সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

ভারতে খেলবে না পাকিস্তান, অস্বীকার দেশটির হকি ফেডারেশনের

নিরাপত্তাজনিত কারণে হকি এশিয়া কাপে খেলবে না পাকিস্তান। আজ হকি ইন্ডিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যমটিকে সেই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছে, নিরাপত্তার কারণেই তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এরপর আমরা বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।
’

তবে এমন খবর অস্বীকার করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে ভারতে দল পাঠানো হবে কি না, সে বিষয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।

আগামী ২৯ আগস্ট ভারতের ঝাড়খণ্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে বলে জানান তারিক।
আজ সংবাদমাধ্যমকে পিএইএফের সভাপতি বলেছেন, ‘এশিয়া কাপে অংশ নেওয়া না নেওয়া নিয়ে কোনো আলোচনাই হয়নি এখনো। এটা পিএইচএফের নয়, সরকারের সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্তই নেবে তা আমরা মেনে নেব। তাই সরকারের ঘোষণার অপেক্ষায় আছি।
’

ভারতের হকি ফেডারেশনের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানিয়েছেন তারিক। তিনি বলেছেন, ‘ভারতের হকি ফেডারেশনের সঙ্গে অতীতে কিংবা এখন পর্যন্ত কোনো কথা হয়নি। তাহলে আমরা কিভাবে বলতে পারি পাকিস্তান খেলতে রাজি নয়? আমাদের আলোচনা এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে, ভারতের সঙ্গে নয়।’

ভারতে যেতে রাজি না হওয়ায় পাকিস্তানের বদলে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান তারিক।
পিএইচএফের সভাপতি বলেছেন, ‘হকি ইন্ডিয়া যা খুশি বলতে পারে, আবার যাকে খুশি আমন্ত্রণ জানাতেই পারে। তবে আমাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়ে অবগত নই আমরা।’

ভর্তি বাণিজ্য বন্ধ করেছিলাম বলেই আমাকে ফাঁসানো হয়েছে : নাজমুল আহসান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালতে বিচারক বলেন, ‘আপনি তো ফুলটাইম ঢাকায় থাকতেন, ক্লাসে অনুপস্থিত থাকতেন।
’ তখন কলিমউল্লাহ বলেন, ‘না, আমি ১৭-১৮ ঘণ্টা কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে। ভর্তি বাণিজ্য বন্ধ করেছিলাম বলেই আমাকে ফাঁসানো হয়েছে।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনকে আসামি করে গত ১৮ জুন দুর্নীতির মামলা দায়ের করা হয়।

একই দিনে দেশে আসছে ভয়ংকর দুই ভূতের ছবি

এখন সুপারহিরো, সিক্যুয়েল আর পুরোনো ছবির রিবুট দেখে দেখে হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখন হঠাৎ ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। সাম্প্রতিক সময়ে সারাবিশে^ই হরর ছবি নির্মাণের হার বেড়েছে। এ বছর এখনো পর্যন্ত হলিউডের ব্যবসাসফল ছবির তালিকায় হরর ছবির সংখ্যা উল্লেখ করার মতো। মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে, যা ২০২৪ সালে ছিল ১১ শতাংশ; এক দশক আগেও যা ছিল মাত্র ৪ শতাংশ।
প্রযোজক, স্টুডিও প্রধান ও হলমালিকদের মতে, হরর সব সময়ই ছিল উদ্বেগ থেকে মুক্তির উপায়। আজকের দুনিয়ায় সেই মহামারির পরবর্তী ধাক্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার আশঙ্কা, শরীরের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয় বা বর্ণবাদ হরর চলচ্চিত্রে জায়গা করে নিচ্ছে।

হরর ছবির এই জয়রথে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি সিনেমা। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশে^র বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে মার্কিন হরর থ্রিলার ‘ওয়েপনস’।
একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। সেই সাথে বাড়তি উপহার হিসেবে থাকছেও জনপ্রিয় তুর্কি হরর সিনেমা ‘সিকিন’ সিরিজের নতুন ছবি ‘সিকিন ৮’। এই ছবিটিও ৮ আগস্ট মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

‘ওয়েপনস’

