বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

এখনো ডাকসু না হওয়ার সম্ভাবনা আছে : শরিফ ওসমান হাদী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, আমি এখনো মনে করি ডাকসু না হওয়ার সম্ভাবনা আছে। কারণ সবাই মিলে যদি দেখে একটা গ্রুপ বের হয়ে আসছে অথবা তাকে আটকানো দরকার। তাহলে ৩-৪ গ্রুপ মিলে বয়কট করতে পারে। অনেকে আবার ইলেকশন করেই বয়কট করার জন্য।
অনেকে আবার কিছুর বিনিময়ে বসে যায়। তো এটা হওয়া অসম্ভব না। এটা নিয়ে রিট হচ্ছে। সেই রিটের পর একটু পরে চেম্বার কোর্টে আবার স্থগিতাদেশ হচ্ছে।
আবার হবে। এটা কত বড় জাতীয় ইস্যু হয়ে গেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের অনেক পাবলিক ইউনিভার্সিটির একটা হলো ঢাকা ইউনিভার্সিটি।
অফকোর্স এটা অনেক গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি। এখন এটার ছাত্রসংসদ নির্বাচনে যত সিরিজ টক শো করতে থাকেন এইটার ফলেও কিন্তু পলিটিক্যাল পার্টির ওপরে প্রেসার তৈরি হচ্ছে। এটা এমন গুরুত্বপূর্ণ ব্যাপার যদি ডাকসুতে হেরে যায় তাহলে ন্যাশনাল পলিটিক্সে ক্ষতিগ্রস্ত হবে। সবাই বলবে তুমি তো ডাকসু জিততে পারো নাই তাহলে তুমি এটা পারবা কী করে? সুতরাং তারা (রাজনৈতিক দল) আরো বেশি সক্রিয় হচ্ছে, তারা ওখানে টাকা-পয়সা খরচ করতেছে। এখন সেক্ষেত্রে যদি ৯ তারিখে ডাকসু হয়—আমি এখনো মনে করি না হওয়ার সম্ভাবনা আছে।

শরিফ ওসমান হাদী বলেন, ‘ডাকসু ইস্যুতে পলিটিক্যাল পার্টিগুলো খুবই প্রেসার ফিল করতেছে। এটার একটা ইমপ্যাক্ট ন্যাশনাল ইলেকশনে পড়বে। আমার এখানে পরামর্শ হলো, ডাকসু দেওয়ার আগে জাহাঙ্গীরনগর বা আর দুই-একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন দিয়ে টেস্ট করতে পারলে তাদের জন্য ভালো হতো। আর ডাকসুই যদি ভালো করে করা না যায় তাহলে আপনি একটা বড় জাতীয় নির্বাচন কেমনে করবেন? ডাকসু মানে হলো হাজার হাজার মিডিয়ার ক্যামেরা চারপাশে আছে। এরপর আপনি ভালো ইলেকশন করতে পারতেছেন না। তাহলে আপনি কিভাবে ৫৬ হাজার বর্গমাইলে একটা বড় ইলেকশন উঠাবেন এটা একটা এসিড টেস্ট (চূড়ান্ত পরীক্ষা) হবে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ‘আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রাজনৈতিক অর্জন নিয়ে অনেক গর্ব। কিন্তু একটা ইউনিভার্সিটির প্রধান কাজ পলিটিক্স মেক করে না, তার প্রধান কাজ হলো একাডেমিয়া। সেই হিসেবে আমাদের একাডেমিক অর্জন কিন্তু খুবই কম। প্রতিবছর ১ হাজার ইউনিভার্সিটির মধ্যে র‌্যাংকিংয়ে আমরা থাকতে পারি না। এইটা হলো বাস্তবতা।’

ফের বাড়ল সোনার দাম, ভরি ১৭৮৮৩২ টাকা

বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধিতে দেশের বাজারে দফায় দফায় বাড়ছে দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে ৩ হাজার ৪৪ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৭০ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী দাম ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮১১ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

দুই অর্ধে দুই গোল হজম। তাতে লেখা হলো বাংলাদেশের পরাজয়। ভিয়েতনামের কাছে আজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এতে হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ।

