মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন-পগবাসহ ৫০ খেলোয়াড়ের চিঠি

খেলাধুলার মঞ্চে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে। জাতিসংঘের একদল বিশেষজ্ঞ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিষিদ্ধের দাবি তোলার পর এবার ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় যুক্ত হলেন এই উদ্যোগে।

ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, হিজাব পরা প্রথম ব্রিটিশ নারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক তারকা হাকিম জিয়েচ, ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সনসহ অনেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার উদ্দেশে চিঠি পাঠিয়েছেন। তাদের একটাই দাবি—ইসরায়েলকে অবিলম্বে উয়েফার প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হোক।

এই তালিকায় বিশেষভাবে আলোচিত আনোয়ার এল ঘাজি। জার্মান ক্লাব মেইঞ্জের হয়ে খেলার সময় ২০২৩ সালে ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল ক্লাবটি। পরে জার্মান আদালত জানায়, ঘাজির সঙ্গে অন্যায় হয়েছে। বর্তমানে তিনি কাতারের আল সাইলিয়া ক্লাবে খেলছেন।

অ্যাথলেটদের পাঠানো চিঠিতে ফিলিস্তিনি কিংবদন্তি ফুটবলার সুলেইমান আল-ওবেইদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত এই ফুটবলার গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন। চিঠিতে লেখা হয়, ‘জীবিত অবস্থায় খেলাধুলার মাধ্যমে তিনি আশা জাগিয়েছিলেন। মৃত্যুর মাধ্যমে মনে করিয়ে দিলেন, কেন এখনই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর পদক্ষেপ নেওয়া জরুরি।

চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও। সেখানে অভিযোগ করা হয়েছে, গাজার ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধনের’ উদ্দেশ্যে অভিযান চালাচ্ছে ইসরায়েল। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

ব্রিটেনভিত্তিক নুজুম স্পোর্টসের উদ্যোগে ‘অ্যাথলেটস ফর পিস’ ব্যানারে উয়েফায় জমা দেওয়া চিঠিতে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে ইচ্ছুক খেলোয়াড়েরা এতে সই করেছেন। শেষ অংশে লেখা হয়, ‘আমরা উয়েফাকে আহ্বান জানাই, ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে অবিলম্বে বহিষ্কার করুন।
যত দিন না তারা আন্তর্জাতিক আইন মেনে চলে, বেসামরিক মানুষ হত্যা বন্ধ করে। খেলাধুলা কখনোই নিরপেক্ষ থাকতে পারে না। নীরব থাকা মানে হলো অন্যায় মেনে নেওয়া।’

এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলকে ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের আহ্বান জানিয়েছিল। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফার সর্বশেষ দুটি কংগ্রেসে একই দাবি তোলে।

তবে যুক্তরাষ্টের অবস্থান এর বিপরীত। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার যে কোনো উদ্যোগ প্রতিহত করবে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমরা নিশ্চিত করব, ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল না হয়।’

এর মধ্যেই গাজায় সংঘাত অব্যাহত রয়েছে। তবু ফিফা ও উয়েফার আয়োজিত প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলো। আগামী ১১ অক্টোবর অসলোতে নরওয়ের বিপক্ষে এবং ১৪ অক্টোবর ইতালির উদিনেসে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে তারা। বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে আছে ইসরায়েল। শীর্ষে থাকা নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আছে তারা।

সাংস্কৃতিক ভিন্নতাই আমাদের শক্তি : সংস্কৃতি উপদেষ্টা

বাংলাদেশে জুলাই মাসের গণ-অভ্যুত্থান আমাদের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করেছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ মন্তব্য করেছেন।

স্পেনের বার্সেলোনায় তিন দিনের বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে (মনডিয়াকাল্ট-২০২৫) তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের উদ্বোধনের মাধ্যমে এ ফোরাম শুরু হয়।
মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্কৃতি উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত সাংস্কৃতিক বিভাজন সমাজকে ক্ষতবিক্ষত করেছে। অন্তর্বর্তী সরকার এসব চিহ্নিত বিভাজন নিরসনে অঙ্গীকারবদ্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি নববর্ষ উদযাপনে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় দেশের সব জাতিগোষ্ঠী অংশ নিয়েছে।
যা গত ৫৪ বছরে হয়নি।

