বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সোনার দাম বাড়ল

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (৩১ আগস্ট) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

লিটন-সাইফের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

যেন সুদে-আসলে বুঝে নিলেন লিটন দাস। সর্বশেষ তিন ম্যাচে দুই অংকের ঘর স্পর্শ করতে না পারা বাংলাদেশি অধিনায়ক আজ ফিফটি তুলে নিয়েছেন। তাতে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ, ৩৯ বল হাতে রেখে।

সিলেটে ম্যাচ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন।
দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে সহজ জয়ে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার। তাদের আগে অবশ্য দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। আরিয়ান দত্তের করা ইনিংসের প্রথম তিন বলে ৪, ৪, ৬ হাঁকিয়ে। তবে পরের ছয়ে বলে ১ রান করে ১৫ রানে থামেন বাঁহাতি ওপেনার।

সেখান থেকে লিটন-তানজিদ তামিমের জুটি। ছক্কা হাঁকাতে গিয়ে ২৯ রানে বাঁহাতি ওপেনার তানজিদ তামিম থামলে তাদের ৩৯ বলের জুটিটি যায় ভেঙ্গে। লিটন পরে শেষটা টানেন ২২ মাস পর সুযোগ পাওয়া সাইফ হাসানকে সঙ্গী করে। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সাইফ।

শেষটাও করেছেন দেখার মতো। ১৪তম ওভারে বিক্রমজিৎ সিংকে টানা দুই ছক্কা হাঁকিয়ে জয় এনে দিয়েছেন সাইফ। অপরাজিত থাকেন ৩৬ রানে। ১৮৯.৪৭ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ১ চারে। অন্যদিকে ক্যারিয়ারের ১৩তম ফিফটি করা লিটন অপরাজিত থাকেন ৫৪ রানে।
ফিফটিতে একটা কীর্তিও গড়েছেন লিটন। সাকিব আল হাসানের সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে (১৩)। আজ ১৮৬.২০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চারের বিপরীতে ২ ছক্কায়। এতে খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসের প্রথম পরীক্ষায় ভালো মার্কিংয়ে পাস করলেন লিটন-সাইফরা।

এর আগে তাসকিন আহমেদের পেসের সামনে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তার পেসের তোপে ৮ উইকেটে ১৩৬ রানে থামতে বাধ্য হয়েছে সফরকারীরা। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৪ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী পেসার। রান খরচ করেছেন ২৮।

গুমের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে : আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই গুম বিষয়ক কমিশন গঠন করেছে। যাতে বিগত সরকারের আমলে গুম হওয়া অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা যায়।

শনিবার (৩০ আগস্ট) ঢাকার একটি হোটেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ‘রাউন্ডটেবল ডিসকাশন: অন দ্য রোড টু একাউন্টেবিলিটি: কমেমোরেটিং দ্য ডে ফর দ্য ভিকটিমস অব এনফোর্সমেন্ট ডিজঅ্যাপেয়ারেন্টস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গুম সংক্রান্ত কমিশন ও জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ঢাকা অফিস যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে।

তিনি বলেন, সরকার জাতিসংঘের (ইউএন) সাথে গুম সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। যাতে এই ধরনের গুমের ঘটনা দেশে আর না ঘটে। আমাদের গর্ব ও প্রত্যাশার জায়গা হচ্ছে, গুম কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকারও চেষ্টা করছে এই বিষয়ে ‘একাউন্টিবিলি মেকানিজম’ প্রতিষ্ঠা করতে।
ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয়।

ড. আসিফ বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা প্রায় ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলা প্রত্যাহারের পর বিভিন্ন স্টেক হোল্ডার এবং অংশীজন আমাদের জানালেন, এসব মামলায় সত্যিকারের কিছু জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে। এ ব্যাপারে আমি নাবিলাকে (গুম কমিশনের সদস্য) বলেছি, জঙ্গি বা সন্ত্রাসী নয়, এমন কেউ যদি হয়রানিমূলক মামলায় অভিযুক্ত হন, তাদের বিষয়ে কনক্রিট প্রমাণ থাকলে আইন মন্ত্রণালয়ে নিয়ে আসলে সেটা দ্রুত সমাধান করা হবে।

শিল্প উপদেষ্টা আদিলুল রহমান খান বলেন, গুমের সব এভিডেন্স থাকার পরও বিভিন্ন বাঁধার কারণে আমাদের এখনো সংগ্রাম করতে হচ্ছে। গুম কমিশন ইতোমধ্যে দু’টি রিপোর্ট দিয়েছে। এই দু’টি রিপোর্ট দেয়া মানে কমিশনের কাজ শেষ হয়ে গেছে তা নয়।

