মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ

যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে একটি ছোট হাইড্রোলিক সমস্যার কারণে এবং অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন।

ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে পৌঁছান। যদিও হোয়াইট হাউস এই বিলম্বের কোনো কারণ জানায়নি।

এদিন উড্ডয়নের কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি আশা করেন, তারা সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন, নিরাপদে উড়বেন। জানেন কেন আমি এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি, অন্যথায় আমি পরোয়া করতাম না।

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পরই মার্কিন প্রেসিডেন্ট যাত্রা শুরু করেছিলেন। সংবাদ সম্মেলনে দুই দেশ একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। তারা বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে ‘প্রাধান্য বিস্তার’ করতে সাহায্য করবে।

সূত্র: ডেইলি এক্সপ্রেস

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম

ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ।

মাওলানা মামুনুল হক ছাড়াও এই দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল ইমারাত এ ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

সফরে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধিদলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা।

এর আগে, ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ বাংলাদেশের আলেমদের এই প্রতিনিধিদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে বুধবার সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান। এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও দেশে মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১১ কর্মী গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা লালবাগ থানা আওয়ামী লীগের কর্মী মো. নুর ইসলাম (৫৬), ঢাকা চকবাজার থানা যুবলীগের কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগের কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কর্মী সাব্বির হোসেন (১৯), মো. বিল্লাল হোসেন (১৯), মো. মিলন মৃধা (২৩), মো. আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা যুবলীগের কর্মী মানিক দাস (৩০), মো. শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগের কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) এবং নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টা ৩০ মিনিটে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন সদস্য অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ১১ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সাত মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল পাকিস্তানি তারকা দম্পতি

বিয়ের সাত মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল পাকিস্তানের তারকা দম্পতি সাবান উমাইস ও আবির আসাদ খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেন সাবান উমাইস।

মূলত মডেলিং দিয়েই ব্যাপক পরিচিত তারা। চলতি বছর ফেব্রুয়ারিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় এই তারকা দম্পতির। এর সাত মাসের মাথায় অর্থাৎ সেপ্টেম্বরে এসে বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের। যার খবরে রীতিমতো ধাক্কা খেয়েছে তাদের ভক্ত-অনুরাগীরা।

এক ইনস্টাগ্রাম স্টোরিতে সাবান উমাইস লেখেন, ‘আমি আর আবির আমাদের পথ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য শুভকামনা; আমাদের বিচ্ছেদ প্রক্রিয়া চলমান।’

তাদের বিয়ের সময় সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি দেখে ভক্তদের মধ্যে ছিল আনন্দ। সেদিন আবিরকে দেখা যায় গোলাপি–সোনালি রঙের এমব্রয়ডারি পোশাক, মানানসই দুপাট্টা ও খুসসা জুতা। গয়না ছিল সীমিত; একটি টিকলি ও ফুলের বালা।

তখন শোবিজ অঙ্গনের সহকর্মীরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। জনপ্রিয় পাক অভিনেত্রী আয়েজা খান লিখেছিলেন, ‘আবির আর সাবান! তোমাদের জন্য আমি ভীষণ খুশি। অভিনন্দন।’ আরেক মডেল সাদাফাত কানওয়াল লিখেছিলেন, ‘মাশাআল্লাহ, মুবারক হোক।’

আনোয়ারা হাসপাতাল সংস্কারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩— এর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।

অনুষ্ঠানে তিনি সংস্কারকৃত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সংস্কার কার্যক্রমের আওতায় হাসপাতালের ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এছাড়া আধুনিক ইলেক্ট্রো-মেডিকেল সরঞ্জাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অপারেশন প্যাসিফিক এঞ্জেল মূলত বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের একটি যৌথ মহড়া, যার লক্ষ্য মানবিক সহায়তা, চিকিৎসা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এর মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কবে ক্রিকেট ছাড়বেন জানালেন তামিম

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সেই সময়টা ঘনিয়ে আসার মাঝেই তিনি বিসিবির পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। বিসিবির পরিচালক হওয়ার পর সভাপতি পদে নির্বাচনের দিকে নজর রয়েছে সাবেক এই দেশসেরা ওপেনারের।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, এখনো ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটার পরিচয়টা তুলে নেননি তামিম। তবে নির্বাচনে জিতলে তামিমকে আর ক্রিকেটে দেখা যাবে কি না সেই উত্তর দিয়েছেন তিনি। নির্বাচনে অংশ নিলে তামিম ক্রিকেট ছাড়বেন বলে জানিয়েছেন। দেশের প্রথমসারির এক প্রত্রিকার সঙ্গে আলাপকালে ক্রিকেটের উন্নতিতে কাজ করার পুরোনো শখ মেটানোর ইচ্ছাপ্রকাশ করেন তামিম।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)… বাট আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি যেটা আমি করব ইনশাআল্লাহ্‌। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। আমার মনে হয় না। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার ক্রিকেটের ইতি টানতে হবে।’

