মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ভারত ক্রিকেটকে অসম্মান করেছে : পাকিস্তান অধিনায়ক

এশিয়া কাপ ফাইনাল শেষে ভারতীয় দলের ট্রফি না নেওয়া ইস্যুতে এবার মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। সূর্যকুমার যাদবের দলের সমালোচনা করে তিনি বলেন, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এবার যা হয়েছে, খুব খারাপ।’

রোববার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। ফাইনালের মঞ্চে আরও একবার পাকিস্তানকে বয়কট করল ভারত। ট্রফি ছাড়াই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

ট্রফি ছাড়াই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, “চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া বলেন, “যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগতভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম।’

এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হয়েছিল নাটক। ফাইনাল শেষ হওয়ার পর সবার নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন সূর্যরা। খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটাররা মাঠেই দাঁড়িয়েছিলেন।

শোনা গিয়েছে, ভারত নাকি জানিয়ে দেয়, তারা নাকভির কাছ থেকে ট্রফি নেবে না। মাঠেই ছিলেন নাকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। নাকভিকে দেখে বোঝা যাচ্ছিল, বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর আরও পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৫৪ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে সাড়ে তিনগুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ১৫৪ কোটি টাকার সিকিউরিটিজ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্ট হয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪০টির। বিপরীতে কমেছে ৭২টির। আর ৬৭টির দর অপরিবর্তিত ছিল। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৫৪ কোটি ১৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টুর্নামেন্ট সেরা হয়ে শাহীন আফ্রিদিকে খোঁচা অভিষেকের

ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন অভিষেক শর্মা স্বপ্নের মতো কাটানো এশিয়া কাপ শেষ করলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে। রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের পর এই সম্মাননা ওঠে তার হাতে।

ফাইনালের বড় মঞ্চে ব্যর্থ হয়ে মাত্র পাঁচ রানে ফিরলেও পুরো টুর্নামেন্ট জুড়ে তার ঝোড়ো ব্যাটিং ছিল ভারতের রেকর্ড নবম এশিয়া কাপ শিরোপা জয়ের মূল চালিকাশক্তি।

সাত ইনিংসে অবিশ্বাস্য ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছেন অভিষেক , গড় ৪৪.৮৫।
সুপার ফোরে তিন ম্যাচে টানা অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষেও দু’টি ম্যাচে (৩৪ ও ৭৪) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

যদিও ফাইনালে ফাহিম আশরাফের বলে মাত্র ৫ রানেই বিদায় নেন, তার সামগ্রিক প্রভাব ছিল স্পষ্ট। ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় নিজের ব্যাটিং মানসিকতার কথা জানিয়ে অভিষেক বলেন, ‘আমার পরিকল্পনা ছিল, পাওয়ারপ্লেতে স্পিনার বা পেসার যাকেই পাই, কাজে লাগাতে হবে।
কারণ যদি দেখেন, যে কোনো বোলার, এমনকি ‘প্রিমিয়াম’ ফাস্ট বোলারও হোক (হাসি), আমি প্রথম বল থেকেই আক্রমণ চালাতে চাই। আর এটাই আমার দলের জন্য ইনপ্যাক্ট এনে দিতে পারে। সেটাই করতে চাই।’

‘প্রিমিয়াম ফাস্ট বোলার’ মন্তব্যে গ্যালারি ও সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক।
শব্দটিকে অনেকেই শাহীন শাহ আফ্রিদিকে উদ্দেশ করে করা পরোক্ষ খোঁচা হিসেবে দেখছেন। কারণ টুর্নামেন্টের সুপার ফোর ম্যাচে (২১ সেপ্টেম্বর) আফ্রিদির নতুন বলের আক্রমণকে দাপটের সঙ্গে সামলেছিলেন অভিষেক, চার-ছক্কায় ছিন্নভিন্ন করেছিলেন তার স্পেল।

