মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

কাঠমাণ্ডুর দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে ইউএস-বাংলাকে নেপালের আদালতের নির্দেশ

২০১৮ সালে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ৫১ জন। দুর্ঘটনার সাত বছর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে এলো ঐতিহাসিক রায়। নেপালের কাঠমাণ্ডু জেলা আদালত ইউএস-বাংলাকে ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

রবিবার দেওয়া রায়ে আদালত বলেছেন, বীমা কম্পানিগুলোর দেওয়া ২০ হাজার ডলারের বীমা অর্থের বাইরে এই ক্ষতিপূরণ দিতে হবে বিমান সংস্থাটিকে।
ক্ষতিপূরণ পাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবার।

নেপালের সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো বিমান দুর্ঘটনায় এত বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের নজির তৈরি হলো। অতীতে ৭০টির বেশি বিমান দুর্ঘটনায় প্রায় এক হাজার মানুষ প্রাণ হারালেও কোনো কম্পানিকে সরাসরি এইভাবে ক্ষতিপূরণ দিতে হয়নি।

২০১৮ সালের ১২ মার্চ ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ৭১ আরোহীর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি ও ১ জন চীনা নাগরিক নিহত হন।
বিমানটি ছিল ৭৬ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০, যা ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে মিস করে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

নেপালের আদালতের রায়ে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইনস গুরুতর গাফিলতি করেছে এবং উড্ডয়নের উপযোগী বিমান পরিচালনায় ব্যর্থ হয়েছে। এর ফলে আদালত ওই ১৭ পরিবারের প্রতিটিকে পৃথকভাবে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণে আর্থিক, মানবিক, শারীরিক ও মানসিক দিক বিবেচনা করেছেন আদালত।

কার পরিবার কত ক্ষতিপূরণ পাচ্ছে?

⦁ সাতজন এমবিবিএস শিক্ষার্থীর পরিবার : প্রত্যেকে পাবেন ১ লাখ ৭০ হাজার ৩৮২ ডলার (প্রায় ২ কোটি ৩৪ লাখ রুপি)।

⦁ আরো ছয় শিক্ষার্থীর পরিবার : পাবেন ১ লাখ ৭৯ হাজার ৪১৮ ডলার (প্রায় ২ কোটি ৪৭ লাখ রুপি)।

⦁ ডা. বল কৃষ্ণ থাপার পরিবার : ২ লাখ ৭৭ হাজার ৫৪৮ ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ রুপি)।

⦁ নার্স জিয়ানি কুমারী গুরুঙ্গের পরিবার : ৪৫ হাজার ৩০১ ডলার (প্রায় ৬২ লাখ রুপি)।

⦁ বেঁচে যাওয়া যাত্রী ডা. সামিরা ব্যঞ্জনকর : পাবেন ৪৪ হাজার ২৯০ ডলার (প্রায় ৬১ লাখ রুপি)।

প্রতিটি ক্ষতিপূরণের অঙ্ক বীমা অর্থ বাদে নির্ধারিত হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, সাধারণ বীমা অর্থ (২০ হাজার ডলার) ছাড়াও এই ক্ষতিপূরণ দিতে হবে।

মামলার পেছনের গল্প

২০১৯ সালের জুলাইয়ে প্রথমবার ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগ এনে মামলা করে এমবিবিএস শিক্ষার্থীদের পরিবার। শুরুতে ইউএস-বাংলা ৫০ হাজার ডলারে মীমাংসার প্রস্তাব দিলেও পরিবারগুলো তা প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যায়। সাত বছর পর তারা পেল কাঙ্ক্ষিত রায়।

আদালতের নথি অনুযায়ী, দুর্ঘটনার পেছনে পাইলটের মানসিক অবস্থা এবং কম্পানির ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনাই বড় কারণ ছিল।

এই রায়ের মাধ্যমে ১৯২৯ সালের ওয়ারশ কনভেনশন ও ১৯৫৫ সালের হেগ প্রটোকলের আওতায় ইউএস-বাংলাকে দায়ী করা হয়েছে। ১৯৯৯ সালের মন্ট্রিয়াল কনভেনশন এই মামলায় প্রযোজ্য হয়নি, কারণ রায়ের সময় নেপাল ও বাংলাদেশ—উভয় দেশই সেই চুক্তির সদস্য ছিল না।

আপিল করতে পারবে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইনসের মুখপাত্র মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ‘আমাদের আইনজীবীরা নিয়ম অনুযায়ী উচ্চ আদালতে আপিল করবেন।’