ব্যবধানটা আরো বাড়তে পারত। যদি ভিয়েতনামের একাধিক আক্রমণ প্রতিহত না করতেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ম্যাচ হারায় তার সেই বীরত্ব আর কোনো কাজে আসেনি। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলাতে ব্যস্ত বাংলাদেশের ডিফেন্ডাররা।
১৫ মিনিটে আর জাল অক্ষত রাখতে পারল না বাংলাদেশ। বাঁ প্রান্তে সতীর্থর দারুণ এক পাস পেয়ে লক্ষ্যভেদ করলেন এনগক মায়ি।

এর আগে বাংলাদেশ বেঁচে যায় পোস্টে বল লাগায়। ১০ মিনিটে এনগুয়েন ফি হোয়াংয়ের জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে।
বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ৩৫ মিনিটে শেখ মোরসালিন আর ৪১ মিনিটে আল আমিন প্রতিপক্ষের গোলরক্ষক বরাবর শট নেন। দুটি শটই সহজে তালুবন্দী করতে সমস্যা হয়নি ভিয়েতনামের গোলরক্ষক ত্রান ত্রুং কিয়েনের।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বিপরীতে আরো গোল হজম করার পথে ছিল বাংলাদেশ। ৬২ ও ৭৪ মিনিটে যদি গোলরক্ষক শ্রাবণ বিপদমুক্ত না করতেন।
৭৭ মিনিটেও আরেকটি গোল হজম করা থেকে বাংলাদেশকে বাঁচান তিনি। তবে ৮৩ মিনিটে আর পারেননি। কর্নার থেকে তাকে হেডে পরাস্ত করেন লি ভিক্তর। তাতে ২-০ গোলের জয় পায় স্বাগতিক ভিয়েতনাম। আগামী শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের আরেক দল ইয়েমেন।

অ্যাপে আইসিই এজেন্টদের গতিবিধি জেনে সতর্ক হচ্ছে অভিবাসীরা

লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি এক গ্রীষ্মে ভোর হওয়ার আগেই বেরিয়ে পড়েন ফ্রান্সিসকো ‘চাভো’ রোমেরো এবং আরো এক ডজন অভিবাসন অধিকারকর্মী। তারা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের গাড়ি অনুসরণের জন্য তাদের আটককেন্দ্র এলাকায় জড়ো হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে সতর্কবার্তা পাঠান।

অন্যদিকে অস্টিনে এক প্রযুক্তি কর্মী এজেন্টদের দেখা মিললে সতর্ক করার জন্য একটি অ্যাপ তৈরি করেছেন, যার ব্যবহারকারী এখন ১০ লাখের বেশি। নিউইয়র্কের লং আইল্যান্ডে আরেকজন অধিকারকর্মী স্থানীয় এলাকায় অভিবাসন আইন প্রয়োগকারীদের অভিযানের বিষয়ে সতর্ক করার জন্য একই ধরনের একটি অ্যাপ তৈরি করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিইর জন্য ২০২৯ সাল পর্যন্ত ৭৫ বিলিয়ন ডলারের নতুন অর্থায়নের মাধ্যমে ব্যাপক বিতারণ কার্যক্রম জোরদার করছেন। এ ছাড়া আইনজীবী, ইতিহাসবিদ ও এক ডজন অধিকারকর্মীর সাক্ষাৎকার অনুযায়ী, ফেডারেল অভিবাসন এজেন্টদের বেসামরিক নজরদারিও আরো দৃঢ় হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের অভিবাসী অধিকার সংগঠন ইউনিয়ন দেল বারিওর সঙ্গে যুক্ত ৫০ বছর বয়সী রোমেরো বলেন, ‘অল্প কিছু সম্পদ দিয়েই আমরা এমন এক বিলিয়ন ডলারের দমনমূলক রাষ্ট্রীয় যন্ত্রের মুখোমুখি হতে, চ্যালেঞ্জ করতে ও উন্মোচন করতে সক্ষম হয়েছি, যারা আমাদের মানুষকে আক্রমণ ও অপহরণ করছে।’

