শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের দাপুটে জয়

লা লিগায় মৌসুমের দুর্দান্ত শুরু অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে নবপ্রমোত ওভিয়েদোর মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ওসাসুনার বিপক্ষে আগের ম্যাচে একমাত্র গোল করা ফরাসি তারকা এবারও ছিলেন রিয়ালের ত্রাতা। যোগ করা সময়ে গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়রও।
ফলে মৌসুমের প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিয়েছে ‘লস ব্লাঙ্কোস’।

কোচ জাবি আলোনসো এই ম্যাচে কিছু চমক দেখান। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা ইংলিশ তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ও ভিনিকে বসান বেঞ্চে। ডানপাশে খেলান দানি কারভাহালকে।
আর লেফট উইংয়ে সুযোগ দেন রদ্রিগোকে। ১৮ বছর বয়সি আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতোনো প্রথমবার ছিলেন শুরুর একাদশে। তবে সুযোগ পেয়ে নজর কেড়েছেন তার প্রাণবন্ত পারফরম্যান্সে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মাদ্রিদ।
রদ্রিগো ও এমবাপ্পে সুযোগ নষ্ট করলেও প্রথমার্ধে বিরতির আগে আর্দা গুলেরের দারুণ পাস থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি ওভিয়েদো। ৮১তম মিনিটে কওয়াসি সিবো সহজ সুযোগ নষ্ট করেন। এর পরই পাল্টা আক্রমণে ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন। শেষ মুহূর্তে ভিনিসিয়ুস নিজেও গোল করে জয় নিশ্চিত করেন ৩-০ ব্যবধানে।

রিয়ালে প্রথম মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েছিলেন এমবাপ্পে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। গত মৌসুম থেকে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল দাঁড়াল ৪৭-এ। যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই সময়ের মধ্যে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

ক্লাবের ভুলে ফেঁসে গেলেন ৬ ফুটবলার

একসময় ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্য-বাজনা বাজিয়ে সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গিয়ে দলবদল করার সংস্কৃতি ছিল ক্লাবগুলোর। সাম্প্রতিক মৌসুমগুলোতে সেই রীতি মানা না হলেও বাফুফে ভবনে গিয়েই ক্লাব কর্মকর্তারা দলবদল সেরেছেন। তবে সেই সংস্কৃতিতে বদল এসেছে এবার। প্রথমবারের মতো ক্লাবগুলো অনলাইনে দলবদলের কাজ সেরেছে।

অনলাইনে দলবদল নিশ্চিতের প্রথম শর্ত, একজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পর ফিফার প্ল্যাটফর্ম ‘ফিফা কানেক্ট’-এ সেই খেলোয়াড়ের তথ্য জমা দিতে হবে ক্লাবকে। সেই প্রক্রিয়া শেষ করলেই কেবল কোনো খেলোয়াড়ের দলবদল বৈধতা পাবে। তথ্য জমার নিশ্চয়তাপত্র বাফুফেতে জমা দেওয়ারও নিয়ম আছে। এখানেই গড়বড় করে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন।

বাফুফেতে ক্লাবটি ৩৫ খেলোয়াড়ের নাম জমা দিলেও ছয়জনের নাম ফিফা কানেক্টে রেজিস্ট্রেশন করাতে পারেনি। আইনের গ্যাঁড়াকলে পড়ে তাই নতুন মৌসুমের প্রথম পর্বে এই ছয় ফুটবলার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন না। এরই মধ্যে ক্লাবটিকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

সেই ছয় ফুটবলারের চারজন স্থানীয় এবং দুজন বিদেশি।
গোলরক্ষক রাসেল মাহমুদ, রক্ষণভাগের আবিদ আহমেদ ও নাবিল খন্দকার জয় এবং ফরোয়ার্ড এলিটা কিংসলের সঙ্গে দুই বিদেশি নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে চিজোবা ও প্যারাগুয়ের ফের্নান্দো জেসুস। প্যারাগুয়ের এই ডিফেন্ডার সর্বশেষ খেলেছেন সে দেশেরই একটি ক্লাবে। কিন্তু তাঁর অনাপত্তিপত্র চেয়ে ব্রাদার্স চিঠি দিয়েছে অন্য দেশের ফুটবল ফেডারেশনে। প্যারাগুয়েতে না পাঠিয়ে চিঠিটি উরুগুয়েতে পাঠানোয় সেই খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়নি। খেলোয়াড়রা অবশ্য গতকাল পর্যন্ত এ ব্যাপারে কিছু জানতেন না।

