মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

স্টার্কের অনুপ্রেরণায় বোলিং বিভাগের ঝাণ্ডা ওড়াচ্ছেন মারুফা

আইসিসির ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় একটি ভিডিও শেয়ার করে। দুই ঘণ্টারও কম সময়ে ১০ লাখের বেশি দেখা হয় সেই ভিডিও। মূলত দুটো খণ্ড ভিডিওকে জোড়া লাগানো হয় সেখানে। যার একটি এক যুগের বেশি পুরনো, আরেকটি একেবারে টাটকা।

গতকাল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে দারুণ এক ইনসুইংয়ে সিদরা আমিনকে বোল্ড করেন ম্যাচসেরা মারুফা আক্তার। এমন বলের মিল খুঁজতে গিয়ে ফাইল ঘেঁটে ১৩ বছর আগের একটি ভিডিও ক্লিপ পুনঃপ্রচার করেছে আইসিসি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই এক ডেলিভারিতে ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে বোল্ড করেছিলেন মিচেল স্টার্ক।

এই অস্ট্রেলিয়ান পেসারকে আদর্শ মেনে উড়ছেন মারুফা, ওড়াচ্ছেন বাংলাদেশের নারী দলের বোলিং বিভাগের ঝাণ্ডা। ওই ভিডিওতে স্টার্ককে আদর্শ মানা মারুফা বলেন, ‘স্টার্ক আমার অনেক পছন্দের বোলার। তাঁর সুইং করানোর দক্ষতা আমি অনুসরণ করি। সেটা আমাকে অনুপ্রাণিত করে।
নিজেকে বলি, মারুফা, তুইও পারিস!’

গতকাল কলম্বোয় পাকিস্তানি ব্যাটারদের একেবারেই সুবিধা করতে দেননি বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষকে অলআউট করে মাত্র ১২৯ রানে। এমন দাপটের ছন্দ গেঁথে দেন মারুফা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। প্রথমে ফেরান ওপেনার ওমাইমা সোহাইলকে।

ওভার দ্য উইকেট থেকে ছোড়া বল আদর্শ থ্রি-কোয়ার্টার লেংথে পড়ে দারুণ সুইংয়ে স্টাম্প ভেঙে দেয়। ঠিক পরের বলটি আরো চোখ-ধাঁধানো। গুড লেংথে ফেলা বলটি প্রথমে ইনসুইং, পরে সিমের ভেতরে আসা মুভমেন্টে পরাস্ত করে ব্যাটারকে। শূন্য রানে ফেরেন সিদরা আমিন, যাঁকে এবারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং বিভাগের স্তম্ভ হিসেবে বিবেচনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সর্বশেষ তিন ওয়ানডেতে দুটি সেঞ্চুরি, একটি ফিফটি আছে তাঁর।

মারুফার এমন বোলিংয়ের পর অন্যরাও সফল হন। ৩৪ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার আগে ছয়জন বোলারকে ব্যবহার করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কেউই খালি হাতে ফেরেননি। লেগ স্পিনার স্বর্ণা আক্তার মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৮ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। এতে পাকিস্তানকে খুব অল্পতেই আটকে দেয় বাংলাদেশ। ইনিংস শেষে বোলারদের প্রশংসা করেন নাহিদা, ‘প্রত্যেক বোলারই দারুণ বল করেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। যদি বুঝেশুনে ব্যাটিং করি, তবে এই লক্ষ্য সহজেই অর্জন করা সম্ভব।’

সেই লক্ষ্য অবশ্য পূরণ করেছেন ব্যাটাররা। বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন অর্জনে প্রশংসায় ভাসছে বোলিং বিভাগ, প্রশংসিত হচ্ছেন মারুফা। অথচ বিশ্বকাপে যাওয়ার আগে ঠিকঠাক ম্যাচ প্রস্তুতি নিতে পারেননি ক্রিকেটাররা। মারুফার প্রস্তুতি ছিল আরো কম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটিতে ছিলেন এই ডানহাতি পেসার। এর মধ্যে যেটুকু সময় পেয়েছেন, নিজেকে পুরো ঝালিয়ে নেন তিনি। এখন পরীক্ষা নিচ্ছেন প্রতিপক্ষ ব্যাটারদের

ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দখলদার বাহিনীর কারণে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময়ে তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করছে।

কেনিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত জয়ে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে জায়গা নিশ্চিত করে তারা।

আফ্রিকা থেকে ইতিমধ্যে সরাসরি খেলার যোগ্যতা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, আর তানজানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে নামিবিয়া। শেষ দল হিসেবে এবার সেই তালিকায় নাম লিখাল জিম্বাবুয়ে।

প্রথমে ব্যাট করতে নেমে কেনিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১২২ রান। দলের হয়ে একাই লড়াই চালান রাকেপ প্যাটেল। ৮টি চার ও একটি ছক্কায় ৪৭ বলে ৬৫ রান করেন তিনি। বাকিদের মধ্যে সচিন গিল (১৯), জসরাজ কুন্ডি (১৩) ও পুশকর শর্মা (১১) কিছুটা সহায়তা দেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ব্লেসিং মুজারাবানি। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা, টিনোটেন্ডা মাপোসা ও ব্র্যাড ইভান্স পান একটি করে উইকেট।

