শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

এখনো পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই : আফরান নিশো

‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।’

নিজের সহজ সরল জীবন নিয়ে এভাবেই স্বীকারোক্তি দিলেন আফরান নিশো।
দুই বছর পর ‘আঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের সরল জীবন যাপন নিয়ে কথা বললেন।

সাধারণ জীবনযাপন করেন নিশো, কেন? এ প্রশ্নের উত্তরে নিশো বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল।
নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।
’
আফরান নিশো আরও বলেন, ‘হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।
”
‘আঁকা’ সিরিজটি ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে। এতে আফরান নিশো বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।

সংগীতের ২৫ বছর, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানান তাহসান। সেখানে একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও উল্লেখ করা হয়।

কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন গায়ক।

সামাজিক মাধ্যমে এই খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা, যারা দীর্ঘদিন ধরে তার কনসার্টের অপেক্ষায় ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন।

বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।

বিয়ের আগে একটা চাপ ছিল, নায়িকা থাকতে হবে: শার্লিন ফারজানা

বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেও এখন খুব বেছে বেছে কাজ করছেন শার্লিন ফারজানা। ‘জীবন আমার বোন’ নামে একটি সিনেমার কাজ ইতিমধ্যে শেষ করেছেন তিনি।

অভিনয় থেকে দূরে থাকাটা বেশ আরাম বলেই মনে হয় তার কাছে। তবে একটা শূন্যতাও কাজ করে বলে জানান তিনি।

এক সাক্ষাৎকারে শার্লিন ফারজানা বলেন, আমি যে মাধ্যমটায় কাজ করেছি, যেখানে আমার অবস্থান ছিল, সেটা যেন নেই। পারিবারিক জীবন তো সবার দরকার হয়। কিন্তু পাশাপাশি কর্মটা হচ্ছে জীবন। কর্ম ছাড়া কোনো জীবন কিন্তু জীবন নয়।

কাজের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, বিয়ের আগে একটা চাপ ছিল, নায়িকা থাকতে হবে। নায়িকা লুকেই যেন সব সময় আমাকে সবাই দেখে। চুলগুলো সব সময় সুন্দর, চেহারাও যেন সুন্দর থাকে। বিয়ের এসব চাপ কমে গেছে।
কারও কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই। এখন নিজেকে দেখতে নিজের অনেক বেশি স্বাধীন মনে হয়। মনে হয়, আমি নিজেকে আরও ভিন্ন রকম চরিত্রে দেখতে পাই।

যোগ করে আরো বলেন, আমি জানি না কেন…মনে হতো ব্যক্তিজীবনেও আমাকে নায়িকা হয়েই থাকতে হবে। বিয়ের পর আমার জীবনে অনেক চেঞ্জ আসছে, এটা ভালো।
বিয়ের আগের ওইটাও হয়তো ওই জীবনে দরকার ছিল। এখন মনে হয়, একটা চরিত্র আসবে, এত মাস ধরে মহড়া করতে হবে। আগে দেখা যেত, অল্প সময়ের মধ্যে এতগুলো নাটকের কাজ শেষ করতে হবে। সিনেমায় কাজ করতে হবে—এ মানসিকতা ছিল।

মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাব

তুরস্কের জায়ান্ট ক্লাব ফেনারবাচের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘স্পেশাল ওয়ান’-খ্যাত কিংবদন্তি পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে। মাত্র এক বছরের কিছু বেশি সময় ক্লাবটির দায়িত্বে ছিলেন পর্তুগালের এই নামকরা কোচ।

দুই দিন আগেই চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে বেনফিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফেনারবাচ। এরপরই ঘটল মরিনহো অধ্যায়ের সমাপ্তি।

এক বিবৃতিতে ফেনারবাচ জানায়, ‘মরিনহোর সঙ্গে আমাদের পথ আলাদা হয়ে গেছে। তার অবদানের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যৎ ক্যারিয়ারে সাফল্য কামনা করি।’

৬২ বছর বয়সী মরিনহো রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামসহ ১০টি ক্লাব সামলেছেন।
ফেনারবাচে তিনি এক মৌসুমে দলকে লিগের রানার্সআপ বানালেও শিরোপা জেতাতে পারেননি। মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন বারবার।

গত ফেব্রুয়ারিতে গোলশূন্য ড্রয়ের পর তার মন্তব্যকে ঘিরে ‘বর্ণবাদী’ আচরণের অভিযোগ তোলে প্রতিপক্ষ ক্লাব গালাতাসারায়। তারা জানায়, মরিনিওর বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে।
তবে মরিনিও অভিযোগ অস্বীকার করে উল্টো ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।

তুর্কি লিগের রেফারিদের মান নিয়েও একাধিকবার সমালোচনা করেন তিনি। এ কারণে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা দুই ম্যাচে কমিয়ে আনা হয়।

