শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ফিলিস্তিনের পক্ষে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করলেন মানবিক ইস্যুতেও জোরালো তার কণ্ঠস্বর। ফিলিস্তিন সংকটকে ঘিরে সমর্থন জানাতে সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী। তার এই অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রীর মতে, ইসরায়েলি সরকারের কার্যকলাপ গাজায় এক প্রকার গণহত্যা, যা শুধু ভূমি দখলই নয় বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা।

শান্তিপূর্ণ সেই বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, ‌‌‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

স্বরা বলেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’ হামাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া।
দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।’

স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন। তার দাবি, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।

ফিলস্তিন ইস্যু নিয়ে আগাগোড়াই সরব স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু ভারতীয়দের কাছে বিপাকেও পড়েছেন। স্বরা জানিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে।
তবুও থেমে নেই তিনি। নিজের মতো করে প্রতিবাদ করে যাচ্ছেন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে।

গয়োকোরেসের জোড়া গোলে শীর্ষে আর্সেনাল

প্রথম ম্যাচে জয় এলেও পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ উড়িয়ে দিল মিকেল আর্তেতার দল। আক্রমণাত্মক ফুটবলে লিডস ইউনাইটেডকে হারাল অনায়াসেই।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনাল জিতেছে ৫-০ গোলে।
গোল করেছেন তিন জন—সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গয়োকোরেস ও ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার করেছেন দু’টি করে গোল, অপর গোলটি বুকায়ো সাকার।

খেলার ৩৪ মিনিটে ডেক্লান রাইসের কর্নারে হেডে দলকে এগিয়ে দেন টিম্বার। বিরতির আগে তার পাস থেকে সাকার গোল বাড়ায় ব্যবধান। বিরতির পর ৪৮ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে গয়োকোরেসের প্রথম গোল।
নতুন সতীর্থ এবেরেচি এজে গ্যালারিতে বসেই দেখলেন গোলের উৎসব।

৫৬ মিনিটে গোলমুখে টিম্বারের দ্বিতীয় গোল আর্সেনালকে আরও স্বস্তি দেয়। যোগ করা সময়ে (৯৫ মিনিটে) পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে গয়োকোরেস কফিনে শেষ পেরেক ঠুকে পূর্ণ করেন নিজের জোড়া গোল।

এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল।
সমান পয়েন্ট টটেনহামেরও, তবে গোল ব্যবধানে তারা আছে দুইয়ে।

রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে ‘কড়া বার্তা’ পিসিবি চেয়ারম্যানের

পাকিস্তান ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ওয়ানডে অধিনায়ক হিসেবে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

২০২৪ সালের অক্টোবরে বাবর আজমের স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের নেতৃত্ব পান রিজওয়ান। দুর্দান্ত সূচনায় তার নেতৃত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি টানা তিনটি দ্বিপাক্ষিক সিরিজ জেতে।
তবে এরপর থেকেই ধস নামে পারফরম্যান্সে। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।

পরবর্তীতে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ম্যাচের দুটি ওয়ানডে সিরিজে পরাজিত হয় দল। একের পর এক ব্যর্থতায় রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করে ক্রিকেট মহল।

এ বিষয়ে নকভি বলেন, ‘নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন। প্রধান কোচ মাইক হেসন ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তার রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেটি পর্যালোচনা করছি এবং পারস্পরিক আলোচনার পর যা সিদ্ধান্ত হবে, সেটিই জানানো হবে।’

এ সময় তিনি আরো জানান, সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ‘ক্যাটাগরি এ’ না থাকার বিষয়টিও সরাসরি পারফরম্যান্সের সঙ্গে যুক্ত।
তার ভাষায়, ‘এটি সম্পূর্ণ পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে।’

সালমানের শুটিং সেটে অভিনেত্রীদের জন্য দেওয়া থাকে যে ‘কড়া নির্দেশনা’

বলিউডে দীর্ঘ সাড়ে তিন দশক ধরে রাজত্ব করছেন সালমান খান। অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি, যাদের অনেকেই বয়সে তার চেয়ে অর্ধেক। শুধু অভিনয়ই নয়, অনেক নায়িকার ক্যারিয়ার গড়ার পেছনেও ছিলেন ভাইজান। তবে অনুরাগীরাদের অনেকেরই হয়তো জানা নেই, সালমানের ছবির সেটে অভিনেত্রীদের জন্য আছে বিশেষ নিয়ম-কানুন।

