মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আড়াই লাখ কোটি টাকার বিনিয়োগ হুমকিতে

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে টেক্সটাইল খাতে। যার পরিমাণ ২৩ বিলিয়ন ডলার বা ২ লাখ ৭৫ হাজার কোটি টাকার বেশি। নানা সমস্যায় টেক্সটাইল খাতের উদ্যোক্তারা এখন ছাড়মূল্যে শিল্পকারখানা বিক্রি করতে চান। শুধু তাই নয়, বিগত এক বছরে ২০টিরও বেশি কারখানা বন্ধ হয়েছে।
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪০ লাখ লোকের কর্মসংস্থান এখন হুমকিতে পড়েছে। সব মিলিয়ে টেক্সটাইল শিল্প এখন উদ্যোক্তাদের গলার কাঁটা হয়ে গেছে।

শিল্পমালিকরা জানান, বেসরকারি খাতের একক সবচেয়ে বড় বিনিয়োগ হলো টেক্সটাইল খাতে। সরকার এ খাত নিয়ে কোনো পলিসি গ্রহণ করেনি।
বিগত ২৫ বছরে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে কয়েক গুণ। এসব কারণে উৎপাদন সক্ষমতা কমেছে আর উৎপাদন ব্যয় বেড়েছে। ডলারের সংকট, টাকার অবমূল্যায়ন, ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি, ব্যাংক সুদ হার ৯% থেকে ১৫-১৬% পর্যন্ত বৃদ্ধি, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক কমে যাওয়ায় সংকটে পড়েছে এ খাত। এ ছাড়া ক্যাপিটাল মেশিনারিজ আমদানিতে সমস্যা ও এলসির জটিলতা এখনো রয়ে গেছে।
আয় ছাড়া অগ্রিম কর আদায়। তুলা আমদানির ওপর আরোপ করা ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি)সহ নানা সমস্যায় এখাতের বিনিয়োগে ঝুঁকি তৈরি হয়েছে। তাই কারখানা বিক্রি করতে চায় শিল্প মালিকরা।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তথ্যে জানা যায়, প্রাইমারি টেক্সটাইল সেক্টরের সর্ববৃহৎ সংগঠন হলো বিটিএমএ। এর সদস্য সংখ্যা ১ হাজার ৮৫৮টি প্রতিষ্ঠান।
এর মধ্যে স্পিনিং, উইভিং এবং ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিল অন্তর্ভুক্ত রয়েছে। বিগত এক বছরে নানা সমস্যায় ২০টিরও বেশি কারখানা বন্ধ হয়েছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার যা বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে সর্বাধিক। এ জন্য দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে টেক্সটাইল এবং অ্যাপারেল খাত থেকে। এর প্রায় ৭০ শতাংশের জোগানদাতা টেক্সটাইল খাত। তৈরি পোশাকসহ টেক্সটাইল এবং অ্যাপারেল খাতে বিনিয়োগের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার। সরকারের যথাযথ সহযোগিতা পেলে রপ্তানি আয় ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার করা সম্ভব। বিটিএমএ সহ সভাপতি মো. সালেউদ্ জামান খান বলেন, একটা সময় গ্যাস আমাদের কাছে শক্তি হিসেবে ছিল। গ্যাসের দাম কম থাকায় আমরা ব্যবসায় টিকে ছিলাম। এখন গ্যাসের দাম কয়েকগুণ বেড়েছে। আমাদের প্রণোদনা বন্ধ হচ্ছে।