তিনি বলেন, দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে কিন্তু এবারের সাড়ে ১৫ বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং ভয়াবহ। পরিণতি ৩৬ দিনে আসলেও এর পিছনে হাজার হাজার মানুষের রক্ত এবং তাদের ভয়াবহ নির্যাতনের ইতিহাসের ওপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ।
আমরা বিগত সরকারের নির্যাতনের ডিটেনশন সেন্টার, আয়নাঘরগুলো যদি মিউজিয়াম হিসেবে রক্ষা করতে পারি, তাহলে তা আগামী প্রজন্মের জন্য স্বৈরাচারের ইতিহাসের চিহ্নিত অংশ হয়ে থাকবে।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে যারা নির্যাতিত, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছিল তাদের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর) ঢাকার মিশন এবং গুম কমিশনের যৌথ উদ্যোগ সুনির্দিষ্ট পথ দেখিয়ে যাবেন বলে আশা পোষণ করি। যে সকল ভিকটিম এখনো মামলা টেনে বেড়াচ্ছেন তাদের বিষয়টি অবশ্যই সরকার দেখবে বলেও জানান তিনি।

গুম সংক্রান্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইইডির সদস্য ড. নাবিলা ইদ্রিস। এই প্রবন্ধে কীভাবে গুম করা হতো, কতজন গুম হয়েছে, গুমের পর কোথায় রাখা হতো, কি ধরনের মামলা দেওয়া হতো, ৫ আগস্টের পর গুমের স্থান বা আলামত কীভাবে নষ্ট করা হয়েছে তা উপস্থাপন করা হয়।

গুমের শিকার মাইকেল চাকমা অনুষ্ঠানে বলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, গোপন কারাগারগুলোকে গুম কমিশনের হেফাজতে নিয়ে মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। যাতে জনগণ এবং বিশ্ব জানতে পারে গুমের ভয়াবহতা এবং কীভাবে এখানে মানুষকে অমানবিকভাবে নির্যাতনের মধ্যে রাখা হয়েছিল।

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, গুম সংক্রান্ত কমিশনের সদস্য, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে মামলা নিষ্পত্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট’ আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আমাদের।
অনেক আলামতও নষ্ট করে ফেলা হয়েছিল। তবে, আমরা ইতোমধ্যেই বিচারপ্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে।

দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।

লিটন-তানজিদ তামিমের জুটিতে জয়ের পথে বাংলাদেশ

আধুনিক ক্রিকেটে ১৩৭ রানের লক্ষ্যটা খুব বড় নয়। ১২০ বলের ইনিংসের শুরুটা তাই দেখেশুনে করতে পারত বাংলাদেশ। তবে সেদিকে মনোযোগ দেননি বাংলাদেশের ব্যাটাররা।

খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসের প্রয়োগই করতে চেয়েছেন পারভেজ হোসেন ইমন-লিটন দাসরা।
তাই তো রান তাড়া করতে নেমে শুরুটা করলেন বিধ্বংসী। নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্তের প্রথম তিন বলে মারলেন চার, চার, ছক্কা। তবে তার চার-ছক্কার শুরুটা বেশিক্ষণ টেকেনি।

শেষ ৬ বলে মাত্র ১ রান নিতে পেরেছেন ইমন।
তাতে ১৫ রানেই থেমেছে বাঁহাতি ওপেনারের ইনিংস। বোল্ড হয়েছেন আরিয়ানে বলেই। ইমন আউট গেলেও আক্রমণাত্মক ব্যাটিং থামেনি। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ধারা বজায় রেখেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

প্রতিবেদন লেখা পর্যন্ত লিটনের ৩৮ রানের বিপরীতে ২২ রানে অপরাজিত আছেন তানজিদ তামিম। অধিনায়ক লিটন তার ইনিংসটি সাজিয়েছেন ২০ বলে ৫ চার ও ১ ছক্কায়। তার সতীর্থ অবশ্য ওয়ানডে স্টাইলে খেলছেন। বাংলাদেশের স্কোর ৮ ওভার শেষে ১ উইকেটে ৭৭ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৬০ রান।

এর আগে তাসকিন আহমেদের পেসের সামনে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তার পেসের তোপে ৮ উইকেটে ১৩৬ রানে থামতে বাধ্য হয়েছে সফরকারীরা। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৪ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী পেসার। রান খরচ করেছেন ২৮।