রোমায় তিন বছরের মেয়াদ শেষে ২০২৩ সালে ফেনারবাহচেতে যোগ দেন মরিনিও। রোমার হয়ে তিনি জিতেছিলেন ক্লাবটির ইতিহাসের প্রথম ইউরোপীয় শিরোপা কনফারেন্স লিগ।

এর আগে চেলসির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ জেতা ছাড়াও ইন্টার মিলান ও পোর্তোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জয় করেন এই ‘স্পেশাল ওয়ান’। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকা অবস্থায় ২০১৭ সালে ইউরোপা লিগ জেতান, যা ছিল ক্লাবটির এখন পর্যন্ত শেষ ইউরোপীয় শিরোপা।

ইসরায়েলি হামলায় ইয়েমেনে হুতি প্রধানমন্ত্রী নিহতের দাবি

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। আল-জুমহুরিয়া চ্যানেল ও আদেন আল-গাদ পত্রিকা জানিয়েছে, ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানী সানায় আল-রাহাওয়ি নিহত হন। আদেন আল-গাদ আরো জানিয়েছে, ওই হামলায় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারিয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক। হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।
লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন হুতিদের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল-আত্তাফি এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ আল-ঘামারি।

আল-আত্তাফি ২০১৬ সাল থেকে এ দায়িত্বে আছেন এবং তাকে হুতিদের সামরিক কাঠামোর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধরা হয়। তিনি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং সরাসরি ইসরায়েলবিরোধী অভিযানে জড়িত ছিলেন। অন্যদিকে, আল-ঘামারি গত জুনে এক ইসরায়েলি হামলায় গুরুতর আহত হলেও বেঁচে গিয়েছিলেন।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, তারা আসলে গত রবিবার সানায় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা বাস্তবায়ন করে। এবার সরাসরি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে তারা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করছে। তবে হুতিদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র দাবি করেছে, কোনো নেতা নিহত হননি। বরং ইসরায়েল সাধারণ মানুষকে লক্ষ্য করে বোমাবর্ষণ করছে, কারণ ইয়েমেন গাজার পক্ষে অবস্থান নিয়েছে।

এ হামলার মাধ্যমে চলতি যুদ্ধে ইয়েমেনে ইসরায়েলের এটি ১৬তম আক্রমণ।
ইয়েমেন থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলকে লক্ষ্য করে ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা হামলা শুরু করে।

হুতিদের স্লোগান হলো—‘আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, ইহুদিদের ওপর অভিশাপ।’ গত বছর জুলাইয়ে হুতিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে পড়ে এক বেসামরিক ব্যক্তি নিহত হন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন। এর পরই ইয়েমেনে প্রথম ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। চলতি বছরের ১৮ মার্চ গাজায় পুনরায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ইয়েমেন থেকে ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত ২৩টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

সুত্র : টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দুই বছর ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এছাড়া ইসরায়েল গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে এবং এর জেরে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় জাতিসংঘ জানিয়েছে, গত এক সপ্তাহে গাজা উপত্যকায় প্রায় অর্ধেক মানবিক সহায়তা কার্যক্রম ইসরায়েল বাধাগ্রস্ত করেছে বা বিলম্বিত করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার জানান, গাজার ভেতরে মানবিক কার্যক্রম এখনও বিলম্ব ও বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব মিশনের অনুমোদন দিয়েছে, সেগুলো সম্পন্ন করতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

তিনি বলেন, “অনেক সময় টিমগুলোকে বিপজ্জনক, যানজটপূর্ণ বা অচল সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।”

ডুজারিক জানান, গত বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য করা ৮৯টি প্রচেষ্টার মধ্যে মাত্র ৫৯ শতাংশ কার্যকর হয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ প্রাথমিকভাবে অনুমোদন পেলেও পরে বাধাগ্রস্ত হয়েছে, ৮ শতাংশ সরাসরি প্রত্যাখ্যাত হয়েছে এবং ৭ শতাংশ সংগঠকরা নিজেরাই প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।

বাধাগ্রস্ত ২৩টি মিশনের মধ্যে শেষ পর্যন্ত পাঁচটি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ছিল সীমান্ত থেকে সরবরাহ সংগ্রহ এবং রোগী সরিয়ে নেওয়ার কার্যক্রম। তবে বাকি ১৮টি শেষ করা সম্ভব হয়নি।

মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডুজারিক বলেন, জাতিসংঘ আশঙ্কা করছে গাজা সিটির আরও এলাকায় ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে। তার ভাষায়, “যদি পূর্ণমাত্রার অভিযান শুরু হয়, তবে এর প্রভাব হবে ভয়াবহ। শুধু গাজা সিটির নয়, পুরো উপত্যকার জন্য।”