১২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে দারুণ সূচনা পায় ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির ব্যাটে।
বেনেট খেলেন ঝোড়ো ৫১ রানের ইনিংস (২৫ বল), যাতে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। মারুমানি ২৭ বলে করেন ৩৯ রান। এই জুটির ৭৬ রানের পার্টনারশিপে জয়ের ভিত গড়ে যায়। শেষ পর্যন্ত ৩০ বল হাতে রেখেই জিম্বাবুয়ে ৭ উইকেটের জয় নিশ্চিত করে।

কেনিয়ার হয়ে ভ্রাজ প্যাটেল নেন ২ উইকেট, আর ধীরেন গোঁদারিয়া নেন ১ উইকেট।

এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা থেকে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

এক দিনে আরো ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ইসরায়েল গাজাজুড়ে হামলা আরো বৃদ্ধি করেছে। গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা গোটা অঞ্চলে হামলা চালায়, যার মধ্যে দক্ষিণাঞ্চলের আল-মাসাউই এলাকাও ছিল। এটিকে আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছিল। সেখানকার এক খাবারের দোকানে হামলায় অন্তত নয়জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন এক দাদা, তার চার ছেলে ও এক নাতি।

কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে একসঙ্গে চার ভাইবোন নিহত হয়।
এ ছাড়া দেইর আল-বালাহতে এক বাড়িতে ইসরায়েলি হামলায় ৯ জন মারা যান, যাদের বেশির ভাগই নারী বলে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে।

ইসরায়েল বর্তমানে গাজা সিটিতে সামরিক অভিযান আরো জোরদার করছে। বুধবার শহর ছেড়ে যাওয়ার জন্য সর্বশেষ সতর্কতা জারি করার পাশাপাশি দক্ষিণে অবস্থানকারীদের জন্য উত্তর গাজার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তাদের সেনারা গাজা সিটিকে ঘিরে ফেলতে খুব কাছাকাছি রয়েছে এবং শহরে যারা থেকে যাবে, তাদের ‘সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক’ হিসেবে গণ্য করা হবে।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।

ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই : জামায়াত আমির

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম-উলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠন করতে হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের সঙ্গে একটি বৈঠকে জামায়াত আমির এসব কথা বলেন। এদিন সকাল ১১টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত চলা এই বৈঠকে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন কুরআন মজলিসের নেতারা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেসসচিব আকাশ মাহমুদ ও তামীরুল মিল্লাত কামিল মাদারাসা শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

বৈঠক শেষে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের হাতে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।

ফের লন্ডনে ট্রেসি অ্যান, তারেক রহমানের সঙ্গে হতে পারে বৈঠক

তিন মাসেরও কম সময়ের মধ্যে ফের লন্ডন সফরে গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার (১ অক্টোবর) সকালে তিনি ঢাকা ছেড়েছেন।

জানা যায়, এই সফরে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন ট্রেসি। ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। এ ছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে তাদের মতামত কী—এমন মৌলিক নানা বিষয়ও উঠে আসে তারেক রহমান ও ট্রেসির ওই আলোচনায়।

এর আগে নির্বাচন ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মূলত ওই বৈঠকের পরই আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা আসে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে।

প্রবাসীদের ভোটের জন্য নভেম্বরে চালু হচ্ছে বিশেষ অ্যাপ : ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

গতকাল বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময়সভায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা সব সময়ই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, অনলাইন ভোটিং নিয়ে বিশ্বব্যাপী নানা প্রস্তাব থাকলেও এখনো এটি নিরাপদ ও গ্রহণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।
তাই আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালটকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। নভেম্বর মাসের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। ব্যালট সংগ্রহ থেকে ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে।
বিদেশ থেকে পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।

মতবিনিময়সভায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেকসহ অনেকে।

গাজায় নৌবহর আটকে তদন্ত শুরু করেছে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গাজায় সহায়তা নিয়ে যাওয়া বহরের ওপর অভিযান চালিয়ে দেশটি আবারও তাদের ‘নৃশংসতা’ প্রমাণ করেছে।

নিজ রাজনৈতিক দলের এক সমাবেশে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় বেসামরিকদের ওপর ইসরায়েলি সরকারের এই হামলা আবারও দেখাল, গণহত্যায় লিপ্ত তাদের নেতারা গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ আড়াল করার চেষ্টা করছে। এটি ইসরায়েলের নৃশংসতা স্পষ্ট করে দিয়েছে।’

ইস্তাম্বুল প্রধান প্রসিকিউটরের কার্যালয় বহরে থাকা তুর্কি নাগরিকদের আটক করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানানো পর, এরদোয়ানের এই বক্তব্য আসে।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ বহরের ওপর হামলা চালায়। এতে আটক হওয়া ২৪ জন তুর্কি নাগরিককে কেন্দ্র করে তদন্ত চলছে। প্রসিকিউটরের অফিস জানিয়েছে, জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন অনুযায়ী তদন্তে ‘স্বাধীনতা হরণ, পরিবহন মাধ্যম দখল বা আটকে রাখা, সংগঠিত লুটপাট, ভৌত ক্ষতি এবং নির্যাতনের’ মতো অপরাধ খতিয়ে দেখা হবে।