প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা

নিরাপদ খাদ্য, বায়ু ও পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি সুন্দর ও নিরাপদ এবং সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশে রূপান্তর করতে হবে। এ জন্য আমাদের অবশ্যই টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশন অডিটরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনধারায় পরিবর্তন আনতে এবং অতিরিক্ত ভোগ কমাতে হবে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করব।

তিনি উল্লেখ করেন, জনগণের দাবিই প্রমাণ করে পরিবেশের সুরক্ষা কতটা জরুরি। সাদাপাথর লুটের ঘটনা এর একটি বড় উদাহরণ। একইভাবে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার কমাতে হবে।

এ ছাড়া পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও উন্নয়নের নামে পাহাড় ও বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সরকারের কাছে ট্যাক্স প্রণোদনার প্রস্তাব পৌঁছে দেওয়া হবে যাতে পরিবেশবান্ধব উদ্যোগগুলো উৎসাহিত হয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের কাছে অনেক নীতি আছে, এখন সবচেয়ে জরুরি হলো কার্যকর বাস্তবায়ন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ. রহমান, অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া মো. শরীফুল ইসলাম এবং মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন কেবল নীতি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব। নাগরিক, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে টেকসই বাংলাদেশ গড়া সম্ভব হবে।

নুরের ওপর হামলার ঘটনা দেশের মানুষ মেনে নেবে না : মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা দেশের মানুষ ‘মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নূরকে দেখতে যান মঈন খান। সেখানে নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট।
তার ওপরে এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না, মেনে নেবে না। আমরা এই ঘটনার নিন্দা জানাই। অবিলম্বে এই ঘটনার তদন্ত দেখতে চাই।

এর আগে, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সকালে নুরকে দেখতে যান হাসপাতালে।
তিনিও নুরের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা যৌথবাহিনীর লাঠিপেটায় আহত হন। গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা করেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, তাদের মিছিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে হামলা করা হয়। এর প্রতিবাদে মশাল মিছিল শেষে সংবাদ সম্মেলনের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

নুরের ওপর হামলা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র : এ্যানি

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চৌধুরী এ্যানি বলেন, ‘৫ আগস্টের পর এক বছরের একটু বেশি হয়েছে। সব রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় আছি? আমি তো দেখি না।
কারণটা কী, সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হয়? নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে।
এই ষড়যন্ত্র, সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে।’

জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, ‘ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট নেবে। ফ্যাসিস্ট দখল করবে। সুযোগটা ষড়যন্ত্রকারীরা নেবে, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু।
জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম, সেই ঐক্য আবারো আমাদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টি করে এ বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

প্রাক্তনদের নিয়ে মুখ খুললেন তামান্না

বিজয় বর্মার সঙ্গে চুটিয়ে প্রেম, এরপর বিচ্ছেদের খবরে বারবারই শিরোনাম হয়েছেন তামান্না ভাটিয়া। যদিও বিজয়ের আগেও তার কয়েকটি সম্পর্ক ছিল। অভিনেত্রীর মতে, তার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন।

সর্বশেষ টানা দু’বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তামান্না।
‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন। সেই সম্পর্কটা হুট করেই ভেঙে যায়।

শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চাইলেও রাজি হননি অভিনেতা। যার জেরে আলাদা হয়ে যান তারা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনো কথা বলেননি এখনো।

সম্প্রতি এক অনুষ্ঠানে তার জীবনে আসা পুরুষদের প্রসঙ্গ তুলে তামান্না বলেন, “আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি।
এই পুরুষদের থেকে আমি নানাভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই নারীরা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটা তাদের নিজেদেরকে বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। তারাই আপনাকে দেখাবে, আপনি কতটা শক্তিশালী।
আমি এটাই বিশ্বাস করি।”

কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গেও কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুতভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ, আমাদের এভাবেই শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম! কিন্তু এটা তো জীবনেরই অঙ্গ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।”

শোনা যায়, তামান্নার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে বিজয় বর্মার জীবনে এসেছেন আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ফাতিমার সঙ্গে আবার সুসম্পর্ক তামান্নারও। যদিও কেউই এই বিষয়ে এখনো মুখ খোলেননি।

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন

স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তার পরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবেন এই দেশের জনগণ। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না।

শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ জাতীয় নেতারা।

জানা গেছে, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভা মিলিয়ে মোট ১৫টি ইউনিটের প্রতিটি থেকে ১০১ জন করে সর্বমোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশ নিচ্ছেন। তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচন করবেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি পদে দুইজন প্রার্থী এবং সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্য থেকে যথাক্রমে একজন সভাপতি ও একজন সম্পাদক নির্বাচিত হবেন।