‘নির্বাচন যদি না করতাম হয়তোবা বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবে তৈরি হচ্ছিলাম আমি। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলাম…অনেকের চেয়ে আপনি (প্রথম আলোর সাংবাদিক উৎপল শুভ্র) ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে এই শখটা আমার আসছে।’

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে পুরোদমে শুরু হবে বিসিবি নির্বাচনের কার্যক্রম।

জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়ন প্রশমন ও অভিযোজন খাতে সমানভাবে বণ্টন করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী প্রয়োজনীয় সহায়তা পায়। জলবায়ু ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলায় প্রকল্পগুলোর অগ্রাধিকার স্পষ্ট করা জরুরি এবং প্রতিটি পদক্ষেপ হতে হবে ন্যায্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বিত জলবায়ু অর্থায়ন বিষয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) বোর্ডের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় জলবায়ু কার্যক্রমে বিসিডিপির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিসিডিপি নীতি, পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন কার্যক্রমে সমন্বয়ের একটি জাতীয় প্ল্যাটফর্ম। তিনি সরকারি সংস্থা ও বেসরকারি খাতের পাশাপাশি সিভিল সোসাইটি অর্গানাইজেশনসের (সিএসও) সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা বলেন, সিএসওরা সরাসরি জনগণের কাছে পৌঁছাতে পারে এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে সক্ষম। মন্ত্রণালয়গুলোর প্রকল্প উন্নয়ন সক্ষমতা বাড়াতে হবে, যাতে আন্তর্জাতিক তহবিল সহজে পাওয়া যায়।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি উন্নয়ন, অর্থনৈতিক ও অস্তিত্বের চ্যালেঞ্জ। প্রশমন খাতে বর্জ্য ব্যবস্থাপনা, বনায়ন ও নবায়নযোগ্য জ্বালানিকে জরুরি অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন তিনি।

অভিযোজন কার্যক্রমে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক খাল পুনরুদ্ধার এবং উপকূলীয় জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করতে হবে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আশা করছি রাকসু ও চাকসু নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রতিষ্ঠান দুটিতে আশা করছি ভালোভাবেই নির্বাচন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আজকে এখানে অভিজ্ঞতা শেয়ার করেছি। অনেক দিন পর ডাকসু ও জাকসুতে নির্বাচন হলো। সেটা যেকারণেই হোক নির্বাচন দুইটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সামনে আরো দুইটা নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে। অন্যদের প্রস্তুতি কেমন আছে, কোনো পর্যায়ে আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

তিনি বলেন, সামনের দুইটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেই প্রক্রিয়াটাই সবাই চান। কোন বিষয়গুলো নিয়ে একটু ভালো করে কাজ করতে হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

রাকসু ভোট হাতে গণনা করার দাবি জানানো হয়েছে, সেক্ষেত্রে কী করবেন— এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেক্ষেত্রে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে। আমরা সাধারণ আলোচনা করেছি।

অধ্যাপক ড. সি. আর. আবরার বলেন, দুইটা নির্বাচন নিয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে দুটি প্রতিষ্ঠানেই। আমরা আশা করছি ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সম্পন্ন হবে।

সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় সীমান্ত দিয়ে প্রবেশ করা মাদকের বড় একটি চালান গ্রহণের অপেক্ষায় থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে বাহিনীর সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. ওমর সিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের মংডুর খারাংখালী গ্রামের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে র‍্যাব ও বিজিবি যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা আমাদের অঙ্গীকারের প্রমাণ। মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যাচার করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার করছে বলে দাবি করেছেন লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেছেন, এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের কাজ চলছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ পূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় র‍্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতিতে র‍্যাবের কর্মকাণ্ড ও দিকনির্দেশনা বিষয়ক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে র‍্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রশংসা করে। এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন।

আরেক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে, যেটি হয়তো অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, গতকাল পঞ্চগড় এলাকায় একটি ঘটনা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।