মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

শুল্কের বিপরীতে কী দিতে হয়েছে, সেটা না জেনে প্রভাব বলতে পারছি না : আমীর খসরু

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক’ হিসেবে দেখলেও এর বিপরীতে কী দিতে হয়েছে, সেটা না জানা পর্যন্ত এর প্রভাব প্রভাব সম্পর্কে বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গুলশানের নিজের বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপাতত ২০ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাজার বাধাগ্রস্ত করবে না। এটা জয়-পরাজয়ের কোনো বিষয় না।
যে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশে আছি। কিন্তু পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ এবং ভারতের ২৫ শতাংশ। যা প্রতিযোগিতার ক্ষেত্রে সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক।
আমাদের প্রতিযোগীদের সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিকই আছে। তবে এর বিপরীতে কী দিতে হয়েছে, সেটা না জানা পর্যন্ত এর প্রভাব কী হবে তা বলতে পারছি না।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এটা শুধুমাত্র একটা শুল্কের বিষয় নয়। এর পেছনের আরো যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো সম্মিলিতভাবে বিবেচনায় আনতে হবে।
সেই বিবেচনাটা আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের রপ্তানিকারকরা আপাতত স্বস্তি পেয়েছে বলে আমি মনে করি। তবে এটার সঙ্গে জড়িত অনেক যে বিষয়গুলো আছে, সেগুলো আমাদের জানা নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বিষয়টা খোলাসা করা উচিত।’

বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার একটা কথা বলেছেন।
এটার সঙ্গে শুল্কের কোনো সম্পর্কের ইঙ্গিত করছেন কিনা- সাংবাদিকরা জানতে চাইলে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু তো করতেই হবে। কারণ আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে, তাদের পণ্য রপ্তানির স্বার্থে। সেজন্য তো এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু ধারণ করতে পারবে, আমাদের অর্থনীতি, ব্যবসায়ীরা কতটুকু গ্রহণ করতে সক্ষম সেগুলো আলোচনার বিষয়। আমরা বিস্তারিত জানলে তার ওপর মন্তব্য করতে পারব। বাণিজ্য শুধু আমাদের আমেরিকার সঙ্গে নয়। অন্যান্য দেশের সঙ্গেও আছে। অন্য দেশেও পণ্য রপ্তানি হয়। সেই জায়গাগুলো বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবে আমরা কোথায় দাঁড়াচ্ছি সেটা বুঝতে হবে, পর্যালোচনা করতে হবে।

রপ্তানির ক্ষেত্রে শুধু আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে না থেকে ডাইভারসিফাই করতে হবে। শুধু আমেরিকা নির্ভরশীল অর্থনীতি হতে পারে না। সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এজন্য বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আমাদের সক্ষমতা উন্নয়নের সঙ্গে বিধি-বিধানগুলো পুনর্মূল্যায়ন করে বাণিজ্যের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আমরা আগামীতে সেদিকেই যাব।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পাল্টা যে শুল্ক আরোপ করেছে সেটা ওই দেশের ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করবে। সরাসরি বাংলাদেশের দিতে হবে না। তবে এতে মূল প্রভাবটা পড়বে ক্রেতদের ওপর। তাদের খরচ বৃদ্ধি পাবে। এতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্যের দাম কমাতে চাপ প্রয়োগ করতে পারে। একই সঙ্গে ক্রয়াদেশও কমে যেতে পারে। যা বাংলাদেশের রপ্তানি আয়ে প্রভাব ফেলতে পারে। তবে প্রতিবেশী দেশগুলোর ওপর একই রকম পাল্টা শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অন্য দেশে গিয়েও তেমন সুবিধা করতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকরা।

জুলাইয়ে সাফল্যের এক মহাকাব্য রচনা করেছেন তরুণরা : ফারুকী

চব্বিশের জুলাইয়ে তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে।’

তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ে আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপন করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়।’

ফারুকী বলেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু–সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে।
’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।’

চার দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, স্টল, গ্রাফিতি অঙ্কনসহ নানা অনুষঙ্গ সন্নিবেশ করা হয়েছে।’

করোনায় আরো একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে একজনকে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ।
তার বয়স ২১-৩০ বছরের মধ্যে। তিনি খুলনা বিভাগের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ০৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২৯ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জন।
২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৭২০ জন।

পাল্টা শুল্ক কমিয়ে আনা সন্তোষজনক : আমীর খসরু

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এটা জয়-পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ, ভারতে ২৫ শতাংশ।
সেই ক্ষেত্রে আমি মনে করি, সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক প্রতিযোগিতার ক্ষেত্রে। ট্যারিফ বিষয়ে আমাদের প্রতিযোগীতাদের সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিকই আছে। এটা সন্তাষজনক।’

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

তবে যুক্তরাষ্ট্রের শুল্কের নতুন এই হারের পেছনে কী আছে সে বিষয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা তো আমাদের জানা নেই। আমরা শুধু ট্যারিফের বিষয়টা জানি। সার্বিক বিষয়টা জানার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো। ট্যারিফের বিপরীতে আর কী দিতে হয়েছে সেটা না জানা পর্যন্ত তো এর ইমপেক্টটা কী হবে সেটা আমরা বলতে পারছি না।
’

আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নেগোসিয়েশনের পেছনের যে বিষয়গুলো এটা একটা প্যাকেজ। এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। শুধু ট্যারিফের কত পারসেন্ট কমানো হলো সেটা তো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্তের পেছনে অনেক আলাপ-আলোচনা, আমেরিকানরা কী পাঠাতে পারবে, বিভিন্ন ক্ষেত্রে তাদের কী দাবি-দাওয়া ছিলো এই বিষয়গুলো প্রকাশ হলে আমরা বুঝতে পারব।’

সম্প্রতি বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার একটা কথা বলেছেন, এটার সঙ্গে ট্যারিফের কোনো সম্পর্কের ইঙ্গিত করছেন কি না প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘না কিছু তো করতেই হবে।
কারণ আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে, আমেরিকানদের পণ্য রপ্তানির স্বার্থে। সেজন্য তো এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটা আমাদের মনে রাখতে হবে, এটা শুধুমাত্র একটা ট্যারিফের বিষয় নয়। এর পেছনের আরো যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো সম্মিলিতভাবে আমাদের বিবেচনায় আনতে হবে। সেই বিবেচনাটা গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য। আমাদের রপ্তানিকারকরা আপাতত স্বস্তি পেয়েছে বলে আমি মনে করি।’

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য একটি সফলতা।

তিনি বলেন, ‘২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে।
’

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের বাসায় বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার পাল্টা শুল্কহার কমার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসক্লোজার (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি।
সরকারের জন্য একটি সফলতা।’

নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেসসচিব বলেন, ‘২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না।
পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।’

পালিয়ে থাকতে হয়েছিল ‘দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে

জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে যে কয়েকটি গান অগ্রণী ভূমিকা পালন করেছিল, তার মধ্যে অন্যতম ‘দেশটা তোমার বাপের নাকি’। সেই মুহূর্তে মৌসুমী চৌধুরীর গাওয়া এ গানটি সারা দেশের মানুষদের মধ্যে প্রেরণা জুগিয়েছে, সেইসঙ্গে পেয়েছে জনপ্রিয়তাও।

গানটি গাওয়ার পর এই গায়িকাকে পালিয়ে থাকতে হয়েছিল বলে জানান মৌসুমী। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গানটা রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালে।
গানটি লিখেছেন আমার গুরু ইথুন বাবু। রাজশাহীতে বিএনপির সমাবেশে গানটি গেয়েছি, এরপর গানটি নিয়ে পুরো দেশে ঘুরেছি। স্বভাবতই ফ্যাসিস্ট সরকারকে নিয়ে গানটা করা। সে ক্ষেত্রে জীবনের বড় ঝুঁকি নিয়ে ফেলেছিলাম।
যার কারণে আমাকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর সবচেয়ে বেশি সময় ধরে পালিয়ে ছিলাম। তখন অনেক হুমকি পেয়েছিলাম, বাসা পরিবর্তন করতে হয়েছে। গ্রামের বাড়ি থেকেও অনেক হুমকি পেয়েছিলাম।
আমি বলব, সেই সময় থেকে এখন অনেক ভালো আছি। আমরা আরও ভালো থাকতে চাই।’

মৌসুমী চৌধুরী আরো বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে গানটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৬ জুলাই আবু সাঈদের যখন মৃত্যু হয়, তখন খুব কষ্ট পেয়েছিলাম। শিক্ষার্থীরা তো আমাদের ভবিষ্যৎ।
ভবিষ্যৎ ঝরে পড়ে গেলে, এই খারাপ লাগাটা অন্য রকম। তখন পল্টনে আমরা আন্দোলন করছিলাম। একটা কাজে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। ওখানে আন্দোলনে আমার গানটা গাইছিল। শুনে খুব ভালো লেগেছিল। ৩ আগস্ট রাতেও রামপুরায় ছিলাম আমরা। ওই দিন ‘ক্ষমতা এন্টারপ্রাইজ’ নামে একটা গানও ছেড়েছিলাম। ৫ আগস্ট ঘুম থেকে উঠেই আনন্দের খবরটা পেয়েছিলাম। আনন্দমিছিলে বেরিয়ে পড়েছিলাম।’

চলতি সপ্তাহে আরেকটি নতুন গান করেছেন মৌসুমী। কয়েক মাস ধরেই দেশ নানা ঝামেলা, মারামারির মধ্যে যাচ্ছে। সমসাময়িক বিষয়গুলো নিয়েই তিনি করেছেন ‘এ যুদ্ধ কবে হবে শেষ’ শিরোনামের এ গান।

ইউক্রেনে রুশ কর্মকাণ্ড বিরক্তিকর : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপকে ‘বিরক্তিকর’ আখ্যা দিয়ে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি রাশিয়া যা করছে তা বিরক্তিকর। আমি এটিকে বিরক্তিকরই মনে করি।’ এদিকে বৃহস্পতিবারই কিয়েভে চালানো মস্কোর হামলায় দুই ডজনেরও বেশি মানুষ নিহত হয়।

ট্রাম্প আরো জানান, তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠাবেন, যিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা থেমে যাওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় উইটকফের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন।

কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার হুমকি দিয়ে ওয়াশিংটন রাশিয়াকে আগামী সপ্তাহের শেষ নাগাদ ইউক্রেনে হামলা বন্ধের আলটিমেটাম দিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সেই সময়সীমা আবারও মনে করিয়ে দিয়েছেন।
পুতিনকে ইঙ্গিত করে ট্রাম্প জানিয়েছেন, জানি না পুতিন আদৌ যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামান কি না।

তিনি আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, নতুন পদক্ষেপ হিসেবে ‘দ্বিতীয় পর্যায়ের শুল্ক’ আরোপ করা হতে পারে, যা রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদার—যেমন চীন ও ভারতের ওপরও প্রভাব ফেলবে। এর ফলে রাশিয়ার ওপর চাপ বাড়বে। তবে এতে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকিও থাকবে।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প পূর্বাভাস দিয়েছিলেন, ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেন হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোর নিরবচ্ছিন্ন হামলা নিয়ে পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছেন ট্রাম্প।

এদিকে ৩১ জুলাই রাশিয়া কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে পাঁচজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয় ও অনেকেই আহত হয়। এ হামলায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার ওপর আরো কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান।
এ ছাড়া দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার শাসনব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অন্যদিকে জার্মানি শুক্রবার জানিয়েছে, তারা খুব দ্রুতই ইউক্রেনকে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ পাঠানো শুরু করবে।

সূত্র : আলজাজিরা

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

পনেরো বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, যা তাকে অস্কার মনোনয়ন এনে দেয়।

সিলিকন ভ্যালির আলোছায়ায় ঘেরা জগৎ নিয়ে আবারও নির্মিত হচ্ছে সিনেমা, যেটি নির্মাণ করবেন অ্যারন সোরকিন। এবার এতে জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে এমি বিজয়ী ও অস্কার মনোনীত অভিনেতা জেরেমি স্ট্রংকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

প্রথম কিস্তিতে শুধু চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকলেও এবারের সিক্যুয়েলে অ্যারন সোরকিন থাকছেন পরিচালক হিসেবেও। ছবিটির অন্য মুখ্য চরিত্রে আলোচনায় রয়েছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট, তবে কারোর সঙ্গেই এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

নতুন কিস্তির কাহিনির সূত্র, ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত জেফ হরভিটজের অনুসন্ধানমূলক প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’। সেখানে কিশোরদের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয়।

জেরেমি স্ট্রং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকেন্দ্রিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রয় কোহনের চরিত্রে অভিনয় করে অস্কারের মনোনয়ন পান। তবে তার সবচেয়ে আলোচিত চরিত্র এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের কেন্ডাল রয়, যিনি এক মিডিয়া সাম্রাজ্যের সংকটে ভোগা উত্তরসূরি। সামনে তাকে দেখা যাবে ব্রুস স্প্রিংস্টিনকে নিয়ে তৈরি ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’-এ, সেখানে তিনি জন ফ্যাভরোর ভূমিকায়।

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শফিকুল ইসলাম সোহাগ (৪৮) ও শিরিন আক্তার মুক্তা (৩৭) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের টিনপট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম সোহাগ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।
তার স্ত্রী শিরিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের অনুসারী ছিলেন

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হবে।’

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় সংগঠনটির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এদের মধ্যে ৪৩ জনের নাম সরাসরি এজাহারে উল্লেখ করা হয়েছে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান শুক্রবার (১ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছে। ঘটনার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

নুর নবী ওরফে রাজু (৩১) — করিমপুর, চৌমুহনী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড

আবদুল আহাদ (১৮) — করিমপুর

মো. শ্রাবণ (১৯) — বাবুনগর, শরিফুল ইউনিয়ন

জাহিদুল হাসান (১৯) — গনিপুর, চৌমুহনী পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড

মো. আরমান (১৯) — চর কাউনিয়া, পূর্ব চরমটুয়া ইউনিয়ন, সদর উপজেলা
(একজন গ্রেপ্তারকৃতের নাম প্রকাশ করা হয়নি)

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫-৩০ জন কিশোর-তরুণ ‘ছাত্রলীগ’ লেখা একটি ব্যানার ও কয়েকটি ফেস্টুন নিয়ে হঠাৎ মিছিল শুরু করে। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং “শেখ হাসিনা ফিরবে” এমন স্লোগান দেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাব এই ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

পুলিশ জানিয়েছে, মিছিল শেষে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দুটি ফেস্টুন ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে।

ওসি লিটন দেওয়ান বলেন, “মামলায় গ্রেপ্তারদের মধ্যে ৫ জন নাম উল্লেখিত আসামি এবং একজন নামবিহীন। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।