জ্যাক ক্রেগার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলার সিনেমা ‘ওয়েপনস’।
এতে অভিনয় করেছেন যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে। মেব্রুক নামের একটি ছোট শহরে, একই ক্লাসের ১৭ জন তৃতীয় শ্রেণীর ছাত্র এক রাতে ২.১৭ মিনিটের সময়ে একযোগে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুধুমাত্র একজন, অ্যালেক্স লিলি পরের দিন স্কুলে উপস্থিত হয়। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের খোঁজে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা। এরমধ্যে কিছু অতিপ্রাকৃতিক ঘটনা তাদের বুকে কাঁপন ধরিয়ে দেয়।
ছবিটি ছয়টি অধ্যায়ে বিন্যস্ত। প্রতিটি অধ্যায়ভিত্তিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে গল্প এগিয়ে যায়। প্রতিটি অধ্যায় একটি ছোট ঘটনার কিস্তিকে আলোচনায় নিয়ে আসে এবং চূড়ান্ত ক্লাইমেক্সের দিকে এগোতে গিয়ে ধ্বংসাত্মক ঘটনা উন্মোচিত করে। ওয়েপনস সবার কাছে ২০২৫ সালের অন্যতম সেরা হরর-থ্রিলার হিসেবে বিবেচিত হচ্ছে। আইএমডিবি, রোটেন টমেটোস ইতিমধ্যে ছবিটির ইতিবাচক সমালোচনা করেছে।

‘সিকিন ৮’

অন্যদিকে, তুর্কি ভাষার সুপারন্যাচারাল হরর সিনেমা ‘সিকিন ৮’। সিরিজের অষ্টম কিস্তি এটি। এই সিরিজের পূর্ববর্তী কিস্তি ‘সিকিন ৭’ গত বছরের ১৪ জুন মুক্তি পেয়েছে। এক বছর পর পর্দায় এসেছে নতুন কিস্তি। অ্যালপার মেস্তকি পরিচালিত ছবিটি তুরস্কে মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে। এতে একজন পুরুষ এবং তার পরিবারকে ভয়াবহ অতিপ্রাকৃত শক্তির দ্বারা অত্যাচারিত হতে দেখা যাবে, যা শুরু হয় যখন সে তার বৃদ্ধ মাতাকে বাসায় আনে। এই অংশে অরহান চরিত্রটিকে সিরিজের মূল নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যিনি পূর্বের কিস্তিগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে প্রথম দুই কিস্তিতে কোনো নির্দিষ্ট হিরো বা ভিলেন ছিলো না বরং জাদুবিদ্যা ও কালো যন্ত্রণা প্রধান বিষয় ছিল, যা পরের কিস্তিতে বদলেছে বলে মনে হচ্ছে। ছবিতে জিন তত্ত্ব, ব্ল্যাক ম্যাজিক এবং পারিবারিক গোপন রহস্যের মিশ্রণ রয়েছে। প্রধান চরিত্র ফাতিহ নামে একজন মানুষ, যিনি তাঁর স্ত্রী বরনার অনুরোধে তাঁর বৃদ্ধ মা গুনহুলকে পরিবারের বাইরে বৃদ্ধাশ্রমে স্থানান্তর করেন। মা বাড়ি থেকে চলে যাওয়ার পর, ঘরের ভারসাম্য নষ্ট হয় এবং ধীরে ধীরে অচেনা ও রহস্যময় ঘটনা বাড়তে থাকে। একটি শান্ত পরিবেশে অদ্ভুত শব্দ, ছায়া, এবং অতিপ্রাকৃত ঘটনা ফাতিহের পরিবারকে গ্রাস করে। ফাতিহের অনুশোচনায় ভরা মন একটি মানসিক ও পারিবারিক সংকটের মধ্যে পড়ে। ফাতিহ শেষ পর্যন্ত তার মাকে বাড়িতে ফেরায়, কিন্তু সেই মা একই ব্যক্তি নন। এরপর ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা।

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যেই ভারত সফর করবেন পুতিন : দোভাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে যাবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোতে থাকা দোভাল তারিখ নির্দিষ্ট করেননি, তবে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এটি এ বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

দোভাল বলেছেন, ‘রাশিয়া ও ভারতের একটি বিশেষ, দীর্ঘ সম্পর্ক রয়েছে ও আমরা এ সম্পর্ককে মূল্যবান বলে মনে করি। আমাদের উচ্চ পর্যায়ের যোগাযোগ ছিল ও এ উচ্চ পর্যায়ের যোগাযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর সম্পর্কে জানতে পেরে আমরা অত্যন্ত উদ্দীপ্ত ও আনন্দিত। আমার মনে হয় তারিখগুলো এখন প্রায় চূড়ান্তের দিকে।’