সালমানের সেটে নায়িকাদের থাকার অনেক শর্ত আছে। যার মধ্যে অন্যতম হচ্ছে, শরীর প্রদর্শন করা চলবে না। নিচু ঝুলের জামা পরতে হবে। পাশাপাশি, বক্ষবিভাজিকা প্রদর্শনও পছন্দ করেন না সালমন।
যদিও এর নেপথ্যে কারণ আছে। সালমনের সহ অভিনেত্রী ডেইজি শাহ তার সেটের এ ধরনের নিয়ম-কানুনের কথা প্রকাশ্যে আনেন। ডেইজি সালমনের নায়িকা হিসেবে ‘জয় হো’-তে কাজ করেছেন।

‘জয় হো’-তে অভিনয় ছাড়াও সালমানের বেশিরভাগ সিনেমাতে সহকারী হিসেবে থাকেন ডেইজি।
সালমানের ‘অন্তিম’ সিনেমাতে সহকারী পরিচালক ছিলেন ডেইজি। এই সিনেমার শুটিং চলাকালীন সালমান সেটে এক নিয়ম শুরু করেন, যেখানে মেয়েরা বক্ষবিভাজিকা দেখা যায় এমন পোশাক পরবে না। প্রতিটি মেয়ে যাতে নিজের শরীর ঢেকে চলে।

সালমানের মতে, নিজের সর্বাঙ্গ ঢেকে থাকলে তবেই মেয়েদের সুন্দর দেখতে লাগে। এ ছাড়াও তিনি চান না, তার সিনেমাতে মেয়েদের ‘শো-পিস’-এর মতো ব্যবহার করা হোক।

সামনে সালমান খানকে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায়। সিনেমার শুটিং শুরু করেছেন সালমান খান। লাদাখের রুক্ষভূমিতে চলছে শুটিং। বক্স অফিসে একের পর এক ব্যর্থতার পর সালমান খানের এই সিনেমাটির জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক আজ, হতে পারে যেসব চুক্তি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রবিবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। দুই মন্ত্রীর বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠক শেষে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা ও চুক্তি সই হবে।

সূত্র জানায়, পররাষ্ট্রসচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগের সম্পর্ক যেখানে এসেছে, তা এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা জরুরি।

দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক অমীমাংসিত তিন ঐতিহাসিক ইস্যুকে বাদ দিয়ে হবে না।
অমীমাংসিত বিষয়গুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রায় দেড় যুগ পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে বেশ আগ্রহী পাকিস্তান। তারই অংশ হিসেবে দীর্ঘ ১৫ বছর পর গত এপ্রিলে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করে বাংলাদেশ-পাকিস্তান।

একাধিক দেশে আমাদের অস্ত্র কারখানা আছে : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা তিনি জানাননি। খবর ইরান ইন্টারন্যাশনালের।

গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আজিজ নাসিরজাদেহ বলেন, ‘আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা তৈরি করেছি।
তবে আপাতত সেসব দেশের নাম ঘোষণা করব না।’

নাসিরজাদেহ জানান, তারা সব সময় ‘মিসাইল ডেভেলপমেন্টকে’ প্রাধান্য দিয়েছেন। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এই প্রাধান্য হয়তো পরিবর্তন হতে পারে। যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে, সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে।

তিনি আরো জানান, গত এক বছরে ইরান নতুন ধরনের ওয়ারহেড পরীক্ষা করেছে। এগুলো আধুনিক ও চলাচলক্ষম, যা সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, যদি জুন মাসের সংঘাত ১৫ দিন পর্যন্ত বিস্তৃত হতো, তাহলে ইসরায়েলি বাহিনী ইরানের কোনো ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না। আর এ জন্যই ইসরায়েল মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল।

ইরান তার সবচেয়ে নির্ভুল অস্ত্র কাসেম বাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেও জানান তিনি। কাসেম বাসির ক্ষেপণাস্ত্রটি গত মে মাসে উন্মোচিত হয়, যা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান বলেছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১,২০০ কিলোমিটার। এতে রয়েছে উন্নত নির্দেশিকা এবং প্রতি-প্রতিরোধ ক্ষমতা।

গাজায় নিহত আরো ৬৩, সিটির ভেতরে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির গভীরে অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য শহরটি দখল করে প্রায় ১০ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর আল জাজিরার।

শনিবার আল জাজিরা আরবির হাতে আসা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে।
এটি সেনাদের স্থল অভিযান আরো বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সাবরা এলাকা অবরুদ্ধ জায়তুন মহল্লার কাছে, যেটি গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাদের টার্গেটে রয়েছে। গাজা সিটির আল-আহলি হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সাবরায় সর্বশেষ ইসরায়েলি হামলায় এক শিশু নিহত হয়েছে।

