বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করল মিশর

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল মিশর। বুরকিনা ফাসোর মাঠে গোলশূন্য ড্রয়ে শেষ করায় এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে সালাহদের। জয় পেলেই দুই ম্যাচ বাকি থাকতেই জায়গা পাকা হয়ে যেত হোসাম হাসানের দলের।

উগাডুগুতে অনুষ্ঠিত ম্যাচে ৬৬ মিনিটে ওসামা ফাইসালের গোলেই মনে হচ্ছিল কাঙ্ক্ষিত জয় পেতে চলেছে মিশর।
তবে সঙ্গে সঙ্গেই অফসাইড পতাকা উঠলে গোল বাতিল হয়ে যায়।

শুরুর দিকেই বড় ধাক্কা খায় মিশর। মাত্র ৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ওমর মারমুশ। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহও ছিলেন ফিকে, ফলে আক্রমণে ধার হারায় দল।

এর আগে শুক্রবার রাতে কায়রোতে ইথিওপিয়াকে ২-০ গোলে হারাতে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন সালাহ ও মারমুশ। কিন্তু বুরকিনার বিপক্ষে ওপেন প্লে থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মিশর। এদিন গ্রুপ পর্বে প্রথমবার গোলশূন্য থাকল তারা।

ট্রেজেগে অবশ্য চেষ্টা করেছিলেন, ম্যাচের একমাত্র দুটি অন টার্গেট শট আসে তার পা থেকে।
তবে সালাহ ও ট্রেজেগের মতো তারকা ফরোয়ার্ডদের নিয়েও জালের দেখা পায়নি মিশরীয়রা।

অন্যদিকে, প্রথমবার নিজেদের সংস্কারকৃত স্টেডিয়ামে খেলতে নামা বুরকিনা ফাসো দুটি অর্ধেই হেড থেকে গোলের সুযোগ তৈরি করে। প্রথমার্ধে এডমন্ড টাপসোবার হেড একটু উঁচু দিয়ে যায়, আর শেষ দিকে দাঙ্গো ওয়াত্তারার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

ড্রয়ের ফলে গ্রুপে শীর্ষে থাকলেও এখনো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি মিশর। পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকা বুরকিনা ফাসো টিকে আছে সমীকরণে।
তবে তাদের জিততে হবে বাকি দুই ম্যাচে, একইসঙ্গে মিশরকে হারতে হবে দুর্বল প্রতিপক্ষ জিবুতি ও গিনি-বিসাউয়ের বিপক্ষে।

হোসাম হাসান চেয়েছিলেন সেই মাঠে কোয়ালিফিকেশন উদযাপন করতে, যেখানে অধিনায়ক হয়ে ১৯৯৮ আফ্রিকা কাপ অব নেশনস জিতেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

রেকর্ড সাতবার আফ্রিকা কাপ জয়ী মিশর এর আগে মাত্র তিনবার খেলতে পেরেছে বিশ্বকাপে—১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে। এবারও স্বপ্ন পূরণে অপেক্ষা বাড়ল তাদের।

ডাকসুর ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম জয় পেয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

রোনালদোর রেকর্ড ছোঁয়া গোল, নাটকীয় জয় পর্তুগালের

ক্রিস্তিয়ানো রোনালদো আবারও লিখলেন নতুন অধ্যায়। মঙ্গলবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গোল করে বিশ্বকাপ বাছাই ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

৪০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড এখন পর্যন্ত বাছাইপর্বে গোল করেছেন ৩৯টি। যা গোয়াতেমালার কার্লোস রুইজের সমান।
একই সঙ্গে লিওনেল মেসির চেয়ে তিন গোল এগিয়ে গেলেন তিনি। এই গোলে জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১, যা কোনো পুরুষ ফুটবলারের পক্ষে সর্বোচ্চ।

ম্যাচে ২১ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা পর্তুগালকে সমতায় ফেরান।
বিরতির পর ৫৮ মিনিটে স্পটকিক থেকে রোনালদো রেকর্ড ছোঁয়া গোলটি করে দলকে এগিয়ে দেন।

৮৪ মিনিটে আবারও গোল করেন ভার্গা, ফলে ম্যাচে ড্রয়ের আভাস দেখা যাচ্ছিল। কিন্তু দুই মিনিট পর হঠাৎই জোও ক্যানসেলোর গোল নিশ্চিত করে পর্তুগালের নাটকীয় জয়।

শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে এখন রবার্তো মার্টিনেজের দল। হাঙ্গেরি এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, সমান পয়েন্টে রয়েছে আয়ারল্যান্ডও। দ্বিতীয় স্থানে থাকা আর্মেনিয়ার পয়েন্ট ৩।

হালান্ডের পাঁচ গোল, মলদোভাকে উড়িয়ে বিশ্বকাপের পথে নরওয়ে

নরওয়ের বিশ্বকাপ স্বপ্নপূরণে আবারও ত্রাতা হয়ে উঠলেন আর্লিং হালান্ড। মঙ্গলবার অসলোর উলেভাল স্টেডিয়ামে মলদোভার বিপক্ষে হ্যাটট্রিক নয়, এক ম্যাচেই পাঁচ গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা, সঙ্গে সহায়তা করেছেন আরো দুটি গোলে। নরওয়ে ম্যাচটি জিতেছে ১১-১ গোলের ব্যবধানে।

এই পারফরম্যান্সের পর নরওয়ের হয়ে হালান্ডের গোল সংখ্যা দাঁড়াল ৪৫ ম্যাচে ৪৮।
এর আগে প্রিমিয়ার লিগে প্রথম ১০০ ম্যাচে সর্বোচ্চ ৮৮ গোল করে নতুন রেকর্ড গড়েছিলেন তিনি।

ম্যাচের শুরুতেই ষষ্ঠ মিনিটে ফেলিক্স হর্ন মিহরের গোলে অ্যাসিস্ট করেন হালান্ড। এরপর প্রথমার্ধের ১১,৩৬ ও ৪৩ মিনিটে গোল করে ৩২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিরতির পর সপ্তম মিনিটে নিজের চতুর্থ গোল এবং ৮৩ মিনিটে পঞ্চম গোল করেন এই তারকা।
এই গোলের মাধ্যমে চলমান বাছাইপর্বে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯— যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এটি নরওয়ের হয়ে এক ম্যাচে তার প্রথম পাঁচ গোলের কীর্তি। এর আগে ম্যানচেস্টার সিটির হয়ে দু’বার এমন কীর্তি গড়েছিলেন। তার দুটি গোলের অ্যাসিস্ট করেছেন আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
বিরতির আগে নিজেও একটি গোল করেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে রেঞ্জার্সের তরুণ থেলো আসগার্ড বদলি নামার পর একাই করেন চার গোল।

৬৪ মিনিটে বদলি নামার পর ৬৮, ৭৬ ও ৭৯ মিনিটে ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে যোগ করা সময়ে হালান্ডের পাশ থেকে করেন নিজের চতুর্থ গোল।

৭৪ মিনিটে লিও ওস্তিগার্ডের আত্মঘাতী গোলে মলদোভা সান্ত্বনার গোল পায়। তবে নরওয়ে ম্যাচটি শেষ করে ১১-১ ব্যবধানে, যা তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো এক ম্যাচে ১১ গোলের কীর্তি।
তবু ১৯৪৬ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ১২-০ জয়ের রেকর্ড ছাড়াতে পারেনি তারা।

এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থাকা নরওয়ে ইতালির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেল। ইউরো ২০০০-এর পর কোনো বড় টুর্নামেন্টে খেলতে পারেনি নরওয়ে। সর্বশেষ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৯৯৮ সালে। অর্থাৎ, হালান্ড এখনো দেশের হয়ে কোনো বড় আসরে খেলেননি।

স্টালে সলবাকেনের দল এখন পর্যন্ত পাঁচ ম্যাচেই জয় পেয়েছে। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইসরায়েল ও এস্তোনিয়া, এরপর ১৬ নভেম্বর ইতালির বিপক্ষে হতে পারে সম্ভাব্য শিরোপা-নির্ধারণী ম্যাচ।

উল্লেখ্য, শুধু গ্রুপ চ্যাম্পিয়নরাই সরাসরি জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপে। রানার্স-আপ দলকে লড়তে হবে প্লে-অফে।

অভিনব পন্থায় নির্বাচনে কারচুপি হয়েছে : উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সাথে কী পরিমাণ বেঈমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

আজ বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

উমামা ফাতেমা বলেন, কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা।
মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। তিনি বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

এর আগে সাড়ে ৩টার দিকে আরেক স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।
শিবির পালিত প্রশাসন।

ইকুয়েডরের কাছে হেরে বাছাই পর্ব শেষ করল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া।