রোমেরো জানান, তিনি ও অন্য অধিকারকর্মীরা প্রায় প্রতিদিন সকালে লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে টার্মিনাল আইল্যান্ডের কাছে আইসিইর আটককেন্দ্র এলাকায় জড়ো হন।
তারা চিহ্নিত বা অচিহ্নিত গাড়িতে এজেন্টদের অভিযান চালাতে বের হতে দেখলে কয়েক গাড়ির দূরত্ব বজায় রেখে তাদের অনুসরণ করেন এবং জনসাধারণকে তাদের অবস্থান সম্পর্কে সতর্ক করেন।

রোমেরোর দাবি, তিনি লাতিনো সম্প্রদায়কে সুরক্ষা দিচ্ছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তিনি ও যারা আইসিই এজেন্টদের নজরদারি করছেন এবং মানুষের কাছে তাদের কাজের ব্যাপারে সতর্কবার্তা পৌঁছে দিচ্ছেন, তারা অপরাধীদের সহায়তা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন, ‘ফেডারেল আইন প্রয়োগে বাধা দেওয়া অপরাধ, যেমন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আক্রমণ করা বা অপরাধী অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা।
অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে অপরাধ করলে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

ছয়জন আইনি বিশেষজ্ঞ রয়টার্সকে জানিয়েছেন, যতক্ষণ না অধিকারকর্মীরা আইসিইর কাজে হস্তক্ষেপ করছেন, ততক্ষণ তাদের নজরদারি যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে অনেকাংশে সুরক্ষিত। আদালত দীর্ঘদিন ধরে বলে আসছেন, জনসমক্ষে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড রেকর্ড করা বৈধ।

ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনে কাজ করেন সিভিল লিবার্টিজ টিমের আইনজীবী সোফিয়া কোপ। তিনি বলেন, ‘যদি অধিকারকর্মীরা আইসিইর কাজ রেকর্ড করে এবং মানুষকে তাদের অবস্থান জানায় এ উদ্দেশ্যে যে মানুষ যেন আইসিই এড়াতে পারে বা শারীরিকভাবে আইসিইর কাজে বাধা দিতে পারে, তখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
যদি এমন কোনো মামলা আদালতে যায়, তবে আদালত হয়তো প্রাসঙ্গিক তথ্যগত পার্থক্য হিসেবে বিষয়টি বিবেচনা করতে পারেন।’

রক্ষণশীল চিন্তাধারা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের আইনি বিশেষজ্ঞ হ্যান্স ফন স্পাকভস্কিও একমত হয়েছেন, কেবল আইসিই এজেন্টদের নজরদারির কারণে অধিকারকর্মীদের বিরুদ্ধে মামলা চালানো ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন হবে। কিন্তু তিনি একটি ছোট সুযোগ দেখছেন বলেও জানান।

হ্যান্স বলেন, আদালত যেমন ট্রাফিক সতর্কীকরণ অ্যাপগুলো বৈধ ঘোষণা করেছে, যেগুলো চালকদের সামনে পুলিশ আছে বলে সতর্ক করে দেয় এবং আইন মেনে চলতে উৎসাহিত করে। ট্রাম্প প্রশাসন যুক্তি দিতে পারে, আইসিই ট্র্যাকিং অ্যাপগুলো মানুষকে আইন ভাঙতে উৎসাহিত করছে। এটা এমন একটি পার্থক্য, যা বিচারক বিবেচনা করতে পারেন, যদি বিচার বিভাগ এ রকম কোনো অ্যাপ নির্মাতার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে।

‘সতর্ক হও’
এদিকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জুলাই মাসে বলেছিলেন, টেক্সাসভিত্তিক আইসিইব্লক নামের সবচেয়ে জনপ্রিয় আইসিই-ট্র্যাকিং অ্যাপের নির্মাতা জশুয়া অ্যারনকে ‘সতর্ক’ থাকতে হবে এবং তিনি ‘সংবিধান দিয়ে সুরক্ষিত নন’।

এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, অ্যারন ও অন্যান্য অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার জন্য তিনি বিচার বিভাগের সঙ্গে কাজ করছেন। রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে তিনি আরো বলেন, ‘আপনি যদি আমাদের আইন প্রয়োগকারী বাহিনীকে বাধাগ্রস্ত করেন বা আক্রমণ করেন, আমরা আপনাকে খুঁজে বের করব এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।’

অন্যদিকে সরকার তার সঙ্গে যোগাযোগ করেছে কি না বা তিনি কোনো অভিযোগ বা মামলার সম্মুখীন হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে অ্যারন শুধু বলেন, ‘না।’

