বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ১৯ জনের প্রাণহানি

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যমজ শহরে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর ডনের।

পাকিস্তানের জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্র জানায়, ১০ জুলাই পর্যন্ত দেশের প্রধান নদীগুলোর জলাধার এলাকাগুলোতে মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে, যা বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে।

এই সতর্কতার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

খবরে বলা হয়, বেলুচিস্তানে গত ৪৮ ঘণ্টার ভারি বর্ষণের ফলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন বলে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের প্রায় ২২টি জেলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর আগেই ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছিল। তারা জানায়, ২২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

মৌসুমি বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আওয়ারান, ঝাল মাগসি, খুজদার, মুসাখাইল, কিলা সাইফুল্লাহ, বারখান, কোলু, লোরালাই এবং ঝোব ও শেরানি জেলার কিছু অংশ।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেন, ‘উত্তর, দক্ষিণ ও মধ্য বেলুচিস্তানের অন্তত ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।’

চিত্রনায়িকা মৌসুমী ভেবে মৌসুমী হামিদের কাছে ওমর সানীর খোঁজ

ঢাকাই শোবিজে একই নামের অনেকেই রয়েছেন, যার কারণে অনেক শিল্পীই বিভিন্ন সময়ে বিভ্রান্তিতে পড়েন। চিত্রনায়িকা মৌসুমী ভেবে অভিনেত্রী মৌসুমী হামিদকেও এমন বিভ্রান্তিতে পড়তে হয়েছে বলে জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার এই ঘটনাটি শেয়ার করেন মৌসুমী হামিদ। এমন বিভ্রান্তিকর পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছিলেন, শোনালেন সে গল্পও।
মৌসুমী হামিদ বলেন, ‘আমি একটা টেলিকম কম্পানির সঙ্গে একটি প্রগ্রামে কাজ করেছিলাম। তখন এক-দেড় ঘণ্টার সেই প্রগ্রামে বাইরে থেকে কল আসছিল। ওই প্রগ্রামের বেশির ভাগ কলার-ই কল করে জিজ্ঞাসা করেছে—সানি ভাই (ওমর সানী) কই, বাচ্চা-কাচ্চা ভালো আছে? প্রথমে বুঝতে পারিনি, কী করব আসলে!’

এরপর অভিনেত্রী বললেন, ‘দেখলাম, তিন-চারজন পর পর এটা করে ফেলেছে। না পেরে ভাবলাম কথা বলেই যাই।
তাদের মনে দুঃখ-কষ্ট দিয়ে লাভ কী। পরে বললাম, সানি ভাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সানি ভাই ভালো আছে, বাচ্চারাও ভালো আছে।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানী তাদের দাম্পত্য জীবনের ৩০ বছর পাড়ি দিয়েছেন। আনুষ্ঠিকভাবে ২ আগস্ট ১৯৯৫ সালে ঘটা করে বিয়ে করেন এই তারকা যুগল।
তাদের সংসারে দুই সন্তান রয়েছে, ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা।
অন্যদিকে মৌসুমী হামিদ একজন মডেল ও অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর বিজ্ঞাপনসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে সিনেমাতেও।

নতুন ইউক্রেনীয় অঞ্চলে গ্রাম দখলের দাবি মস্কোর

রাশিয়া কয়েক মাস ধরে সীমান্তের দিকে অগ্রসর হয়ে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেট্রোভস্কে প্রথম একটি গ্রামটি দখল করেছে। মস্কো সোমবার এ দাবি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন জানায়, তাদের সামরিক বাহিনী দিনিপ্রোপেটরোভস্ক অঞ্চলে ক্রমবর্ধমান রুশ বিমান হামলার শিকার একটি গুরুত্বপূর্ণ শিল্প খনির এলাকা ডাচনে গ্রাম দখল করেছে।

এ ঘোষণার আগে ইউক্রেনের সামরিক নিয়োগ কেন্দ্রসহ বেশ কিছু লক্ষ্যবস্তুতে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনাও স্থগিত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রমকে রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশল বলে ধারনা করা হচ্ছে। এই অঞ্চলের গভীরে রুশ বাহিনীর প্রবেশ কিয়েভের জন্য রসদ সংগ্রহ ও অর্থনৈতিক সমস্যা তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত দিনিপ্রোপেটরোভস্ক অঞ্চলে রাশিয়ার পদচারণাকে অস্বীকার করেছে কিয়েভ।