এই প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরে গোলরক্ষক রাসেল মাহমুদ তো বিস্ময় নিয়ে বললেন, ‘এমন কিছু জানি না। ক্লাব থেকে আমাকে কিছু বলা হয়নি। এমনটা হলে তো খেলতে পারব না। চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াল। ক্লাব থেকে এখনো কোনো টাকাও পাইনি।’ খেলোয়াড়দের দলবদল নিশ্চিত করার দায়িত্ব ক্লাবের। কিন্তু কর্মকর্তাদের খামখেয়ালিতে এই ছয় ফুটবলার প্রথম পর্বে খেলার সুযোগ পাচ্ছেন না। ব্রাদার্সের ম্যানেজার আমের খানের দাবি, ‘এটি একটি নতুন নিয়ম। প্রথমবার চালু করেছে। ফলে অনেক কিছুই গড়বড় হয়ে যেতে পারে। ভুল হতেই পারে।’ ব্রাদার্স এবার পাঁচ বিদেশিকে দলে নিয়েছে। কিন্তু প্রথম পর্বে পাচ্ছে না দুজনকে। তবে তাঁদের অভাব পূরণ করতে অবশ্য ‘স্থানীয়’ হিসেবে খেলবেন নেপালের চার ফুটবলার।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণপরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’ গতকাল রবিবার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণ-অভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘প্রথম থেকেই আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি— সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই।’

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে।
নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যেন বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব।
’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছে।

পুনর্মূল্যায়নের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results এ গিয়ে জানা যাবে।

আজ রোহিঙ্গা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ আজ সোমবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সংলাপ মূলত সেপ্টেম্বরের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আয়োজন করা হয়েছে। এর বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ।
তারা এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এই মতামত ও আলোচনা নিউইয়র্ক সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।

গতকাল রবিবার কক্সবাজারে রোহিঙ্গা সংলাপের ফাঁকে এক সাক্ষাৎকারে পররাষ্ট্র সচিব বলেন, ‘সংলাপের কাঠামো চারটি থিম্যাটিক অধিবেশনের ওপর নির্ভর করে সাজানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবেলা, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল।
’
পররাষ্ট্র সচিব বলেন, “সংলাপ শেষে একটি ‘চেয়ার’স সামারি’ তৈরি করা হবে। এই নথিতে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউইয়র্ক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে।”

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর বাংলাদেশে প্রায় ৮ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়।
এর পর থেকে সংকট নিরসনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রেখেছে।

গাজা সিটিতে এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

ইসরায়েল গাজা সিটির জেইতুন ও সাবরা মহল্লায় ৬ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে এবং ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকা পড়েছে বলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে।

সংস্থাটি রবিবার এক বিবৃতিতে জানায়, চলমান গোলাবর্ষণ ও অবরুদ্ধ রাস্তার কারণে অনেক উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

জরুরি কর্মীরা বহু নিখোঁজ ব্যক্তির খোঁজে অভিযোগ পেলেও সাড়া দিতে পারছেন না, অন্যদিকে হাসপাতালগুলোও আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলে সংস্থাটি জানায়।

সিভিল ডিফেন্স বলেছে, মাঠ পর্যায়ের দলগুলোর সামর্থ্য চলমান ইসরায়েলি আক্রমণের তীব্রতার সঙ্গে পাল্লা দিতে পারছে না, এমন এক সময়ে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

তারা আরো বলেছে, গাজা উপত্যকায় উত্তরে বা দক্ষিণে কোথাও নিরাপদ জায়গা নেই। গোলাবর্ষণ চলছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুত শিবিরগুলোতেও বেসামরিক লোকদের লক্ষ্য করে।

ইসরায়েলি ট্যাঙ্ক ইতোমধ্যে সাবরা মহল্লায় প্রবেশ করেছে এবং গাজা সিটিকে পুরোপুরি দখল করতে ইসরায়েল অগ্রসর হচ্ছে। এতে শহরের প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

কক্সবাজার সংলাপের সুপারিশ নিউইয়র্কে রোহিঙ্গা সম্মেলনে তুলে ধরা হবে : পররাষ্ট্রসচিব

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, ‘এই সংলাপ মূলত সেপ্টেম্বরের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আয়োজন করা হয়েছে। এর বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। তারা এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন।
এই মতামত ও আলোচনা নিউইয়র্ক সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।’