এর আগে শনিবার, দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নেওয়া তাঁবুতে ইসরায়েলি সেনারা গোলাবর্ষণ করে।
এতে ১৬ জন নিহত হয়, যাদের মধ্যে ৬ জন শিশু।

চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সারা দিন ধরে মানবিক সাহায্য নিতে গিয়ে আরো ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একজনকে খান ইউনুসের দক্ষিণ-পূর্বে তথাকথিত ‘মোরাগ অ্যাক্সিস’-এর কাছে একটি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে।

আরেকজন বেসামরিক নাগরিককে সাহায্যের খোঁজে যাওয়ার সময় ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন নেতজারিম করিডোরের কাছে গুলি করে হত্যা করা হয়।

ফ্রান্সের সঙ্গে মিলে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে ভারত

ভারতের একটি ফরাসি কম্পানির সঙ্গে যৌথভাবে দেশে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি ও উৎপাদনে কাজ করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত মে মাসে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) প্রটোটাইপ অনুমোদন দেন। তিনি একে ভারতের স্বদেশি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
এবার নয়াদিল্লিতে শুক্রবার এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় রাজনাথ দেশে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেন।

ভারতীয় গণমাধ্যমে সম্প্রচারিত বক্তব্যে রাজনাথ বলেন, ‘আমরা ভারতে নিজস্বভাবে বিমানের ইঞ্জিন উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ভারতে ইঞ্জিন উৎপাদন শুরু করতে ফ্রান্সের একটি কম্পানির সঙ্গে সহযোগিতা করছি।’

তিনি ওই কম্পানির নাম উল্লেখ করেননি।
তবে ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে জানানো হয়েছে, কম্পানিটি হলো সাফরান, যারা বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে বহু দশক ধরে ভারতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক ভারত তার সেনাবাহিনীর আধুনিকীকরণকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছে এবং স্থানীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য বারবার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাদেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করেছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোট।

এদিকে ভারত গত এপ্রিলে ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য বহু বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এগুলো ইতিমধ্যে অধিগৃহীত ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হবে এবং রাশিয়ার মিগ-২৯-কে যুদ্ধবিমানগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী ২০৩৩ সালের মধ্যে স্থানীয় অস্ত্র উৎপাদন উৎসাহিত করতে অন্তত ১০০ বিলিয়ন ডলারের নতুন দেশীয় সামরিক সরঞ্জাম চুক্তিরও প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে চলতি দশকে ভারত একটি নতুন বৃহৎ হেলিকপ্টার কারখানা চালু করেছে, প্রথম দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরি উদ্বোধন করেছে, যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করেছে এবং সফলভাবে একটি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে।

বহু দেশের হুমকিকে সামনে রেখে সতর্ক রয়েছে নয়াদিল্লি, বিশেষ করে পাকিস্তানকে।
গত মে মাসে প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারত চার দিনের সংঘাতে জড়িয়ে পড়ে, যা ১৯৯৯ সালের পর তাদের সবচেয়ে গুরুতর অচলাবস্থা।

নারীর প্রাপ্য অধিকার নিশ্চিতে যত্নবান হতে হবে : মাওলানা আব্দুল মালেক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক বলেছেন, ‘নারীদের তাদের প্রাপ্য অধিকার, সম্মান ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। এটাই ইসলামের শিক্ষা। আমাদের সমাজে এখন অধিকারের আলোচনা হয় একপক্ষীয়। এর ফলে অধিকার প্রদানের যে ভারসাম্য তা রক্ষা হয় না।
এটা কাম্য নয়।’

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের অডিটরিয়ামে ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতার জন্য গঠিত সংগঠন ইনসাফের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল মালেক বলেছেন, ‘ইসলামের শিক্ষা হলো, সব পক্ষকেই তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। কেবল শ্রমিক নয়, মালিকও অধিকার পাবে।
কেবল নারী নয়, পুরুষও তার অধিকার পাবে।’

তিনি বলেন, ‘ইনসাফ একটি শতভাগ ইসলামী সংস্থা। তাই অমুসলিমরাও তাদের শতভাগ অধিকার এখান থেকে বুঝে পাবে।’

সেমিনারের সভাপতিত্ব করেন ইনসাফের সভাপতি মুফতি মাহমুদুল হাসান।
তিনি বলেন, ‘কেবল ওলামায়ে কেরাম নয়; সমাজের সব শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে নিয়েই আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। গণমানুষকে সচেতন করতে চাই।’

