বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সেনার পরিবর্তে গাজায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে ইসরায়েল

গাজা উপত্যকার গাজা শহরে স্থলসেনা মোতায়েনের পরিবর্তে ‘দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরকভর্তি রোবট’ দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নতুন এই যুদ্ধকৌশল সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে ইসরায়েল প্রায় ১০ লাখ মানুষের গাজা নগরীতে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতি রাতেই বড় বড় বিস্ফোরণে শহরটি কেঁপে উঠছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থলসেনা মোতায়েনের পরিবর্তে দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরকভর্তি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) পাঠাচ্ছে।
এই নতুন যুদ্ধকৌশলের কেন্দ্রে আছে দূরনিয়ন্ত্রিত যানগুলো, যা দূর থেকে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে তারপর বিস্ফোরণ ঘটানো হয়। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। কিছু ক্ষেত্রে এই যানগুলো রাস্তার বিভিন্ন জায়গায় বিস্ফোরকভর্তি ব্যারেল ফেলে পরে একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে পুরো এলাকার সর্বোচ্চ ক্ষতি হয়।

ফিলিস্তিনি যুবক হামজা শাবান জানান, সাধারণত রাত ১০টা বা ১১টার দিকে যখন মানুষ ঘুমাতে যায়, তখনই বিস্ফোরণ শুরু হয় আর প্রতি রাতেই এমন ৮ থেকে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এসব বিস্ফোরণ ভীষণ শক্তিশালী, যা পুরো ভবনকে গুঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে।
হামজা শাবান ইসরায়েলের অনেক হামলা দেখেছেন। তিনি এফ-১৬ যুদ্ধবিমানের হামলার ধ্বংসযজ্ঞের সঙ্গেও পরিচিত। তবে এবারের ধ্বংসযজ্ঞের মাত্রা সম্পূর্ণ ভিন্ন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘এসব রোবটের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এগুলো বিমান হামলার চেয়েও অনেক বেশি বিধ্বংসী।’

গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ আগস্ট থেকে উপত্যকার জনবহুল এলাকায় অন্তত ১০০টি বিস্ফোরক রোবট ব্যবহার করা হয়েছে।

অলাভজনক সংস্থা ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী, এসব বিস্ফোরণে প্রতিদিন প্রায় ৩০০টি আবাসিক ইউনিট ধ্বংস হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিটি রোবটে প্রায় সাত টন পর্যন্ত প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক ভরা থাকে।
এই রোবটগুলোর ব্যবহার গাজা নগরীর উত্তর, পূর্ব ও দক্ষিণের এলাকাগুলোতে বেশি হচ্ছে।

অবশেষে নেপালে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেপাল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

এর আগে সোমবার রাজধানী কাঠমান্ডুতে হাজারো তরুণ সংসদ ভবনে প্রবেশ করে ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরপর সোমবার রাতে জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘জেনারেশন জেড-এর দাবির প্রতি সাড়া দিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ গণমাধ্যমকে জানান।

কেবল রাজধানী নয়, রাজধানীর বাইরের শহরগুলোতেও বিক্ষোভ হয়। এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।
নেপালে ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে লাখো ব্যবহারকারী রয়েছে। তারা বিনোদন, খবর এবং ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল।

ভুয়া খবর, হিংসাত্মক বক্তব্য ও অনলাইন প্রতারণা নিয়ন্ত্রণের অজুহাতে সরকার গত সপ্তাহে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে রাস্তায় নামা তরুণরা জানান, তারা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেও প্রতিবাদ করছেন।
তাদের হাতে থাকা অনেক প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘এবার যথেষ্ট হয়েছে’ এবং ‘দুর্নীতি বন্ধ করো’।

ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা নিয়ে টিএসসিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো হবে। পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’

মো. সাজ্জাত আলী বলেন, ‘কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপর্দ করতে হবে।
ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশ কঠোর তৎপর রয়েছে। সাইবার বুলিং বন্ধেও কার্যক্রম চালানো হচ্ছে।’

ডিএমপি কমিশনার আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক মাস ধরে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আশ্বস্ত করে বলেন, ‘শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার মধ্যে থেকেই নির্বাচন হবে, কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ছাড়াও কয়েকজন বিভাগীয় কোটা থেকে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

আসছে ‘পুষ্পা’র তৃতীয় কিস্তি, জানালেন পরিচালক

সদ্যই দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল সিমা পুরস্কার (সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস)। এবারের আসরে ‘পুষ্পা ২ : দ্য রুল’র জন্য পাঁচটি বড় পুরস্কার জিতেছে পুষ্পা টিম।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুকুমার, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, সংগীত সুরকার দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি।

পুরস্কার জেতার পরই সিনেমাটির পরিচালক সুকুমার নিশ্চিত করেছেন যে সিনেমার তৃতীয় ভাগ অর্থাৎ, ‘পুষ্পা ৩ : দ্য র‍্যাম্পেজ’ অবশ্যই তৈরি করা হবে।

পুরস্কার নিতে মঞ্চে ওঠা অভিনেতাদের উদ্দেশে সঞ্চালক প্রশ্ন করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াত-এর বিখ্যাত সংলাপকে মনে করায়। এরপর সেই সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান যে, ‘পুষ্পা ৩’ তৈরি হবে নাকি বাতিল করা হবে?