রবিবার (২৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা সংলাপের ফাঁকে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রসচিব এ কথা বলেন।

তিনি জানান, সংলাপের কাঠামো চারটি থিম্যাটিক অধিবেশনের ওপর নির্ভর করে সাজানো হয়েছে।

এগুলো হলো মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবেলা।

>> রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উদ্যোগ।

>. ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতকরণ।

>> টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল।

পররাষ্ট্রসচিব বলেন, সংলাপ শেষে একটি ‘চেয়ার’স সামারি’ তৈরি করা হবে।
‘এই নথিতে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউইয়র্ক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে।’

মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তার প্রসঙ্গে তিনি বলেন, ‘সহায়তা না পেলে যে মানবিক দুর্যোগ সৃষ্টি হবে, তা আমরা এই সংলাপে জোরালোভাবে তুলে ধরছি। বর্তমানে যারা সহায়তা করছেন, তাদের পাশাপাশি নতুন উৎস থেকেও আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা চলছে।’

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে এই প্রত্যাবাসনপ্রক্রিয়া কেবল বাংলাদেশের প্রচেষ্টার ওপর নির্ভরশীল নয়, মায়ানমারের অভ্যন্তরীণ পরিবেশ ও আস্থার ওপরও তা নির্ভর করে।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান এখন শুধু একটি আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক দায়িত্বে পরিণত হয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নিতে হবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাবেন বলে পররাষ্ট্র সচিব উল্লেখ করেন।

কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ : টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

২০১৭ সালের আগস্টে মায়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর বাংলাদেশে প্রায় ৮ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর পর থেকে সংকট নিরসনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রেখেছে।

গোল মিসের মহড়ার পরও বড় জয় বাংলাদেশের

গোল মিসের মহড়ার পরও বড় জয় বাংলাদেশের
থুইনুই মারমার (১০ নম্বর জার্সি) গোলের পর মেয়েদের উচ্ছ্বাস। ছবি : বাফুফে

জয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালকে ৩-০ গোলে হারিয়েছে। দলের হয়ে গোল তিনটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি, থুইনুই মারমা ও রিয়া।

চ্যাংলিমিথাংয়ে গোল পেতে আজ ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
তবে শুরুর চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু নেপালের গোলরক্ষককে তিন কাঠির নিচে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে দিয়ে মারলেন সৌরভী আকন্দ প্রীতি। ১২ গজের মধ্যে থেকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগটা মিস করলেন বাংলাদেশি স্ট্রাইকার।

মিনিট তিনেক পর আরেকটি সুযোগ মিস করেন সৌরভী।
নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলিকে একা পেয়ে আবারো পরাস্ত করার আগে বাইরে মারেন তিনি। এবার বাঁ প্রান্তের গোলবারের কাছ থেকে। ১২ ও ১৫ মিনিটে তার দুটি শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। বিপরীতে বাংলাদেশি গোলরক্ষক ইয়াজান বেগমকে তেমনটা একটা চাপের মুখে পড়তে হয়নি।

৩৫ মিনিটে আরো একটি সুবর্ণ সুযোগ মিস করেন সৌরভী। এবারও বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। তার একের পর এক গোল মিসে মনে হচ্ছিল প্রথমার্ধে আর গোল পাবে না বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে লিড এনে দেন থুইনুই মারমা। বক্সের মধ্যে জটলায় সুযোগ পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান।

আর ৪৫ মিনিটে একাধিক সুযোগ মিসের প্রায়শ্চিত্ত করেন সৌরভী। নেপালের গোলরক্ষক বল ক্লিয়ার করতে ডি বক্সের বাইরে আসলে ফাঁকা গোলবারে সহজে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পায় নেপাল। কিন্তু ৫৫ মিনিটে ভাগ্য তাদের পাশে ছিল না। সাহারা লিম্বুর শট যে ডান পোস্টে লেগে বাইরে চলে যায়।

৫৯ মিনিটে আবার নিজেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন সাহারা। গোলরক্ষককে একা পেয়ে তাকে কাটিয়ে নেপালের স্ট্রাইকার গোল দিতে চাইলে বাঁদিকে ঝাঁপিয়ে বল ধরে ফেলেন ইয়ারজান। পরে নেপালের আর ব্যবধান কমাতে পারেনি, উল্টো ম্যাচের যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের জালে শেষ পেরেক মারেন বদলি নামা রিয়া।