উপদেষ্টা আরো জানান, ধর্মীয় উৎসবকে ঘিরে নিরপেক্ষ সাংস্কৃতিক নীতি অনুসরণ করছে সরকার। এ বছর দুর্গাপূজা, ঈদ ও বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে নেওয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ তার প্রমাণ।

সংস্কৃতির উদ্ভাবনী অর্থায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বও তুলে ধরেন ফারুকী।

ডিজিটাল মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক কনটেন্ট প্রচারের জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ফিনল্যান্ড, প্যারাগুয়ে, মাল্টা ও পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রীরা।

বিশ্বের শতাধিক সংস্কৃতি মন্ত্রী ও নীতিনির্ধারকের অংশগ্রহণে আয়োজিত এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

বিশ্বের সাংস্কৃতিক নীতি নির্ধারকদের সবচেয়ে বড় এ সমাবেশ আগামী ১ অক্টোবর যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।

বাংলাদেশের এলডিসি উত্তরণে স্বাধীন মূল্যায়ন করবে জাতিসংঘ

বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতি যাচাইয়ে জাতিসংঘ একটি স্বাধীন মূল্যায়ন পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছেন জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।

রাবাব ফাতিমা একই সঙ্গে এলডিসি, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিষয়ক জাতিসংঘের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান।

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়ে জানুয়ারির মধ্যভাগে সম্পন্ন হবে। আন্তর্জাতিক এক পরামর্শক এবং একজন বাংলাদেশি বিশেষজ্ঞ যৌথভাবে এ কাজ সম্পাদন করবেন, যাতে একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ মূল্যায়ন পাওয়া যায়।

মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারের কর্মকর্তারা, ব্যবসায়ী সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, সুশীল সমাজ, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক পরামর্শ করা হবে। এর মাধ্যমে যাচাই করা হবে, বাংলাদেশ আসলেই উত্তরণের জন্য যথাযথভাবে প্রস্তুত কি না।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘উত্তরণ এখন একটি আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক প্রমাণভিত্তিক তথ্য প্রয়োজন।’

রাবাব ফাতিমা উল্লেখ করে বলেন, ‘জাতিসংঘের কাছে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক তথ্য দুই বছরেরও বেশি পুরনো। এই সময়ে অনেক কিছুই বদলে গেছে।
তাই বর্তমান অর্থনৈতিক বাস্তবতা পুনর্মূল্যায়ন জরুরি।’

ড. ইউনূস বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এলডিসি মর্যাদার কারণে এ খাত বিশেষ বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। যথাযথ প্রস্তুতি ছাড়া উত্তরণ হলে এ শিল্প ঝুঁকির মুখে পড়তে পারে।’

২০২২ সাল থেকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার এই কর্মকর্তা ফাতিমা তার অভিজ্ঞতা শেয়ার করেন।
বৈঠকে ড. ইউনূস জানতে চান, কীভাবে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পেতে পারে এবং দেশের আন্তর্জাতিক অঙ্গনে সম্পৃক্ততা আরো জোরদার করা যায়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
এসময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান।

এদিকে নিউইয়র্কে যে হোটেলে ড. ইউনূস অবস্থান করছেন, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।

এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশ-সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ (উচ্চ প্রতিনিধি) রাবাব ফাতিমা।

আবারও স্বর্ণের দামে রেকর্ড ইতিহাস, আজ থেকে কার্যকর

দেশের স্বর্ণ বাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা

বাজুস আরো জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

হিন্দুদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

হিন্দুদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, ‘গতকাল থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার উৎসব। ​আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সমাজে এক আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি করা হয়েছিল।
আমরা দুঃখের সাথে দেখেছি, রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দুদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে। শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার অপচেষ্টা করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ঘৃণ্য খেলায় মেতেছিল। এর ফলস্বরূপ, উৎসবের আনন্দ বদলে গিয়েছিল নিরাপত্তাহীনতার আতঙ্কে।’

​তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশে, আমরা সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানাতে বদ্ধপরিকর।
কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না। ​এই মুহূর্তে, আমি সরকার এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিটি পূজামণ্ডপ, প্রতিটি ঘর এবং প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী নাগরিক যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে এই উৎসব সম্পন্ন করতে পারেন। আমরা কঠোরভাবে নিশ্চিত করব, অতীতের কোনো অপচেষ্টা যেন এই সময়ে পুনরাবৃত্তি না হয়।

​হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘দেশের সব নাগরিক, সব সম্প্রদায়ের ভাই-বোনদের অনুরোধ করব—আপনারা প্রত্যেকে সর্বোচ্চ সহযোগিতামূলক ও সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকুন। মনে রাখবেন, সম্প্রীতি বা পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি, নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান, এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে : রিজভী

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, ‘পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে।
মানুষকে উদ্বেগ ও উৎকণ্ঠিত করছে। এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, গার্মেন্টসে অশান্তির চিহ্ন ও লক্ষণও দেখা যাচ্ছে—এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিটি ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত আছে।’

এ সময় প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী সব কর্মকাণ্ড বা যেকোনো ধরনের মাস্টার প্ল্যান, অশুভ পরিকল্পনা থেকে থাকে, তা ব্যর্থ করতে হবে, বলে জানান তিনি।

তিনি বলেন, ‘একটি বিষয় আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে, পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এটা কি কোনো পাতানো বিষয় হচ্ছে কি না? কেন এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে?’

রিজভী বলেন, ‘বাংলাদেশ সব সময় শান্তি চায় এবং সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চায়। কিন্তু আমরা দেশের ১৮ কোটি মানুষ, আমাদের ওপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে, ১৮ কোটি মানুষ কি বসে থাকবে? তারা কি আঙুল চুষবে? নিশ্চয়ই না।’

ভারতের আদালতের রায় মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি : এক্স

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট এক্স সোমবার সতর্ক করে জানিয়েছে, ভারতের এক আদালতের রায় অনুযায়ী পুলিশরা সরকারি পোর্টালের মাধ্যমে ‘স্বেচ্ছাচারীভাবে’ কনটেন্ট মুছে ফেলার নির্দেশ দিতে পারবে—যা মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।

গত সপ্তাহে টেক-সিটি বেঙ্গালুরুসহ কর্ণাটক রাজ্যের হাইকোর্ট এক্সের করা আবেদন খারিজ করে দেয়। ওই আবেদনে এক্স অভিযোগ করেছিল, সরকার একটি বিশেষ পোর্টাল ব্যবহার করে কনটেন্ট সেন্সর করছে।

সরকার বলছে, তাদের অনলাইন পোর্টাল ‘সহযোগ’ কনটেন্ট মধ্যস্থতাকারীদের (যেমন এক্স ও ফেসবুক) কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করতে সহায়তা করে।

সরকারি বয়ানে বলা হয়েছে, ‘এটির উদ্দেশ্য হলো অবৈধ কোনো অনলাইন তথ্য অপসারণ বা তার অ্যাক্সেস বন্ধ করার মাধ্যমে ভারতের নাগরিকদের জন্য নিরাপদ সাইবার স্পেস তৈরি করা।’

কিন্তু এক্সের অভিযোগ, এই পোর্টাল কর্মকর্তাদের শুধুমাত্র ‘অবৈধতা’ অভিযোগের ভিত্তিতেই কনটেন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়ার সুযোগ করে দিচ্ছে—যেখানে বক্তাদের জন্য কোনো বিচারিক পর্যালোচনা বা ন্যায্য প্রক্রিয়া নেই। এ ছাড়া প্ল্যাটফরমগুলোকে হুমকি দেওয়া হচ্ছে, তারা অমান্য করলে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে।

এক্স বলেছে, এর ফলে ‘লাখ লাখ পুলিশ কর্মকর্তা স্বেচ্ছাচারী টেকডাউন নির্দেশ দিতে পারবেন’, যা ভারতের নাগরিকদের সাংবিধানিক মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে।

তবে কর্ণাটক হাইকোর্ট গত সপ্তাহে রায়ে জানায়, এক্সের আবেদন ‘মূল্যহীন’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে না।

আদালতের রায়ে বলা হয়, ‘স্বাধীনতার নামে নিয়ন্ত্রণহীন বক্তব্য আসলে আইনহীনতার লাইসেন্সে পরিণত হয়।’

আদালত আরো উল্লেখ করে, এক্স যুক্তরাষ্ট্রে টেকডাউন আদেশ মেনে চলে, কিন্তু ভারতে একই ধরনের আদেশ মানতে অস্বীকার করছে। তবে এক্স জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