আইনজীবী অমৃত খারেল বলেন, ‘এই রায়ে প্রমাণ হলো বীমা অর্থ ক্ষতিপূরণ নয়। বীমা টিকিটের অংশ হিসেবে যাত্রীদের অধিকার, কিন্তু অবহেলার দায়ে ক্ষতিপূরণ অবশ্যই আলাদা বিষয়।’

তিনি আরো বলেন, ‘এই রায় শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য পাওনা নিশ্চিত করেনি, বরং এটি মানবাধিকার প্রতিষ্ঠার এক বড় উদাহরণ।’

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো বিমান সংস্থা ইচ্ছাকৃত অবহেলা বা মারাত্মক গাফিলতির মাধ্যমে দুর্ঘটনার কারণ হলে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ থাকবে।

থাইল্যান্ডের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার

কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে এই সংঘর্ষে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কিও জানান, তাদের দেশ ‘শর্তহীন’ভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধান চায়।

থাইল্যান্ড এখনো এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি, তবে তারা তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে।
সংঘর্ষপ্রবণ সীমান্তবর্তী আটটি জেলায় দেশটি মার্শাল ল ঘোষণা করেছে। এই দুই দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩২ জন (সেনা ও বেসামরিক নাগরিক) নিহত হয়েছেন এবং প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। উভয় দেশই বৃহস্পতিবার সংঘর্ষের সূচনার জন্য একে অপরকে দায়ী করছে।

শনিবার থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার বাহিনী দক্ষিণাঞ্চলের উপকূলীয় একটি নতুন এলাকায় হামলা চালিয়েছে, তবে থাই নৌবাহিনী তাদের প্রতিহত করেছে।
এর আগে থাইল্যান্ডের সুরিন, উবন রাতচাথানি এবং সিসাকেট প্রদেশে সংঘর্ষের খবর পাওয়া যায়।

ব্যাংককের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন—যাদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক এবং ৬ জন সেনা। তারা আরো জানিয়েছেন, প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ১৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৮ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন সেনা।
তারা আরো জানিয়েছে, প্রায় ৩৫ হাজার মানুষ গৃহচ্যুত হয়েছেন।

শুক্রবার থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে বলেন, সংঘর্ষ ‘পুরোদমে যুদ্ধের’ দিকে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমানে সংঘর্ষে ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং এটি সীমান্তের ১২টি স্থানে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ এনে ওইসব গ্রাম থেকে মানুষ সরিয়ে নিচ্ছে। অন্যদিকে, কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ এনেছে।
এ ধরনের অস্ত্র সারা বিশ্বে অধিকাংশ জায়গায় নিষিদ্ধ, কারণ এতে বেসামরিক নাগরিকদের ঝুঁকি বেশি। থাইল্যান্ড এখনো এই অভিযোগের কোনো জবাব দেয়নি।

এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সংঘাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছে। আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রও ‘তাৎক্ষণিক সংঘর্ষ বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ সমাধান’-এর আহ্বান জানিয়েছে।

থাইল্যান্ডের দাবি, সংঘর্ষ শুরু হয়েছে কম্বোডিয়ার সেনারা সীমান্তে থাই বাহিনীর ওপর ড্রোন দিয়ে নজরদারি চালানোয়। কম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা পূর্বের এক চুক্তি লঙ্ঘন করে সীমান্তবর্তী একটি খেমার-হিন্দু মন্দির এলাকায় অগ্রসর হওয়ায় সংঘর্ষ শুরু হয়। দুই দেশের এই বিরোধের ইতিহাস শত বছরের বেশি পুরনো, ফরাসি উপনিবেশ-পরবর্তী সময়ের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে শুরু হয়েছিল।
এর আগেও কয়েক দফা সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন। সাম্প্রতিক উত্তেজনা মে মাসে একটি সংঘর্ষে এক কম্বোডীয় সেনার মৃত্যুর পর শুরু হয়, যা দুই দেশের সম্পর্ককে এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে নিয়ে গেছে।

সূত্র : বিবিসি

অস্ট্রেলিয়ার দাপুটে জয়, টিম ডেভিডের ১১ ছক্কায় তছনছ ওয়েস্ট ইন্ডিজ

শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি যেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্নকে উজ্জ্বল করেই রেখেছিল। ৫৭ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলকে ২১৪ রানের চাঙা সংগ্রহ এনে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয়, টিম ডেভিড নামক ঝড়ে।