এরপর সুকুমার প্রযোজকের দিকে তাকান এবং তারা সম্মানিত হওয়ার পর জবাব দেন, ‘অবশ্যই আমরা পুষ্পা ৩ তৈরি করছি।’ যা শুনে সঞ্চালক এবং দর্শকরা ​​উল্লাস করেন।

সিমা-তে আল্লু অর্জুন সেরা অভিনেতা, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী সেরা সঙ্গীত পরিচালক এবং পিলিং গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক শিল্পীর পুরস্কার পান।

খবরটি শেয়ার করে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধন্যবাদ সিমা, ক্রমাগত ভালোবাসা ও স্বীকৃতির জন্য। পরপর ৩টি সিমা পুরস্কার জেতা সত্যিই একটি সম্মানের মুহূর্ত। সকল বিজয়ী ও মনোনীতদের অভিনন্দন। এই কৃতিত্ব আমার পরিচালকের জন্য।
প্রতিটা শিল্পী, আমার টেকনিশিয়ান, আমার প্রযোজক এবং ‘পুষ্পা’র পুরো ক্রুক এবং আমি এই পুরস্কারগুলি আমার ভক্তদের উৎসর্গ করছি…অবিচল ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না বলেও জানান তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না।
গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সেসব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি।
সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।’

তিনি আরো বলেন, ‘আমরা সরকার গঠন করতে সক্ষম হলে কিসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।’

তারেক রহমান বলেন, ‘অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি।
পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধ হয় সত্য হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।’

তিনি বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহি—সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল।’

আরিয়ানের হাত ধরে পর্দায় একসঙ্গে হাজির বলিউডের তিন খান

তিন দশকের ক্যারিয়ারে কখনোই পর্দায় একসঙ্গে দেখা যায়নি বলিউডের তিন খানকে। তবে সাম্প্রতিক সময়ে আমির একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তা নিয়ে শাহরুখ-সালমানের সঙ্গেও আলোচনা করেছিলেন। এরপর থেকে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে একসঙ্গে দেখার।

অবশেষে এক ছাতার নিচে দেখা গেল বলিউডের তিন খান—শাহরুখ, সালমান, আমিরকে।
তাও আবার আরিয়ান খানের হাত ধরে।

সোমবার বিকেলে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’-এর ট্রেলার। ৩ মিনিট ২৯ সেকেন্ডের হাই ভোল্টেজ ট্রেলারে দেখা গেল আমির খানকে। ট্রেলারের শেষ দিকে এসে চমকে দেন বলিউড বাদশাহ শাহরুখ খান, ব্যাকগ্রাউন্ডে তখন বাজতে শোনা গেছে তারই সিনেমার ‘বাদশাহ’ গানটি।

এর আগে সিরিজটির প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছিল সালমান খানকে।

ভক্তদের অধীর আগ্রহের অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে এবার। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হলেন বলিউডের এই তিন ব্যয়বহুল তারকা।

এর আগে বিষয়টি নিয়ে গুঞ্জন উঠলে ভক্তরাও চমকে যান।
সেসময় নেটাগরিকরা মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।’

উল্লেখ্য, ‘ব্যাড্স অব বলিউড’ দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

সিরিজ জয়ের অর্থ বন্যার্তদের দিলেন শাহীন আফ্রিদি-সালমানরা

ভূপেন হাজারিকার গাওয়া ‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত গানটি শুনে থাকলে নিশ্চয়ই এখন নিজেদের নিয়ে গর্ববোধ করতেন শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আগারা। কেননা গর্ববোধ করার মতোই এক কাজ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

বিখ্যাত গানটির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা দিয়েছেন প্রয়াত গায়ক হাজারিকা তার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহীন আফ্রিদি-সালমানরা। পাকিস্তানের বন্যাদূর্গত লোকদের পাশে দাঁড়িয়ে।
ত্রিদেশীয় সিরিজ জয়ের অর্থ ক্ষতিগ্রস্ত লোকদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন পাকিস্তানের অধিনায়ক সালমান। তিনি লিখেছেন, ‘দল হিসেবে আমরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশ কঠিন সময় পার করছে।
শাহীন আফ্রিদি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি ত্রিদেশীয় সিরিজের অর্থ বন্যার্তদের জন্য দান করব। যাদের জীবন বিপন্ন হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন অঙ্গনের তারকাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

পাকিস্তানের পাঞ্জাবে হওয়া গত জুনে শুরু হওয়া ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯ শতাধিকের ওপরে মানুষের প্রাণহানি হয়েছে। প্লাবিত হয়েছে প্রায় ১৫০০ গ্রাম।
সঙ্গে ১০ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান।

গতকাল শারজায় ত্রিদেশীয় ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ব্যাট করে ১৪২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে গুটিয়ে যায় আফগানরা।
তাদের একাই গুঁড়িয়ে দেন মোহাম্মদ নওয়াজ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার পথে করেছেন হ্যাটট্রিক। কীর্তিটি গড়েছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের পঞ্চম ও শেষ বলে আউট করার পর অষ্টম ওভারের প্রথম বলে হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি স্পিনার। ১৯ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা নওয়াজ ব্যাটিংয়েও দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। ত্রিদেশীয় সিরিজের অপর দল ছিল সংযুক্ত আরব আমিরাত।

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ৫৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুজন মারা গেছে।
অন্যদিকে গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৭ জন মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।

ডাকসু নির্বাচন ঘিরে বন্ধ ঢাবির মেট্রো রেলস্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মেট্রো রেলস্টেশন বন্ধ রেখেছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সোমবার বিকাল ৪টা থেকে তা কার্যকর হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। যাত্রীদের প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার আহ্বান জানানো হচ্ছে।