মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

১৬ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ রবিবার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

এদিন গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত হন।
তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

২০০৯ সালের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস. এম. মফিদুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, রায়ের বাজারে গয়েশ্বর চন্দ্র রায়ের একটি ছয়তলা বাড়ি রয়েছে, যার নির্মাণ ব্যয় ৪০ লাখ ৮০ হাজার টাকা এবং কেরানীগঞ্জে পৈত্রিক জমিতে তার বাড়ির নির্মাণ ব্যয় ১৫ লাখ ৪ হাজার টাকা উল্লেখ করা হয়। অথচ গণপূর্ত বিভাগ কর্তৃক ওই বাড়ি দুটির অতিরিক্ত নির্মাণ ব্যয় পাওয়া যায় ২৫ লাখ ৩৬ হাজার ৫০৫ টাকা, যা তার গোপন করা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত হয়। এ ছাড়া গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় ব্যবহার্য ৫৮ হাজার ৬০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, যা তার ঘোষণা ও জ্ঞাত আয় বহির্ভূত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায় ২০০৪-২০০৫ সালে ক্ষমতাসীন দলের নেতা হওয়ার সুবাদে অবৈধভাবে প্রভাব খাটিয়ে মেসার্স আব্দুল মোনেম লিমিটেড ও রেজা কন্সট্রাকশন লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান হতে ২ কোটি ৬১ লাখ টাকা গ্রহণ করেন, যা তার অবৈধ অর্জন।
তার বাড়ি নির্মাণ, ইলেকট্রনিক সামগ্রী এবং অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে অর্জিত মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকা। এসব অর্থ সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন মর্মে মামলায় অভিযোগ করা হয়। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন এস. এম. মফিদুল ইসলাম। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন আদালতে সাক্ষ্য দেন।
অবশেষে আদালতের রায়ে বেকসুর খালাস হলেন গয়েশ্বর চন্দ্র রায়।

ওয়ানডেতে ৩৫ ছক্কায় ৩১৪ রান অস্ট্রেলিয়ান ব্যাটারের

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার হারজাস সিং। শনিবার ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে খেললেন অবিশ্বাস্য এক ইনিংস—মাত্র ১৪১ বলে ৩১৪ রানের ঝোড়ো ত্রিশতক! এই ইনিংসে তিনি হাঁকান রেকর্ড ৩৫টি ছক্কা ও ১২টি চার। তার এই ইনিংস পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে।

গ্রেড লেভেলের সীমিত ওভারের ক্রিকেটে এটি প্রথমবার কোনো ক্রিকেটারের ত্রিশতক।
এছাড়া এই ইনিংসের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন এক বিরল ও মর্যাদাপূর্ণ তালিকায়—নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ফার্স্ট-গ্রেড ক্রিকেটে ত্রিশতক করা মাত্র তিন ব্যাটারের একজন তিনি। বাকি দুজন হলেন ফিল জ্যাকস (৩২১) ও ভিক্টর ট্রাম্পার (৩৩৫)।

সিডনিতে জন্ম নেওয়া এই তরুণের শিকড় ভারতের চণ্ডীগড়ে। তার বাবা-মা ২০০০ সালে সেখান থেকে সিডনিতে পাড়ি জমান।
হারজাস ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নজর কাড়েন, যেখানে ভারতের বিপক্ষে ফাইনালে ৬৪ বলে ৫৫ রান করে দলের সর্বোচ্চ স্কোর গড়েছিলেন। তার ইনিংসেই অস্ট্রেলিয়া গড়েছিল ২৫৩ রানের লড়াকু সংগ্রহ।

রেকর্ড গড়া ইনিংস শেষে ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে হারজাস বলেন, ‘নিশ্চয়ই এটা আমার জীবনের সবচেয়ে নিখুঁত ব্যাটিং। অফ সিজনে পাওয়ার হিটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি, আর আজ সেটা সফল হতে দেখে অসাধারণ লাগছে।

তিনি আরো যোগ করেন, ‘গত এক-দুই মৌসুম নিজের খেলায় মনোযোগ দিতে পারিনি। এবার পুরোপুরি নিজের পারফরম্যান্সে মন দিয়েছি, আর তার ফল পাচ্ছি।’

