বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় একদিনে আরও অন্তত ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় দুই বছর আগে শুরু হওয়া বর্বর এই অভিযানে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৬৪ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৬৪ হাজার ৬৫৬ জনের বেশি। এছাড়া গাজা শহর দখলে নিতে ইসরায়েল তাদের হামলা আরও তীব্র করেছে। শহরটিতে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস করেন।

এদিকে বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এছাড়া পশ্চিম গাজা শহরের বহুতলবিশিষ্ট টিবা–২ আবাসিক ভবনে ইসরায়েলি সেনারা বোমাবর্ষণ করে। আগে থেকেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও হামলায় দুইজন নিহত হন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

আরেকটি ড্রোন হামলা হয় আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে প্যালেস্টাইন স্কোয়ারে একটি তাঁবুতে। এতে এক বেসামরিক নাগরিক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

শেখ রাদওয়ান এলাকায় একত্রিত হওয়া ফিলিস্তিনিদের ওপরও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত হন। ওই এলাকায় ধারাবাহিক হামলা চালানো হচ্ছে বলেও জানা গেছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে একজন নিহত হন এবং অনেকে আহত হন। দেইর আল-বালাহ শহরে একটি তাঁবুতে ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন।

দক্ষিণ গাজার খান ইউনিসের জালাল স্ট্রিটে ইসরায়েলি গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু।

আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এই অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় অভিযানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

ইসরায়েলের হামলায় ইয়েমেন ৯ জন নিহত, আহত ১১৮

ইয়েমেনের রাজধানী সানার আল-জাওয়াফে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অন্তত ১০টি যুদ্ধবিমান ১৫টি বোমা ফেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) চালানো এ হামলায় ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত আছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

দখলদার ইসরায়েল বেসামরিক ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে। যারমধ্যে আল-তারিফ এলাকার সাধারণ মানুষের বসতঘরও রয়েছে। এছাড়া শহরের দক্ষিণ-পশ্চিম দিকের ৬০নং সড়কের একটি স্বাস্থ্যকেন্দ্রেও ইসরায়েল বোমাবর্ষণ করেছে। আল-জাওয়াফের একটি সরকারি ভবনেও হামলা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার সত্যতা নিশ্চিত করেছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, দুদিন আগে তাদের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জবাবে আজকে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি টিভি আল-মাসিরাহ জানিয়েছে, মিডিয়ার হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েল দাবি করেছে, মিডিয়ার এ হেডকোয়ার্টার থেকে হুতিরা প্রোপাগান্ডা ছড়াতো।

এরআগে গতকাল কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃ্ন্দকে টার্গেট করা হয়। যদিও হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। তবে এতে ছয়জনের মৃত্যু হয়। কাতারে হামলার পর ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে আরব দেশগুলো এর তীব্র নিন্দা জানায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ইয়েমেনে বড় ধরনের হামলা চালালো তারা।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

কাতারে ইসরায়েলি হামলায় তারেক রহমানের উদ্বেগ

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষদের এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার আমরা আহ্বান জানাই।

তিনি বলেন, আমাদের উচিত একটি জরুরি যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া।

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এ অভিনন্দন জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি।
গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারো তাদের অভিনন্দন জানাই।
২৪-এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম।

তিনি আরো বলেন, আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে। যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমতা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন, বেশ কয়েকটি ভূপাতিত

রাশিয়ার একাধিক ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করার পর ভূপাতিত করা হয়েছে বলে পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার পোল্যান্ড সরাসরি রুশ সামরিক সম্পদের বিরুদ্ধে পদক্ষেপ নিল। পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, তখন থেকেই তারা পোলিশ আকাশসীমায় অভিযান শুরু করে।

আজ বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। ন্যাটো সদস্য এই দেশ ঘটনাটিকে ‘আগ্রাসনের ফল’ বলে উল্লেখ করেছে। এটি চলমান যুদ্ধে প্রথমবারের মতো ন্যাটোর কোনো সদস্য দেশ রাশিয়ান ড্রোনে গুলি চালাল।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, বিপুল সংখ্যক রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং যেগুলো সরাসরি হুমকি সৃষ্টি করেছে, সেগুলো ভূপাতিত করা হয়েছে।
ন্যাটোর মুখপাত্র বলেছেন, ‘ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোলিশ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জোটটি পোল্যান্ডের সঙ্গে পরামর্শ করছে।’

