মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

চীন প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার বা ব্যবহার করবে না : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন, যার মধ্যে ছিল বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, সবুজ শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা।

চীনা রাষ্ট্রদূত সম্প্রতি কুয়ালালামপুরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথাও উল্লেখ করেন। চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন, ইয়ারলুং জাংবো নদীর ওপর চীনা জলবিদ্যুৎ প্রকল্পটি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য। চীন প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার বা ব্যবহার করবে না। প্রকল্পটি ভাটির দিকের দেশগুলোকে প্রভাবিত করবে না।

বৈঠকে এ বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষই সহযোগিতা বাড়ানো ও জনগণের মধ্যে আদান-প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

তাকাতে পারছি না, কচি বাচ্চাগুলোর এমন বিদায় কিভাবে মেনে নেওয়া যায় : জয়া

এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কিভাবে মেনে নেওয়া যায়—রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্কুল শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে এমন মন্তব্য করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছে ১৬০ জনেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মাতম। সাধারণ মানুষের পাশাপাশি তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন তারকারাও।

জয়া আহসান লিখেছেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কিভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কিভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।
’

এর আগে ডা. তানজিনা হোসাইন তন্মীর একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে জয়া লেখেন, ‘যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন। ১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন।
২. একটা পরিস্কার সূতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশনের জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো। ৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বারবার মুখে পানি ও স্যালাইন খেতে দিন। শেষে নেতা ও ভিউ ব্যবসায়ীরা ভিড় জমাবেন না!’

ইয়েমেনে হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলা, ঘাট ধ্বংস

ইসরায়েল সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলা এটি। অন্যদিকে ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বন্দরের একটি ঘাট ধ্বংস হয়ে গেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর হুতি বিদ্রোহীরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
এর জবাবে ইসরায়েল হোদেইদাসহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। হুতির দাবি, তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী হোদেইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আগে আক্রান্ত সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করছে।’

তিনি আরো বলেন, ‘ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে।
’ এ কথার মাধ্যমে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সদ্যসমাপ্ত ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত দিন, যেখানে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়।

এ ছাড়া হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েল হোদেইদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে।’

এক হুতি নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বোমাবর্ষণে বন্দরের ঘাট ধ্বংস হয়ে গেছে, যেটি পূর্ববর্তী হামলার পর পুনর্গঠন করা হয়েছিল।’

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় যে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তার মধ্যে ছিল ‘প্রকৌশল যান, জ্বালানির কনটেইনার, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান’ এবং ‘হুতি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত আরো সন্ত্রাসী অবকাঠামো।
’

তারা আরো দাবি করে, ওই বন্দর ব্যবহার করে ইরান থেকে অস্ত্র সরবরাহ করা হতো, যা পরে হুতি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করত। ইসরায়েল ‘বন্দরে হুতি সন্ত্রাসীদের নতুন করে সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা শনাক্ত করেছে’ বলেও জানায় সেনাবাহিনী।

সম্প্রতি হুতি গোষ্ঠী আবারও লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রাণঘাতী হামলা শুরু করেছে। তাদের মতে যেসব জাহাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত, সেগুলো লক্ষ্য করে তারা এসব হামলা চালাচ্ছে, যাতে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা যায়।

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, আহত ১৭১

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে আইএসপিআর।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন।

আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, ঢাকা মেডিক্যালে ১ জন, ঢাকা সিএমএইচে ১২ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ২ জন ও উত্তরা আধুনিক হসপিটালে ১ জনসহ চিকিৎসাধীন অবস্থায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

এতে আরো জানানো হয়, বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, ঢাকা মেডিক্যালে ৩ জন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জনসহ মোট ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।

বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘সবাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া আহত ২৭ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একই সঙ্গে নিজ দলের নেতাকর্মীসহ সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্যই কাম্য নয়’।

সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’।

তিনি বলেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে’।

এদিকে, রেজাউল ইসলাম নামে মাইলস্টোন কলেজের প্রভাষক জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এমন সময়েই দুর্ঘটনাটি ঘটেছে।

তার ভাষ্যে, ‘একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত হানে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ের ওপর পড়ে। নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস চলে ওই বিল্ডিংয়ে। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়’।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওই প্রভাষক।

ইশরাক ভাইয়ের মধ্যে ফ্যাসিস্টদের চরিত্র দেখতে পাই : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই দেখিনি। আমরা প্রত্যাশা করি, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ে যে ইশরাক ভাইকে আমরা দেখেছি ওই ভূমিকায় তিনি যাবেন। এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়।

‘এক ঘণ্টায় সরকার পতন ঘটানো’সহ যে ধরনের কথাবার্তা তিনি বললেন এগুলো এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে কখনো প্রত্যাশিত নয়। এগুলো আসলে যারা বলেন, তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই।

আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন তাহলে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো।

সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যদি ঠিক করতে চাই সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার যেটা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু গতকালকে বিএনপির মুখপাত্র ইশরাক হোসেন তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, খুব নিম্ন মানের কিছু শব্দ ব্যবহার করলেন, এটা তো নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য। আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি আমার তো তার চেয়ে ভালো করতে হবে। কিন্তু আমরা তার চেয়ে খারাপ করে যদি ভালো প্রত্যাশা করি তাহলে তো হবে না।

এনসিপির এই নেতা বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা দল রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল (সম্মানজনক) সম্পর্ক তৈরি হোক। এজন্য আমাদের সবার জায়গা থেকে যেটা করা দরকার সেটা করবো। যারা যত বড় দল মনে করে তাদের দায়িত্ব তত বেশি। শুধুমাত্র বললে হবে না, দায়িত্ব নিতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কক্সবাজারে আমাদের মঞ্চে আগুন দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের একজন জুলাইযোদ্ধা আহত হয়েছেন। তাকে রক্তাক্ত করা হয়েছে।

সারজিস বলেন, ফেনীতে ছাত্রদলের একজন বক্তব্য দিয়েছেন, ফেনীতে ঢুকতে দেওয়া হবে না। এগুলো আসলে আওয়ামী কালচার ছিল। নতুন কালচার এ যাওয়ার যে আগ্রহ সেটা তাদের মধ্যে দেখি না। নতুন কালচারে যাওয়ার জন্য আমাদের এই ফাইট। যদি প্রয়োজন হয় কেউ আমাদের রক্তাক্ত করবে, করুক। আমাদের সমস্যা নেই। কিন্তু নতুন কালচার স্টাবলিশ করার জন্য আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না। তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরাগোপ্তা ও সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা নেবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জানিয়েছে।

শোক বার্তায় ড. ইউনূস বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বার্তায় প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।

সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন পাইলটের মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। দুর্ঘটনার পর তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২১ জুলাই) দুপুর থেকে পাইলটের মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, পাইলটের মৃত্যুসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯।

এর আগে বিমান বিধ্বস্তের পরপর গুরুতর আহত অবস্থায় পাইলট তৌকিরকে সিএমএইচে নেওয়া হয়।

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

উদ্ধারকাজে অংশ নিয়ে ১৪ সেনা সদস্য আহত, সিএমএইচে ভর্তি

রাজধানীর মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুল্যান্সের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এদিকে উদ্ধারকাজে অংশ নিয়ে ১৪ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আহত সেনা সদস্যদের সঙ্গে একজন পুলিশ ও একজন ফায়ার সার্ভিস সদস্য।