২০২৩ সালে কর্ণাটক হাইকোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারবিরোধী মন্তব্য ও অ্যাকাউন্ট সরানোর নির্দেশকে চ্যালেঞ্জ করায় এক্সকে (তখনকার টুইটার) ৬১ হাজার ডলার জরিমানা করেছিল।

অধিকারকর্মীরা বলছেন, ভারতে মতপ্রকাশের স্বাধীনতা এখন ব্যাপক হুমকির মুখে এবং বর্তমানে দেশটি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ দেশের মধ্যে ১৫১তম স্থানে রয়েছে।

ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ৯০০ মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী আছে।

সরকারি চাকরিতে বেতন বাড়াতে কমিশনের কাজ শুরু

সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন- ২০২৫। একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন ৪টি প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট ৪টি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। জাতীয় বেতন কমিশন, ২০২৫ সবার সহযোগিতা কামনা করছে।

বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও

বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিনিয়োগকারী ইমরান খান।

শনিবার (২৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ইউনূস দেশের ক্রমবর্ধমান ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করার জন্য তাকে আমন্ত্রণ জানান।

আলেফ হোল্ডিং বোর্ডের চেয়ারম্যান খান বলেছেন, অধ্যাপক ইউনূসের দারিদ্র্য দূরীকরণের আজীবন লক্ষ্য দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। জন্মভূমিতে বিনিয়োগ করার জন্য এটিই সঠিক সময়।

তিনি বলেন, আমি আপনার কাজের একজন মহান ভক্ত। আপনি আমাদের সবার জন্য জাতীয় গর্ব।

খান অধ্যাপক ইউনূসকে বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহের পেছনে তার প্রভাবকে একটি মূল কারণ হিসেবে কৃতিত্ব দেন।

বার্তায় জানানো হয়, স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও খান ১৮ বছর বয়সে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। পরে প্রযুক্তি কোম্পানিগুলোতে মনোনিবেশ করে একজন বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

জেপি মরগান এবং ক্রেডিট সুইসের প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার, খান আলিবাবার রেকর্ড-ব্রেকিং আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি। যা শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম সফল। সুপরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের সঙ্গে তার ভূমিকার জন্য, যা মাত্র কয়েক মাসের মধ্যে কোম্পানির মূল্য শূন্য থেকে ৭২৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার জন্য দায়ী।

বৈঠকে খান উল্লেখ করেন, গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সময় অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠেছে।

তিনি ফিনটেকের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বিশেষ উৎসাহ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে, সঠিক সুযোগের আবির্ভাবের সঙ্গে সঙ্গে বিনিয়োগও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট যেখানে ফিনটেক খাতে এখনো যথেষ্ট প্রসার ঘটেনি। এখানে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে এবং প্রবৃদ্ধির সম্ভাবনা বিশাল।

খান প্রোয়েম অ্যাসেটের প্রতিষ্ঠাতা এবং সিইও, একটি বিনিয়োগ সংস্থা যা তিনি ২০১৮ সালে চালু করেছিলেন। প্রোয়েম প্রযুক্তি-চালিত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ক্ষেত্রগুলোতে, বিশেষ করে ফিনটেক, কেন্দ্রীভূত বিনিয়োগ করতে বিশেষজ্ঞ। তার বিস্তৃত পরিসরে পেমেন্ট, ডিজিটাল অবকাঠামো এবং সংশ্লিষ্ট শিল্পের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

অধ্যাপক ইউনূস আগামী মাসগুলোতে সুযোগগুলো অন্বেষণ করার জন্য খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। খান বলেন, তিনি আগামী মাসগুলোতে একটি ভ্রমণের পরিকল্পনা করবেন।

বাংলাদেশের তরুণদের আপনার মতো আদর্শ ব্যক্তিত্বের প্রয়োজন। দেশে ফিরে আসার সময় এটি একটি উত্তেজনাপূর্ণ সময়। আপনি একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারেন বলেন, অধ্যাপক ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা আরও প্রস্তাব করেন, শীর্ষ মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসা উদ্যোগ অথবা সমমনা কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনে বরাদ্দ করুন। এই পরামর্শকে খান আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তিনি অবশেষে এটি সমর্থন করতে চান।

প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও সভায় উপস্থিত ছিলেন।