ঠ দফার আলোচনা ব্যাহত হয়, যেখানে যুক্তরাষ্ট্র মূলত পরোক্ষভাবে অংশ নেওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে, যখন তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এগুলো হলো, ফোরদো, নাতানজ ও ইসফাহান।

তাখত-রাভাঞ্চি বলেন, ইরান শান্তিপূর্ণ গবেষণার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে এবং গোপনে পারমাণবিক বোমা তৈরি করার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘যখন আমাদের গবেষণার জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়নি, তখন নিজেদের ওপর নির্ভর করাটাই বাস্তবতা।
’

তিনি আরো বলেন, “সমৃদ্ধকরণের পরিমাণ ও ক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একতরফাভাবে বলে দেওয়া যে ইরান কিছুতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, আর তা না মানলে বোমা মারা হবে — এটা যেন ‘জঙ্গলের আইন’।”

ইসরায়েল দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে, এ জন্যই তারা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে এবং বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের হত্যার অভিযানে নামে। ইরান এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ১২ দিনব্যাপী সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায়, কিন্তু হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ‘গুরুতর ক্ষতি হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি।’ অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ইরানের সংসদ ইতিমধ্যেই আইএইএয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, সংস্থাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করে।

ট্রাম্প জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানতে পারে যে, ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তবে তিনি আবারও বোমা হামলা চালানোর বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন।

তাখত-রাভাঞ্চি বলেন, আলোচনায় ফেরার কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং আলোচনার এজেন্ডা কী হবে তা-ও জানা নেই।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এখনো উত্তর খুঁজছি এই প্রশ্নের, আলোচনার মধ্যে আমরা আবার কোনো আগ্রাসনের শিকার হব কি না?’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে এবং আলোচনার জন্য আস্থার পরিবেশ তৈরিতে তারা কী প্রস্তাব দেবে তা জানাতে হবে। ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিনিয়োগের সুযোগ পেলে তার পরমাণু কর্মসূচি পুনর্বিবেচনা করবে কি না, এ প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমরা কেন এমন কোনো প্রস্তাবে সম্মতি দেব?’

তিনি পুনরায় বলেন, ইরানের পরমাণু কর্মসূচি, যার মধ্যে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত, তা শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান ১৫ বছরের জন্য ফরদো প্লান্টে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত না এবং ৩.৬৭শতাংশ-এর বেশি সমৃদ্ধ করা নিষিদ্ধ ছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে চুক্তি থেকে সরে গিয়ে আবার নিষেধাজ্ঞা আরোপ করেন। তার জবাবে ইরান চুক্তির শর্তগুলো লঙ্ঘন করতে থাকে এবং ২০২১ সালে ফরদো প্ল্যান্টে পুনরায় সমৃদ্ধকরণ শুরু করে।

আইএইএ-এর তথ্যমতে, ইরান ইতিধ্যেই ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের এমন পরিমাণ সংগ্রহ করেছে, যা দিয়ে ৯টি পরমাণু বোমা তৈরি সম্ভব।

তাখত-রাভাঞ্চি ইউরোপীয় নেতাদের সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করে ‘উপহাসজনক আচরণ’ করেছে। তিনি বলেন, যারা ইরানের পরমাণু কর্মসূচির সমালোচনা করছেন, তারা আমাদের সঙ্গে যেভাবে আচরণ করেছে, ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও সেভাবে তাদের সমালোচনা করা উচিত।

তিনি বলেন, ‘যদি তারা আমেরিকার সমালোচনা করার সাহস না রাখেন, তাহলে চুপ থাকাই উচিত।’