প্রথমে ব্যাটিং করে ওয়েস্টার্ন সাবার্বস ওপেনাররা নিকোলাস কাটলার ও জোশুয়া ক্লার্ক ৭০ রানের জুটি গড়ে দলের জন্য শক্ত ভিত্তি তৈরি করেন। এরপর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামা হারজাস সিংহ প্রথম ৫ বলে কোনো রান পাননি। কিন্তু ষষ্ঠ বলেই তিনি জো ডেভিসকে মিডউইকেটের ওপর দিয়ে মেরে শুরু করেন দারুণ ব্যাটিং।
এটি ছিল তার আগমনের মাত্র একটি ঝলক। এরপর তিনি নিয়মিতভাবে সীমারেখা খোঁজা শুরু করেন। ১৮তম ওভারে হান্টার হলের বিরুদ্ধে ১৪ রান নিয়ে তিনি ছন্দে আসেন। ২০তম ওভারে ৩৩ বল খেলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর কিছুটা ধীরগতিতে খেলেন। পরবর্তী শতক পর্যন্ত তিনি ৪১ বল নেন। কিন্তু এরপরই তিনি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরবর্তী দুই ওভারেই ডেভিস এবং হলকে তছনছ করেন, যেখানে পাঁচটি ছয় এবং একটি চার মারেন। এরপর থমাস মুলেনের ৩৭তম ওভারে পাঁচটি ছয় মারেন।

১০৩ বল খেলে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। দ্বিতীয় শতকটি আসে মাত্র ২৯ বলে। কিন্তু এখানেই থামেননি। শেষ দশ ওভারে ব্যাটিং চালিয়ে যান। ১২৯ বল খেলে ২৮৩ রানে যখন তিনি শেষ ওভারে তখন প্রথম তিনটি বলেই তিনটি ছয় মেরে ৩০১ রানে পৌঁছান। শেষ পর্যন্ত তিনি শেষ ওভারে আউট হন ১৪১ বল খেলে ৩১৪ রানে, যার মধ্যে ৩৪ ছয় এবং ১২ চার। বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে আসে মোট ২৫২ রান।

মেসির হ্যাটট্রিক-অ্যাসিস্টে ইন্টার মায়ামির দাপুটে জয়

লিওনেল মেসি গোল করতে না পারলেও তার জাদুকরী পাসেই উড়ল ইন্টার মায়ামি। রবিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে দলটি।

দু’টি করে গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। মেসির অসাধারণ তিনটি অ্যাসিস্টে এসেছে তাদের তিনটি গোলই।
এই জয়ে টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর আবারও জয়ের দেখা পেল মায়ামি।

এই জয়ের ফলে ১৭ জয় ও ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ হাতে রেখে তারা দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।

ম্যাচের ৩২তম মিনিটে মেসির দারুণ এক থ্রু বল থেকে গোল করেন আলেন্দে।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির পাসেই গোল করেন আলবা।

দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ডুর তুরগেমান। তবে এক মিনিটের মধ্যেই মেসির পাস থেকে আবারও গোল করে আলেন্দে ব্যবধান বাড়ান। এরপর ৬৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলবা।

ভিনিসিয়ুস-এমবাপ্পের নৈপুণ্যে ফের চূড়ায় রিয়াল মাদ্রিদ

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে এবার ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোরা।

শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিয়ুস করেন জোড়া গোল, আর একটি গোল আসে এমবাপ্পের পা থেকে।

এর আগে অ্যাতলেতিকোর বিপক্ষে ৫-২ গোলের হারে শেষ হয়েছিল রিয়ালের অপরাজেয় ধারা।
তবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে কাইরাতকে ৫-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পায় জাভি আলোনসোর দল। সেই ছন্দ ধরে রেখেই সহজ জয় তুলে নিল তারা ভিয়ারিয়ালের বিপক্ষে।

পুরো ম্যাচেই প্রাধান্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা নিয়েছিল ২৬টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।
তবে প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দলই।