পক্ষান্তরে, পাশবর্তী দেশ রোড ট্যাপ নামে প্রণোদনা দিচ্ছে। আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে আগ্রিম আয়কর দিতে হচ্ছে। ইনকাম ছাড়া আয়কর দিতে হয়। আয়কর প্রত্যাহার না হলে পোর্টে তুলার স্তূপ পড়বে। বিটিএমএ পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘টেক্সটাইল খাতের মালিকরা সব কারখানা আজ বিক্রি করতে চাচ্ছেন। কারখানায় গ্যাস নেই, ব্যাংকে টাকা নেই, অগ্রিম আয়কর সমস্যা। অগ্রিম আয়কর নিলেও পরে সমন্বয় করা হয় না। আয় ছাড়াও অগ্রিম আয়কর দিতে হয়। আমরা ছাড় মূল্যে কারখানা বিক্রি করতে চাই।’ বিটিএমএ পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার বলেন, আমরা নিত্যদিনই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, অগ্রিম আয়করের সমস্যা। আমাদের প্রণোদনা কমছে আর পাশবর্তী দেশের টেক্সটাইলে প্রণোদনা বাড়ছে। এদেশের সুতা আর কাপড়ের কলকারখানা বন্ধ হওয়ার পর গার্মেন্ট বন্ধ হবে। আমাদের যদি কারখানা দুই মাসে বন্ধ হয়. গার্মেন্ট এক বছরে বন্ধ হবে। নানা সমস্যায় আমরা আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কারখানা বন্ধ হলে সব বন্ধ হবে। এ বাস্তবতা এখন না বুঝলে কয়দিন পর বুঝতে হবে। পাশবর্তী দেশের পলিসি আর আমাদের পলিসি দেখলেই বুঝা যায়।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে। বিদ্যুতের মূল্য বেড়েছে, ডলারের সংকট, টাকার অবমূল্যায়নের কারণে ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি, ব্যাংক সুদের হার ৯% থেকে ১৫-১৬% পর্যন্ত বেড়েছে। রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক কমে গেছে। এসব সমস্যা ছাড়াও প্রতিবেশীসহ অন্যান্য দেশ থেকে কোনো রকম ডিউটি পরিশোধ ব্যতীত অবাধে সুতা আমদানি করা হচ্ছে। ফলে দেশীয় বস্ত্র শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ হয়েছে এবং মিলগুলো অচিরেই বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, গত ৭ জুলাইর সভায় অতিদ্রুত তুলা এবং ফাইবার আমদানিতে আরোপিত ২% এআইটি শুল্ক প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সিদ্ধান্ত না নেওয়ায় পার্শ্ববর্তী দেশের সুতা উৎপাদনকারী ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। পৃথিবীর কোনো দেশেই ইন্টারমিডিয়ারি শিল্পের কাঁচামাল আমদানিতে সাধারণত কোনো ধরনের কর আরোপ করা হয় না।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে সে সময়ের নানা ঘটনা নিয়ে ড্রোন শো।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। ‘জুলাই উইমেনস ডে’-এর কর্মসূচির অংশ হিসেবে এই শো প্রদর্শন করা হয়।

শো’তে অভ্যুত্থানে নারীদের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে।

শেখ হাসিনার বিদ্রূপাত্মক কথা— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এছাড়া ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, মাতৃভূমি অথবা মৃত্যুসহ একাধিক বাক্য এই শো’তে দেখানো হয়েছে।

এছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়েছে।
পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডসহ একাধিক প্রতিচ্ছবি দেখা গেছে এই শো’তে।

ভারত-চীন সম্পর্কের মূল ‘কাঁটা’ তিব্বত ইস্যু!

তিব্বত ইস্যু ভারত-চীন সম্পর্কের মূল কাঁটা। এমনই বার্তা দিয়েছে বেইজিং। ভারতীয় কূটনৈতিক মহলকে আরও সংবেদনশীল হওয়ারও আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

তিব্বত ইস্যুই ভারত-চীন সম্পর্কের মূল কাঁটা বলে কড়া বার্তা দিয়েছে চীনা দূতাবাস। দালাই লামার ৯০তম জন্মদিনে ভারতীয় মন্ত্রীদের অংশগ্রহণ এবং তার মন্তব্যের পরই এ কথা বলেছে বেইজিং। এ বিষয়ে ভারতের কূটনৈতিক মহলের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে ক্ষোভ প্রকাশ করেছে দেশটি।

দালাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেন নির্বাসিত তিব্বতি ধর্মগুরু। ভারতের ধর্মমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেই তিনি জানান, পরবর্তী দালাই লামা নির্ধারণ করবেন শুধুমাত্র তিব্বতী বৌদ্ধরা। চীনা দূতাবাস এরমধ্যেই এ ইস্যুকে ভারত-চীন সম্পর্কের কাঁটা বলে মন্তব্য করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির দূতাবাস জানায়, তিব্বত সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয়। এতে অন্য দেশের কিছু বলার অধিকার নেই।

চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক মাধ্যমে বলেন, ভারতের কিছু কৌশলগত ও গবেষণা মহল দালাই লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য করছেন, তা অবাঞ্ছিত। তিনি আরও দাবি করেন, এ ধরনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সংশ্লিষ্টদের আরও সংবেদনশীল হওয়া উচিত। চীন এই বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

বর্তমানে প্রায় ৭০ হাজার তিব্বতি শরণার্থী ভারতে বসবাস করছেন। ভারতের ধর্মশালায় রয়েছে তিব্বত সরকারের নির্বাসিত সদর দফতরও। বহু কূটনীতিক বলছেন, দালাই লামার উপস্থিতি ভারতকে চীনের বিপরীতে কৌশলগত সুবিধা দেয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ধর্ম ও বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ১৫ জুলাই চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিয়েনজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন তিনি। বৈঠকের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর।

ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়াল

ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এক ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণ কেন্দ্রে হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার গাজা সিটির একটি বাজারে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিশিষ্ট চিকিৎসক আহমেদ কান্দিলও ছিলেন।

মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ কেন্দ্রের ওপর চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানায়, নিহতদের বেশিরভাগই শিশু, যারা পানি সংগ্রহের জন্য সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল।
এ ঘটনায় আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী গাজার বাজারে চালানো হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, নুসাইরাতে যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তারা একজন ফিলিস্তিনি যোদ্ধা ছিলেন, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ইসরায়েলের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময়ে ঘটছে, যখন গাজায় পানির সংকট চরমে পৌঁছেছে। জ্বালানির ঘাটতির কারণে পানি বিশুদ্ধকরণ এবং পয়ঃনিষ্কাশন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। ফলে অনেক বাসিন্দাকে সীমিত সংখ্যক পানি সংগ্রহ কেন্দ্রে বিপজ্জনকভাবে যেতে হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত গাজায় ৫৮ হাজার ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
এছাড়া আরো অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন আহত হয়েছেন। এই যুদ্ধ এবং ইসরায়েলের অবরোধের কারণে গাজার ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

বিমান বিধ্বস্ত লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টার একটু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হয়।

স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিমান দেখছিলেন স্থানীয় বাসিন্দা জন জনসন (৪০)। তিনি বলেন, আমার সন্তান প্লেনের প্রতি খুব আগ্রহী, তাই বিমান দেখাতে নিয়ে এসেছিলাম।
আমরা পাইলটদের দিকে হাত নেড়েছিলাম, আমাদের দেখে পাইলট হাসলেন। এরপর বিমানটি ঘুরে রানওয়ের দিকে এগিয়ে উড়াল নেয়। কিন্তু হঠাৎ মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার পর চারটি ফ্লাইট বাতিল করে।

দেশটি পুলিশের বরাতে বলা হয়েছে, পুলিশ এ ঘটনায় একটি ‘মেজর ইনসিডেন্ট পাবলিক পোর্টাল’ চালু করেছে, যেখানে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবেন।

এ্যাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, দুপুর ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। এ সময় সাউথেন্ড থেকে দুটি ইউনিট, রেইলি উইয়ার ও বাসিলডন থেকে দুটি করে ইউনিট এবং বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে অফ-রোড যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। তারা এখনও অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমি সাউথেন্ড বিমানবন্দরে আজকের মর্মান্তিক ঘটনার বিষয়ে অবগত।