এ ছাড়া তিনি বলেন, ‘এই প্রশাসন সাধারণত ক্যামেরার সামনে অনেক গরম বাতাস ছাড়ে, কিন্তু পরে কোনো পদক্ষেপ নেয় না। কারণ তারা জানে তাদের পক্ষে আইনি ভিত্তি নেই। মানুষ তাদের নিজ চোখে যা দেখতে পাচ্ছে, তা সীমিত করা যায় না।’

তবে অ্যারনের পরিবার রেহাই পায়নি। তার স্ত্রী ক্যারোলিন ফেইনস্টাইন সম্প্রতি বিচার বিভাগের ইউএস ট্রাস্টি প্রগ্রামে ফরেনসিক অডিটর হিসেবে এক দশকের চাকরি হারান। লিখিত বিবৃতিতে তারা জানিয়েছে, ফেইনস্টাইন বরখাস্ত হয়েছেন, কারণ তিনি আইসিইব্লকের আইপির মালিক কম্পানিতে অংশীদার ছিলেন।

মরোক্কান অভিবাসী মা ও পুয়ের্তো রিকান বাবার সন্তান আহমাদ পেরেজ (২৩) জানুয়ারি মাসে লং আইল্যান্ডের দুটি কাউন্টিকে কেন্দ্র করে আইসিই ট্র্যাকিং অ্যাপ তৈরি করা স্বেচ্ছাসেবী সংগঠন ইসলিপ ফরওয়ার্ড প্রতিষ্ঠা করেন। অ্যাপটির ব্যবহারকারী ৮০ হাজার। পেরেজ ও তার স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অ্যাপে পাওয়া বেনামি আইসিইসংক্রান্ত তথ্য যাচাই করেন, তারপর নোটিফিকেশন পাঠান। স্বেচ্ছাসেবকরা রাস্তায় গিয়ে যাচাই করেন, অথবা নিকটবর্তী পুলিশ বিভাগে যোগাযোগ করেন, যাতে নিশ্চিত হওয়া যায় কোনো স্থানীয় পুলিশ কর্মকর্তাকে আইসিই এজেন্ট ভেবে ভুল করা হয়নি।

পেরেজ বলেন, ‘আমরা সবাই চাই, অপরাধীরা রাস্তায় না থাকুক। আমরা সবাই চাই গ্যাং সদস্যরা আমাদের কমিউনিটি থেকে দূরে থাকুক। কিন্তু এখন যা দেখছি তা হলো নিরপরাধ পরিবার, নিরপরাধ শিশু, যাদের কোনো অপরাধ রেকর্ড নেই, এমনকি কখনো কখনো মার্কিন নাগরিকদেরও আটক করা হচ্ছে…এবং দেশ থেকে এত দ্রুত বিতাড়িত করা হচ্ছে যেন এটা ফেডেক্স প্যাকেজ।’

দলীয় নেতাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি না রাখার পক্ষে সারজিস

রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস লেখেন, ‘স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের সার্টিফিকেট থাকতে হবে। এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য, ধান্দাবাজ, ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।’

তিনি আরো লেখেন, ‘কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না—এই সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।’

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

প্রথম ম্যাচে সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন লিটন দাস। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে সাবেক অধিনায়ককে পেছনে ফেললেন বর্তমান। বাংলাদেশের হয়ে এখন সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ফিফটির মালিক তিনি।

সিলেটে আজ ক্যারিয়ারের ১৪তম ফিফটি করেছেন লিটন।
ফিফটিটাও করেছেন দেখার মতো। ৪৫ রানের সময় ড্যানিয়াল ডোরামকে স্লোগ সুইপে ছক্কা হাঁকিয়ে। তাতে ১৩ ফিফটি করা সাকিব পেছনে পড়ে যায়। সাকিবের ১২৯ ম্যাচের বিপরীতে এখন পর্যন্ত ১১০ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার।