মজার ব্যাপার হলো, আফ্রিদি নিজে কখনো নিজেকে প্রকাশ্যে ‘প্রিমিয়াম’ বলেননি, তবে একটি বিজ্ঞাপনে তিনি এই ট্যাগলাইন ব্যবহার করেছিলেন। সেখান থেকেই বিষয়টি আলোচনায় আসে। অভিষেকের মন্তব্য তাই অনেকেই তার প্রতি খোঁচা হিসেবে ধরে নিচ্ছেন, যা ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে আরো উসকে দিয়েছে।

মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‌সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে। সবাই প্রথমবারের মতো একটি বিশেষ কিছুর জন্য একমত হয়েছে। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব!!!’’

এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ঠেকানোর অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে ‘‘কাজ শেষ করার’’ অঙ্গীকার করেন। এর কয়েক দিন আগেই ব্রিটেন, ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় হামাস। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ওইদিন হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হন; যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলের ইতিহাসে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি।

একই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান। এর মধ্যে এখনো ৪৭ জন গাজায় অবস্থান করছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে অন্তত ২৫ জন মারা গেছেন।

অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৪৯ ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। হতাহতের শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

সূত্র: এএফপি।

১০ শতাংশ রিবেট সুবিধা দিচ্ছে ডিএসসিসি

১০ শতাংশ রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন, ভাড়া পরিশোধের সুযোগ গ্রহণের জন্য করদাতা ও ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রিবেট সুবিধাসহ পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া সংক্রান্ত গণবিজ্ঞপ্তির কথা উল্লেখ করে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করদাতাদের (বাড়ি/ফ্ল্যাট/ইমারতগুলোর মালিক ও ব্যবসায়ীরা) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ সেপ্টেম্বর ২০২৫-২৬ (হাল) অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করে ১০% রিবেট গ্রহণের সুযোগ রয়েছে।

এতে আরও বলা হয়,বকেয়াসহ হালসনের পৌরকর পরিশোধ করে শুধু ২০২৫-২৬ (হাল) অর্থবছরের ওপর ১০% রিবেট সুবিধা গ্রহণ করুন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকানগুলোর ভাড়া সারচার্জ, জরিমানা ব্যতীত পরিশোধ করা যাবে। এই সময়ের মধ্যে ১০% রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ গ্রহণ করার জন্য করদাতা ও ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

‘ক্রীড়াঙ্গনকেও ধ্বংসের পথে নিয়ে গেছে স্বৈরাচার’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচার যেভাবে আমাদের গণতন্ত্রকে হরন করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করন করেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। গত ১৭ বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা চাই সেই দলীয়করন থেকে মুক্ত হয়ে আগামীর ক্রীড়াঙ্গনকে দলীয়করন মুক্ত হিসেবে গড়ে তুলতে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা সোনালী অতীত ক্লাব ও ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, খেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো.আজাদ জাহান।

আমিনুল হক বলেন, ‘স্বৈরাচারের আমল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রত্যেকটি বিভাগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করেছি। ৫ তারিখের পরবর্তী সময়ে জিয়া স্মৃতি টুর্নামেন্ট প্রত্যেকটি বিভাগে করেছি এবং ফাইনাল রাউন্ড মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কতৃক আয়োজিত জিয়া আন্ত:ধারা ফুটবল টুর্নামেন্ট ফাইনালের অপেক্ষায় আছে। ঠিক এইভাবে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতী হিসেবে গড়ে তুলতে চাই।’

‘আমরা দেখেছি গত ১৭ বছর আমাদের যুব সমাজ মাদকের দিকে আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে চলে গেছে, মৃত্যুর করাল গ্রাসে তারা আক্রান্ত হয়েছে। আমরা সেই মাদক থেকে যুব সমাজকে দূরে রেখে খেলার মাঠে আকৃষ্ট করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন স্কুল পর্যায়ে কারিকুলামে খেলাধূলার ৫টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। এভাবেই ফুটবল-ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টের পাইপলাইনের খেলোয়াড় তৈরি হবে।
খেলাধূলার মাধ্যমে আমরা গতানুগতিক রাজনৈতিক চিন্তা থেকে বেরিয়ে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই বাংলাদেশে।’