ক্যারিবিয়ান সাগর শান্ত থাকলেও সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মাঠে তখন চলেছে তাণ্ডব—একাই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নেন ডেভিড।
তার ঝোড়ো ব্যাটিংয়ে ভেসে যায় ক্যারিবিয়ানদের সব পরিকল্পনা। বল এতবারই গ্যালারির বাইরে যাচ্ছিল, চতুর্থ আম্পায়ারকে বারবার হাত বাড়াতে হয় নতুন বলের বাক্সের দিকে।

ডেভিডের এই ব্যাটটি বছরখানেক আগে তাকে উপহার দিয়েছিলেন আন্দ্রে রাসেল— সেই ব্যাটেই এবার তিনি ধ্বংস করলেন রাসেলের সাবেক দলকেই।

মাত্র ১৬ বলে ফিফটি ছুঁয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ডেভিড।
থামেননি সেখানেই। পরে তা রূপ নেয় দ্রুততম শতকে— মাত্র ৩৭ বলে! ছয়টি চার আর ১১টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ১০২ রানের ঝোড়ো ইনিংস। বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করে যখন উদযাপন করছেন, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে অপরাজিত সেঞ্চুরি!

তার সঙ্গী ছিলেন এই সিরিজেই অভিষেক হওয়া তরুণ মিচেল ওয়েন, যিনি ১৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। তাদের রেকর্ড গড়া জুটিতে মাত্র ৪৬ বলে আসে ১২৮ রান।
অজিরাও জয় পায় ছয় উইকেটে। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে এটি এখন সর্বোচ্চ জুটি, ভেঙে দিয়েছে আগের ৯৭ রানের রেকর্ড— সেটিও গড়েছিলেন ডেভিডই, তবে মিচেল মার্শের সঙ্গে।

প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজটি ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

সিরিজের চতুর্থ ম্যাচও হবে সেন্ট কিটসেই, আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।

স্টিভ জবসের মেয়ের আজ রাজকীয় বিয়ে

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।

২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত ‘এস্টেল ম্যানর’ হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও।
রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।

১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তার দুই বড় ভাই-বোন আছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ইভ।
মডেল হিসেবে ফ্যাশনজগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ।

সূত্র : ডেইলি মেইল।

বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৩৩, হাসপাতালে ভর্তি ৫০

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মোট ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরো ৫০ জন।

শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শুক্রবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।
আর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫০ জন।

এতে জানানো হয়, হতাহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটউটে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতালে ১ জন ও ইউনাইটেড হাসপাতালে ১ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

আর জাতীয় বার্ন ইনস্টিটউটে ভর্তি রয়েছে ৪০ জন।
এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ১ জনসহ মোট ৫০ জন ভর্তি রয়েছে।

১০০ সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে নির্মিত হতে যাচ্ছে ১০০টি সিনেমা হল। এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবার মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, ‘প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে।
প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।’

তিনি আরো বলেন, ‘ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয় তাহলে প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে।
আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন, তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎও। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশ্যে আনবেন, সেটা তিনি আন্দাজ করতে পারেননি—তা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল।

বর্তমানে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা মোটেও ভালো নয়। অনেক হল বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বদলে গেছে শপিং মলে। এ পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে নতুন উদ্যোগ নিয়েছিল এসভিএফ। সিঙ্গল স্ক্রিনগুলোকে আধুনিকায়ন করে এসভিএফ সিনেমা শুরু করেছিল। কিন্তু প্রসেনজিৎ ঠিক তেমনটা চাইছেন না।

প্রসেনজিৎ বিষয়টিকে করছেন আরও ছোট পরিসরে, মাইক্রো ফরম্যাটে। অর্থাৎ বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল বৃহস্পতিবার দিন শেষে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত ৩০ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
সেই হিসেবে ২৪ দিনের ব্যবধানে মোট রিজার্ভ কমেছে প্রায় ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এ ছাড়া গত মাস শেষে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ২৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী গত ২৪ দিনে রিজার্ভ কমেছে ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৮ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) মে ও জুন মাসের আমদানি বাবদ বকেয়া বিল ২০১ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক।
তারপর মোট রিজার্ভ কমে হয় ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুয়ায়ী রিজার্ভ দাঁড়ায় ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো বাড়িয়েছেন। বিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে, যা তার আগের অর্থবছরের চেয়ে ২৬ শতাংশ বেশি।
অন্যদিকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও পণ্য রপ্তানিতে বিদায়ি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৮ শতাংশ।

বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস—প্রবাসী আয় ও পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় থাকার কারণে বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সরে এসেছে। ১০ মাস ধরেই কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। এর মধ্যে দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে কয়েক বিলিয়ন ডলারের ঋণ দেশে আসছে।
এর ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

এদিকে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং তার বিপরীতে আমদানি কম থাকায় ডলারের চাহিদা কমেছে। সে কারণে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে চলতি মাসে ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণে শিশুসহ নিহত ১২, আহত শতাধিক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার একটি অস্ত্র গুদামে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে ও শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটিতে কাজ করা একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর ইদলিব প্রদেশের মারেত মিসরিনে তুর্কিস্তান ইসলামিক পাটির্র (টিআইপি) মালিকানাধীন একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে বৃহস্পতিবার পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে একজন নারী ও এক শিশুসহ কমপক্ষে ১২ জন প্রাণ হারায়।

দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত টিআইপি ইদলিব অঞ্চলে বেশ সক্রিয় একটি দল।

সরকারি সংবাদ সংস্থা সানাকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বিস্ফোরণে ৭ জন নিহত ও ১৫৭ জন আহত হয়েছে। তবে, কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

এএফপির ছবিতে শহরের উপর দিয়ে সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে, সেই সঙ্গে আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুকেও দেখা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ‘তাৎক্ষণিক ও গভীর তদন্ত’ শুরু হয়েছে ও দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : এএফপি

চোট ঠেকাতে এআইকে কাজে লাগাচ্ছে রিয়াল মাদ্রিদ

চোট সমস্যা যেন পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। গত কয়েক মৌসুম ধরে একের পর এক খেলোয়াড় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন। যা ক্লাবের জন্য বড় ধরনের কৌশলগত এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় নতুন কোচিং স্টাফের অধীনে নতুন মৌসুম শুরুর আগে আরো উন্নত প্রযুক্তির সাহায্য নিচ্ছে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এখন চোট প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্য নিচ্ছে। শুধু রিয়াল নয়, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, ফ্লামেঙ্গো ও পালমেইরাসের মতো শীর্ষ ক্লাবগুলোও একই পথে হাঁটছে।

এই প্রযুক্তি খেলোয়াড়দের অনুশীলনের পরিমাণ, ঘুমের গুণমান, পুষ্টি, চোটের ইতিহাস, মাঠের পারফরম্যান্স এমনকি মানসিক অবস্থার তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকির আগাম পূর্বাভাস দিতে পারে। ক্যামেরা, সেন্সর ও ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে সব তথ্য সংগ্রহ করা হয় এবং এআইয়ের মাধ্যমে তা বিশ্লেষণ করে সতর্কবার্তা তৈরি করে।

গড়ে একজন খেলোয়াড় চোট পেয়ে তিন থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকলে, সেটি কেবল মাঠে দলের শক্তি কমায় না বরং ক্লাবকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করে। তাই চোট প্রতিরোধ এখন মৌসুমের লক্ষ্যে পৌঁছাতে একটি কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে এই প্রযুক্তি।

ব্রাজিলের ক্লাব সান্তোস এফসির মেডিকেল কো-অর্ডিনেটর ডা. রড্রিগো জোগাইব বলেন, ‘আমরা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ করি। থার্মোগ্রাফি, ঘুমের গুণমান, ব্যথার মাত্রা, হাইড্রেশন, ওজন, জিপিএস ডেটা—সবকিছু বিশ্লেষণ করে ক্লান্তির অ্যালগরিদম তৈরি হয়।
এর ভিত্তিতে প্রতিটি খেলোয়াড়ের কাজের চাপ আলাদাভাবে নির্ধারণ করা হয়।’

গাজা পরিস্থিতি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় দুই পক্ষই গাজায় গণহত্যা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার এই ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু ছাড়াও বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইসলামী দেশগুলোর একজোট হয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উভয় নেতা।

আলোচনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরাইলের সাম্প্রতিক হামলা ও ফিলিস্তিনিদের খাদ্য ও পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা দখলদার সরকারের ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ।’

তিনি গাজায় মানবিক সহায়তা পাঠানো এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে সক্রিয় করার আহ্বান জানান। তার মতে, এই সংকটে ইসলামী বিশ্বের আরও সুসমন্বিত ও সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ওআইসি’র মাধ্যমে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক।’

ফোনালাপে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার দিকেও গুরুত্বারোপ করা হয়। উভয় দেশ ভবিষ্যতেও পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।