ইনসাফের পরিচিতিমূলক বক্তব্যে মাওলানা আব্দুল গাফফার বলেন, নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতার জন্য এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় যা যা করা দরকার এই সংগঠনের মাধ্যমে তা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সেমিনারে ‘নারীর অধিকার ও মর্যাদা, বাস্তবতা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ইনসাফ-এর সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার।
প্রবন্ধে তিনি বলেন, আজকের সমাজে বাবা কর্তৃক মেয়েকে আর্থিকভাবে বঞ্চিত করার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। যে মা নিজ উদরে বহন করেছেন, বুকের অমৃত পান করিয়ে নির্ঘুম প্রতিপালন করেছেন, তিনি পর্যন্ত সম্পত্তির বেলায় অনেকক্ষেত্রে পুত্রঘেষা। আর বোনের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার বেলায় তার প্রিয় সহোদরদের আমরা কেমন জায়গায় দেখছি?

তিনি আরো বলেন, শারীরিক সহিংসতা আজ এক লোমহর্ষক বাস্তবতা। এ অবস্থা থেকে বের হতে হবে, সমাজকে বের করতে হবে। ইসলামের শিক্ষাগুলো ছড়িয়ে দিতে হবে। নারীর অধিকার ও মর্যাদার বিষয়ে এবং দাম্পত্য জীবনের সৌহার্দ্য ও সৌন্দর্যের যে শিক্ষা ইসলাম দিয়েছে। এগুলো ছড়িয়ে দিতে হবে।

কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান ড. এবিএম হিজবুল্লাহ বলেন, বিবাহকে নিরুৎসাহিত করা হচ্ছে বিভিন্নভাবে। তালাক ও পরকীয়ার মতো বিষয়গুলোতে গণসচেতনতা তৈরিও ইনসাফের কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া উচিত। বিয়ের পূর্বে পাত্র-পাত্রী উভয়ের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ করানো উচিত।

অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, নারীবাদ সূক্ষ্ম গোলক ধাঁধা তৈরি করে পুরুষের বিপক্ষে নারীকে দাঁড় করিয়ে দিয়েছে। এর ফলে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে নারীর প্রতি জুলুমের ক্ষেত্রই সম্প্রসারিত হয়েছে। নারীবাদের নামে পশ্চিমা ব্যবস্থা আসার পর পৃথিবীতে সর্বোচ্চ পরিমাণ নারী নির্যাতনের শিকার হয়েছে। মানবসভ্যতার ইতিহাসে এত নারী-নির্যাতন কখনোই ঘটেনি।

এডিডিআই আইজিপি নাজিবুর রহমান (অব.) বলেছেন, ন্যায্যতা প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবে পুলিশ প্রশাসন। তাই পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থা সবাইকে এই কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার অনুরোধ করছি।

বুয়েট-এর প্রফেসর ড. লুতফুল কবীর বলেন, শুধু সচেতনতামূলক কার্যক্রম নয়, বিপদ ঘটে যাওয়ার আগে চলমান ঘটনাগুলোকেও গুরুত্বের সাথে নেওয়া উচিত। উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে ব্যক্তিগতভাবে দম্পতিদের সাথে সেশন করা, তাদের কাউন্সিলিং করাকে গুরুত্বের সাথে ইনসাফের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত।

মাকতাবাতুল আশরাফের সত্ত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান খান সাহেব বলেন, বিবাহযোগ্য ছেলেমেয়েদের বিবাহে সহযোগিতার কাজটাও যেন ইনসাফ করে।

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরের মায়ের হাতে সহায়তা কার্ড দেবে : খোকন তালুকদার

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরের মায়ের হাতে একটি করে সহায়তা কার্ড তুলে দেবে। যাতে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তালুকদার খোকন আরো বলেন, ‘সহায়তা কার্ড দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো মাকে যেন সমাজে অসহায় হতে না হয়।
তারা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পুরুষদের পাশে সকল ক্ষেত্রে মায়েরা ভূমিকা রাখতে পারে। এই সহায়তা কার্ডই হবে নারীর পথ চলার শক্তি।’

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ নিরাপদ।
শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যারা বিএনপির সঙ্গে রয়েছেন, তারা সবাই দলের নির্দেশনা মেনে চলবেন। তাহলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। কেউ দলকে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না।’

কালকিনি পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক নেতা মোশরক হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা ছাত্রদলের নজরুল ইসলাম, পৌরসভার ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার হোসেন নান্না ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সিসহ আরো অনেকে।