পোল্যান্ডের সামরিক কমান্ড জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী হামলার সময় বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে ড্রোন। তবে এসব অনুপ্রবেশ ঠেকাতে গৃহীত অভিযান এখন শেষ হয়েছে। রাডার ১০টিরও বেশি বস্তু শনাক্ত করেছে, যেগুলো হুমকি তৈরি করেছিল সেগুলো ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বস্তুগুলো যেখানে ভূপাতিত হয়েছে সেই সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করার জন্য অনুসন্ধান চলছে।’ এ ঘটনায় পোল্যান্ডের জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে এবং পোডলাস্কি, মাজোভিয়েস্কি ও লুবলিন অঞ্চলের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘এটি আগ্রাসনের একটি ঘটনা, যা আমাদের নাগরিকদের নিরাপত্তার হুমকি তৈরি করেছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে অবহিত হয়েছেন বলে সিএনএন প্রতিবেদক কাইটলান কলিন্স মঙ্গলবার জানিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
ন্যাটোও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ান ড্রোন কয়েকবার ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলোর আকাশসীমায় ঢুকেছে, যার মধ্যে পোল্যান্ড ও রোমানিয়াও রয়েছে। তবে এতদিন সেগুলো ভূপাতিত করা থেকে বিরত থেকেছে এসব দেশ। কর্মকর্তারা এর আগে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপে ঝুঁকি তৈরি হতে পারে এবং রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক রাতেই রাশিয়া ৪১৫টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অন্তত ৮টি ড্রোন ছিল ‘পোল্যান্ডের দিকে লক্ষ্য করে।’ তিনি বলেন, ‘এটি ইউরোপের জন্য এক অত্যন্ত বিপজ্জনক নজির। একটি শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন এবং তা হতে পারে কেবল ইউক্রেন, পোল্যান্ড, সমগ্র ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিক্রিয়া।’

পশ্চিম ইউরোপের এই দাবি, একদিন রাশিয়া ন্যাটো সদস্য দেশ আক্রমণ করতে পারে। এটা তা ভিত্তিহীন বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এটি রাশিয়াকে শত্রু হিসেবে উপস্থাপনের কৌশল বলে তিনি বলেছেন। রাশিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে যুদ্ধে উসকে দেওয়ার কোনো ইচ্ছা পোষণ করে না।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত দেশের সবচেয়ে বড় বিমানবন্দর চোপিন এয়ারপোর্ট কয়েক ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটে বিঘ্ন ও বিলম্ব ঘটতে পারে। তবে পূর্ব পোল্যান্ডের লুবলিন শহরের বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় ভোলিন ও লভিভসহ প্রায় পুরো ইউক্রেনই রাতভর বিমান হামলার সতর্কতায় ছিল। এর আগে ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছিল, রাশিয়ার ড্রোন ন্যাটো সদস্য পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে, যা জামোসচ শহরের জন্য হুমকি তৈরি করেছিল। তবে পরে তারা টেলিগ্রাম বার্তা থেকে এই বিবৃতি সরিয়ে নেয়।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন বলেছেন, ‘রাশিয়ান ড্রোনের মাধ্যমে ন্যাটোর আকাশসীমা বারবার লঙ্ঘন করা প্রমাণ করে, পুতিন আমাদের পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর সুরক্ষার অঙ্গীকারকে পরীক্ষা করছেন।’

তিনি এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনে পুতিন যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, তার পর এই অনুপ্রবেশগুলো উপেক্ষা করা যাবে না।’ রিপাবলিকান প্রতিনিধি জো উইলসন এক্স-এ লিখেছেন, ‘রাশিয়া ড্রোন দিয়ে ন্যাটো মিত্র পোল্যান্ডকে আক্রমণ করছে, এটি যুদ্ধের পদক্ষেপ।’

উইলসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়ে বলেছেন, এমন নিষেধাজ্ঞা আরোপ করা হোক যা, রাশিয়ার যুদ্ধযন্ত্রকে দেউলিয়া করে দেবে। তিনি বলেন, ‘ইউক্রেনে মায়েদের ও শিশুদের ওপর বোমা বর্ষণ করে পরাজয় বরণ করেই পুতিন এখন সন্তুষ্ট নন, তিনি সরাসরি ন্যাটোর ভূখণ্ডে আমাদের অঙ্গীকার পরীক্ষা করছেন।’

গত সপ্তাহান্তে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। কারণ কয়েক মাসের শান্তিচুক্তি আলোচনায় কোনো ফল আসেনি। এটি তার সবচেয়ে শক্ত ইঙ্গিত যে, তিনি ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় মস্কো বা তাদের তেল ক্রেতাদের ওপর চাপ বাড়াতে পারেন।

পোল্যান্ড ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণের কয়েক মাস পর থেকেই উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ এর আগে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পথ ভুলে দক্ষিণ পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হানে এবং দুইজন নিহত হন।

এরই মধ্যে পোল্যান্ড ঘোষণা করেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টায় বেলারুশের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। বেলারুশে রাশিয়া-নেতৃত্বাধীন সামরিক মহড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া ও বেলারুশের এই বৃহৎ মহড়া ‘জাপাদ’ ড্রিল নামে পরিচিত। প্রতিবেশি ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার নিরাপত্তা উদ্বেগও বেড়ে গেছে।

সূত্র : রয়টার্স

মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।

অভিনেত্রীর ভাষ্যে, ‘ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে ‘দেবী চৌধুরাণী’ হিসেবে কাজের সুযোগে সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল।’

তার কথায়, ‘অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি।
তাই, এটা না থাকলে তো আমিও নেই। সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুন ভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি।’

‘আমার যখন আট-নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছি। তারপরে একটা লম্বা যাত্রাপথ।
এই পথচলা নিয়ে আমি থাকতে, বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজেরটা একটু ভাবা উচিত।
মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত।’