ইউক্রেনীয় পাঁচটি অঞ্চল—দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক, জাপোরিঝিয়া ও ক্রিমিয়াকে মস্কো প্রকাশ্যে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করে। তবে দিনিপ্রোপেটরোভস্ক এর মধ্যে নেই। ২০২৪ সালের শেষের দিকে রাশিয়া তার ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ইউক্রেনের প্রধান শহর দিনিপ্রো ব্যবহার করেছিল। ক্ষেপণাস্ত্রটি একটি বিমান উৎপাদন কেন্দ্রে আঘাত করেছিল বলে রাশিয়া দাবি করেছিল।

এদিকে সোমবার ইউক্রেনের দুটি ভিন্ন শহরে অবস্থিত সামরিক নিয়োগ কেন্দ্রে রাশিয়ার হামলায় চারজন আহত হয়েছে। গত সপ্তাহ থেকে চলা এ ধরনের হামলা রাশিয়ার নতুন প্রবণতা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

এই হামলাগুলো ইউক্রেনের সামরিক কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে পরিচালিত ব্যাপক শত্রুতাপূর্ণ অভিযানের অংশ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস।

আমি খারাপ কিছুতে অংশ নিয়েছি, তাই ভালো কিছু করতে চাই: ইসরায়েলি সেনা

গাজা উপত্যকায় তিনবার দায়িত্ব পালন করা এক ইসরায়েলি রিজার্ভ সেনা স্কাই নিউজকে এক বিরল ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, তার ইউনিটকে প্রায়ই আদেশ দেওয়া হতো, সেনারা যেসব এলাকাকে ‘নো-গো জোন’ বলে চিহ্নিত করেছে, সেখানে যে-ই প্রবেশ করুক, তাকে গুলি করে হত্যা করতে হবে — সে ব্যক্তি সশস্ত্র হোক বা নিরস্ত্র।

ওই সেনা আরো বলেন, ‘যেই আমাদের নির্ধারিত এলাকার মধ্যে ঢুকেছে, সেই মারা যাবে। ভেতরে ঢুকলে বিপজ্জনক— তাকে মেরে ফেলতে হবে।
কে তা গুরুত্বপূর্ণ নয়। নিরাপত্তাজনিত কারণে ওই সেনা তার নাম গোপন রেখে কথা বলেন।

তিনি বলেন, গাজায় বেসামরিক মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করা হতো এবং নিয়মিত আদেশ পরিবর্তনের কারণে সেনাদের আচরণ নির্ভর করত কমান্ডারের মেজাজের ওপর। সেনাটি ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ২৫২তম ডিভিশনের সদস্য।
তিনি যুদ্ধের শুরুতে গাজার কেন্দ্র দিয়ে কাটানো ‘নেটজারিম করিডোরে’ দুটি মেয়াদে মোতায়েন ছিলেন— যা গাজা ভূখণ্ডকে দুই ভাগে ভাগ করে দেয় এবং ভেতর থেকে নিয়ন্ত্রণ সহজ করে।

তিনি বলেন, ‘আমরা একবার এমন একটি ঘর দখল করি যেখানে এক সময় গাজাবাসীরা থাকত। সেই ঘর ঘিরে একটি অদৃশ্য রেখা টেনে দেওয়া হয় — যাকে বলা হতো ‘নো-গো জোন’। বলা হতো, গাজার সব মানুষ জানে এই লাইন পার হওয়া মানা।
কিন্তু বাস্তবে, তারা জানবে কীভাবে?’

