শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর : মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল। যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়।
যিনি সম্মানের যোগ্য তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর।’

তিনি আরো বলেন, ‘আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এটি আবার শুরু করছি।’

দেরিতে হলেও আমি সিনেমাতে যাব : তৌসিফ

স্কুলজীবন থেকেই অভিনেতা তৌসিফ মাহবুবের মাথায় সিনেমার পোকা ঢুকে রয়েছে। এখনো সিনেমায় না এলেও আপাতত নাটকেই থিতু রয়েছেন এ অভিনেতা।

শনিবার তার আসন্ন নাটক ‘খোয়াবনামা’ নাটক নিয়ে এক আলাপচারিতায় সিনেমা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় সিনেমা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে।
দেরিতে হলেও একদিন আমি সিনেমাতে যাব।’

এরপর আরো বললেন, “আমি সব ধরনের সিনেমা করতে চাই। ‘বরবাদ’-এর মতো সিনেমা করতে চাই, আবার ‘জংলি’, ‘দাগির’ মতো সিনেমা করতে চাই, আবার আমি ‘উৎসস’-এর মতো সিনেমাও করতে চাই।”

সিনেমার প্রসঙ্গে কথা বলতে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নেতিবাচকতা নিয়েও মন্তব্য করেন এ অভিনেতা।
৫ আগস্টের পর সাধারণ মানুষ বলছে, ‘বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সব কিছু মন খুলে প্রকাশ করতে পারছেন।’

তবে তৌসিফের মতে, ‘এতে একদিকে যেমন সুবিধা হয়েছে, তেমনি অসুবিধাও তৈরি হয়েছে। সত্যি কথা বলতে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, মানুষ কেমন জানি নেগেটিভ মানসিকতার হয়ে গেছে।
প্রকাশ্যে যেন সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারি, এ জন্য আমরা বাকস্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আফসোসের কথা, বাকস্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেওয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি দিনশেষে আফসোস করা উচিত না। আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত। হয়তো একদিন সবাই আলোকিত হবে এবং এই নেগেটিভিটি সবার মধ্য থেকে বেরিয়ে আসবে।
আল্লাহ আমাদের সবাইকে দ্রুত হেদায়েত দান করুন।’

দেশটাকে সুন্দরভাবে দেখতে চান জানিয়ে সব শেষে তিনি বলেন, ‘আমি আমার চারপাশের পরিবেশ এবং দেশকে সুন্দরভাবে দেখতে চাই। সবাই সহজ-সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করবে না। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, সাহায্য করার মানসিকতা থাকবে। ঠিক যেমন যখন ট্রাফিক পুলিশ ছিল না, ছাত্ররা গিয়ে রাস্তায় মানুষের উপকারের জন্য ট্রাফিকের কাজ করেছে। সবাই সব কিছুতে নিষ্পাপ থাকুক।’

এদিকে আগামী ২৮ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

পুলিশ হত্যাচেষ্টা : চট্টগ্রামে অস্ত্রসহ ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ হত্যাচেষ্টার মামলায় দুই আসামি শাকিল ও আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আর ৯টি মামলা আছে বলে জানায় পুলিশ। শাকিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও পুলিশ নিশ্চিত করেন। তাদের তথ্যে পুলিশ একটি এলজি, তিন রাউন্ড গুলি এবং চাপাতি উদ্ধার করেছে।

রবিবার (২৬ আগস্ট) দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিএমপির উপকমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম।

তিনি বলেন, প্রাইম মুভারের হেল্পার সেজে গতরাতে চট্টগ্রাম থেকে শাকিল ও আরিফ পালিয়ে যাওয়ার তথ্য পেয়ে নগরের আউটাররিং রোডে আমরা চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করি। পরে শাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ আগস্ট রাতে নগরীর সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি ঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সে সময় মিছিলকারীরা শাকিলের নেতৃত্বে হামলা করে এসআই আবু সাঈদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, হাত ও পেটে একের পর এক আঘাত করে গুরুতর আহত করে।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করে। এ মামলায় এ পর্যন্ত মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিএমপির ডিসি সদর দপ্তর ফয়সাল আহমেদ, এডিসি জনসংযোগ মাহমুদা বেগম, ওসি বন্দর আফতাব উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে : বাঁধন

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান সকল শ্রেনিপেশার মানুষজন। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। যে তালিকায় রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আজমেরী হক বাঁধনসহ একাধিক জনপ্রিয় তারকা। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে অর্থের বিনিময়ে তারকারা এসব পোস্ট দিয়েছেন।
একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এই স্টেটমেন্টটি ভুয়া।

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন। একদিকে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে বাধাপ্রদান ও অন্যদিকে তাকে শ্রদ্ধা জানানোয় এমন ন্যাক্কারজনক গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
তার মতে,মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। কারো কণ্ঠরোধ করাটা আরেক ফ্যাসিবাদের জন্ম দেবে বলেও জানান বাঁধন।

রবিবার (১৮ আগস্ট) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাঁধন বলেন, ‘আপনাদের কে সেই অধিকার দিয়েছে যে মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করবেন? শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনারা তো দেখেছেন তাঁর কী পরিণতি হয়েছে।
তাঁর পতনের পর ভেবেছিলাম মানুষ শিক্ষা নেবে। কিন্তু না, অহংকার এখনো থেমে নেই! মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। আপনি কে সেটা ঠিক করে দেওয়ার? মানুষের নিজস্ব বুদ্ধি আছে। কেউ যদি শেখ মুজিবুর রহমানকে সম্মান করতে চায়, সেটা তাদের অধিকার। এটা আপনার অনুমতির বিষয় নয়।
শুধু আপনার চিন্তার সঙ্গে না মিললেই কাউকে খারাপ মানুষ হিসেবে ব্র্যান্ড করার কোনো অধিকার আপনার নেই।

টাকার বিনিময়ে পোস্ট করার দাবি প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আর হেসে খুন হওয়ার মতো ব্যাপার হলো- আপনাদের অবস্থা এতই সস্তা হয়ে গেছে যে লজ্জা লাগে। প্রথমে রটনা ছড়াল, আমি নাকি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ২০০ কোটি টাকা নিয়েছি! এবার নতুন গুজব ছড়াচ্ছেন শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য নাকি আমরা মাত্র ২০ হাজার টাকা পেয়েছি! সত্যি? ২০০ কোটি থেকে ২০ হাজার! এত বড় ঝুঁকি কেউ কি এমন অল্প টাকার জন্য নেয়? কী হাস্যকর সার্কাস!’

মানুষের কণ্ঠরোধ না করার অনুরো মাথায় ঢুকিয়ে নিন, ‘এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। না মিথ্যা দিয়ে, না তুচ্ছ গুজব দিয়ে, না ফাঁপা হুমকি দিয়ে। পৃথিবী বদলে গেছে। সোশ্যাল মিডিয়া আছে। গ্লোবালাইজেশন আছে। মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি খুব ভালোভাবেই বুঝতে পারে। একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, তাঁদের অনুপ্রাণিত করেন। একজন প্রকৃত নেতা মানুষের কণ্ঠরোধ করেন না, তাঁদের কথা শোনেন। একজন প্রকৃত নেতা ভিত্তিহীন অপবাদ ছড়ান না, তিনি বিশ্বাস গড়ে তোলেন। তাই এই ক্ষমতার ভ্রম ছেড়ে দিন। মানুষকে পুতুলের মতো নাচানোর স্বপ্ন দেখবেন না। সেই সুতো অনেক আগেই ছিঁড়ে গেছে। জেগে উঠুন, নইলে ইতিহাস এবার আরও নির্মমভাবে আঘাত করবে।

সবশেষে বাঁধন বলেন, ‘একজন প্রকৃত নেতা হোন। একজন প্রকৃত মানুষ হোন। নইলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থেকে যাবেন—এবং বিশ্বাস করুন, সেই ট্র্যাজেডির সিক্যুয়াল কারও দরকার নেই।’

এক রাতে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ দুই ক্লাবের বিপরীতমুখী অভিজ্ঞতা

চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে বার্নলি ও সান্ডারল্যান্ড। তবে ফেরার অভিজ্ঞতা এক হয়নি ক্লাব দুটির। একদিকে টটেনহ্যামের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্নলি, অন্যদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ জয়ে মৌসুম শুরু করেছে সান্ডারল্যান্ড।

শনিবার স্পার্স স্টেডিয়ামে ম্যাচের ১০ম মিনিটে প্রথম লিড নেয় টটেনহ্যাম। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দিয়ে গোল করান মোহামেদ কুদুস। ৬০ মিনিটে ব্যবধান ২-০ করেন রিচা। এই গোলেও তাকে সহায়তা করেন কুদুস। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রেনান জনসন।

অন্য ম্যাচে ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে সান্ডারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৬১ ও ৭১ মিনিটে ইংলিশ লিগের নিয়মিত দল ওয়েস্টহ্যামের জালে গোল দেয় তারা। প্রথম গোলটি করেন মায়েন্ডা, দ্বিতীয় গোলটি করে বালার্ড। যোগ করা সময়ে জয়ের ব্যবধান আরও বাড়ান ইসিডর।

দিনের অপর ম্যাচে ব্রাইটন এন্ড হোভ আলবিয়নের বিপক্ষে শেষ বাঁশির ঠিক আগে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে ফুলহ্যাম ইউনাইটেড। ব্রাইটন ঘরের মাঠে ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড নেয়। যোগ করা সময়ের সাত মিনিটে গিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন।

দাবায় ইলন মাস্কের গ্রক এআইকে হারিয়ে দিলো ওপেন এআই

দাবার একটি প্রতিযোগিতা হয়েছে। তবে সেখানে রক্ত মাংসের কেউ অংশ নেয়নি, বরং অংশ নিয়েছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর সেই প্রতিযোগিতার ফাইনালে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই।

দাবার এই প্রতিযোগিতায় অংশ নেয় ওপেন এআইয়ের ০৩, ইলন মাস্কের এক্স এআই মডেল গ্রক ৪-এর মতো সব এআই মডেল। তিন দিনের এই ইভেন্টে একাধিক প্রতিষ্ঠানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম অংশগ্রহণ করে। আর সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে চ্যাটজিপিটি।

মোট ৮টি এলএলএম অংশ নেয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ছিল ওপেন এআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিকের মতো এআই মডেল, ছিল চীনা ডেভেলপারের তৈরি ডিপসিক ও মুনশট এআইর মতো মডেলও।

এই প্রতিযোগিতার ফাইনালের শুরুর দিকে ইলন মাস্কের গ্রক এগিয়ে থাকলেও শেষের দিকে চ্যাটজিপিটি পরপর বাজিমাত করতে থাকে। গ্রক একাধিক ভুলও করে শেষের দিকে। আর তাতে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতে যায় স্যাম অল্টম্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আরও বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি। তবে কাঙ্ক্ষিত সময়ের আগেই আর্জেন্টাইন মহাতারকা মাঠে ফিরলেন। মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেলেও তার আগে একটি করে গোল-অ্যাসিস্টে মায়ামির জয় নিশ্চিত করেছেন মেসি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি তারা হারিয়েছে ৩-১ ব্যবধানে।

সপ্তাহ দুয়েক আগে নেকাক্সার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। এরপর আজকের (রোববার) ম্যাচের আগে টানা তিনদিন অনুশীলন করায় আত্মবিশ্বাস শোনা যায় মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর কণ্ঠে। তার মন্তব্যকে সত্যি প্রমাণ করে মেসি এদিন মাঠে নামেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। তিনি ছাড়াও এমএলএসের ম্যাচটিতে এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে আকাশ-পাতাল ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি। ২৯টি শট নিয়ে তারা ৮টি লক্ষে রাখে। বিপরীতে ৫৪ শতাংশ বল পজেশন নিয়ে এলএ গ্যালাক্সি মাত্র ৫ শটের ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে আলবার গোলে ম্যাচে লিড পায় মায়ামি। ৫৯ মিনিটে সেটি শোধ করে সফরকারীদের সমতায় ফেরান জোসেফ পেন্টসিল।

বদলি নামা মেসির গোলে ফের ৮৪ মিনিটে ম্যাচে লিড পায় মায়ামি। কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্তেই সেটি গ্যালাক্সি গোলরক্ষককে পেরিয়ে জাল কাঁপায়। এবার অ্যাসিস্টের পালা, দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা।

এ নিয়ে মৌসুমের ১৯তম গোল করেছেন মেসি। একইসঙ্গে মাঠে ফিরেই মায়ামির প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। দুই ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে।

সিনেমা মুক্তির আগেই জাহ্নবীকে নিয়ে সমালোচনার ঝড়

সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন রোম্যান্টিক ড্রামা ‘পরম সুন্দরী’র ট্রেলার। ট্রেলারে একদিকে দর্শকদের প্রশংসা মিললেও কেরালের বহু শিল্পী ও দর্শক তীব্র এর সমালোচনা তুলেছেন। অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রে যেই মালয়ালি মেয়ের চরিত্রে রাখা হয়েছে, তাকে অতিরঞ্জিত ও প্রচণ্ডভাবে স্টেরিওটাইপিক্যালভাবে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার মালয়ালি অভিনেত্রী ও গায়িকা পবিত্রা মেনন নির্মাতাদের বিরুদ্ধে এমনই ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে একই সুরে সমালোচনা করেন নেটিজেনরা।

সেই ভিডিও ছড়িয়ে নেটিজেনরা মন্তব্য করেন, ‘ছবিতে জাহ্নবীর চরিত্রের লম্বা নাম ও সাজসজ্জা একেবারেই অবাস্তব মনে হয়েছে। কেরালার সবার লম্বা নাম হয় না। বরং তাকে চেন্নাইয়ের চরিত্র হিসেবে দেখালে মানাত।’

এছাড়াও ভিডিওর কমেন্ট সেকশনে মালায়ালি নেটিজেনদের একাংশ জাহ্নবীর উচ্চারণ ও অভিনয়ের কড়া সমালোচনা করেন। একজন লিখেছেন, ‘তিনি হিন্দিতে বললেন সব বুঝলাম, কিন্তু একটাও মালায়ালম শব্দ বুঝলাম না। ভুয়া সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট একেবারেই মানা যায় না।’

বাবার পথে হেটে অর্জুন টেন্ডুলকার বিয়ে করছেন বয়সে বড় সানিয়াকে

ক্রিকেট পরিবারে এবার নতুন আনন্দের খবর। বাবা শচীন টেন্ডুলকারের মতোই নিজের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন অর্জুন টেন্ডুলকার। বয়সে বড় মহিলাকে বিয়ে করতে চলেছেন তিনি। সম্প্রতি অর্জুনের সঙ্গে সানিয়া চন্দোকের বাগদানের খবর প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, সানিয়া বয়সে অর্জুনের থেকে এক বছরের বেশি বড়।

সানিয়ার জন্ম ১৯৯৮ সালের ২৩ জুন। অর্থাৎ বর্তমানে তিনি ২৬ বছরের। অর্জুনের জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর।
তার বয়স ২৫। সুতরাং সানিয়া বয়সে অর্জুনের থেকে এক বছর তিন মাস বড়। উল্লেখযোগ্য, অর্জুন তার বোন সারার থেকে দুই বছরের ছোট।

এর আগে, বাবা শচীন টেন্ডুলকার ১৯৯৫ সালে অঞ্জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের আগে থেকেই তাদের বয়স ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল। শচীনের জন্ম ১৯৭৩ সালের ২৪ এপ্রিল, অঞ্জলির জন্ম ১৯৬৭ সালের ১০ নভেম্বর। অঞ্জলি পেশায় ছিলেন চিকিৎসক। বিয়ের পর তিনি ক্যারিয়ার ত্যাগ করে পরিবারকে সমর্থন করেছেন। শচীন বারবার নিজের ক্রিকেট সাফল্যের পিছনে স্ত্রী অঞ্জলির অবদান উল্লেখ করেছেন।

সানিয়া চন্দোক পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পরে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। ২০২০ সালে স্নাতক পাশ করার পর দেশে ফিরে তিনি নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া নিজে পশুপ্রেমী। মুম্বাইতে মানুষের মধ্যে পোষ্যের জনপ্রিয়তা দেখে তিনি ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া হয়। তবে এখনো পর্যন্ত ব্যবসায় বিশেষ লাভ হয়নি।

ক্রিকেটের ক্ষেত্রে অর্জুন টেন্ডুলকারের ক্যারিয়ার শুরু হয় মুম্বাইয়ের হয়ে ২০২০-২১ মৌসুমে। হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। এর আগে তিনি জুনিয়র দলে খেলেছেন। সিনিয়র দলে জায়গা না পাওয়ায় ২০২২-২৩ মৌসুমে তিনি গোয়ায় যান। সেখানে প্রথম শ্রেণির এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন, একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। এছাড়া ৩৭ উইকেটও আছে।

দেশের বাজারে স্বর্ণের বর্তমান দাম!

দেশের স্বর্ণবাজারে বর্তমানে দামের কোনো পরিবর্তন হয়নি। আজ রোববার (১৭ আগস্ট) স্বর্ণ আগের সমন্বিত মূল্যেই বিক্রি হবে। এর আগে ২৪ জুলাই রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়।

বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।
২১ ক্যারেটের এক ভরির দাম এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা নির্ধারিত রয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

এর আগে গত ২৩ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল, যা কার্যকর হয় ২৪ জুলাই থেকে। তারও আগে ২২ জুলাই দাম বাড়ানো হয়েছিল।

এদিকে, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।