শেষে বলেন, ‘তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গিয়েছে, সেই টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনও বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’

কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় ‘রোমাঞ্চিত নন’ ট্রাম্প

কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় রোমাঞ্চিত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলের হামলার পরিধি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে। ওই হামলায় ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার চেষ্টা করেছিল।

হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
তবে আলোচনার টেবিলে থাকা কোনো নেতাকে তারা হত্যা করতে পারেনি। কাতার এ হামলার নিন্দা জানিয়েছে বলেছে, এটি কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ। এখানে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।

ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনী তাকে আক্রমণের কথা জানিয়েছিল এবং তিনি তার বিশেষ দূতকে কাতারকে অবহিত করার জন্য ‘তাৎক্ষণিকভাবে নির্দেশ’ দিয়েছিলেন, কিন্তু ‘অনেক দেরি হয়ে গেছে’।

ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি বুধবার এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেবেন। তবে ইসরায়েলের হামলার ঘটনায় তিনি খুবই অসন্তুষ্ট। কাতারে ইসরায়েলের বিমান হামলা নিয়ে তিনি ‘খুশি নন’।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এ নিয়ে খুশি নই। এটি ভালো পরিস্থিতি নয়। তবে বলব, আমরা জিম্মিদের ফিরে পেতে চাই, কিন্তু আজ যেভাবে ঘটনা ঘটেছে, তাতে আমরা মোটেও খুশি নই।’ তিনি আরো বলেন, ‘আমি এ ব্যাপারে খুবই অসন্তুষ্ট, প্রতিটি দিক নিয়েই আমি খুব অসন্তুষ্ট।’

হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য দোহায় একটি আবাসিক ভবনে উপস্থিত হওয়ার পরই এটি লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১০টি গোলা নিক্ষেপ করা হয়।

সূত্র : বিবিসি

ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। তিন দিনের সফরে আগামী ১৪ সেপ্টেম্বর ব্রেন্ডান লিঞ্চের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র ব্রেন্ডান লিঞ্চের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লিঞ্চের এ সফরে দুই দেশের মধ্যকার শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য ও মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে লিঞ্চের বৈঠক হতে পারে।

জুলাই অভ্যুত্থানের আগে ও পরে দুই দফা ঢাকা সফর করেন লিঞ্চ।

কাতারে ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প

কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণ করে না এবং এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমওটি বলছে, কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা “ইসরায়েলেরও না, আমেরিকার লক্ষ্যও পূরণ করছে না” বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল বেছে নেওয়া নিয়েও তার “খুব খারাপ লেগেছে”।

মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন যে ইসরায়েল দোহায় হামলা চালাচ্ছে। তবে তিনি বলেন, তখন “দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে গেছে, হামলা থামানো সম্ভব হয়নি।”

ট্রাম্প জোর দিয়ে বলেন, “এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়”। তিনি কাতারকে “ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু” হিসেবেও আখ্যায়িত করেন।

হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে হামাস জানিয়েছে। তবে হামাস জানায়, তাদের নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছে।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, “যথাযথভাবে পরিকল্পিত হামলা” ছিল এটি। হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করেই এই হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, এ অভিযানে ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০টি বোমা একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামলার অনুমোদন তিনি নিজে দিয়েছেন এবং হামাস নেতাদের জন্য “কোনো রকম ছাড় থাকবে না।”

তবে ট্রাম্প এক বিরল অবস্থান নিয়ে নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন। তার ভাষায়, “কাতারের মতো একটি সার্বভৌম দেশ, যারা আমাদের ঘনিষ্ঠ মিত্র এবং শান্তি প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কাজ করছে, সেখানে একতরফা বোমাবর্ষণ ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাবে না।”

পরে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটার পদ্ধতি নিয়ে তিনি “খুবই অসন্তুষ্ট”। ট্রাম্প বলেন, “আমি পুরো ব্যাপারটায় মোটেই খুশি নই।”

তিনি হামাসের হাতে আটক সব ইসরায়েলি জিম্মির মুক্তি দাবি করেন এবং জানান, বুধবার এ বিষয়ে তিনি “পূর্ণাঙ্গ বিবৃতি” দেবেন। ট্রাম্প আরও বলেন, “মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমাকে কিছুই অবাক করে না।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে তাদের সহযোগিতা ও বন্ধুত্বের জন্য ফোনে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এ ধরনের ঘটনা আর তাদের মাটিতে ঘটবে না।

তবে ট্রাম্প তার পোস্টে আবারও বলেন, “গাজাবাসীর দুর্দশা থেকে যারা মুনাফা করেছে, সেই হামাসকে নির্মূল করা অবশ্যই প্রয়োজনীয়”। তিনি সব জিম্মি ও মৃতদেহ ফিরিয়ে আনার দাবি জানান এবং যুদ্ধের অবসান চেয়ে বলেন: “এখনই যুদ্ধ থামাতে হবে।

এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মহিউদ্দীন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিটে সিনেট ভবনে ভোটের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা।

এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।