মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইউক্রেন সংকটে আকাশ প্রতিরক্ষায় সতর্ক পোল্যান্ড

রাশিয়া নতুন করে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা শুরু করায়, পোল্যান্ড তাদের আকাশসীমা সুরক্ষিত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। আজ রবিবার (৫ অক্টোবর) পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশে পোল্যান্ড ও মিত্রবাহিনীর বিমান চলাচল করছে এবং মাটিতে থাকা প্রতিরক্ষা ও রাডার সিস্টেম সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

পোলিশ সেনাবাহিনীর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো পুরোপুরি প্রতিরোধমূলক। এর লক্ষ্য হলো আকাশসীমা রক্ষা করা এবং সীমান্তবর্তী এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
সেনাবাহিনী আরো জানায়, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য বাহিনী প্রস্তুত আছে।

পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে প্রায় ৫৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতা জারি করা হয় গোটা দেশে। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে এই হামলায় একজন নারী নিহত হন এবং ১৬ বছরের এক কিশোরীসহ আরো ছয়জন আহত হন বলে স্থানীয় প্রশাসন জানায়।
এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে, রাশিয়ার বড় ধরনের হামলার সময় পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর দক্ষিণ-পূর্ব আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই মাসে পোলিশ ও ন্যাটো বাহিনী দেশটির আকাশে ঢুকে পড়া রাশিয়ান ড্রোন বাধা দেয়। যা ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গে প্রথম সরাসরি সামরিক সংঘাত হিসেবে বিবেচিত।

রবিবার (৫ অক্টোবর) লিথুয়ানিয়াও জানায়, তারা একাধিক বেলুন তাদের আকাশে শনাক্ত করেছে, যার কারণে কিছু সময়ের জন্য তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে।
পাশাপাশি জার্মানি, ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরেও সম্প্রতি অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়। রোমানিয়া ও এস্তোনিয়া এসব ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কো অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র : আল জাজিরা

রাজ্যের সম্মতি ছাড়াই শিকাগোতে সেনা মোতায়েনের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগো শহরে ৩০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করে তিনি এই পদক্ষেপ নেন। ট্রাম্পের এই পদক্ষেপ ডেমোক্র্যাট-শাসিত রাজ্য ও শহরের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার অভিযোগ করেন, প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবে একটি কৃত্রিম সংকট তৈরি করছেন।

এই ঘোষণা এমন এক সময় এলো, যখন পোর্টল্যান্ড শহরে সেনা মোতায়েন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন ফেডারেল বিচারক কারিন ইমারগুট। তিনি বলেন, রাজ্যের সম্মতি ছাড়া ফেডারেল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী এবং এটি রাজ্যের সার্বভৌমত্বের ওপর আঘাত। বিচারকের ভাষায়, এই ধরনের মোতায়েন শান্তি ফেরানোর বদলে বিক্ষোভ আরো বাড়িয়ে তোলে। প্রশাসনের এই পদক্ষেপ বেসামরিক ও সামরিক ক্ষমতার সীমারেখা ঘোলাটে করে তোলে, যা জাতির জন্য ক্ষতিকর।

শিকাগোতে সেনা ইতিমধ্যে মোতায়েন হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে এই ধরনের কোনো পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সাধারণত ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে থাকেন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর। মার্কিন আইনে সেনাবাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় সীমিতভাবে ব্যবহারের অনুমতি রয়েছে।

বিক্ষোভ, সহিংসতা ও সেনা মোতায়েনের পটভূমি
শিকাগোতে অভিবাসনবিরোধী বিক্ষোভ বাড়ছে। অধিকাংশ বিক্ষোভ মার্কিন অভিবাসন ও শুল্ক দপ্তরের সামনে সংগঠিত হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন, ‘চলমান দাঙ্গা ও বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ট্রাম্প ফেডারেল সম্পদ ও অফিসারদের রক্ষায় ৩০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমতি দিয়েছেন। তিনি চোখ বন্ধ করে বসে থাকবেন না। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক বিবৃতিতে বলা হয়, সেনা মোতায়েনের ঠিক আগের দিন শিকাগোয় অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা আইন প্রয়োগকারী বাহিনীর গাড়ির ওপর গাড়ি তুলে দেন।
এক নারী সশস্ত্র ছিলেন বলে দাবি করা হয় এবং তাকে গুলি করা হয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, গুলিবিদ্ধ নারী নিজেই স্থানীয় হাসপাতালে যান। তবে তার শারীরিক অবস্থা জানা যায়নি।

শিকাগোর বাস্তবতা ও পরিসংখ্যান
ট্রাম্প বারবার শিকাগোয় অপরাধ বৃদ্ধির কথা বলে সেনা মোতায়েনের হুমকি দিয়ে আসছিলেন। তবে পরিসংখ্যান বলছে, গত দুই বছরে শহরটিতে সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। ফৌজদারি বিচার কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের হার গত বছরের একই সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। তবে সহিংসতা পুরোপুরি থেমে যায়নি। গত মাসে, শ্রমিক দিবসের ছুটির সপ্তাহান্তে শহরে গুলিবিদ্ধ হন অন্তত ৫৮ জন, যার মধ্যে মারা গেছেন ৮ জন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনত বিতর্কিত এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর। রাজ্য সম্মতি ছাড়া সেনা মোতায়েন কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন অনেকে। চূড়ান্তভাবে, এটি কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, বরং যুক্তরাষ্ট্রের ফেডারেল কাঠামো, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে একটি বড় ধরনের বিতর্ক তৈরি করছে।

সূত্র : বিবিসি

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন তারা।

এ সময় গোয়েন লুইস ছাড়াও ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গাজায় বিদেশি শাসনের শর্ত মানবে না হামাস

গাজায় ইসারায়েলি জিম্মিদের মুক্তি ও প্রায় দুই বছরের সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় আংশিক সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হলেও গাজায় বিদেশি শাসনে রাজি হয়নি সংগঠনটি। খবর আল জাজিরার।

সংগঠনটি গত শুক্রবার জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘গভীর সলাপরামর্শের’ পর এই সিদ্ধান্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে এই অগ্রগতি হলো।

এর আগে গত শুক্রবার ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হামাসকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, নাহলে তাদের ‘নরকযন্ত্রণা ভোগ’ করতে হবে।

ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। এক বিবৃতিতে হামাস বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উল্লিখিত বন্দিবিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা।
তবে এর জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে।

হামাস আরো জানায়, বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে হামাস স্পষ্ট করেছে যে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটায় তাদের সম্মতি নেই। তারা আংশিক পরিকল্পনায় সম্মতি দিয়েছে।

গাজার শাসনভার নিয়ে হামাস স্পষ্ট করেছে, তারা গাজা উপত্যকার শাসনভার এমন একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।

ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল শনিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— নুর মোহাম্মদ (৫০), বাদশা (৩০), তাসকিন (২৬), নাদিম (৪৬), ফাইজুল হাসান (২০), মামুন (২৪), জুম্মান (২৬), হৃদয় হোসেন (১৮), শামীম হোসেন (২০), আজিজুল হক (৩০), রুহুল আমিন (২০), বাদশা (১৯), শুভ (২৩) ও মহিনুল ইসলাম শাফিন (২০)।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

• ২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৭,৫৭৬ টাকা

• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৮,৫৯৫ টাকা

• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৬১,৬৫১ টাকা

• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩৪,২৫৩ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় চলছে বোমাবর্ষণ

গাজায় বোমাবর্ষণ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। শনিবার দিনভর চালানো হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

শনিবার ইসরায়েলের বোমা হামলা-বিমান হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন দুর্ভিক্ষপীড়িত গাজা শহরের বাসিন্দা।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন গাজা শহরের তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় চালায় ইসরায়েল। এতে অন্তত ১৮ জন নিহত ও আরো বহু মানুষ আহত হন। হামলায় আশেপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী ৭ শিশু রয়েছে।

এদিন দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে একটি বাস্তুচ্যুত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই শিশুসহ অন্তত আটজন আহত হয়। তথাকথিত নিরাপদ অঞ্চল আল-মাওয়াসিতে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী। তবে সাম্প্রতিক সময়গুলোতে অঞ্চলটিকে বারবার লক্ষ্য বানাচ্ছে ইসরায়েল।

আজ-জাওয়ায়েদা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি জানিয়েছেন, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরসহ অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে। তিনি জানান, হতাহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই সেখানকার হাসপাতালগুলোতে। তীব্র জ্বালানি সংকটের মধ্যে চালু থাকা হাসপাতালে স্বাস্থ্যসেবা একবারেই সীমিত হয়ে গেছে।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্ক হ্রাস ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিষয়াবলির আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়েও আলোচনা করেন।

রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। ড. রহমান রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬ কোটি ডলারের সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ড. রহমান আলাদা বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি সহকারী সচিব নিকোল চুলিক এবং ডেপুটি সহকারী সচিব অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ড. রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন এবং সম্প্রতি সমাপ্ত শুল্ক আলোচনা-সম্পর্কিত অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ঘাটতি আরো সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে শুল্ক হ্রাসের বিষয়ে বিবেচনার অনুরোধ জানান। লিঞ্চ বলেন, শুল্ক চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে বিষয়টি পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হবে।

বাংলাদেশিদের ভিসা সহজ করতে আমিরাত সরকারকে অনুরোধ

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই বৈঠক করেছেন।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদিসহ বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা সমর্থন কামনা করেন। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নৌপরিবহন উপদেষ্টা এ সময় সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন যে, বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাপূর্বক পরবর্তীতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের প্রতি আহ্বান জানান। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর করা যেতে পারে মর্মে তিনি উল্লেখ করেন।

বৈঠকের শেষে উভয়পক্ষই বন্ধুপ্রতিম এই দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই

দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রবিবার (৫ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
যা এত দিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৩০ সেপ্টেম্বর থেকে।