ডুজারিক আরও জানান, জাতিসংঘের জনসংখ্যা পর্যবেক্ষণ টিমের তথ্য অনুযায়ী সোমবার ও মঙ্গলবার প্রায় ১৩০০ মানুষ গাজার উত্তরাংশ থেকে দক্ষিণে পালিয়েছে। গত ১৪ আগস্ট ইসরায়েল নতুন অভিযানের পরিকল্পনা ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ উত্তর থেকে দক্ষিণে গিয়েছেন।

সামগ্রিকভাবে এখন পর্যন্ত গাজা সিটি থেকে প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, “গাজার সর্বত্র লাখ লাখ পরিবার অতিরিক্ত ভিড়, অমানবিক ও অনিরাপদ অবস্থায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।”

জাতীয় পর্যায়ে পালন হবে লালন সাঁইয়ের তিরোধান দিবস

অন্যতম সংগীতসাধক, দার্শনিক লালন সাঁইয়ের তিরোধান দিবসকে জাতীয় পর্যায়ে পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে প্রতি বছর ১৭ অক্টোবর জাতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় পালন করা হবে দিবসটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল বলেন, লালনের সংগীত বাউল সমাজের ভেতর সীমাবদ্ধ থাকেনি, বরং তা গ্রাম থেকে শহর—বাংলার প্রতিটি মানুষের সাংস্কৃতিক চর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জাতীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে লালনচর্চা ও গবেষণা নতুন মাত্রা পাবে।

প্রেস সচিব আরও জানান, ‘এই সিদ্ধান্ত বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে। লালন আমাদের গ্লোবাল কালচারাল হেরিটেজের অন্যতম সম্পদ।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

জুলাই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে ৪৪৬.৬৮ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদের প্রায় ৪৪৬.৬৮ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

গত অর্থবছরের (অর্থবছর-২৫) জুলাই মাসে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩৮৫.৬৭ মিলিয়ন মার্কিন ডলার।

ইআরডির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে সরকার আসল বাবদ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ৩২৭.৭২ মিলিয়ন ডলার। যা ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ছিল ২৬৪.৮৮ মিলিয়ন মার্কিন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে সরকার সুদ বাবদ পরিশোধ করেছে ১১৮.৯৬ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ছিল ১২০.৭৯ মার্কিন ডলার।

তবে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পেয়েছে ২০২.৭৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে নতুন প্রতিশ্রুতি এসেছে ৮৩.৪৬ মিলিয়ন ডলার। যা ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ছিল ১৬.৪০ মিলিয়ন মার্কিন ডলার।

গত অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে ৪.০৮৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছিল।

২০২৪-২৫ অর্থবছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

ইআরডির তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে ৮.৩২৩ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের ১০.৭৩৯ বিলিয়ন ডলারের তুলনায় কম।

একইভাবে ঋণ বিতরণও কমে দাঁড়িয়েছে ৮.৫৬৮ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরে ছিল ১০.২৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে উন্নয়ন সহযোগীদের মধ্যে সর্বাধিক ঋণ বিতরণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৭৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছে বিশ্বব্যাংক ৫৯.০৭ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া জাপান ১৭.২৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারত ১৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা ৩৫.৩৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করেছে।

সূত্র: বাসস।

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন।

আর সেটি চ্যালেঞ্জ করেই মামলা করেছেন তিনি। এতে করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য আইনি লড়াই শুরু হতে পারে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, কুক আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে “অবৈধ ও বাতিল” ঘোষণা করার দাবি জানিয়েছেন। মামলায় তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন।

ট্রাম্পের অভিযোগ, কুক তার মর্টগেজ নথি নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, সংবিধান অনুযায়ী তার কুককে সরানোর ক্ষমতা আছে। তবে কুক এর আগে বলেছেন, আইন অনুযায়ী তাকে বরখাস্ত করার “কোনও কারণ নেই”।

বিবিসি বলছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেডের ওপর চাপ বাড়িয়ে আসছেন। তিনি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে। আর কুক যুক্তরাষ্ট্রে সুদের হার নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত বোর্ডের সদস্য।

বৃহস্পতিবারের এই মামলা জটিল আইনি প্রশ্ন তুলতে পারে, যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল মামলায় লিখেছেন, “এই মামলা প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি উদ্যোগকে চ্যালেঞ্জ করছে। যদি এটি কার্যকর হয়, তবে ফেড বোর্ডের ইতিহাসে এ ধরনের ঘটনা হবে প্রথম।”

তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভ আইন স্পষ্টভাবে বলছে, গভর্নরকে সরাতে হলে অবশ্যই ‘কারণ’ থাকতে হবে। অথচ সিনেট অনুমোদনের আগে ব্যক্তিগত মর্টগেজ আবেদন নিয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেছেন, প্রেসিডেন্ট তার বৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন। তার ভাষায়, “একজন গভর্নরকে আর্থিক নথিতে মিথ্যা বলার অভিযোগের কারণে সরানো হয়েছে। এতে ফেড বোর্ডের জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে।”

