বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নেপালের জেন জিদের দাবি মেনে ‘দুর্নীতি বন্ধের’ অঙ্গীকার কার্কির

দুর্নীতি দমনের জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণকারী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেন-জি বিক্ষোভে রাজনৈতিক পালাবদলের পর কার্কি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আজ রোববার থেকে তার কাজ শুরু করেছেন।

সুশীলা কার্কি বলেন, ‘আমাদের জেন জি প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে।
জেন জি যা দাবি করছে, তা হল-দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।’

গত শুক্রবার দায়িত্ব নেওয়ার পর ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি তার প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, ‘আপনাকে ও আমাকে এটি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।’

কার্কি আরো বলেন, তিনি ও তার অন্তর্বর্তীকালীন সরকার ‘ছয় মাসের বেশি একদিনও এখানে থাকবে না।’

আগামী ৫ মার্চ ২০২৬ সালে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা ভেনিজুয়েলার

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার একটি মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে কারাকাস। মার্কিন সামরিক বাহিনী মাদক চক্রদের ঠেকাতে টহল দেওয়ার সময় ভেনিজুয়েলার নৌযানটিকে আটক করে।

ভেনিজুয়েলা শনিবার অভিযোগ করেছে, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি মাছ ধরার নৌকাকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে আটক ও দখল করেছে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নৌযানটিকে আটক করে।

এক বিবৃতিতে শনিবার ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস জেসন ডানহাম ডেস্ট্রয়ার শুক্রবার ৯ জন জেলে বহনকারী একটি মাছ ধরার নৌযানকে ‘অবৈধ ও শত্রুতাপূর্ণভাবে’ আটক করে।

তিনি বিবৃতিতে আরো বলেন, যুদ্ধজাহাজটি থেকে ১৮ জন সশস্ত্র সেনা নেমে নৌযানটিকে দখলে রাখে। তারা টানা আট ঘণ্টা ধরে নৌযানটিকে আটকে রাখে।

এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত সামরিক শক্তির অবৈধ ব্যবহার ও সরাসরি উসকানি’ বলে উল্লেখ করেছেন তিনি।

গিল আরো অভিযোগ করে বলেন, যারা আটকের নির্দেশ দিয়েছেন, তারা কারাকাসের সরকার পরিবর্তনের লক্ষ্যে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ বৃদ্ধির ন্যায্যতা প্রমাণ করার জন্য একটি ঘটনা খুঁজছেন।

গিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দাবি করেছেন ‘ক্যারিবিয়ান অঞ্চলে নিরাপত্তা ও শান্তি বিপন্ন করে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করুন।’

মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান

এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে ম্যাচের একাদশ নিয়ে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান দল ওমানের বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় নিশ্চিত করা একাদশই রাখার পরিকল্পনা করছে।
তবে পেসার হারিস রউফ খেলবেন কি না তা চূড়ান্তভাবে স্টেডিয়ামে সিদ্ধান্ত নেওয়া হবে। একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে ৪.৩ ওভারে জয় তুলে নিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান ১৬০ রান করে ওমানকে ৬৭ রানে অলআউট করে ৯৩ রানে ম্যাচ জিতেছে।

টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১০ বার জয় পেয়েছে ভারত। তিনবার পাকিস্তান। পাকিস্তানের সর্বশেষ জয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা, হাসান নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

তীব্র নিন্দা আর বিনম্র শ্রদ্ধার গ্যাঁড়াকলে উপদেষ্টারা আটকা

‘আমাদের এক উপদেষ্টা- তাঁর ধরার কথা আসামি, তিনি করছেন প্রতিবাদ। জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানান। তীব্র নিন্দা জ্ঞাপন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের গ্যাঁড়াকলে উপদেষ্টারা আটকে গেছেন।’