২২তম মিনিটে এমবাপ্পের পাসে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাস্তানতুয়োনোর নেয়া শট ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক রেনাতো ভেইগা। ৪১ মিনিটে সুযোগ পেয়েছিল অতিথিরাও, কিন্তু থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে বেঁচে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় স্বাগতিকরা।
৪৭ মিনিটে এমবাপ্পের দারুণ ফ্লিক পাস থেকে ডি-বক্সে ঢুকে ভিনিসিয়ুসের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় রিয়াল।

৬৯ মিনিটে রাফা ম্যারিনের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা।

৭৩ মিনিটে জর্জি মিকাউতাদজের অসাধারণ শটে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। তবে তিন মিনিট পরই সান্তিয়াগো মরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পড়ে অতিথিরা।

লাল কার্ডের সুবিধা কাজে লাগিয়ে ৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে কফিনের শেষ পেরেক ঠুকেন এমবাপ্পে।
এটি লিগে তার নবম গোল। তবে গোলের কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের চূড়ায়। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিক্ষোভে অংশ নেয়া হাজার হাজার মানুষ জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নেমে আসে। বিরোধী প্রধান দলগুলো স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান না মেনে নির্বাচন বর্জন করে আন্দোলনকে তীব্র করেছে।
বিক্ষোভের অন্যতম সংগঠক ও অপেরা কণ্ঠশিল্পী পাতা বুড়চুলাদজে আগে থেকেই শাসক দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে — দাঙ্গা পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে। পরে পুলিশের হাতে অনেক বিক্ষোভকারী আটক হয়।

গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল ‘জর্জিয়ান ড্রিম’ বিজয় দাবি করার পর থেকে দেশটি রাজনৈতিকভাবে অচলাবস্থায় রয়েছে।
ইইউপন্থি বিরোধী দলগুলো বারবার অভিযোগ তুলছে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় টিকে রয়েছে শাসকদল। এ অভিযোগের জেরে সরকারের সঙ্গে ইইউ-তে যোগদানের আলোচনা আপাতত স্থগিত রয়েছে।

বিক্ষোভের সময় পাতা বুড়চুলাদজে এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ছয়জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেন।’

এর আগেও কয়েক মাস ধাপে ধাপে সরকারবিরোধী কর্মী, স্বাধীন গণমাধ্যম ও পশ্চিমাপন্থি রাজনৈতিক নেতাদের ওপর জোরালো দমননীতি চালানো হয়েছে।
দেশটির অনেক বিরোধী নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। তিবলিসিতে বিক্ষোভে অংশ নেওয়া ২১ বছর বয়সী ইয়া নামের এক কিশোরী বলেন, ‘রঙিন কিছু পরলে সহজেই আমাদের চেনা যাবে, আর চেনা গেলে জেলে যেতে হবে।’ তাই কালো পোশাক, হেলমেট ও গ্যাসমাস্ক পরে বিক্ষোভে ছিলেন তিনি।

ইয়া জানান, রুস্তাভেলি এভিনিউতে বিক্ষোভকারীদের চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।

সরকার বলেছে, রাস্তা অবরোধের মতো বেআইনি কর্মকাণ্ডে অংশগ্রহণের অপরাধে শত শত বিক্ষোভকারীকে ৫ হাজার জর্জিয়ান লারি (১ হাজার ৮৩৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

ইয়া বলেন, ‘আমি চাই জর্জিয়ান ড্রিম সরে যাক। আমরা দেশটাকে ফিরে পেতে চাই। আমার যেসব বন্ধুকে অবৈধভাবে জেলে রাখা হয়েছে, তারা যেন মুক্তি পায়।’

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সাথে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়া বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান হলেন মিসেস সুজান ভাইজ।

‘ইয়াশ রোহানের বাবার চরিত্রে অভিনয় করে আমি গর্বিত’

অভিনেতা ইয়াশ রোহান সামাজিক মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ ছোটপর্দার এই অভিনেতাকে তীব্র আক্রমণ করছেন। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ইয়াশ রোহান। ওই ছবিতে তাকে দেখা যায় দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন, কপালে সিঁদুর রেখা।