শুধু ফিফটি পূর্ণ করার সময় নয়, ওপেনিংয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন লিটন। ইনিংসের তৃতীয় ওভারে ডোরামের অফস্পিন থেকেই ২২ রান নিয়ে ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিটনের ব্যাটিং ঝড় চলছেই। বর্তমানে ৫২ রানে অপরাজিত আছেন তিনি।
ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়। দলের রান দাঁড়িয়েছে ২ উইকেটে ৮২ রান। ৯ ওভার শেষ হয়েছে। লিটনকে সঙ্গ দিচ্ছেন ৫ রান করা শামীম হোসেন পাটোয়ারী।

ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে বাংলাদেশির মৃত্যু

উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছনোর চেষ্টারত এক বাংলাদেশি মারা গেছেন। সাগর পাড়ি দিতে যে নৌকায় তিনি চড়ে বসেছিলেন, সেটি লাম্পেদুসা পর্যন্ত পৌঁছলেও ওই বাংলাদেশি পৌঁছেছেন প্রাণহীন দেহে। যাত্রাপথেই তার মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় সোমবার রাতে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছনো ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহটি উদ্ধার করেন দেশটির কোস্ট গার্ড ও ফিন্যানশিয়াল পুলিশের সদস্যরা। ওই নৌকায় থাকা আরো ৫১ জন অভিবাসীকেও উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, সম্ভবত অভিবাসীবাহী নৌকাটির হাইড্রোকার্বন বা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদন এলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যেসব অভিবাসীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে আছে মিসরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় ও সুদানের নাগরিকরা। এদের মধ্যে দুজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও আছে।

উদ্ধার হওয়া অভিবাসীদের ইতালির দক্ষিণাঞ্চলীয় ইমব্রিয়াকোলা জেলার অভিবাসনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ওই দিন রাতে লাম্পেদুসার ফাভারোলো জেটিতে নামার পরপরই অভিবাসীরা জানান, উদ্ধারকারীরা আসার আগে তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

ইতালি সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের কারণে দেশটিতে ২০২৪ সাল থেকে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে।

২০২৪ সালের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে সমুদ্রপথে যাওয়া অনিয়মিত অভিবাসীর সংখ্যা ছিল ৪২ হাজার ৯৯৯ জন। কিন্তু এ বছরের একই সময়ে তা কিছুটা বেড়ে হয়েছে ৪৩ হাজার ৮৬০ জন।
তবে ২০২৩ সালে একই সময়ে রেকর্ড এক লাখ ১৪ হাজার ৮৬৭ জন অভিবাসী গিয়েছিল।

এদিকে চলতি বছর যাওয়া অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। ১৩ হাজার ২৭১ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে। এর পরই আছে ইরিত্রিয়া। দেশটির পাঁচ হাজার ৮১১ জন নাগরিক পৌঁছেছে ইতালিতে। আর এরপর আছে মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাম।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস/আনসা

বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁ

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। ফলে বিপাকে পড়েছেন এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা।
তিনি লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়ান বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ।
এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ। এবার তাকে বিদায় জানানোর পালা।”

শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বাইবাসী। অভিনেত্রী আরো জানান, শেষবারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা।
এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দুজনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষভাবে প্রশংসিত ছিল।
গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর। –টাইমস অব ইন্ডিয়া।

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন নবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ড এতদিন ছিল শুধু সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ড ভাগ বসালেন আফগান তারকা মোহাম্মদ নবি।

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে এই কীর্তি গড়েছেন নবি। ফখর জামানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর আরও একটি উইকেট শিকার করেন নবি। ম্যাচে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন এই স্পিনার।

পাশাপাশি আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন মোহাম্মদ নবি। সাকিবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন এই আফগান তারকা।

আফগানদের হয়ে এখন পর্যন্ত ১৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১০১ উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবি। পাশাপাশি ব্যাট হাতে ২২.২৪ গড় ও ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে করেছেন ২২৪৬ রান।

অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে ২৫৫১ রানের পাশাপাশি বল হাতে ১৪৯ উইকেট রয়েছে সাকিবের নামের পাশে।

ডাকসু নির্বাচন নিয়ে ফুলকোর্টে শুনানি আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) ফুলকোর্ট শুনানির পর আদেশ আসবে বলেও জানা গেছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। পরে ফেসবুকে দেয়া এক পোস্টেও তিনি বিষয়টি জানান।

এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। একই দিন ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত।

গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে এরইমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোেআলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেয়া হয়েছে এ নির্বাচনে।