তবে এখন পর্যন্ত হতাহত বা বিমানটির মডেল সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

সূত্র : বিবিসি

উড়ন্ত পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে রবিবারের ফাইনালে ৩-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।

দুর্দান্ত সময় কাটানো এই মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ মোট ৪টি ট্রফি জিতে নেয় পিএসজি।
এই ফাইনালেও তাদের এগিয়ে রাখা হচ্ছিল সবচেয়ে বেশি। আসরে আগের ৬ ম্যাচে তারা স্রেফ একটি গোল হজম করেছিল বতাফোগোর বিপক্ষে বিস্ময়করভাবে ১-০ ব্যবধানে হারের দিনে। বিপরীতে গোল করেছিল মোট ১৬টি, যার চারটি সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু চেলসির সামনে পাত্তাই পেল না লুইস এনরিকের দল।

এন্টসো মারেস্কার কোচিংয়ে চেলসি মৌসুম শেষ করল দ্বিতীয় ট্রফি জিতে। গত মে মাসে তারা উয়েফা কনফারেন্স লিগ জয়ের স্বাদ পায় ফাইনালে রেয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে।

চেলসির এবারের সাফল্যে বড় অবদান আছে গোলরক্ষক রবের্ত সানচেসেরও। গোলের জন্য পিএসজি ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি, সবকটিই সেভ করেন সানচেস।
যার ৪টি ছিল দুর্দান্ত। ৩৩ শতাংশের একটু বেশি সময় বল দখলে রেখে চেলসির ১০ শটের ৮টি লক্ষ্যে ছিল।

সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারিয়ে আসা চেলসি আক্রমণাত্মক শুরু করে পিএসজির বিপক্ষে। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে পালমারের বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

১৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় শেষ চারে রেয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারানো পিএসজি।
ফাবিয়ান রুইসের চমৎকার পাস বক্সে ভালো পজিশনে পান দিজিরে দুয়ে, কিন্তু নিজে শট না নিয়ে আশরাফ হাকিমিকে পাস দেওয়ার চেষ্টা করেন তিনি। বল ক্লিয়ার করেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া।

দুই মিনিট পর বক্সের বাইরে থেকে দুয়ের জোরাল নিচু শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান সানচেস।

২২তম মিনিটে এগিয়ে যায় চেলসি। গোলরক্ষকের লম্বা করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে মালো গিস্তোর শট রক্ষণে প্রতিহত হওয়ার পর এই ডিফেন্ডার খুঁজে নেন পালমারকে। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ইংলিশ উইঙ্গার।

আট মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। নিজেদের অর্ধ থেকে ডিফেন্ডার লিভাই কলউইলের উঁচু করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, জায়গা বানিয়ে বাঁ পায়ের আরেকটি নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন জাল।

পিএসজিকে কোণঠাসা করে ৪৩তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলেও জড়িয়ে আছে পালমারের নাম। তিনি পাস দেন বক্সে, অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান জোয়াও পেদ্রো।

চেলসির হয়ে তিন ম্যাচে পেদ্রোর গোল হলো তিনটি। নতুন ঠিকানায় প্রথমবার শুরুর একাদশে নেমেই ছেলেবেলার ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে চোখ ধাঁধানো দুটি গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভ করেন সানচেস। জোয়াও নেভেসের হেড ঝাঁপিয়ে ঠেকান তিনি।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে অবিশ্বাস্য সেভ করে জাল অক্ষত রাখেন সানচেস। কাছ থেকে উসমান দেম্বেলের প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন ২৭ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক।

৬০তম মিনিটে আরেকবার সানচেসের দৃঢ়তায় বেঁচে যায় চেলসি। ৩০ গজ দূর থেকে ভিতিনিয়ার জোরাল শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।