গণমাধ্যমগুলো আরো জানায়, মোট প্রায় ৪০ জন তুর্কি নাগরিককে আটক করেছে ইসরায়েল, যাদের ইউরোপে নির্বাসনের প্রস্তুতি চলছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে ঘটনাটিকে ইসরায়েলের ‘সন্ত্রাসী কার্যক্রম’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে বলে, তারা আশা করছে এই হামলা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে না।

অন্যদিকে বহরের আয়োজকেরা বৃহস্পতিবার সকালে ঘোষণা দেন, ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা গাজার পথে যাত্রা অব্যাহত রাখবে।

‘এনসিপিকে শাপলা দিলে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে’

নাগরিক ঐক্য ছাড়া অন্য কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ দিলে নির্বাচন কমিশন পক্ষপাত দোষে দুষ্ট হবে বলে মন্তব্য করেছেন আপ বাংলাদেশের সংগঠক মোহাম্মদ হিজবুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ হিজবুল্লাহ তার পোস্টে বলেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, এনসিপি শাপলা পেলে তিনি মামলা করবেন না। এই স্টেটমেন্ট দ্বারা তিনি একটা প্যাঁচ লাগিয়ে রাখছেন নির্বাচন কমিশনে।
কারণ মামলা করবেন না এই কথার অর্থ হচ্ছে, শাপলা নিয়মানুযায়ী তার দলেরই পাওনা, কিন্তু নিয়মভঙ্গ করে নির্বাচন কমিশন যদি তাকে না দিয়ে অন্য কাউকে দেয়, তাহলে তিনি মামলা করবেন না ঠিকই, তবে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে।’

তিনি বলেন, ‘ফলে এই নির্বাচন কমিশন আইন ভঙ্গ করে একটা দলকে তার হক না দিয়ে অন্য একটা দলকে ফেভার দিচ্ছে এই অভিযোগ তিনি রাজনীতিতে সারা জীবন করতে পারবেন, তবে মামলা করবেন না। তিনি এনসিপিকে আইনবহির্ভূতভাবে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য সারা জীবন তিরস্কার করতে পারবেন আর একই সঙ্গে নিজের পাওনা না নিয়ে এনসিপিকে দান করে দেওয়ার মহানুভবতার পয়েন্টও নিতে পারবেন।’

আমার আনন্দ শুরু হয়েছিল অষ্টমী থেকেই : পূজা চেরী

এবারের দুর্গোৎসব ঢাকায় উদযাপন করেছেন অভিনেত্রী পূজা চেরী। ঘুরে বেড়িয়েছেন জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ বিভিন্ন মণ্ডপে। বেশ আনন্দময় সময় কাটিয়েছেন।

পূজা চেরী বলেন, ‘এবারের উৎসব ঢাকায় কাটল।
আমার পূজার আনন্দ অবশ্য শুরু হয়েছিল অষ্টমী থেকেই। ওই দিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছিলাম। লাল-সাদা শাড়িতে মণ্ডপের পরিবেশে সবার সঙ্গে আনন্দময় সময় কেটেছে। আমার আনন্দের সময়গুলো সবার সঙ্গে ভাগাভাগি করি।
মণ্ডপের ছবি সামাজিক মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি।’

এই অভিনেত্রী বলেন, ‘মণ্ডপে গিয়ে একটা অন্য রকম অনুভূতি হয়েছিল। কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ দূর থেকে শুধু তাকিয়ে ছিলেন। অনেকের চোখে-মুখে একটা সংশয় ছিল, আমি আসলেই কি পূজা চেরী!’

ঢাকেশ্বরীর এসব ঘটনা দারুণ উপভোগ করেছেন তরুণ অভিনেত্রী।
বলেন, ‘পুরো বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আজ বিজয়া দশমীতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে যাওয়ার ইচ্ছা রয়েছে। পূজার সময় মাকে খুব মিস করছি। তিনি বেঁচে নেই। মা থাকলে পূজায় অন্য রকম আনন্দ হতো।

পুজা বলেন, ‘আমার গ্রামের বাড়ি খুলনায় হলেও বেড়ে উঠেছি হাজারীবাগে। ধুলোমাখা শৈশবের দিনগুলো ওই মাটিতেই কেটেছে। নানা রকম পোশাক পরে বের হতাম। নানা রকম উপহার পেতাম। উপহার পেয়ে মনটা আনন্দে ভরে যেত। ছোটবেলা তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ পুরান ঢাকার অনেক মন্দিরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। আত্মীয়-স্বজন বাসায় আসতেন। পথে পথে হরেক রকম মুখরোচক খাবার খেতাম। বাসায় এসে মায়ের হাতের সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি পেতাম। সেই সময়গুলো খুব মিস করি।’