মাঝে আরো তিনটি গোল পেতে পারত বাংলাদেশ। তবে এবার ভাগ্যেকে পাশে পায়নি। ৮০ মিনিটে সৌরভীর শট বারে লেগে ফেরত আসে। ফিরতি সুযোগ পেলেও তার এক সতীর্থর হেড সহজে ধরে ফেলে নেপালের গোলরক্ষক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেও তার আরেকটি শট ডান পোস্টে লাগে। তার আগে ৮৫ মিনিটে হতাশ হন থুইনুই। প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া তার শট ডান পোস্টে লাগে। সেই দুটি গোল না পেলেও শেষে হাসিমুখেই মাঠ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।

এর আগে স্বাগতিক ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে মুদ্রার উল্টো পিঠ দেখে।

ডিজিটাল ব্যাংকের মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা

ডিজিটাল ব্যাংক গঠনের জন্য ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৪ জুন প্রণীত ডিজিটাল ব্যাংক গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ধরা হয়েছিল ১২৫ কোটি টাকা। সে তুলনায় একটি প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কম্পানি আইন অনুযায়ী। তবে এর অধীনে পরিচালিত পেমেন্ট সার্ভিস চলবে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনস, ২০১৪ অনুসারে।

ডিজিটাল ব্যাংককে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। আইপিওর আকার ন্যূনতম স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে।

ডিজিটাল ব্যাংকিং বৃহত্তর অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থারই একটি অংশ, যেখানে সব সেবা ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয়। তবে মূল পার্থক্য হলো প্রচলিত ব্যাংকের মতো শাখা বা অফিস থাকবে না—শুধু একটি প্রধান কার্যালয় থেকেই সব কার্যক্রম পরিচালিত হবে।

গাইডলাইনে আরো বলা হয়েছে, প্রচলিত ব্যাংকের ব্যবসা পরিচালনা, সুশাসন ও কার্যক্রম সংক্রান্ত যে বিধি-বিধান রয়েছে, সেগুলো ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রেও বহাল থাকবে।

অমৎস্যজীবীদের জলাশয় ইজারা দেওয়া যাবে না : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘প্রাকৃতিকভাবে মাছ পাওয়ার স্থান ধ্বংস হলে মৎস্যজীবীরা মাছন পাবে না। বর্তমানে যেখানে যে পরিমাণ মাছ পাওয়ার কথা, তা পাওয়া যাচ্ছে না। এতে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে অমৎস্যজীবীদের কাছে আর জলাশয় ইজারা দেওয়া যাবে না।
’ ইতোমধ্যে বাঁওর ইজারা সমস্যার সমাধানে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর।

উপদেষ্টা বলেন, ‘মৎস্য সপ্তাহ শেষ হলেও আজ থেকেই শুরু হলো সারা বছরের মৎস্য সপ্তাহ।
নতুন উদ্যোমে কাজ শুরু করতে হবে। এ সপ্তাহে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি এ বছরের মৎস্য পদক প্রসঙ্গে বলেন, পদকপ্রাপ্তি বিষয়ে কোনো প্রকার তদবির হয়নি। একাধিক ধাপ অতিক্রম করেই যোগ্যদের পদক প্রদান করা হয়েছে।
’

বিএফআরআইয়ের তরুণ বিজ্ঞানীদের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘অভয়াশ্রম নিয়ে আপনাদের নিবিড় গবেষণা আমাদের অনুপ্রাণিত করছে। গবেষণাকে কেবল কাগজে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শুধু খাদ্য উৎপাদন নয়, এটি একটি বৌদ্ধিক কেন্দ্র (ইন্টেলেকচুয়াল স্পেস)। দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ সরবরাহ করতে হবে, আর আমরা তা করতে সক্ষম হবো।’

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, ইলিশ উৎপাদন প্রকৃতি নির্ভর।
অনেক জায়গায় বাধার কারণে ইলিশ সাগর থেকে নদীতে আসতে পারে না। ফলে ইলিশ আহরণ কম হয়, আর দাম বেড়ে যায়। তিনি আরও বলেন, চিংড়ি চাষ বৃদ্ধির জন্য নির্দিষ্ট জোন তৈরির উদ্যোগ নেওয়া হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সম্মানিত অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রা এবং মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক মোহাম্মদ বদরুল হক।