৬৭তম মিনিটে জোয়াও পেদ্রোর বদলি নামার পর প্রথম স্পর্শেই চমৎকার এক গোল পেতে যাচ্ছিলেন লিয়াম ডেলাপ। বক্সের বাইরে থেকে এই ইংলিশ স্ট্রাইকারের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ৮০তম মিনিটে ডেলাপের আরেকটি প্রচেষ্টা আটকান ইতালিয়ান গোলরক্ষক।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। পেছন থেকে কুকুরেইয়ার চুল টেনে ধরায় ভিএআরের সাহায্যে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়ে আর কেউ কিছু করতে পারেনি। বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির।

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে। সুস্থ-স্বাভাবিক পরিবেশ কে বা কারা অস্থির করে তুলছে, এটা আমরা জানি।’

আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার বলেছি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, তা সরকারের কাছেই প্রশ্ন। যুবদলের একজন কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে, কিন্তু এ নিয়ে কেউ কথা বলছে না। অথচ বিএনপি এ নিয়ে কথা বললে, বলা হয় আমরা লাশের রাজনীতি করছি।
’

তিনি আরো বলেন, ‘তিন মাস আগে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সরকারের ওপর নির্ভর করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, ‘ইস্যুবিহীন বিষয়গুলোকে ইস্যু বানিয়ে কেউ কেউ অস্থিরতা তৈরি করছে। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের দোসররা রয়ে গেছে।
নতুন করে কেউ আবার ভূতের মতো যুক্ত হয়েছে কি না, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

প্রকাশ্যে এলো ইন্ডিয়ান আইডলের ভেতরের ‘কুৎসিত’ কাহিনি

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো- ইন্ডিয়ান আইডলের চেনা মুখ ছিলেন সঞ্চালক মিনি মাথুর। প্রথম তিনটি শো সঞ্চালনা করলেও চতুর্থ সিজন থেকে আর দেখা যায়নি তাকে। এর বহুদিন পর সেই অনুপস্থিতির আসল কারণ সামনে আনলেন এই জনপ্রিয় সঞ্চালিকা।

এক সাক্ষাৎকারে মিনি জানান, চতুর্থ সিজনে তাকে না রাখার কারণ ছিল, কারণ তিনি গর্ভবতী ছিলেন।
তার কথায়, ‘আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানাল, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!’

আন্তর্জাতিক রিয়ালিটি শোগুলোর তুলনা টেনে মিনি বলেন, ‘বিদেশে গর্ভবতী হোস্টদের নিয়মিত দেখা যায়, কিন্তু আমাদের দেশে এখনো এমন মানসিকতা বজায় রয়েছে, যা একজন হবু মায়ের পেশাগত দক্ষতাকেই অস্বীকার করে দেয়।’

শুধু তাই নয়, শোর ভেতরের আরো অনেক অপ্রকাশিত তথ্য ফাঁস করেছেন মিনি। তার দাবি, প্রথম তিনটি সিজন ছিল একেবারে বাস্তব, যেখানে প্রতিযোগী, আবেগ, গান—সবই ছিল খাঁটি।
কিন্তু চতুর্থ সিজন থেকেই নাকি শুরু হয় ‘নকল আবেগ দেখানোর চক্র’।

তিনি বলেন, ‘একটা এপিসোডে আমাকে বলা হয়েছিল আবেগঘন মুহূর্ত তৈরি করতে, যেন দর্শকের চোখে জল আসে। কিন্তু আমি তখনই বুঝেছিলাম, এটা আর আমার জায়গা নয়। আমি অভিনেত্রী নই, আমি রিয়াল হোস্ট হতে চেয়েছি।
’

মিনির এই মন্তব্যের পর রিয়ালিটি শোগুলোর অন্দরের বাস্তবতা নতুন করে প্রশ্ন উঠছে। এত দিন যারা এই ধরনের অনুষ্ঠানে আবেগ ও প্রতিযোগিতাকে নিখাদ বলে বিশ্বাস করতেন, তাদের কাছে এই উন্মোচন নিঃসন্দেহে হতাশার।