তিনি আরো জানান, ‘অনেক সময় কিশোর বাইসাইকেল চালিয়ে এই সীমানায় চলে এলে তাকেও গুলি করা হয়েছে।’ এই সেনা আরো বলেন, সেনারা অনেকেই মনে করতেন, গাজার কেউই নির্দোষ নয়। হামাসের ৭ অক্টোবরের হামলার জন্য পুরো গাজা জনগণকে দায়ী করা হচ্ছিল। কিছু সেনা বলতো, ‘ওরা কিছু করেনি আমাদের বাঁচাতে, বরং আনন্দ করছিল আমাদের কষ্ট দেখে। কাজেই ওদের মরাই উচিত।
’

তিনি বলেন, নিয়মিত এই ধরনের আলোচনা হতো এবং অধিকাংশ কমান্ডার এই মনোভাবকে সমর্থন করতেন। তিনি অভিযোগ করেন, কেউ কেউ ইচ্ছেমতো যুদ্ধাপরাধ করছে আর তার জবাবদিহিতা নেই।

তিনি বলেন, ‘সব কিছু যেন ‘ওয়াইল্ড ওয়েস্ট’ হয়ে গেছে। যে কমান্ডার যা ইচ্ছা করছে। কেউ ধরা পড়ছে না, বিচার হচ্ছে না।’

তিনি জানান, অনেক সময় একই দিনে আদেশ বদলানো হতো — কখনো গুলি চালাতে, কখনো বন্দি করতে। একটি ঘটনায় তিনি দেখেছেন, এক ব্যক্তি অদৃশ্য সীমা পার হলে তাকে গুলি করা হয়। পরে আরেকজন তার মরদেহ নিতে এলে তাকেও গুলি করা হয়। এরপর নতুন আদেশ হয় — মরদেহের কাছে এলে বন্দি করো। আবার কিছু ঘণ্টা পর — সবাইকে গুলি করো।

তিনি বলেন, ‘আমার মনে হয় আমি একটা খারাপ কিছুতে অংশ নিয়েছি, তাই ভালো কিছু করতে চাই — সত্য প্রকাশ করে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি যুদ্ধে… আমাদের এবং ফিলিস্তিনিদের সঙ্গে খুব খারাপ কিছু ঘটছে এবং এটির অবসান হওয়া উচিত।’

তিনি বলেন, ‘ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে নিজেদের এবং তাদের সেনাবাহিনীর সমালোচনা করা খুব কঠিন। অনেকেই বুঝতে পারছেন না যে, তারা কী করতে রাজি হচ্ছেন। তারা মনে করেন যুদ্ধ হওয়া উচিত এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা উচিত, কিন্তু তারা এর পরিণতি বোঝেন না। অনেক মানুষ, যদি তারা ঠিক কী ঘটছে তা জানত, তবে এটি ভালোভাবে নিত না। তারা এর সঙ্গে একমতও হতো না। আমি আশা করি এটি সম্পর্কে কথা বলার মাধ্যমে, এটি কীভাবে কাজ করা হচ্ছে তা পরিবর্তন করতে পারে।’

ওই সেনা জানান, তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন কারণ ইসরায়েলে সেনাবাহিনীকে প্রশ্ন করা সামাজিকভাবে নিষিদ্ধ প্রায় এবং তিনি দেশদ্রোহী হিসেবে বিবেচিত হতে পারেন। এদিকে এই অভিযোগ সম্পর্কে আইডিএফ একটি বিবৃতিতে জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন ও নিজস্ব নিয়মানুযায়ী কাজ করে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সব বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করে।

আইডিএফ আরো জানায়, এই নির্দিষ্ট অভিযোগের তদন্ত করা সম্ভব নয়, কারণ অভিযোগের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে যদি অতিরিক্ত তথ্য পাওয়া যায়, তাহলে তা পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হবে। তবে মানবাধিকার সংস্থাগুলো এবং পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের অভিযোগ যুদ্ধাপরাধের আওতায় পড়ে এবং আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

সূত্র : স্কাই নিউজ

টেইলর সুইফটকে টপকে এবার শীর্ষে অরিজিৎ সিং

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মুকুটে যুক্ত হলো নতুন পালক। স্পটিফাই মিউজিক অ্যাপে আন্তর্জাতিক পপ আইকনদের পেছনে ফেলে দিয়ে ইতিহাস গড়লেন এই তারকা।

