শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ট্রাম্পের হুমকির মুখেই মস্কোকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের মস্কো সফরের প্রথম দিনেই জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলো ভারতের সঙ্গে আরো নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে, তার পরিবেশ রয়েছে ভারতে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন।

আবার দুই দিন আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ‘একাধিক ইতিবাচক’ বৈঠক করেছেন ভারতের শীর্ষ নেতৃত্ব এবং নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে রাশিয়ার প্রতি ভারতের এই অবস্থান এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধিকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি উপেক্ষা করার মনোভাব’ হিসেবেই দেখছে ভারতীয় গণমাধ্যমের একাংশ।

‘চার বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য পাঁচ গুণ বৃদ্ধি’
‘আইআরআইজিসি-টেক’ নামে ভারত ও রাশিয়ার দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক একটি সংগঠনের বৈঠকে এস জয়শঙ্করের ভাষণ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বৈঠকে জয়শঙ্কর বলেছেন, ‘গত চার বছরে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যে বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ছিল এক হাজার ৩০০ কোটি মার্কিন ডলার, তা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ছয় হাজার ৮০০ কোটি ডলার।
’

তিনি আরো বলেন, ‘তবে এই বৃদ্ধির সঙ্গে বড়সড় বাণিজ্য ঘাটতিও রয়েছে, যা ছিল ৬৬০ কোটি মার্কিন ডলার, তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৮৯০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৯ গুণ। এই পরিস্থিতির দিকে আমাদের দ্রুত নজর দেওয়া দরকার।’

জয়শঙ্কর উল্লেখ করেন, ‘একটি জটিল ভূরাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি এ-ও জানান, এই পরিস্থিতিতেও দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারি রয়েছে, তা এগিয়ে নিতে দুই শীর্ষ নেতাই বদ্ধপরিকর।

অন্যদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরোভকে উদ্ধৃত করে নয়াদিল্লিতে দেশটির দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘গত পাঁচ বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য ৭০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

মন্তুরোভ এ-ও বলেছেন, ‘রাশিয়ার বাণিজ্য-অংশীদারদের মধ্যে ভারত এখন শীর্ষ তিনটি দেশের মধ্যে উঠে এসেছে।’

ভারতের সঙ্গে বাণিজ্যের সুবিধা
এস জয়শঙ্কর ভারত-রাশিয়া বিজনেস ফোরামের সম্মেলনেও যোগ দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তুলে ধরেন, রাশিয়ার সংস্থাগুলোর ব্যবসা-বাণিজ্য করার অনুকূল কী কী পরিবেশ তার দেশে রয়েছে।

‘মেক ইন ইন্ডিয়া’র মতো কর্মসূচি বিদেশিদের ব্যবসা করার জন্য নতুন পরিবেশ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেছেন।
তার কথায়, ‘চার লাখ কোটি মার্কিন ডলারের বেশি জিডিপি নিয়ে ভারতের প্রবৃদ্ধির হার সাত শতাংশ। অদূর ভবিষ্যতে নির্ভরযোগ্য উৎস থেকে বড় বিনিয়োগের প্রয়োজন স্বাভাবিকভাবেই আসবে। সার, রাসায়নিক, যন্ত্রের মতো অত্যাবশ্যক পণ্যের সরবরাহ নিশ্চিত করা যেতে পারে। নিজেদের দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে যেসব সংস্থা প্রতিষ্ঠিত, তাদের জন্য দ্রুত গড়ে ওঠা পরিকাঠামো তৈরি রয়েছে।’

তিনি এ-ও বলেছেন, ভারতের আধুনিকীকরণ ও নগরায়নের ফলে জীবনযাত্রা ও ভোগের ধরন বদলিয়েছে, তাই চাহিদা এমনিতেই রয়েছে। এ কারণেই ‘রাশিয়ার সংস্থাগুলোর কাছে আহ্বান, তারা যেন ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে সংযুক্ত হয়’।

ট্রাম্পের ‘হুমকি’ ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান
ভারত এমন একটা সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানাল বা রাশিয়ার সংস্থাগুলোকে ভারতের সঙ্গে নিবিড় সংযোগ বৃদ্ধির কথা বলল, যখন রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে নয়াদিল্লিকে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের ওপরে শুল্ক চাপিয়েছি। যদি পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে যে শুল্ক বাড়ানো হবে তা স্পষ্ট। এই নিষেধাজ্ঞায় আমাদের সঙ্গে ইউরোপীয়দেরও যোগ দেওয়া উচিত।’

ওই বক্তব্য যে ভারতের প্রতি স্পষ্টই ‘হুমকি’, তেমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকদের অনেকে। পররাষ্ট্রনীতি সংক্রান্ত থিংট্যাংক অনন্তা সেন্টারের প্রধান কার্যনির্বাহী ইন্দ্রাণী বাগচি বেসেন্টের সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশ তার এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এটা বিপজ্জনক। পশ্চিমারা মনে করে রাশিয়ার কাছে ভারতের একটা বিশেষ স্থান আছে, তাই পুতিনকে রাজি করাতে ভারতকে সাজা দাও। পুতিন নিজের স্বার্থ থেকে সরে আসেন না, আর ভারতের ক্ষতি হলো কি না, তা নিয়ে তার কিছু যায় আসে না। এই পরিস্থিতিতে ভারত যেন পাঞ্চিং ব্যাগ হয়ে উঠবে, আর এমন কিছু সিদ্ধান্তের দ্বারা তারা প্রভাবিত হবে, যেগুলো নেওয়ার ব্যাপারে তাদের কোনো হাত থাকবে না।’

ইন্দ্রাণী বাগচির ওই পোস্ট আবার রিপোস্ট করেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তনভি মাদান। তিনি লিখেছেন, ‘যদি ট্রাম্প ভারতকে সমস্যায় ফেলতে চান তাহলে পুতিনেরই সুবিধা হবে। ভারত আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হবে, আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক আরো মজবুত করার দাবি উঠবে ভারতে অভ্যন্তরে। এই অবস্থায় চীনের সঙ্গে সমঝোতা করার জন্য প্রস্তুতি নিতে থাকবে ভারত।’

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য এশিয়া অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ড. রজন কুমার মনে করেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার কথায়, ‘ভারতের ওপরে যেকোনো একটি গোষ্ঠী বেছে নেওয়ার জন্য চাপ বাড়ছে, যেটা কোনো অর্থেই ভারতের স্বার্থের অনুকূলে নয়। যুক্তরাষ্ট্রের কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে, আবার শুধুই রাশিয়ার দিকে ঝুঁকেও থাকতে পারবে না। প্রধানমন্ত্রী মোদির এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফরের ঘোষণার মাধ্যমেই বোঝা যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব না থাকা গোষ্ঠীতে বেশি সক্রিয় হতে চাইছে ভারত।’

এরকম একটা ভূ-রাজনৈতিক আবহাওয়ার মধ্যে দিয়ে যে যেতে হচ্ছে ভারতকে, সে কথা মস্কো সফরে স্বীকারও করে নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নক আউট ম্যাচ কিভাবে জিততে হয় আমরা জানি—সুয়ারেজ

কোয়ার্টার ফাইনালের ম্যাচ। হারলেই পত্রপাঠ বিদায়। লিগ কাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবার নাই লিওনেল মেসি। মাংসপেশিতে চোট পাওয়ায় ইন্টার মায়ামির খেলা গ্যালিরা থেকে দেখতে বাধ্য হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

প্রথমার্ধ শেষে গ্যালারিতে ঠাঁই হয় কোচ হাভিয়ের মাসচেরানোরও। ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাদানুবাদ জড়িয়ে পড়ায় শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন মায়ামির কোচ। তাই দ্বিতীয়ার্ধে ডাগআউটের বদলে ঠাঁই হয় গ্যালারিতে। চোটের কারণে শেষ ৪৫ মিনিট আবার খেলতে পারেননি জর্দি আলবাও।

তবে মায়ামির জয়ে কোনো কিছু বাঁধা হতে পারেনি। দুই অর্ধে দুই সফল পেনাল্টিতে ঘরের দর্শকদের আনন্দে ভাসান লুইস সুয়ারেজ। উরুগুয়ের সাবেক স্ট্রাইকারের জোড়া গোলে ঘরের মাঠ চেস স্টেডিয়ামে টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

ম্যাচ শেষে সকল বাঁধা অতিক্রম করার গল্প শুনিয়েছেন সুয়ারেজ।
অ্যাপল টিভিকে মায়ামির জয়ের নায়ক বলেছেন, ‘ম্যাচটা কঠিন ছিল। তারা সত্যি ভালো খেলেছিল, তাদের ভালো খেলোয়াড় আছে। তাই এমন স্কোয়াডের বিপক্ষে মুখোমুখি হওয়াটা সব সময়ই কঠিন। আমি সব সময় নিজের সেরাটা দিয়ে দলকে সহায়তা করার চেষ্টা করেছি। অভিজ্ঞ খেলোয়াড়দের কাঁধে প্রচুর দায়িত্ব ছিল।
আর আমরা জানি এসব ম্যাচ কীভাবে জিততে হয়।’

সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। ম্যাচটি হবে আগামী ২৮ আগস্ট, ঘরের মাঠ চেস স্টেডিয়ামেই।

শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে আজ পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সাক্ষাৎ করেছেন। এ সময় অনুষ্ঠিত বৈঠকে শিল্প উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’

তিনি এ সময় বাংলাদেশে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তসমূহ বৈঠকে জানানো হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

বৈঠকে ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, শিল্পসচিব মো. ওবায়দুর রহমান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ১১০ জনে দাঁড়াল।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭৮২ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) তিনজন মারা গেছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

টিকে থাকার ম্যাচে মেলবোর্নকে ১৫৭ রানের লক্ষ্য বাংলাদেশের

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে বাঁচা-মরার ম্যাচে মেলবোর্ন স্টারস একাডেমিকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ডারউইনে আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো হয় না অধিনায়ক নুরুল হাসান সোহানের দলের। দলীয় ২৭ রানে জিশান আলম (১৯) আউট হওয়ার পর পঞ্চাশ না পেরোতেই ৩ ‍উইকেট হারায়।
দলীয় ৫০ রানে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ধাক্কাটা দেন হামিশ ম্যাকেনজি। পরে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ইনিংস খেলা সাইফ হাসানকে আউট করে মেলবোর্নের সেরা বোলারও হন এই চায়নাম্যান স্পিনার। বোলিং কোটা শেষ করেন ২১ রানে ৩ উইকেট নিয়ে।

চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়ে দেড় শর ওপর সংগ্রহের ভিত এনে দেন সাইফ ও অধিনায়ক সোহান।
তবে ব্যক্তিগত ৩৩ রানে সোহান আউট হওয়ার পর আবার নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষে দেড় শ হওয়া নিয়ে একটা শঙ্কা দেখা গিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ১৫৬ রানের সংগ্রহ এনে দেন ইয়াসির আলি রাব্বি। শেষ দিকে সমান ২ চার ও ছক্কায় ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

এ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট ৬ হবে। অন্যথা হারলেই বিদায়। কেননা এখন পর্যন্ত ২ জয়ে ৪ পয়েন্টে আট নম্বরে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে নিজেদের জয়ের সঙ্গে অন্যদের হার কামনা করতে হবে। এর পরও অবশ্য সম্ভাবনা কম থাকবে।
কারণ অন্যরা নেট রানরেটে বেশ এগিয়ে। ইতিমধ্যে ১০ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল শিকাগো কিংসম্যান।

২৫ আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৪ আগস্ট কক্সবাজারে এই সম্মেলন শুরু হবে। পরদিন ২৫ আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব বলেন, ‘আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। এই বিষয়ে আমরা অনেকের সঙ্গে কাজ করছি। সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়, সে জন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নিয়েছি।
তার প্রথমটি ২৪ আগস্ট শুরু হবে, এরপর ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলন হবে জাতিসংঘে। সেখানে আশা করছি ১৭০টি দেশ অংশ নেবে। তারপর আমরা আরেকটা বড় সম্মেলন আশা করছি কাতারের দোহাতে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, তাদের কথা আন্তর্জাতিক ফোরামে নিয়ে আসা অনেকটা কষ্টকর।
সে জন্য কক্সবাজারের সম্মেলনে আমরা আশা করছি ৪০টি দেশের প্রতিনিধিরা থাকবেন, অনেক আন্তর্জাতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এখানে থাকবে। তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হতে পারবে, তাদের কথা বলতে পারবেন। ২৪ আগস্ট এই ধরনের একটি আয়োজন রাখা হয়েছে। ২৫ আগস্ট কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই সম্মেলন ২৬ আগস্ট শেষ হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) নতুন এ প্রস্তাব পাঠানো হয়। শিক্ষকদের দাবি ৪৫ শতাংশ হলেও ২০ শতাংশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাবও করা হয়েছে।

জানা যায়, বর্তমানে দেশের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা পান। আর চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা। নতুন প্রস্তাব অনুমোদন হলে চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ এবং বাড়িভাড়াও মূল বেতনের হারে বাড়তি পাবেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, প্রস্তাব পাঠানো হয়েছে।
তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন। যার জন্য কিছুটা সময় লাগবে।

এর আগে ১৩ আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। ওই দিন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী কর্মসূচি ঘোষণা করেছিলেন।