মিশরকে ২০০০ বছরের পুরনো কফিন ফেরত দিল বেলজিয়াম

ব্রাসেলসে পুলিশ জব্দ করার এক দশক পর শুক্রবার বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় দুই হাজার বছরের পুরনো একটি কফিন মিশরের কাছে হস্তান্তর করেছে।

প্রসিকিউটররা জানিয়েছেন, প্রাচীন কাঠের দাড়ির টুকরাসহ এ নিদর্শনটি বেলজিয়ামের রাজধানীতে এক অনুষ্ঠানে মিশরের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর জুলিয়েন মইনিল বলেছেন, ‘১০ বছরের তদন্ত ও বিচারের পর ঐতিহ্য থেকে সরিয়ে ফেলা একটি জিনিসকে তার উৎপত্তিস্থলে ফিরিয়ে দেওয়া ন্যায়বিচারের একটি সত্যিকারের কাজ।’

প্রসিকিউটররা আরো জানিয়েছেন, মিশরের একটি আদালতের অনুরোধের পর ইন্টারপোল ২০১৫ সালে নোটিশ জারি করার পর বেলজিয়াম পুলিশ এই নিদর্শনগুলো জব্দ করে।
এত দিন এটিকে ব্রসেলসের রয়েল মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্ট্রিতে রাখা হয়েছিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতাব্দীর টলেমীয় যুগের কাঠের কফিনটি নিঃসন্দেহে মিশরীয় উন্নত সমাজের কারো ছিল। উন্নত উপকরণের ব্যবহার ও সূক্ষ্ম কাজ এটির ব্যতিক্রমী কারুশিল্পের প্রমাণ দেয়।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, কফিনের ওপর প্রাচীন মিশরীয় চিত্রলিপি অনুযায়ী কফিনটি পাতালের দেবতা ওসিরিসে রূপান্তরিত হিসেবে চিত্রিত পা-দি-হোর-পা-খেরেদ নামে একজন ব্যক্তি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছিল।

সূত্র : এএফপি

ভিনিসিয়ুসকে নিয়ে আলোনসোর পরিকল্পনা প্রশ্নের মুখে

পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই হারের পর নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনা নিয়ে উঠেছে ব্যাপক প্রশ্নচিহ্ন।

স্পেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ভিনিসিয়ুস জুনিয়রের ভূমিকা। আলোনসো তাকে বাম উইংয়ের পরিবর্তে ডান ডানে খেলানোর সিদ্ধান্ত নেন।
তবে এই পজিশনটি ভিনিসিয়ুসের পছন্দ ছিল না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মূলত বাম দিকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেখানে তার গতি ও দক্ষতা দিয়ে তিনি প্রতিপক্ষের ডিফেন্স ভাঙেন।

পিএসজির বিরুদ্ধে রিয়ালের আক্রমণে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, গঞ্জালো গার্সিয়া ও ভিনিসিয়ুস।
আলোনসো ভিনিসিয়ুসকে ডান উইঙ্গারে রাখার মাধ্যমে নতুন খেলোয়াড়দের সুবিধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তার এই সিদ্ধান্ত ব্যর্থ প্রমাণিত হয়। ম্যাচে পুরো দলই কাঙ্ক্ষিত ছন্দে ছিল না এবং পিএসজির কাছে হার স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়।

ম্যাচ চলাকালে ভিনিসিয়ুসের বেঞ্চে হাসাহাসির বিষয়টি নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
৮২ মিনিটে রিয়াল ৩-০ পিছিয়ে থাকাকালীন ক্যামেরায় ধরা পড়ে ভিনিসিয়ুস এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে হাসাহাসি করছেন। যা অনেক ভক্তের কাছে অসহনীয় মনে হয়েছে।

ক্লাব বিশ্বকাপের ছয় ম্যাচে মাত্র এক গোল এবং এক সহায়তা করার পরিপ্রেক্ষিতে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই পুরো পরিস্থিতি আলোনসোর রিয়াল মাদ্রিদ প্রকল্পের ওপর সংশয় আরো বাড়িয়েছে।