তাখত-রাভাঞ্চি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা বার্তা পেয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করতে চায় না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর হামলার ইচ্ছাও নেই। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানিদের ‘স্বাধীনতার জন্য’ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প পরবর্তী সময়ে জানান, তার উদ্দেশ্য ইরানে শাসন পরিবর্তন নয়। তাখত-রাভাঞ্চি এই সম্ভাবনাকে অর্থহীন কল্পনা হিসেবে বর্ণনা করে বলেন, ‘ইরানের জনগণের মধ্যে সরকার নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু বিদেশি আগ্রাসনের মুখে সবাই ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে তা এখনো স্পষ্ট নয়, তবে ইরান তা মেনে চলবে, যতক্ষণ না আবার সামরিক হামলা শুরু হয়। তিনি আরো জানান, পারস্য উপসাগরের আরব মিত্ররা আলোচনার উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। কাতার এ ক্ষেত্রে মূল মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে।

তাখত-রাভাঞ্চি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা কূটনীতি চাই, আলোচনায় বসতে চাই — তবে প্রস্তুত থাকতে হবে, যেন আরেকবার অপ্রস্তুত অবস্থায় ধরা না খাই।’

সূত্র : বিবিসি

ইরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত ৭১

তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ খবর জানিয়েছে। নিহতদের মধ্যে বন্দি, তাদের আত্মীয় এবং কারাগারের কর্মীরাও রয়েছেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করলেও নিহতদের নাম প্রকাশ করেননি।
এতে উদ্বেগে রয়েছেন অনেক বন্দির পরিবার, যারা ২৩ জুনের ওই হামলার পর থেকে তাদের প্রিয়জনদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। এভিন কারাগারে হাজার হাজার বন্দি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শত শত রাজনৈতিক বন্দি, যেমন— বিরোধীদলীয় রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক ও ছাত্র। এই কারাগারে অনেক বিদেশি বা দ্বৈত নাগরিকও বন্দি, যাদের অনেককে ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এভিনে বন্দিদের ওপর নির্যাতন, ধর্ষণ, মানসিক নিপীড়ন এবং একাকী কারাবাস নিয়মিত ঘটনা।
সাবেক বন্দিরাও এই বিষয়গুলো নিশ্চিত করেছেন। হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই এই হামলার বিষয়ে জাহাঙ্গীরের দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২৩ জুনের হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, এভিন কারাগারসহ ইরানের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
এর মধ্যে ছিল বাসিজ বাহিনীর সদর দপ্তর, যারা ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সক্রিয় ভূমিকা রাখে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১২ দিনের এই যুদ্ধে মোট ৬০০ জনেরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এভিন কারাগারে হামলায় কারাগারের প্রধান প্রসিকিউটর আলি ঘানাতকার নিহত হন। তিনিই শান্তিতে নোবেলজয়ী নারগিস মোহাম্মদিসহ অনেক বিরোধী বন্দির মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ছিলেন। হামলার পর কারাগারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ নিয়ে বন্দিদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

রবিবার এক্সে (সাবেক টুইটার) আয়দা ইউনেসি লিখেছেন, ‘আমাদের প্রিয়জন কোথায়?’ আয়দা ইউনেসির ভাই আলি ইউনেসি ২০২০ সাল থেকে বন্দি। তিনি আরো কয়েকজন বন্দির নাম উল্লেখ করে বলেন, ‘তারা হলো সেই বন্দিরা, যাদের সম্পর্কে আমরা দিনের পর দিন কিছুই জানতে পারছি না।’

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হামলার পর এভিন কারাগার থেকে কিছু বন্দিকে তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে, তবে কতজন বা কোথায় তা বলা হয়নি। বন্দিদের পরিবাগুলোকে অবগত না রেখে এ ধরনের কার্যক্রম চালানোয় ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

আইআরএনএ এবং বিচার বিভাগ-নিয়ন্ত্রিত মিজান সংবাদ সংস্থার খবরে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে বন্দি, আত্মীয়-স্বজন, কারা কর্মচারী, সেনা সদস্য এবং কারাগারের পাশের এলাকার বাসিন্দারাও রয়েছেন। হামলায় এভিনের ক্লিনিক, ইঞ্জিনিয়ারিং ভবন, সাক্ষাৎ হলো এবং বিচারালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারাগারের আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি ও সম্পদও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের আপাতত অবসান ঘটেছে।