গত বছর জুলাইয়ে বাছাইয়ের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে তাদের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিল ইকুয়েডর। এবার বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ হারের স্বাদ পেল।

লিওনেল মেসি এদিন বিশ্রামে ছিলেন। সর্বশেষ ভেনেজুয়েলা ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন আনা স্কালোনি দলের শেষটা ভালোভাবে শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ম্যাচের ৩১ মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে এনের ভ্যালেন্সিয়ার গোলের মাধ্যমে একুয়েডর এগিয়ে যায়।

একজন কম নিয়ে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডরও ১০ জনের দলে পরিণত হয়। বাজে ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় মইসেস কাইসেদোকে। তবে আর্জেন্টিনার খেলোয়াড়রা এই সুবিধা কাজে লাগাতে পারেনি।
পুরো ম্যাচে লাউতারো মার্তিনেজ, নিকো গনজালেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরা লক্ষ্য বরাবর একটিও শট নিতে পারেননি। এর ফলে আর্জেন্টিনার জন্য ছয় ম্যাচ পর হারের তেতো স্বাদ পেয়েই বাছাইপর্ব শেষ হলো।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করার পর এবার আর্জেন্টিনা বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ১১ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

আবারও বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ২০৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

ফের আইনি বিপাকে আল্লু অর্জুন, ভাঙা হতে পারে অভিনেতার বাড়ি!

গত বছরও বিতর্কে জড়িয়েছিলেন অল্লু। মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘পুষ্পা ২’। তাঁর ছবির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার।

গেল বছর থেকে যেন একের পর বিতর্কে জড়াচ্ছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন।
হায়দরাবাদে জুবিলি হিল্‌স-এ অভিনেতার একটি বহুতলকে ঘিরে সমস্যার সূত্রপাত, যার জেরে আবারও আইনি জটিলতায় আল্লু।

জুবিলি হিল্‌স-এ ‘আল্লু বিজনেস পার্ক’ নামের এই বহুতল ভবনে সপরিবারে আল্লু। বাড়িটি বেআইনি বলে দাবি করে আল্লুকে ও তার পরিবারকে একটি শো-কজ নোটিস দিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশন (জিএইচএমসি)। বহুতল ভবনটি পরিদর্শনের পরেই অভিনেতা ও তার পরিবারকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এর দাবি, আল্লু অর্জুনের এই বহুতল ভবন নাকি বেআইনিভাবে তৈরি হয়েছে।

প্রথমত, এই জমিতে নাকি ১২২৬ বর্গগজের বহুতল ভবন তৈরির অনুমতি ছিল। ভবনটি যেন পাঁচতলা (জি+ফোর) হয় তাও প্রথমেই বলা হয়েছিল। কিন্তু জিএইচএমসি-র পক্ষ থেকে পরিদর্শন করে দেখা যায়, অনুমোদিত মাপের বাইরে তৈরি হয়েছে সেই বহুতল।
একেবারে ওপরের তলায় আরও একটি তল যুক্ত করা হয়েছে, যা বেআইনি।

কেন পৌরসভার নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে বহুতল ভবন নির্মাণ করা হলো, আল্লুকে সেই প্রশ্ন করা হয়েছে। বেআইনি নির্মাণের যুক্তিসঙ্গত কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। সদুত্তর না মিললে এই বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সাবধান করা হয়েছে দক্ষিণী তারকাকে।

জানা গেছে, এই বহুতল ভবনটি তৈরি করা হয়েছে ২ বছর আগে।
‘আল্লু বিজনেস পার্ক’-এ অভিনেতার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে।

এখনো পর্যন্ত আল্লু বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দোহায় হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলা

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিস্ফোরণ দেখা ও শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এগুলো ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যাচেষ্টার ফল।

ইসরায়েল প্রথমবার কাতারে এ ধরনের হামলা চালাল। দেশটি ইসরায়েল ও হামাসের মধ্যে নিরবচ্ছিন্ন যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে।
পাশাপাশি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটির অবস্থানও কাতারে। অন্যদিকে গাজা, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে প্রতিদিন হামলা চালাচ্ছে।

হামাসের একটি সূত্র আলজাজিরাকে বলেছে, এ হামলা হামাসের আলোচনাকারী দলকে লক্ষ্য করে করা হয়েছে।
হামাসের আলোচনাকারীরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ শান্তি চুক্তি বিবেচনা করতে বৈঠক করার সময় এ হামলা হয়।

এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও শিন বেট সম্প্রতি বিমানবাহিনীকে ব্যবহার করে সন্ত্রাসী সংস্থা হামাসের শীর্ষ নেতৃত্বের ওপর লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যেসব নেতার ওপর হামলা চালানো হয়েছে, তারা বছরের পর বছর সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছে এবং ৭ অক্টোবরের হত্যাযজ্ঞ চালানোর ও ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য সরাসরি দায়ী।

সেনাবাহিনী বলেছে, হামলার আগে ‘অপ্রাসঙ্গিক ব্যক্তিদের ক্ষতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য অন্তর্ভুক্ত’।

অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে ‘সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে’, যা হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক ভবনে চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং কাতারিদের ও কাতারে বসবাসকারী লোকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

মাজেদ আল আনসারি আরো জানিয়েছেন, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার রাষ্ট্র জোর দিয়ে বলছে, এটি কোনোভাবেই ইসরায়েলের এই বেপরোয়া আচরণ ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে এর অব্যাহত হস্তক্ষেপ সহ্য করবে না, পাশাপাশি এর কোনো কার্যক্রম, যা কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করবে, তাও মেনে নেবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং আরো তথ্য পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জানানো হবে।

আবাসিক এলাকায় হামলা
এদিকে আলজাজিরা আরবি প্রতিবেদক সুহাইব আল-আসা জানিয়েছেন, দোহায় হামলার স্থান একটি আবাসিক এলাকার কাছে, কোনো পৃথক এলাকা নয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রাথমিক অগ্রাধিকার হামলাস্থল নিরাপদ করা এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহ করা।

তিনি আরো বলেন, ‘নিরাপত্তা প্রক্রিয়াগুলো খুবই জটিল। কারণ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল স্থানের কথা বলছি, যা আবাসিক ভবনের ও মানুষের ঘরের খুব কাছে।’

গাজার গণহত্যায় ‘প্ররোচিত’
দোহায় এই হামলার দুই সপ্তাহের কম সময়ের আগে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তার শীর্ষ কমান্ডারদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন বৈঠকের পর ঘোষণা করেছিলেন, তারা হামাসের নেতাদের ওপর যেকোনো আন্তর্জাতিক স্থানে হামলা করবে।

জামির ৩১ আগস্ট বলেছিলেন, ‘হামাসের অধিকাংশ নেতৃত্ব বিদেশে আছে এবং আমরা তাদের কাছেও পৌঁছব।’

আলজাজিরা প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, দোহায় এই অভূতপূর্ব হামলা, যেখানে গাজার সম্ভাব্য শান্তি চুক্তি আলোচনা হচ্ছে, প্রমাণ করে যে ইসরায়েল ‘গণহত্যা চালিয়ে ও দণ্ডমুক্ত থেকে’ কতটা প্ররোচিত হয়েছে।

জর্দানের আম্মান থেকে আলজাজিরার হামদাহ সালহুত বলেন, তৃতীয় দেশে এই হামলা হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার তেহরানে হত্যার সঙ্গে তুলনীয়।

১৮৫ কোটি টাকা এসএমই ঋণ পেয়েছে ২৮০০ উদ্যোক্তা : শিল্প উপদেষ্টা

এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এ পর্যন্ত প্রায় দুই হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এসএমই ফাউন্ডেশন ও দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বায়ার-সেলার সামিট ২০২৫ সমাপনী অনুষ্ঠান এ কথা বলেন উপদেষ্টা। এতে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

আদিলুর রহমান খান বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে ৩০ শতাংশ অবদান রাখছে।
শিল্প কর্মসংস্থানের ৮৫ শতাংশ সৃষ্টি করছে। এসএমই ফাউন্ডেশন নীতি সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এই পর্যন্ত দুই হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ প্রদান করেছে।’

তিনি বলেন বলেন, এসএমই ফাউন্ডেশনের এই আয়োজন ক্লাস্টারভিত্তিক তৃণমূল উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক ক্রেতাদের সঙ্গে যুক্ত, নতুন বাজার তৈরি করা এবং মেন্টরিংয়ের মাধ্যমে তাদের ব্যবসায়িক বিকাশে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ডিভিশন ডিরেক্টর জঁ পেম, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমানসহ উদ্যোক্তারা। আলোচনা শেষে শিল্প উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের ডিরেক্টর উদ্যোক্তাদের তৈরি করা পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।