আইন অনুযায়ী প্রেসিডেন্ট ইচ্ছেমতো ফেড কর্মকর্তাকে বরখাস্ত করতে পারেন না। তবে ‘কারণ থাকলে’ তা করার সুযোগ আছে।

কুকের বিরুদ্ধে অভিযোগ প্রথম আনেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও আবাসন নিয়ন্ত্রক বিল পুল্টে। তার এক প্রকাশ্য চিঠিতে অভিযোগ করা হয়, কুক মর্টগেজ সুবিধা নিতে নথি জাল করেছেন। অভিযোগে বলা হয়, দুই সপ্তাহের ব্যবধানে তিনি দুটি আলাদা অঙ্গরাজ্যের বাড়িকেই নিজের ‘প্রধান বাসভবন’ বলে ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক মামলা হয়নি, তদন্ত চলছে কিনা তাও পরিষ্কার নয়।

কুকের দাখিল করা মামলায় এসব অভিযোগের উল্লেখ নেই। তিনি আগেই বলেছিলেন, তাকে সরানোর কোনও আইনগত কারণ নেই। বহু আইনি বিশেষজ্ঞও ট্রাম্পের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।

ফেড বোর্ডে মোট সাতজন গভর্নর আছেন। ১২ সদস্যবিশিষ্ট যে কমিটি যুক্তরাষ্ট্রের সুদের হার নির্ধারণ করে, তারা সেটিরই অংশ।

ট্রাম্প ওয়াশিংটনে ফিরে আসার পর থেকে বিশেষত চেয়ারম্যান পাওয়েলকে চাপ দিয়ে যাচ্ছেন সুদের হার কমানোর জন্য। কুককে সরানো গেলে, ট্রাম্প তার জায়গায় এমন কাউকে বসাতে পারবেন যিনি সুদ কমাতে ও তার অর্থনৈতিক নীতিকে সমর্থন করবেন।

মূলত আমেরিকানদের ঋণের সুদের হার ও ব্যাংক অ্যাকাউন্টের সঞ্চয় হারে ফেডের সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলে। পাশাপাশি অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকও মার্কিন সুদের হারের ওপর নজর রাখে।

গত জুলাইয়ের শেষ বৈঠকে কুক, পাওয়েল ও কমিটির অধিকাংশ সদস্য সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন।

মঞ্চ ৭১-এর অনুষ্ঠান পণ্ড, শিক্ষক-মুক্তিযোদ্ধা হেনস্তা

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ‘মঞ্চ ৭১’ সংগঠনের গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এক দল লোকের হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ‘জুলাই যোদ্ধা’ নামে উপস্থিত একদল ব্যক্তির বাধায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। গ্রেপ্তারদের ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম।

এর আগে গতকাল সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার উপস্থিত থাকার কথা ছিল। তবে তারা আসেননি। নির্ধারিত সময় সকাল ১০টায় গোলটেবিল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ১১টায় তা শুরু হয়।

আলোচনাসভায় প্রথমে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পাঁয়তারা চলছে। এর পেছনে রয়েছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন।’

তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল লোক মিলনায়তনে ঢুকে পড়ে। এ সময় তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো’—এসব স্লোগান দেয়।
এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়ে যায়। এ সময় অনেকে বের হয়ে গেলেও লতিফ সিদ্দিকীসহ প্রায় ১৫ জন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের কর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সময় লতিফ সিদ্দিকীকে ‘আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দালাল’ বলে আখ্যা দেওয়া হয়। জবাবে লতিফ সিদ্দিকী জানান, তিনি আওয়ামী লীগের সঙ্গে আর যুক্ত নন। পরে তারা লতিফ সিদ্দিকীকে আসন থেকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এ সময় পেছন থেকে তাকে ধাক্কা এবং টি-শার্ট ধরে টানাটানি করা হয়। এ সময় মিলনায়তনে ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার-টেবিল। আয়োজকদের একজনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে বেধড়ক মারধর করা হয়। একজনের মুখে ঘুসি ও অন্যজনকে গলা চেপে ধরা হয়। এতে পুরো মিলনায়তনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন অতিথি দৌড়ে কক্ষের বাইরে গিয়ে আত্মরক্ষা করেন।

দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তিরা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে পুলিশের কাছে সোপর্দ করে।

জুলাই যোদ্ধা বলে পরিচয় দেওয়া ব্যক্তিদের দাবি, ‘এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিল। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না।’

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে ২০-২৫ জন এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্মটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীরপ্রতীক) ও আইনজীবী জেড আই খান পান্না এর সমন্বয় করছেন।