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এবং ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ ইকবাল আলমাস, ভোলা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো.নজরুল হুদা গোফরান, ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার মো.আল আমিন প্রমুখ।

এবার নারী দলের কোচ টিটু

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে এবার নারী দলের কোচ করা হয়েছে। এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে তিনি হেড কোচের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি তিনি পুরুষ অ-২৩ দলের হেড কোচ ছিলেন। যদিও সেই দলের মূল চাবিকাঠি ছিল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, আর সেটা বাস্তবায়ন করেছেন তার সহকারী হাসান আল মামুন।

বাংলাদেশ সিনিয়র নারী দলের হেড কোচ বৃটিশ পিটার বাটলার। তিনি অ-২০ দলকেও কোচিং করান। সাফ অ-১৭ টুর্নামেন্টে হেড কোচ ছিলেন বাটলারের সহকারী মাহবুবুর রহমান লিটু। এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প পুরোদমে শুরু হওয়ায় লিটুর আগামী মাসে অ-১৭ দলের সঙ্গে যাওয়া সম্ভব নয়। এজন্য বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর টিটুকে দায়িত্ব দিয়েছে।

টেকনিক্যাল ডিরেক্টর টিটু মূলত টেকনিক্যাল কমিটির অধীনে। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন বলেন, ‘নারী উইং থেকে টেকনিক্যাল ডিরেক্টরকে চাহিদা জানিয়েছিল। নারী দলে কোচ প্রয়োজন এবং সংকট বিবেচনায় সভাপতির সঙ্গে আলোচনাক্রমে টেকনিক্যাল ডিরেক্টরকে অ-১৭ দলের দায়িত্বে দেয়া হয়েছে। এতে আমাদের কোচিং কোর্স কার্যক্রমগুলো সমন্বয় করে নেয়া হবে।’

১৩-১৭ অক্টোবর এএফসি অ-১৭ নারী দলের বাছাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পড়েছে এইচ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে। আগামী বছর চীনে মূল পর্ব খেলতে হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। বাংলাদেশ ২০১৭ ও ১৯ সালে টানা দুই বার এএফসি অ-১৬ নারী টুর্নামেন্টে এশিয়ার শীর্ষ স্তরে খেলেছিল। ২০২৩ সালে সেই ধারাবাহিকতা ভঙ্গ হয়েছে। টিটুর কোচিংয়ে বাংলাদেশ আবার মূল পর্বে খেলতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

সাবেক জাতীয় ফুটবলার সাইফুল বারী টিটুর দুই বছর আগে ফেডারেশনে পুনরায় চাকরি শুরু হয়েছিল নারী দলের কোচ হিসেবেই। তার অধীনে বাংলাদেশ ২০২৩ সালে এশিয়ান গেমস খেলে। নারী দলে কোচিং করানোর পর তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় ফেডারেশন। দুই দফা চাকরি নবায়নের পর এবার কোনো কোচ দায়িত্ব নিতে রাজি না হওয়ায় তার এএফসি প্রো লাইসেন্স থাকায় তাকে এএফসি অ-২৩ দলের হেড কোচ করা হয়। ভিয়েতনামে তিনি কোচ হয়ে গেলেও অসুস্থতার কারণে হাসতাপালে চিকিৎসাধীন থাকায় ডাগ আউটে দাঁড়াতেই পারেননি।