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সরকারের উপদেষ্টাদের উদ্দেশে হাসনাত বলেন, আপনাদেরকে তীব্র নিন্দা জানাতে ওখানে বসানো হয় নাই, যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে ওখানে বসানো হয়েছে, আপনারা আমাদের সঙ্গে ফাজলামো করবেন না, জনগণ এসব প্রহসন বোঝে। তিনি বলেন,
এ উপদেষ্টা পরিষদ যদি মনে করে থাকে তাঁদের পাসপোর্ট প্রস্তুত, বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। আপনাদের জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসানো হয়েছে। দয়া করে জনমানুষের আকাঙ্খা পূরণ করুন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশে হাসনাত বলেন, দুই-একটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই গণ-অভ্যুত্থান হয়নি। আপনি দুই একটা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। তিনি বলেন, আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে জাতিকে প্রতারিত করছেন। আমরা অনেক আশা-ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য বলেছিলাম।
কিন্তু উপদেষ্টাদের অনেকেই দুর্নীতি করছেন, নিজের পরিবারের মানুষদের এই দুর্নীতির মধ্যে জড়িয়েছেন।

উঠান বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, আপনারা যদি মনে করেন, পশ্চিমের ভিসা কনফার্ম করে এই দেশের সঙ্গে নিজের স্বার্থ নিশ্চিত করে যেমন-তেমন একটা নির্বাচন দিয়ে পালিয়ে যাবেন, ছাত্র-জনতা আপনাদের মাফ করবে না। তিনি আরো বলেন, আমরা মরে যাইনি। যে কাজের জন্য আপনাদের আনা হয়েছে, সেই কাজ করুন।
নির্বাচনে খুব দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। নতুন সংবিধান প্রণয়নে সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, গণপরিষদের কথা বলা হয়েছিল, সেগুলো যাতে না হয়, সে জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। নির্বাচন যে সময়েই হোক, আগে খেলার নিয়ম পাল্টাতে করতে হবে, নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে, গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে।

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক, দেবিদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কমিশনের সভায় উপস্থিত থাকবেন। রবিবার দুপুর ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে উপস্থিত হবেন। সেখানে তার বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন।
রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পরে ব্রিফ করবেন।

মেক্সিকোতে ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫

মেক্সিকো সিটিতে গ্যাস বহনকারী ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে শনিবার মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির ঘনবসতিপূর্ণ জেলা ইজতাপালাপাতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাক হঠাৎ বিস্ফোরিত হলে অনেকে দগ্ধ ও আহত হন।

প্রাথমিক প্রতিবেদনে তিন জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়।
তবে পরে মৃতের সংখ্যা বাড়ে।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, শনিবার নগরীর বিভিন্ন হাসপাতালে এই ঘটনায় আহত অনেককে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।

তদন্তকারীরা ধারণা করছেন, ট্রাকটি খুব দ্রুত চালানোর কারণে কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কটি ছিদ্র হয়ে এ বিস্ফোরণ ঘটেছে।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ৯২ লাখ বাসিন্দার নগরীর মধ্য দিয়ে জ্বালানিবাহী ট্যাঙ্ক ট্রাকগুলোর যাতায়াতের ওপর নতুন নিয়ম আরোপ করার চেষ্টা করবে তার সরকার।

ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলে যাচ্ছেন। গত সপ্তাহে কাতারে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর নজিরবিহীন হামলার জন্য ইসরায়েলকে ট্রাম্পের সমালোচনার পর রবিবার শুরু হওয়া রুবিওর সফরটি হচ্ছে।ইসরায়েলে রওনা হওয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেন, যদিও ট্রাম্প এই হামলায় ‘খুশি নন’, তবে এটি ‘আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করবে না।

তিনি জানিয়েছেন, এই হামলার প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনা করবে, বিশেষ করে গাজায় যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতির প্রচেষ্টার ব্যাপারে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট চান এটি শেষ হোক। আর শেষ হওয়া মানে ৪৮ জন জিম্মিকে একবারে মুক্তি দেওয়া। হামাসের আর কোনো হুমকি নয়, এরপর আমরা পরবর্তী ধাপে যেতে পারব।
সেটি হলো, কীভাবে গাজা পুনর্নির্মাণ করবেন? কীভাবে নিরাপত্তা দেবেন? কীভাবে নিশ্চিত করবেন হামাস আর কখনও ফিরে আসবে না?—এটাই প্রেসিডেন্টের অগ্রাধিকার। আর এই সফরের অংশ হিসেবে আমাদের আলোচনা করতে হবে গত সপ্তাহে কাতারে ঘটে যাওয়া ঘটনার প্রভাব কী হতে পারে।’