কর্মসূচির মধ্যে ছিল—আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি।

১৩ আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে জাতীয়করণ, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা বাড়ানোর পাঁচ দফা দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা।

অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে : প্রেসসচিব

অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব বলেন, ‘পাকিস্তানের মতো এ রকম চুক্তি আমরা আরো ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে যারা অফিশিয়াল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিশিয়াল এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন কোনো ভিসা ছাড়াই।
এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।’

উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে।

ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে আর কী করতে হবে শ্রেয়াসকে

এশিয়া কাপের দল নিয়ে বিতর্ক থামছেই না ভারতে। বিশেষ করে টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে শ্রেয়াস আইয়ারের জায়গা না হওয়ায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ব্যাটারে দল জায়গা পাওয়া উচিত ছিল বলে জানান রবিচন্দ্রন অশ্বিনসহ আরো অনেকে।

ছেলে শ্রেয়াসকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখতে না পেরে হতাশ হয়েছেন সন্তোষ আইয়ার।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, আর কী করলে দলে সুযোগ পাবে সে। তিনি বলেছেন, ‘জানি না, ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে শ্রেয়াসকে আর কী করতে হবে। বছরের পর বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছে। দিল্লি ক্যাপিটালস, থেকে কলকাতা নাইট রাইডার্স, সর্বশেষ পাঞ্জাব কিংসে অধিনায়কত্বও করেছে সে।
২০২৪ সালে কলকাতা তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে। এবার পাঞ্জাবকে ফাইনালে তুলেছে।’

দল ঘোষণার পর নাকি শ্রেয়াস তার বাবাকে জানান, কপালে এটাই ছিল। ছেলের অভিব্যক্তি নিয়ে সন্তোষ বলেছেন, ‘‘আমার ছেলেকে অধিনায়ক করতে বলছি না, কমপক্ষে সে তো দলে থাকতে পারত।
দল থেকে বাদ পড়ার পরও সে মুখে কোনো অসন্তোষ প্রকাশ করে না। শুধু বলে, ‘আমার ভাগ্যে এটাই ছিল। তুমি এখন কিছু করতে পারবে না। ‘ সে সব সময় নম্র ও শান্ত থাকে। সে কাউকে দোষ দেয় না, কিন্তু ভেতরে পুষে রাখে।
স্বাভাবিকভাবে হতাশ হতে পারে।’

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর ১৭তম আসরের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।

অবশেষে ফিরছে কোক স্টুডিও বাংলা

কোক স্টুডিও বাংলা প্রায় এক বছরের বেশি সময় ধরে কোনো নতুন গান প্রকাশ করছিল না। কবে আসবে কোক স্টুডিও বাংলার গান, এমন প্রশ্ন সহসাই ছিল শ্রোতাদের নিকট। অবশেষে শ্রোতাদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

২০২৪ সালের ২৫ মে কোক স্টুডিও থেকে সর্বশেষ মুক্তি পায় ‘অবাক ভালোবাসা’।
তখন চলছিলো কোক স্টুডিওর তৃতীয় মৌসুম। এরপর সেই সিজনের আর নতুন কোনো গান আসেনি।

টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। তখন জানানো হয়েছিল, তৃতীয় সিজনের ১১টি গান প্রকাশ করা হবে।
কিন্তু তিনটি গান প্রকাশের পরই থেমে যায় তাদের কার্যক্রম।

শোনা যায়, কোক স্টুডিও বাংলার কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে ছিল এক বিজ্ঞাপনঘটিত বিতর্ক। গত বছর ঈদুল আজহার আগে কোকা-কোলার একটি বিজ্ঞাপন প্রচারের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে বিজ্ঞাপনটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনলাইন-অফলাইনে।
এমনকি বিজ্ঞাপনের নির্মাতা ও অংশ নেওয়া শিল্পীরাও সমালোচনার মুখে পড়েন। তখন কোক স্টুডিও বাংলার কার্যক্রমও থেমে যায়।

তবে সম্প্রতি নতুন করে গুঞ্জন ওঠে, আবার ফিরছে কোক স্টুডিও বাংলা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। গত বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
লিখেছেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি?’ কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে—পরশু, তরশু নাকি আজি?’

অর্ণবের এই পোস্ট দেখে শ্রোতারাও রীতিমতো চমকে যায়। কারণ তার সেই পোস্টের মাধ্যমে কোক স্টুডিওর কার্যক্রম পুনরায় শুরু করার ইঙ্গিত মেলে; স্পষ্ট হলো, শীঘ্রই ‘বাজি’ শিরোনামের গান দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় সিজনের কার্যক্রম।