স্পটিফাই এমন একটি মিউজিক অ্যাপ, যেখানে শ্রোতারা বাংলা থেকে হিন্দি, ইংরেজি থেকে আঞ্চলিক ভাষা, সব ধরনের সব ভাষার গান শুনতে পারেন অবলীলায়।

অ্যাপটিতে অরিজিৎ সিং-এর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছে ১৫১ মিলিয়ন।
তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান সুপারস্টার টেইলর সুইফট, যার ভক্ত সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। এরপর ১২১ মিলিয়ন ভক্ত নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এড শিরান।

১১৪ মিলিয়ন ও ১০৭.৩ মিলিয়ন ভক্ত নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন বিলি আইলিশ এবং দ্য উইকেন্ড। এ ছাড়া সেরা দশের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার, আরিয়ানা গ্র‍্যান্ডে, এমিনেম, ব্যাড বান্নি এবং ড্রেক।

কিছুদিন আগেই ব্রিটিশ গায়ক এড শিরান এসেছিলেন ভারতে। বিখ্যাত মানুষদের সঙ্গে দেখা করার পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর সঙ্গেও দেখা করেন এই ব্রিটিশ গায়ক। একসঙ্গে কাটান বেশ খানিকটা সময়, দেখেন সূর্যাস্ত, চড়েন স্কুটিতে।

পুতিনের পরিবহনমন্ত্রী বরখাস্ত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার তার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করেছেন। ইউক্রেনের সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধা আসার পর এই অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন রাশিয়ার নেতা।

এক বছর ধরে দায়িত্বে থাকা রোমান স্টারোভোয়েটকে সরানোর ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি ক্রেমলিন। ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে পাঁচ বছর গভর্নরের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের মে মাসে এই দায়িত্ব পেয়েছিলেন তিনি।

স্টারোভোয়েটকে বরখাস্তের পর নভগোরদ অঞ্চলের সাবেক গভর্নর আনদ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে পুতিনের সঙ্গে তার করমর্দনের ছবি প্রকাশ করেছে ক্রেমলিন।

স্টারোভোয়েটের হঠাৎ বিদায় সম্পর্কে প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্টের মতে, আনদ্রেই নিকিতিনের পেশাগত গুণাবলি ও অভিজ্ঞতা এই সংস্থায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। যেটি এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।’

পরিবহন বিভাগ সংশ্লিষ্ট দুজন নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গে গত মাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের আগে থেকেই স্টারোভোয়েটকে সরিয়ে নিকিতিনকে নিয়োগের পরিকল্পনা চলছে।
তবে এই তথ্য অস্বীকার করেছে পরিবহন মন্ত্রণালয়।

পুতিনের সঙ্গে বৈঠকে পণ্য পরিবহনে বাধা কমানো ও পণ্যের আন্ত সীমান্ত প্রবাহ মসৃণ করতে রাশিয়ার পরিবহনশিল্পকে আধুনিকায়ন করার বিশাল পরিকল্পনা নিয়ে কাজ করার কথা বলেছিলেন নিকিতিন।

এদিকে স্টারোভোয়েট কুরস্ক অঞ্চলের গভর্নর পদ থেকে সরে আসার পর ওই অঞ্চলে বিশালসংখ্যক ইউক্রেনীয় সেনা প্রবেশ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের সর্বোচ্চ সংখ্যা। তবে এ বছরের শুরুর দিকে এই অঞ্চল থেকে তাদের সরাতে সক্ষম হয় রাশিয়া।
পরবর্তীতে কুরস্কের কিছু আঞ্চলিক কর্মকর্তাকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এ বছর এপ্রিলে স্টারোভোয়েটের পর দায়িত্বপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভের বিরুদ্ধে প্রতিরক্ষার উদ্দেশ্যে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।

পরিবহন বিভাগ সংশ্লিষ্ট অন্য আরেকটি সূত্র দাবি করেছে, স্টারোভোয়েটের পদটি মাসখানেক থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। শুধু পরিবহন বিভাগের জন্য নয়, কুরস্কে ঘটা কেলেঙ্কারির জন্যও তিনি প্রশ্নবিদ্ধ ছিলেন। তবে দাবিটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে পেসকভ অবশ্য বলেছেন, যদি আস্থা হারানোর কোনো ব্যাপার থাকত তাহলে এটি উল্লেখ করা হতো। ক্রেমলিনের ডিক্রিতে এমন কোনো শব্দের উল্লেখ নেই।