রুবিও বলেন, এখনও নির্ধারণ হয়নি কে এই প্রক্রিয়া পরিচালনা করবে, কে অর্থায়ন করবে এবং কে দায়িত্বে থাকবে।

ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অ-ন্যাটো মিত্র দেশ কাতারে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে একত্রিত হওয়া হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছিল।
নেতারা বেঁচে গেলেও ছয়জন নিহত হন, যার মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।

মার্কিন কর্মকর্তারা এটিকে একতরফা উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছেন, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো স্বার্থেই ছিল না।

এই হামলা আরব রাষ্ট্রগুলোর ব্যাপক নিন্দা ডেকে আনে এবং কাতারের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনাকে ভেস্তে দেয়।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার রোজিল্যান্ড জর্ডান জানান, যুক্তরাষ্ট্র ও কাতার শান্তি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তিনি বলেন, ‘তবে শনিবার রাতে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে বলেছেন, ইসরায়েলের দৃষ্টিতে হামাস নেতৃত্বকে কাতার থেকে উৎখাত করতে হবে, কারণ ইসরায়েলের মতে হামাস শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।
সুতরাং কীভাবে এগোনো হবে সে বিষয়ে আলোচনা হবে, বিশেষ করে যখন ট্রাম্প বলেছেন তিনি গাজায় যুদ্ধের সমাপ্তি দেখতে চান।’

অন্যদিকে হামাস বারবার বলেছে, তারা ইসরায়েল থেকে নেওয়া সব বন্দি মুক্ত করতে এবং গাজার নিয়ন্ত্রণ একটি অন্তর্বর্তী ফিলিস্তিনি প্রশাসনের হাতে ছেড়ে দিতে প্রস্তুত, বিনিময়ে যুদ্ধের অবসান ও ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার চায়।

এদিকে নেতানিয়াহু গাজার জনসংখ্যা বহিষ্কারের ডাক দিয়েছেন এবং বৃহস্পতিবার তিনি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার দ্বি-রাষ্ট্র সমাধানের পুনরুজ্জীবন সমর্থন করে ভোট দেয়, যা ইসরায়েলের বিরোধিতার প্রকাশ্য অমান্য।

ইসরায়েলের মিত্র ফ্রান্স, যুক্তরাজ্যসহ আরো কয়েকটি পশ্চিমা দেশ গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলের আচরণে তাদের বিরক্তি প্রকাশ হিসেবে এ মাসে জাতিসংঘের এক বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে।

মেগাসিরিয়াল ‘খুশবু’তে আইটেম গানে মাহি

কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছেন দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথা নিয়ে মেগাসিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে।
মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা!

দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘খুশবু’, সেখানেই এমন চরিত্রে আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগাসিরিয়ালের গল্প।

নানা পেশার মানুষের জটিল জীবন গল্পের ভিড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মী নারীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে টিভি ও অনলাইন মাধ্যমে।
এর পাশাপাশি ‘খুশবু’তে থাকছে রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সঙ্গে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নাম ভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।
১৫ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফরমে দেখা যাবে ‘খুশবু’।

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। ফরিদপুরে দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই।
এটা নির্বাচন কমিশনের বিষয়। এটা নির্বাচন কমিশন করেছে। যুক্তি-তর্কে সবকিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়েই এলাকার লোকজনের মধ্যে একটা ক্ষোভ।

তিনি বলেন, এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে, তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এই দুটি ইউনিয়নে কতজন লোক, আর কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না।

তিনি আরো বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
দু-একটি নির্বাচন হয়ে গেল, এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি এই ভবন উদ্বোধন করেন।

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।