অমর একুশে বইমেলা স্থগিত

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

পদদলিতের ঘটনায় ‘ষড়যন্ত্র’ রয়েছে দাবি থালাপতির দলের

ভারতের তামিলনাড়ুর করুরে পদদলিতের ঘটনা নিছক দুর্ঘটনা নয় এবং এর নেপথ্যে ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে অভিযোগ তুলে মাদ্রাজ উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা নেতা থালাপতি বিজয়। সভায় পাথর ছোড়া এবং পুলিশের লাঠিচার্জকেও এর জন্য দায়ী করেছে টিভিকে। এক প্রতিবেদনে রবিবার এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিজয় ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২০ লক্ষ রুপি এবং আহতদের জন্য ২ লক্ষ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
এই দুর্ঘটনার জন্য তিনি অত্যন্ত ব্যথিত বলেও জানিয়েছেন। বিজয় বলেন, ‘অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের সদস্য হিসেবে, আপনাদের পাশে আছি, থাকব।’

করুরে শনিবার পদপিষ্টের ঘটনায় এখন পর্যন্ত ১০ শিশুসহ ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহত শতাধিক। এদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।

টিভিকের আইনজীবী আরিবাজাগন জানিয়েছেন, তারা এ ঘটনার তদন্তে বিশেষ দল গঠন অথবা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেছেন। তিনি বলেন, ‘করুরের ঘটনায় ষড়যন্ত্র হয়েছে।
তাই আমরা মাননীয় আদালতের কাছে আবেদন করেছি রাজ্যের কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না করিয়ে নিরপেক্ষ কোনো সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হোক।’

এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর দাবি করেছেন, ভি সেন্থিলবালাজিকে বিজয় ‘১০ টাকার মন্ত্রী’ বলে কটাক্ষ করে গান ধরলে উপস্থিত জনগণের মাঝে বিপুল উচ্ছ্বাস ও আলোড়ন সৃষ্টি হয়। তার পরই হঠাৎ পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
সকলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। অনেকেই তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে বিজয়ের সভায় গিয়েছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতেই অনেকের হাত থেকে তাদের সন্তানেরা ছিটকে যায়। ফলে অনেক শিশু পদপিষ্ট হয়।

তবে রাজ্য পুলিশের ডিজি জি বেঙ্কটরমন জানিয়েছেন, নির্ধারিত সময়ের সাত ঘণ্টা দেরিতে পৌঁছেছিলেন বিজয়। ফলে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি আরো জানান, উদ্যোক্তারা ১০ হাজারের মতো মানুষের জমায়েত হতে পারে বলে জানিয়েছিলেন। কিন্তু সেখানে ২৭ হাজার মানুষ হাজির হন। নিরাপত্তা এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৫০০ পুলিশ মোতায়েন ছিল। টিভিকে হঠাৎ করে এক্সে ঘোষণা করে, দুপুর ১২টায় প্রচারসভায় আসবেন বিজয়। ফলে ভিড় আরো বেড়ে যায়।

তবে প্রশাসনের কাছে বিকেল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত সভার অনুমতি চাওয়া হয়েছিল বলে দাবি করেন বেঙ্কটরমন। তিনি বলেন, ‘সকাল ১১টা থেকেই মানুষ জড়ো হতে থাকে। কিন্তু বিজয় আসেন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। খাবার ও পানির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। অভিনেতা বিজয়কে দেখার জন্য রোদের মধ্যে অপেক্ষা করছিল মানুষ।’

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিনজন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

হস্তান্তার হওয়া ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম (৩৮), একই জেলার মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের রহিম উল্ল্যাহর স্ত্রী সালমা খাতুন (৩৮) ও সাতক্ষীরার করারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আজিজার রহমানেরর মেয়ে সালমা বেগম (৪০)।

অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ সেপ্টেম্বর ৬৯ ব্যাটালিয়ন বিএসএফের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়।
পরে তাদের ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানানো হয়। বিজিবি স্থানীয়ভাবে তাদের পরিচয় নিশ্চিতের পর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ২১১১/৬-এস এলাকায় ৩ জনকে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে বিজিবের এই কর্মকর্তা জানান।