সূত্র : রয়টার্স

আসছে ‘লাকি ভাস্ক র ২’, নিশ্চিত করলেন পরিচালক

একজন সাধারণ ব্যাংক কেরানি ভাস্কর, হঠাৎ বিপুল অঙ্কের গোপন অর্থের খোঁজ পান। সেই টাকায় বদলে যায় তার জীবন—বিলাসিতা, সম্মান, ক্ষমতা। কিন্তু শিগগিরই টাকার উৎস ও বেআইনি লেনদেন নিয়ে তদন্ত শুরু হয়। এরপর ভাস্কর পড়ে যান নৈতিকতা, লোভ আর আইনের জটিল দ্বন্দ্বে।

এক সাধারণ মানুষের ভাগ্য বদল ও তার মূল্য চোকানোর গল্পে নির্মিত ‘লাকি ভাস্কর’ সিনেমাটি মুক্তি পায় গেল বছর। সিনেমাটিতে ভাস্কর চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান এবং তার স্ত্রীর চরিত্রে মীনাক্ষী চৌধুরী। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে।

অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।
এমনটা নিশ্চিত করেছেন এর নির্মাতা ভেঙ্কি আটলুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় কিস্তির পরিকল্পনা এগোচ্ছে ঠিকঠাকভাবেই। তবে কবে থেকে শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।

আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ঘিরে, যার শুটিং চলছে হায়দরাবাদে।

‘লাকি ভাস্কর’ সিনেমায় দুলকার সালমান, মীনাক্ষী ছাড়া আরো অভিনয় করেছেন রামকি ও সাই কুমার প্রমুখ। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন পেয়েছিল, তেমনি ওটিটিতেও—বিশেষ করে নেটফ্লিক্সে—দারুণ সাড়া ফেলে সিনেমাটি।

দুই ‘মালিঙ্গাকে’ নিয়ে শ্রীলঙ্কার দল ঘোষণা

একসময় সীমিত সংস্করণের অধিনায়ক ছিলেন দাসুন শানাকা। সঙ্গে তিন সংস্করণের নিয়মিত সদস্যও ছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। মাঝে অধিনায়কত্ব হারানোর সঙ্গে দলেও জায়গা হারিয়েছেন।

সেই শানাকা এবার এক বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে নিজেকে আবারও প্রমাণের সুযোগ পাচ্ছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার।

শানাকার মতোই অপেক্ষা ফুরিয়েছে দিনেশ চান্ডিমালেরও। তবে সতীর্থর চেয়ে বেশি, ৩ বছর।
সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ধর্মশালায় খেলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। দুই অভিজ্ঞ জায়গা পেলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দীর্ঘ সংস্করণ থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথউস সুযোগ পাননি। এ ছাড়া দরের নিয়মিত ব্যাটাররাই সুযোগ পেয়েছেন।

পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন দলের নিয়মিত মুখ পেসার মাতিশা পাথিরানা।
তার সঙ্গে আছেন আরেক ‘মালিঙ্গা’ নুয়ান তুষারাও। দুজনকে সঙ্গ দেবেন ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দোরা। স্পিনে থাকছেন মহীশ তিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ভেল্লালাগে। দলের অধিনায়ক যথারীতি চরিত আসালাঙ্কা।

তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে।
বাকি দুই ম্যাচের একটি ডাম্বুলায়, ১৩ জুলাই। আর শেষ ম্যাচ হবে কলম্বোয়, ১৬ জুলাই। বর্তমানে দুই দল ওয়ানডে সিরিজে ব্যস্ত। ১-১ সমতার সিরিজটির শেষ ম্যাচ আগামীকাল পাল্লেকেলেতেই।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দল

চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, চামিকা করুণারত্নে।

রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। ভ্যাট, আয়কর ও শুল্ক—এই তিন প্রধান উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা।
রাজস্ব আদায় হবে না এমন কোনো আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিক ভাবেই কাজ করছে।