এই ছবিটি পোস্ট করার পরই তাকে নেটিজেনদের একাংশ আক্রমণ করে বসে। ইয়াশ রোহান হিন্দু বলে তাঁর নাটক দেখবে না, মন্তব্যে এমনটাই জানাতে থাকেন। তবে এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। তারা দুঃখ প্রকাশ করে রোহানের পাশে থাকার চেষ্টা করছেন।

এদিকে অভিনেতা, লেখক ও সাংবাদিক আহসান কবির নিজের ফেসবুক পোস্টে জানালেন তিনি ইয়াশ রোহানের বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং এই এই চরিত্রে কাজ করে তিনি গর্বিত।

আহসান কবির বলেন, ‘আমি গর্ব করে বলি সাজিন আহমেদ বাবু পরিচালিত একটি নাটকে আমি ইয়াশ রোহান বাবার সাথে অভিনয় করেছিলাম, আই লাভ ইউ বাবা….’

এদিকে ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘কারো পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়।

বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে।
এত ঘৃণা নিয়ে মানুষ কিভাবে রাতের ঘুম হারাম করে না, সেটাই আশ্চর্য!’

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পীসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’

এ ছাড়া অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকেই ইয়াশের প্রতি সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্তরাও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘এসব মন্তব্যে দয়া করে কষ্ট পাবেন না ভাই। আমরা চাই, মানুষকে কাজ দিয়ে মূল্যায়ন করা হোক, ধর্ম দিয়ে নয়।’

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি একই সূত্রে গাঁথা।

আজ রবিবার দুপুরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে ওই জেলায় অস্থিরতা সৃষ্টি হয়।
৮ দিন পর গতকাল শনিবার খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা প্রশাসন।

এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় তুলকালাম হয়েছে, মেডিক্যাল টেস্টে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের সংশ্লিষ্টতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর করা মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগ প্রত্যাখ্যান করে এ কথা বলেন।

গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিসরে যাচ্ছেন মার্কিন দূতরা

গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের দূতরা মিসরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফকে শনিবার মিসরে পাঠানো হচ্ছে, যেখানে তারা বন্দি বিনিময় সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় চূড়ান্ত করবেন এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইতিমধ্যেই হামাস ট্রাম্পের পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আশা করছেন আগামী কয়েক দিনের মধ্যেই অবশিষ্ট সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দেশটিতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদলও বৈঠকে যোগ দেবে। আলোচনায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে প্রস্তাবিত চুক্তি নিয়ে কথা হবে।

এই বৈঠকগুলো হচ্ছে এক মাস পর, যখন কাতারে হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি বিমান হামলার কারণে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায়।
সেই হামলায় ছয়জন নিহত হলেও মূল লক্ষ্যবস্তু নিহত হয়নি।

গ্রুপ পর্বে বিদায় ব্রাজিলের

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের জন্য হয়ে এলো এক বিশাল ধাক্কা। রামন মেনেজেসের নেতৃত্বে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে চালু হওয়া এই টুর্নামেন্টে এবার ২০তম বার খেলল ব্রাজিল। আগের ১৯ অংশগ্রহণে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্স আপ হয়েছে।
এর আগে সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ সালে, সেবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল দলটি। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের।

গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র ও মরক্কোর কাছে ২-১ ব্যবধানের হারে শনিবার (৪ অক্টোবর) সান্তিয়াগোতে স্পেনের বিরুদ্ধে জিততে হতো ব্রাজিলকে। অবশ্য দুই দলের জন্যই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’।

ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর এক গোলে স্পেন এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই গোলের ফলে স্পেন ম্যাচ জিতলেও তাদেরও পরের পর্বে ওঠা নিশ্চিত হয়নি। ২৪ দলের টুর্নামেন্টে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে পরের পর্বে খেলবে সেরা চার তৃতীয় স্থানধারী। স্পেন আপাতত সেই তালিকায় থেকে অপেক্ষায় থাকল।
গ্রুপ থেকে মরক্কো ও মেক্সিকো যথাক্রমে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠেছে। আর এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর গতকাল রাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে।