শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ভারত থেকে চাল আমদানি, দাম কমার আশা

কয়েক মাস ধরেই দেশে চালের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির অনুমতি দেয় সরকার। অনুমতি পাওয়ার পর ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় আমদানি। কিন্তু শুল্ক জটিলতায় বন্দর থেকে চাল খালাস করতে পারেননি ব্যবসায়ীরা।
নানা নাটকীয়তার পর ১৮ আগস্ট শুল্ক কমিয়ে সার্ভার আপডেট করে ২ শতাংশ এআইটি নির্ধারণ করে দেয় এনবিআর। এর পরই চাল খালাস শুরু করেন ব্যবসায়ীরা।

ভারত থেকে চাল আমদানি শুরুর পরও বাজারে দাম কমছে না। ব্যবসায়ীরা বলছেন, আমদানির পরিমাণ আরো বাড়লে কমতে পারে চালের দাম।

শুক্রবার (২২ আগস্ট) বাজার ঘুরে দেখা যায়, নাজিরশাইল চালের দাম এখনো ৮৫ থেকে ৯০ টাকা। মিনিকেট ৮০ টাকা কেজি। ব্রি-২৮ ও ২৯ চালের দাম ৬০ থেকে ৬২ টাকা।

ভারতীয় চাল বাজার আসার পরও দাম না কমায় ব্যবসায়ীরা বলছেন, ভারতের চাল এক-দুই দিন হয় বাংলাদেশে ঢুকছে।
যেগুলো বাজারে ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় চাল আরো ঢুকলে হয়তো বাজারটা একটু কমতে পারে।

এদিকে চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম কমে আসবে।

বেনাপোলের চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ‘বৃহস্পতিবার ভারত থেকে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি।’

তিনি বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল। সারা দেশের মতো বেনাপোল স্থলবন্দরের আমদানিকারকরা চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন। আমরা বেনাপোল স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছি। আমদানির অনুমতিপত্র বা আইপি পাওয়ার পর অনেকে এলসি খুলেছেন, যার বিপরীতে বৃহস্পতিবার বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতিপ্রাপ্ত আরো আমদানিকারকরা পর্যায়ক্রমে এলসি খুলছেন। ফলে আগামী রবিবার থেকে চাল আমদানি বাড়তে পারে।

চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম কমে আসবে। কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা দাম কমে যাবে। ভালো মানের চিকন জাতের চাল ৬৭ থেকে শুরু করে ৭০ টাকার মধ্যে থাকবে। মোটা স্বর্ণা জাতের চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে থাকবে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বন্ধের পর শুরুর প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আরো অনেক চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো।

শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।

আখতার আহমেদ বলেন, ‘বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় পড়েছেন।
এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন।’

তিনি আরো জানান, প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।
’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালমানের মুখোমুখি হচ্ছেন আন্ডারটেকার ও মাইক টাইসন!

দুই দিন বাদেই প্রচার শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’ এর ১৯তম আসর। সম্প্রচার শুরু হওয়ার আগেই গুঞ্জন, এবারের আসরে সালমান খানের সঙ্গে দেখা যেতে পারে ডব্লিউডব্লিউ তারকা ‘দ্য আন্ডারটেকার’কে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

একাধিক প্রতিবেদন সূত্রে খবর, এই অনুষ্ঠানের পরের দিকে ‘ওয়াইল্ডকার্ড’-এ প্রবেশ করবেন ‘দ্য আন্ডারটেকার’।
নভেম্বর নাগাদ তাঁকে দেখা যেতে পারে অনুষ্ঠানে। শুধু তিনিই নন, শোনা যাচ্ছে তার সঙ্গে সালমানের এই শোতে প্রবেশ করতে পারেন আরেক তারকা মাইক টাইসনও।

যদিও এখনো এই গুঞ্জনে সিলমোহর পড়েনি। তবে জল্পনা সত্যি হলে, ২০২৫ সালের বিনোদন জগতের অন্যতম বড় চমক হবে এটি।

১৯৯০ সালে ডব্লিউডব্লিউ এর সঙ্গে পথচলা শুরু হয় মার্ক কালাওয়ে ওরফে ‘দ্য আন্ডারটেকার’-এর। ক্রীড়জগতের ইতিহাসে তিনি কিংবদন্তি। প্রায় তিন দশক ধরে কুস্তির দুনিয়ায় রাজত্ব করছেন, রয়েছে একাধিক খেতাবও।

শোনা যাচ্ছে, সালমান খান অনুষ্ঠানের এই সিজনের জন্য প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
প্রতি সপ্তাহের জন্য নিচ্ছেন ৮-১০ কোটি! অনুষ্ঠানটি চলবে টানা ১৫ সপ্তাহ। ‌নতুন মৌসুমের প্রতিটি পর্ব প্রথমে দেখা যাবে ওটিটি-তে, এর দেড় ঘণ্টা পর সম্প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে।

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

বাংলাদেশে সফরে আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। আগামী ২৩-২৪ আগস্ট তিনি বাংলাদেশে সরকারি সফর করবেন। পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ দিকসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

ভারতে অফিস খুলছে ওপেনএআই

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই চলতি বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাদের প্রথম অফিস খুলতে যাচ্ছে, যা ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম বাজার এ দেশটিতে তাদের অবস্থান আরো শক্ত করবে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ওপেনএআই ইতিমধ্যে ভারতে আইনি সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে ও স্থানীয় দল গঠন শুরু করেছে বলে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতকে চ্যাটজিপিটির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখা হচ্ছে। এ সপ্তাহেই কম্পানিটি দেশটিতে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে লক্ষ্য করে তাদের সর্বনিম্ন ৪.৬০ ডলার মূল্যের মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে।

তবে ভারতে ওপেনএআইকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সংবাদমাধ্যম ও বই প্রকাশকরা অভিযোগ করছে, প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়াই তাদের কনটেন্ট ব্যবহার করে চ্যাটজিপিটি প্রশিক্ষণ দিচ্ছে। এ অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই।

এক বিবৃতিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ‘ভারতে আমাদের প্রথম অফিস খোলা ও স্থানীয় দল গঠন করা হলো দেশটিজুড়ে উন্নত এআইকে আরো সহজলভ্য করা এবং ভারতের জন্য, ভারতের সঙ্গে মিলে এআই তৈরি করার প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।
’

ভারতে গুগলের জেমিনি ও এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির মতো প্রতিদ্বন্দ্বীরা ওপেনএআইকে প্রতিযোগিতার মুখে ফেলেছে। এসব প্রতিষ্ঠান অনেক ব্যবহারকারীর জন্য তাদের উন্নত পরিষেবা বিনা মূল্যে দিচ্ছে।

ওপেনএআইয়ের নতুন বাজার তথ্য অনুযায়ী, ভারতে চ্যাটজিপিটি ব্যবহারকারী শিক্ষার্থীর সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এবং গত এক বছরে দেশটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী চারগুণ বেড়েছে।

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন মিলন

অভিনেতা আনিসুর রহমান মিলন যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করেছে চার্চ অব সায়েন্টোলজি।

পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা প্রকাশ করে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি।
তবে এই পুরস্কার কেবল আমার নয়, এটি লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং একাডেমির প্রতিটি সদস্যের। তাদের অবদান ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করার জন্য সায়েন্টোলজি চার্চের প্রতি কৃতজ্ঞ।’

একসময় বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন আনিসুর রহমান মিলন।
দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটক ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে দেশে অভিনয়ে সক্রিয় নন, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

গুগলের সঙ্গে প্রায় ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি মেটার

গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং খাতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তি করেছে মেটা। যা ছয় বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে লেনদেনের ঘনিষ্ঠ একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছে।

সূত্রটি টেক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনে প্রকাশিত এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। এ চুক্তি অনুযায়ী মেটা গুগলের ডেটা সেন্টারের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ও অন্যান্য পরিষেবা ব্যবহার করবে।
তবে এ বিষয়ে মেটা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যাপক বিনিয়োগের পথে হাঁটছেন। তিনি ওপেনএআই ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো থেকে শীর্ষস্থানীয় গবেষকদের মোটা অঙ্কের বেতনে নিজের দলে টানছেন। জাকারবার্গ এমন একটি দল গঠন করছেন, যা তার ভাষায় ‘এআই সুপার ইনটেলিজেন্স’ অর্জনের পথে কাজ করবে।

গত মাসের শেষের দিকে একটি আর্থিক প্রতিবেদনবিষয়ক আলোচনায় জাকারবার্গ বলেন, ‘আমি বিশ্বের সবার জন্য ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্স তৈরি করতে উদগ্রীব হয়ে আছি।’

এআই খাতে বিশাল বিনিয়োগের কারণে মেটা এখন অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে। সূত্র অনুযায়ী, এই চুক্তিটি গুগলের ক্লাউড ইউনিটের ১৭ বছরের ইতিহাসে অন্যতম বৃহত্তম চুক্তি। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট জানায়, চলতি বছর তাদের ক্লাউড কম্পিউটিং ব্যবসা থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।

মেটাও দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে এবং এআই অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য তাদের মূলধন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১৭ বিলিয়ন ডলারে দাঁড় করিয়েছে। মেটার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে তাদের মোট মূলধন ব্যয় ৬৬ বিলিয়ন থেকে ৭২ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।

এদিকে ই-মার্কেটার বিশ্লেষক মিন্ডা স্মাইলি জানিয়েছেন, মেটা যদিও ভালো প্রান্তিক ফলাফল দেখিয়েছে, তবু কম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেমে যাবে না। কারণ তারা এখন এআই দৌড়ে টিকে থাকতে তীব্র চেষ্টায় আছে।

মেটার এআই কৌশল তুলে ধরে এক পোস্টে জাকারবার্গ বলেন, চলতি দশকের বাকি সময়টা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য একটি যুগান্তকারী সময় হবে।
তিনি আরো উল্লেখ করেছেন, কম্পানির সর্বোচ্চ অগ্রাধিকার হলো তাদের ব্যবহারকারীদের কাছে এআই পৌঁছে দেওয়া।

শাকিবের সঙ্গে থাকছেন তিন নায়িকা

আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।’ এই চলচ্চিত্রে শাকিবের সঙ্গে থাকছেন তিনজন নায়িকা। নব্বই দশকে ঢাকা শহরের ‘আন্ডার-ওয়ার্ল্ডের’ গল্প নিয়ে নির্মাণ হতে যাওয়া এই সিনেমা নিয়ে কৌতূহলের মাত্রা ছিল বেশ। আজ প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। সিনেমাটি নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

আবু হায়াত মাহমুদ বলেন, ‘সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে।
সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কোন তিন নায়িকা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

কাল ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকা আসছেন। আগামী শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তার সফর উপলক্ষে একটি রিসিপশনের আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি।

পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আলোচনায় দুই দেশের মধ্যে ৬-৭টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে বিশেষ ভোজের আয়োজন করেছে বাংলাদেশ।

সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তার।

ইসহাক দার ২৪ আগস্ট রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

৪০০ উইকেটের মাইলফলকে আমির

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন এই পেসার।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন আমির। সেই একটি উইকেটের মাধ্যমেই দুর্দান্ত এই মাইলফলক ছুঁয়ে ফেলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ম্যাচটি স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৪৩তম ম্যাচে এসে ৪০০ উইকেটের দেখা পেলেন আমির। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার ৪০০তম শিকার হওয়া ব্যাটার হলেন অ্যান্টিগার ফ্যাবিয়ান অ্যালেন। বর্তমানে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন এই পেসার।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৭.৫৪, যার মধ্যে রয়েছে তিনটি পাঁচ উইকেটের কীর্তি। আমিরের মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য জেতেনি ত্রিনবাগো। তার স্বদেশি ইমাদ ওয়াসিম নেতৃত্ব দিয়ে অ্যান্টিগাকে উপহার দিয়েছেন ৮ রানের জয়।