যদিও সফরের ব্যাপারে এখন পর্যন্ত মস্কো থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

তবে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ সফরের ঘোষণা এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার জ্বালানি কিনে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধে সহায়তা করার অভিযোগ করেছেন, যার ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে।

ট্রাম্প বুধবার একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে নয়াদিল্লির রাশিয়ান তেল অব্যাহতভাবে ক্রয়ের কারণে ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবারের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামাতে রাজি না হলে রাশিয়ান তেল ক্রেতাদের ওপর দ্বিতীয় দফায় শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন।

প্রায় চার বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক হয়ে উঠেছে।
২০২৩ সালের মে মাসের মধ্যে ভারত প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল কিনছিল, যা তার আমদানির প্রায় ৪৫ শতাংশ।

অন্যদিকে ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে, আগামী দিনে পুতিনের সঙ্গে ট্রাম্পেরও দেখা করার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, উভয় পক্ষ একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছে ও বৈঠকের স্থান সম্পর্কে একমত হয়েছে, যা পরে ঘোষণা করা হবে।

সূত্র : এনডিটিভি/রয়টার্স

মেসি-রোনালদো নন, লুকাকুর রোল মডেল অন্য একজন

সর্বকালের অন্যতম দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। লাখো তরুণ ফুটবলারের যারা আর্দশ। শুধু তরুণ নন, অনেক প্রতিষ্ঠিত ফুটবলারেরও। তবে রোমেলু লুকাকু এই তালিকায় নেই।

লুকাকুর আদর্শ অন্য একজন। সেই অন্য একজন হচ্ছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি করিম বেনজেমা। যার খেলায় অনুপ্রেরণা খুঁজে পান বেলজিয়ামের স্ট্রাইকার। বেনজেমাকে আদর্শ মানলেও মেসি-রোনালদোর প্রশংসা করতে ভুলেননি লুকাকু।

বেনজেমাকে কেন আদর্শ মানেন তার ব্যাখ্যাও দিয়েছেন লুকাকু। বয়স ত্রিশের পর ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাতে মুগ্ধ হয়েছেন তিনি। বিশেষ করে ৩৪ বছর বয়সে তার ব্যালন ডি’অর জয়। তাই নিজেও মনে করেন, সামনে ভালো কিছুই করবেন তিনি।

ইতালির সংবাদ মাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্টকে সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, ‘অবশ্যই, আমাদের ভালো করার অনেক টুলস আছে। আমার বাড়িতে জিম আছে। মেসি, রোনালদো, লেভানদোস্কি এবং ইব্রা সবাই দুর্দান্ত। কিন্তু আমার রোল মডেল বেনজেমা। যিনি ৩২ বছর পর ব্যালন ডি’অর জিতেছেন।
তাই ইতিবাচক মানসিকতা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। লেব্রন জেমসও (বাস্কেটবল কিংবদন্তি) তেমনি বলেন।’

ইন্টার মিলানে খেলার সময় এসি মিলানের সাবেক ফরোয়ার্ড ইব্রার মুখোমুখি হয়েছিলেন লুকাকু। ২০২১ সালের এক ডার্বিতে দুজন মেজাজ হারিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনার মীমাংসা হয়েছে কি না এমনটা জানতে চাওয়া হলে নাপোলির স্ট্রাইকার বলেছেন, ‘এটার প্রয়োজন নেই। তবে তার ক্যারিয়ারকে আমি শ্রদ্ধা করি। সে অসাধারণ এক খেলোয়াড় ছিল।’

মা হারালেন ব্র্যাড পিট

বিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ধরে ছেলে ব্র্যাড পিটের সঙ্গে বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান এবং উচ্চ পর্যায়ের আয়োজনে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়ে আসছিলেন। এখন পর্যন্ত জেনের মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

ব্র্যাড পিটের ভাতিজি সিডনি পিট ইনস্টাগ্রাম পোস্টে দাদিকে হারানোর বার্তা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আমার প্রিয় গ্র্যামি, জেন এতা, তোমাকে যেতে দিতে আমরা এখনই প্রস্তুত ছিলাম না। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে, তুমি এখন স্বাধীন। তুমি এখন গাইতে, নাচতে আর ছবি আঁকতে পারবে।

জেনের উদারতার কথা স্মরণ করে সিডনি পিট লেখেন, ‘যারা গ্র্যামিকে চিনতেন, তারা জানেন তার হৃদয় সবচেয়ে বড় ছিল। কোনো প্রশ্ন ছাড়াই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। তিনি আমাকে আঁকতে শিখিয়েছেন, শক্ত হতে শিখিয়েছেন, সদয় নেতৃত্ব দিতে শিখিয়েছেন, সব কিছুর মাঝেও যিশুকে ভালোবাসতে শিখিয়েছেন, আর সবচেয়ে ছোট জিনিসগুলোতেও আনন্দ খুঁজে নিতে শিখিয়েছেন। শুধু আমাদের হাসানোর জন্য সবচেয়ে মজার সব খেলা বানিয়ে ফেলতেন, আর ন্যায়পরায়ণতায় বিশ্বাস করতেন তিনি।

উইলিয়াম এলভিন পিট ও জেন এতা পিট দম্পতির তিন সন্তান। তারা হলেন—ব্র্যাড পিট, ডগলাস পিট ও জুলি পিট। সবার বড় ব্র্যাড পিট। হলিউডের দাপুটে অভিনেতা ব্র্যাড পিট অভিনয়ে আসলেও বাকি দুই ভাই-বোন এই অঙ্গনের মানুষ নন।

ব্র্যাড পিটের মায়ের মৃত্যুর খবরে শোক জানাচ্ছেন তার অনুরাগী ও সহকর্মী তারকারা।
তবে মায়ের মৃত্যুতে ব্র্যাড পিটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি ওজনের সোনার বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা ফ্লাইট নম্বর বিজি ৩২৬ বিমানের কার্গো অংশ থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস (এয়ারপোর্ট ইউনিট)।

বিমানবন্দর ইনচার্জ কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, সকালে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৬ ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কাপড়ে লুকানো সোনার বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়।

বাবা হারালেন সালমানের দেহরক্ষী শেরা

বলিউড সুপারস্টার সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা ওরফে গুরমিত সিং জলির বাবা সুন্দর সিং জলি আর নেই। বুধবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সুন্দর সিং জলি।
শেরা নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ জানান।

টাইমস নাউয়ের প্রতিবেদন অনুসারে, শেরা তাঁর বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, তার শেষযাত্রা আজ, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টায় আন্ধেরির ওশিওয়ারায় তাদের বাসভবন থেকে শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সুন্দর সিং জলি। অনেক দিন ধরেই তাঁর শরীরে বাসা বেঁধে ছিল এই ভয়ংকর মারণরোগ।
কিছুদিন আগেই সুন্দর সিংয়ের ৮৮তম জন্মদিন পালন হয়। ঠিক চার মাস পর তিনি না ফেরার দেশে। জন্মদিন উপলক্ষে শেরা ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার ঈশ্বর, আমার অনুপ্রেরণা ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা বাবা! আমার সব শক্তি তোমার থেকেই আসে। তোমাকে চিরকাল ভালোবাসি।

আশির দশকের শেষ দিকে শরীরচর্চার দুনিয়ায় কৃতিত্ব অর্জনের পর নব্বইয়ের দশকের শুরুতে শেরা বলিউডে পা রাখেন। সালমান খানের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের সুবাদে আজও তাকে প্রায় প্রতিটি ইভেন্ট, অনুষ্ঠান ও শুটিংয়ে অভিনেতার পাশে দেখা যায়। বলিউডে যে কয়জন তারকা দেহরক্ষী নসর্বাধিক পরিচিত ও বিশ্বস্ত, শেরা তাদের মধ্যে অন্যতম হিসেবেই বিবেচিত হন।

সংস্কার কমিশনের ১২১ সুপারিশের ১৬টি বাস্তবায়ন করা হয়েছে

অন্তর্বর্তী সরকার গঠিত ১১টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনে থাকা আশু বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া, ৮৫টি সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘১১টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সে বিষয়ে আজকে তথ্য উপস্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করেন। তার মধ্যে ১৬টি বাস্তবায়ন করা হয়েছে, ৮৫টি বাস্তবায়ন করা হচ্ছে, ১০টি আংশিক বাস্তবায়ন করা হচ্ছে এবং আরও ১০টি বাস্তবায়নযোগ্য কিনা— তা বিবেচনা করা হচ্ছে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন : শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু আজ থেকে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমাদের অধ্যায়ের পুরো ফোকাস নির্বাচনকে ঘিরে।
যাতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রেসসচিব।

প্রেসসচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।
’
প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।’

এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।