সূত্র : নিউ ইর্য়ক টাইসমস

হাসপাতালে লাইফ সাপোর্টে অভিনেত্রী শাওনের মা

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপর্টে রয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে মায়ের অসুস্থতার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

‎আজ রবিবার (২৯ জুন) নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী। আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পপর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গত ১৫ ঘণ্টায় দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন! আমরা তাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিসিআর) দিয়ে হৃদযন্ত্র সচল করা হয়েছে।’

অভিনেত্রী আরো জাানন, এখন তার মা লাইফ সাপোর্টে আছেন। ভেন্টিলেশন টিউব দিয়ে শ্বাস নিচ্ছেন।
আর ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তিনি এখনও জীবনের সঙ্গে লড়াই করছেন। তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন, সেই আশা ব্যক্ত করে অনুরাগীদের কাছে মায়ের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

তিনি লিখেছেন, ‘যে এ পোস্টটি পড়ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আম্মুর জন্য দোয়া করুন।
তাঁকে (বেগম তাহুরা আলী- অভিনেত্রীর মা) আপনাদের প্রার্থনায় রাখুন।’

ব্রাজিলের ক্লাবকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

রোমাঞ্চকর এক লড়াইয়ে ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লামেঙ্গোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হ্যারি কেইন। বায়ার্নের অন্য দুটি গোল আসে একটি আত্মঘাতী এবং লিওন গোরেৎসকার পা থেকে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বায়ার্ন।
ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় তারা। জোশুয়া কিমিখের কর্নার ডিফেন্ড করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠান চিলিয়ান মিডফিল্ডার এরিক পুলগার। আর তিন মিনিট পর ডেয়ট উপামেকানোর দারুণ ট্যাকল থেকে বল পেয়ে কেইন দুর্দান্ত এক শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৩৩তম মিনিটে গারসনের দুর্দান্ত গোলে ফ্লামেঙ্গো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৪১ মিনিটে লিয়ন গোরেৎসকা দূরপাল্লার শটে গোল করে ফের দুই গোলের লিড এনে দেন বায়ার্নকে।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে জর্জিনহো গোল করে ম্যাচে উত্তেজনা ফেরালেও, কেইন নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ থেকে ছিটেকে দেয় ফ্লামেঙ্গোকে। ৭২তম মিনিটে কিমিখের দুর্দান্ত পাস থেকে তার দ্বিতীয় গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একেবারেই।

এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির।
আর এই হারের ফলে ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ফ্লামেঙ্গো—এর আগে শনিবার বোটাফোগো হেরেছিল পামেইরাসের কাছে।

যুদ্ধবিরতি নিয়ে তুর্কি গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক

তুরস্কের গোয়েন্দাপ্রধান হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। রবিবারের এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবর আনাদোলু এজেন্সির।

সূত্র জানায়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন) প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন হামাসের নেতৃত্বপরিষদের প্রধান মুহাম্মদ দারবিশ।

বৈঠকের প্রথমেই গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

এ ছাড়া বৈঠকে গাজায় মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে এবং দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়।

এই সংকটময় সময়ে ফিলিস্তিনের বিভিন্ন গ্রুপের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে ইব্রাহিম কালিন জোর দিয়ে বলেন, তুরস্ক সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ও সম্প্রচার মন্ত্রণালয় শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে। সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ৫ জুলাই জাতীয় জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো আয়োজন করা হবে। সারা দেশে ও বিদেশে বাংলাদেশ মিশনসমূহে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

এ ছাড়া গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ঢাকার চারটি বিশ্ববিদ্যালয় জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি দেশব্যাপী প্রদর্শন করবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যানার ও বিলবোর্ড স্থাপন, ফটোকার্ড তৈরি ও প্রচার এবং পোস্টার, ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা উৎসব, গণ-অভ্যুত্থানের আলোকচিত্র ও গ্রাফিতিসমূহ প্রদর্শন করা হবে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার অংশগ্রহণে বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হবে।