কাস্টমস ডিওটি পেমেন্টগুলো অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে জানিয়ে তিনি বলেন, এতে পণ্য খালাসের জটিলতা কমবে। আর সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে। যা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।

আজ ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক, ‘এ সপ্তাহেই’ চুক্তির আশা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘এ সপ্তাহেই চুক্তি’ হতে পারে।

অন্যদিকে রবিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার শুরু হয়। আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতা করা।

নেতানিয়াহুর সফর প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, একটি চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যেই অনেক জিম্মিকে মুক্ত করেছি। যারা এখনো গাজায় আটক রয়েছে, তাদের মধ্যে অনেককে শিগগিরই মুক্ত করা হবে।’

এদিকে ওয়াশিংটনে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘নিশ্চিতভাবেই চুক্তিকে এগিয়ে নিতে সাহায্য করবে’।

দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহু বলেন, দোহায় পাঠানো প্রতিনিধিদের তিনি ‘স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন, যাতে ‘সমঝোতার শর্তাবলির মধ্যে থেকে চুক্তিতে পৌঁছনো যায়’।

এর আগে তিনি অভিযোগ করেন, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে হামাসের কিছু ‘অগ্রহণযোগ্য’ দাবি অন্তর্ভুক্ত ছিল।

জিম্মিমুক্তি চুক্তির খসড়া ও শর্ত
পরোক্ষ আলোচনার সঙ্গে জড়িত দুটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।
এই সময়ের মধ্যে হামাস ১০ জীবিত জিম্মি ও কয়েকটি মরদেহ ফেরত দেবে, বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।

আরো পড়ুন
ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর

ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর

তবে হামাস চাইছে, ইসরায়েল যেন পুরোপুরি সেনা প্রত্যাহার করে, আলোচনা চলাকালে হামলা না চালায় এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ বিতরণ পুনঃপ্রতিষ্ঠা করে।

ইসরায়েলি প্রেসিডেন্ট ইজাক হারজোগ নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে ‘গুরুত্বপূর্ণ মিশন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনার জন্য এ সফর একটি বড় সুযোগ।’

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
তবে সেখানে সাংবাদিকরা থাকবেন না।

‘যথেষ্ট রক্তপাত’
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় সোমবার ১২ জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দা ওসামা আল-হানাউই বলেন, ‘প্রতিদিন যুবক, পরিবার ও শিশুদের হারাচ্ছি, এটি এখনই থামাতে হবে। আর রক্তপাত চাই না।’

গাজায় আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর ইসরায়েলি বিধি-নিষেধ ও অনেক এলাকায় প্রবেশে অসুবিধার কারণে সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নির্দিষ্ট স্থানের তথ্য ছাড়া তারা হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়।

ত্রাণ বিতরণেও প্রাণহানি
মে মাসের শেষ দিকে ইসরায়েল আংশিকভাবে দুই মাসের অবরোধ শিথিল করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণের দায়িত্ব নেয়। তবে বিতরণকেন্দ্রের বাইরে রেশন নেওয়ার অপেক্ষায় থাকা শত শত মানুষ নিহত হওয়ার খবর মিলেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ত্রাণের জন্য অপেক্ষারত পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ সংখ্যা ৭৫১ জন।

২০২৩ সালের হামলায় ফিলিস্তিনি যোদ্ধারা ২৫১ জন ইসরায়েলি জিম্মি করে, যাদের মধ্যে ৪৯ জন এখনো গাজায় রয়েছে। এর মধ্যে ২৭ জনকে ইসরায়েলি সেনাবাহিনী মৃত বলে দাবি করেছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় এক হাজার ২১৯ ইসরায়েলি নিহত হয়। তার পরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেল আবিব। হামলায় এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জাতিসংঘও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করছে।

মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় এর আগে দুই দফা সাময়িক যুদ্ধবিরতিতে কয়েকজন জিম্মিকে মুক্ত করা হয়েছিল। তবে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির শর্ত ইসরায়েল বারবার প্রত্যাখ্যান করায় সাম্প্রতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে।