শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১১ বগি রেখেই স্টেশনে ঢুকল ট্রেন

চট্রগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই ভাগ হয়ে পড়ে। পেছনের ১১টি বগি রেখে লেগে থাকা ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে ইঞ্জিন।

আজ সোমবার (১৮ আগস্ট) আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকণ্ঠপুর নামক এলাকায় ট্রেনের বগিগুলো আলাদা হয়ে যায়। পরে সামনের ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছায় আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেন।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দায়িত্বরত মাস্টার মো. শাকির জাহান ও ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এ তথ্য জানান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

স্টেশন সূত্র জানায়, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার মুহূর্তে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আলাদা হয়ে যায়।
এতে পেছনের ১১টি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। তবে কি কারণে এমন ঘটনা ঘটে সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ দিকে এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া, মহানগর গোধূলি আখাউড়া, কর্ণফুলী এক্সপ্রেস তালশহর স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে ডাউন লাইন দিয়ে আপ লাইনের ট্রেন চালানো হয়।

জেলেনস্কি-ট্রাম্প বৈঠকের আগে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৪

ইউক্রেনজুড়ে সোমবার রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে একটি হামলা খারকিভ শহরের একটি আবাসিক ভবনে চালানো হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি শুরু হওয়ার আগে এসব হামলা হয়।

এদিন খারকিভে ভোরের দিকের ড্রোন হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং অন্তত তিনটি তলায় আগুন ধরে যায় বলে গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে জানিয়েছেন।
ইউক্রেনের জরুরি পরিষেবা প্রকাশিত ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে আটকে পড়া এক বাসিন্দাকে বের করার চেষ্টা করতে দেখা গেছে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ওই হামলায় দুই শিশুসহ সাত বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছে।

রুশ সীমান্তবর্তী এ শহরটিতে এর কয়েক ঘণ্টা আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত হানে, যাতে অন্তত ১১ জন আহত হয় বলে জানিয়েছেন মেয়র ইগর তেরেখভ। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে এক হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছে বলেও জানান ক্লাইমেনকো।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ গোলাবর্ষণে দোব্রোপিল্লিয়া ও কস্তিয়ানতিনিভকা এলাকায় চারজন নিহত হয়েছে বলে আঞ্চলিক প্রসিকিউটররা জানিয়েছেন। এসব এলাকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ছাড়া রাশিয়া সোমবার ভোরে দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলেও ড্রোন হামলা চালায়, এতে একটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায় বলে গভর্নর ওলেগ কিপার জানান।

এমন সময়ে এসব হামলা চালানো হলো, যখন জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা যুদ্ধের সাড়ে তিন বছর পর অবসান ঘটানোর লক্ষ্যে ওয়াশিংটনে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।
জেলেনস্কির আগমনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করতে পারবে না কিংবা ন্যাটোতে যোগ দিতে পারবে না।

জেলেনস্কি বারবার চাপের মুখে ক্রিমিয়া ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণাঞ্চলীয় এ উপদ্বীপটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়।

গত কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়া রাশিয়া প্রস্তাব দিয়েছে, ইউক্রেন যদি দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় তবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিরতি দেওয়া হবে। এ অঞ্চলের প্রধান শহরগুলো এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ‘সম্মতি’ হামাসের

ফিলিস্তিনি সংগঠন হামাস মধ্যস্থতাকারীদের দেওয়া গাজার যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে সোমবার এএফপিকে জানিয়েছেন হামাসের একটি সূত্র।

সূত্রটি জানায়, ‘হামাস ও এর সহযোগী গোষ্ঠীগুলো কোনো সংশোধন ছাড়াই নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রস্তাবের জবাব ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরেক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ‘মধ্যস্থতাকারীরা শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা দেবেন ও নতুন করে আলোচনার তারিখ নির্ধারণ করবেন।
চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীরা হামাসকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়েছেন ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

তবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এ খবরের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

কাতার ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিসরও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত রয়েছে। মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এর আগে একাধিক প্রচেষ্টা হলেও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা যায়নি।
২৩ মাসে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

এএফপির প্রতিবেদন অনুসারে, সূত্রগুলো আরো জানিয়েছে, ‘প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতি রাখা হয়েছে, যাতে দুই ধাপে জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও কয়েকজনের মরদেহ ফেরত দেওয়া হবে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তাসহ আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
’

ইসরায়েলি সেনাবাহিনীর হিসাবে, গত ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর অপহৃত ২৫১ জনের মধ্যে এখনো ৪৯ জন গাজায় আটক রয়েছেন। এদের মধ্যে ২৭ জন ইতিমধ্যেই নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

সেদিনের হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে ইসরায়েলি বাহিনী গাজায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

শুটিং সেটে জ্ঞান হারালেন অভিনেত্রী

দুই সপ্তাহ অসুস্থ থাকার পর কাজে ফিরেছিলেন বলিউড অভিনেত্রী সাবা কামার। কিন্তু কাজে ফিরে গত ১ আগস্ট একটি শুটিং চলাকালে হৃদরোগজনিত জটিলতার কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য এনজিওগ্রাফি করা হয়।

হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কারণ জানান সাবা। তিনি জানান, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন থেকে তার এই হৃদরোগের সমস্যা হয়েছে।

এরপর সাবা ভক্তদের প্রতি আহ্বান জানান, মনের কষ্টকে চেপে না রেখে প্রকাশ করতে। একই সঙ্গে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়েও কথা বলেন।

সাবা সম্প্রতি তার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, যদিও জানিয়েছেন এখনো পুরোপুরি সুস্থ হননি। নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত এবং দ্রুত শুটিং শুরু করতে চান। বরাবরের মতোই নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেত্রী।

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবা।
সাবা জানান, দর্শকদের ভালোবাসা আর শুভকামনাই তাকে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে সাহায্য করেছে।

ফার্স্ট লুকে চমকে দিলেন রাশমিকা-নওয়াজ, মুক্তি দীপাবলিতে

একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্য রকম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘থামা’। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটির ঘন জঙ্গলে।

সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মান্দানা। এ ছাড়া এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে হাজির হবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যার নাম যক্ষসান।
বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে রাম গোপাল বাজাজের চরিত্রে।

সোমবার সিনেমাটির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। গল্পে আয়ুষ্মানের নাম অলোক। আলো-আঁধারীতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য।
অন্যদিকে রাশমিকার নাম তারকা। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌।

অন্তর্জালে ফার্স্ট লুক আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরো বেড়ে গেছে সিনেমাপ্রেমীদের মাঝে।
আগামীকাল আসবে সিনেমাটির টিজার।

আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমাটি আসছে দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গেছে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেয়েছে হামাস

কায়রোতে অবস্থানরত হামাসের আলোচকরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব পেয়েছেন। এ প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ও দুই ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে। এ ছাড়া যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার জন্য প্রধান মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রীও মিসরে রয়েছেন বলে সোমবার এএফপিকে জানিয়েছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা।

গোপনীয়তা রক্ষার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এ প্রস্তাবটি একটি কাঠামোগত চুক্তি, যা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সূচনা করবে।
মধ্যস্থতাকারীদের দেওয়া এ প্রস্তাব পর্যালোচনার জন্য হামাস তাদের নেতাদের সঙ্গে ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সঙ্গে পরামর্শ করবে।’

গত সপ্তাহে হামাস জানায়, তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রোতে রয়েছে, যারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। গাজা যুদ্ধ এখন ২৩তম মাসে প্রবেশ করেছে।

কাতার ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিসরও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত।
তবে এ বছরের শুরুর দিকে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির পর থেকে পরববর্তী পদক্ষেপ নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার গাজার রাফাহ সীমান্ত পরিদর্শনে গিয়ে বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখন ফিলিস্তিনি ও কাতারি প্রতিনিধিরা মিসরে অবস্থান করছেন এবং তারা পদ্ধতিগত হত্যাকাণ্ড ও অনাহার বন্ধে প্রচেষ্টা জোরদার করছেন।’

গত সপ্তাহে আবদেলাত্তি বলেন, কায়রো কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি করার জন্য কাজ করছে, যার আওতায় ‘কিছু জিম্মি ও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং কোনো বাধা ছাড়া গাজায় মানবিক ও চিকিৎসা সহায়তা চালু হবে।’

গত মাসে কাতারের রাজধানী দোহায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি।

সূত্র : এএফপি

সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব

সরকার সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সরকারের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক পদ সচিব। মন্ত্রণালয় ও বিভাগগুলোর নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের অন্যতম প্রধান দায়িত্ব তাদের হাতে।

জানা যায়, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে সম্প্রদায়গত সৌহার্দ্য আশপাশের দেশগুলোর তুলনায় ভালো। এখানে আমরা মিলেমিশে সকল ধর্মের অনুষ্ঠান পালন করি, উৎসব করি।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের পিটিআই অডিটরিয়ামে জেলা প্রশাসনের সহায়তায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তি করা, দাঙ্গাহাঙ্গামা করা বা কোনো একজনের অপরাধে তার আত্মীয়-স্বজনদের বাড়িঘরে হামলা বা সম্প্রদায়গতভাবে দোষারোপ করা সব ধর্মেই নিষিদ্ধ। এটা ফৌজদারি অপরাধ। এ ঘৃণ্য কাজ আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে।’

উপদেষ্টা বলেন, ‘অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত পোস্ট শেয়ার করেন।
একে অন্যের ধর্ম নিয়ে বা ধর্মীয় গুরুদের নিয়ে কটাক্ষ করেন, বিরূপ মন্তব্য করেন। আবার অনেকে অতিউৎসাহী হয়ে কোনো কিছু না বুঝে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করেন, অগ্নিসংযোগ করেন। এগুলো মারাত্মক অপরাধ। তাদের কোনো ক্ষমা নেই।
আমরা অপরাধীর ধর্মীয় সামাজিক বা রাজনৈতিক পরিচয় দেখতে চাই না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই।’

ড. খালিদ হোসেন আরো বলেন, ‘যারা নিজের দেশের অর্থপাচার করে বিদেশে বাড়ি বানায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমাদের সকলকে প্রকৃত অর্থেই দেশপ্রেমিক হতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, পরিমল কান্তি শীল, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ূয়া, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম প্রমুখ।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই-২০২৪ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বালন করা হয়।

ঢাকার বাইরে মব চলছে, কমাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার আশপাশ এলাকায় মব জাস্টিস কমেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে, তবে সরকার তা কমাতে চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২তম সভা করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব জাস্টিস কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছুদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে।
কিন্তু আশপাশ এলাকায় মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।’

ধানমণ্ডি ৩২ নম্বরে আলোচিত রিকশাচালক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই।
’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি জানান, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৫৮৭১ জন নিয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন। এগুলো সব নতুন নিয়োগ।
এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ ও কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।

মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই।
তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দিবে। তারা তো স্বাধীন।

সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়।
যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না।
সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ।