সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ভারতে পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতাভুক্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন, যা ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফেরা থেকে কোনো শীর্ষস্থানীয় তালেবান নেতার ভারতে প্রথম সফর।

মুত্তাকির এই সফরটি সম্ভব হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের অনুমতি পাওয়ার পর। এই সফরটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, কারণ নয়াদিল্লি ধীরে ধীরে তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতে তার (মুত্তাকি) সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছি।
’ তিনি তাকে ‘উষ্ণ অভ্যর্থনা’ জানান।

মুত্তাকি জানুয়ারিতে দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

যদিও উভয় পক্ষই বৈঠকের সূচি প্রকাশ করেনি, বিশ্লেষকরা মনে করেন বাণিজ্য ও নিরাপত্তা বিষয়গুলো আলোচনার কেন্দ্রে থাকবে — যদিও ভারত আপাতত তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কোনো পদক্ষেপ নেবে না।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রভীন দোন্থি বলেন, ‘নয়াদিল্লি কাবুলে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে আগ্রহী… এবং চীন ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে থাকতে চায় না।’

মুত্তাকির এই সফরের আগে তিনি রাশিয়ায় বৈঠক করেছেন—যা এখন পর্যন্ত তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ।

তবে দোন্থি বলেন, তালেবান ‘কূটনৈতিক স্বীকৃতি ও বৈধতা অর্জনের চেষ্টা করছে।’ যদিও তা এখনো অনেক দূরের পথ।

ভারতের সাবেক কাবুল রাষ্ট্রদূত রাকেশ সূদ বলেন, ‘ভারত তালেবানকে কূটনৈতিক স্বীকৃতি দিতে কোনো তাড়াহুড়ো করছে না।’

ভারত দীর্ঘদিন ধরে ১০ হাজারেরও বেশি আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে, যাদের অনেকে তালেবানের ক্ষমতায় ফেরার পর দেশ ছেড়েছে।

২০২৩ সালে আফগানিস্তানের নয়াদিল্লি দূতাবাস বন্ধ হয়ে যায়, যদিও মুম্বাই ও হায়দরাবাদের কনস্যুলেটগুলো সীমিত পরিসরে সেবা দিচ্ছে।

ভারত জানিয়েছে, কাবুলে তাদের উপস্থিতি শুধু মানবিক সহায়তা সমন্বয়ের জন্য সীমিত।

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

হানিয়া আমিরের পর বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন- সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান।
এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দীওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

পাকিস্তানি কাজের পাশাপাশি এই অভিনেতা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এ অভিনয় করেছেন। এর বাইরে, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’ এর প্রথম সিজনেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

অভিনয় জীবনে আহাদ রাজা মীর শুরু করেন ২০১০ সালে, ১৭ বছর বয়সে, হাম টিভির রোমান্টিক ড্রামা “খামোশিয়ান”-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কানাডায় থাকার সময় তিনি মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখিতেও ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় বিমান হামলা

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার অঞ্চলটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

সংস্থার এক কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, ‘গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোতে একমত হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে উত্তর গাজার বেশ কিছু এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

তিনি জানান, গাজা সিটিতে তীব্র বিমান হামলার একটি ধারাবাহিকতা চালানো হয়েছে। এএফপি বরাত দিয়ে এসব খবর জানিয়েছে আল জাজিরা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনে সহায়তা করবে এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সফল হতে সাহায্য করব এবং শান্তিপূর্ণ থাকতে সহায়তা করব।’

এর কয়েক ঘণ্টা আগেই তিনি ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাস তার শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। ট্রাম্প আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে আমি খুবই আত্মবিশ্বাসী।

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইনে পরিণত করল স্পেন

স্পেনের আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ প্রবর্তিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করার প্রস্তাব বুধবার অনুমোদন করেছেন। সানচেজ এই নিষেধাজ্ঞাকে গাজার জাতিগত নিধন থামানোর একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

স্পেনের পার্লামেন্ট ১৭৮ ভোটে ও ১৬৯ ভোটে এই আদেশ পাস করেছে। সেপ্টেম্বর মাসে সানচেজ ঘোষণা করেছিলেন।
সানচেজ ইসরায়েলের তীব্র সমালোচক হিসেবে পরিচিত, তিনি ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দুই বছরের বিধ্বংসী যুদ্ধে অন্যতম কণ্ঠস্বর।

বামপন্থী দল পোডেমোস এই ডিক্রির সমালোচনা করেছিল, তবে তাদের আইন প্রণেতাদের অবস্থান দলটির ভোট বামপন্থী সংখ্যালঘু জোটের পক্ষে ঘুরিয়ে দিতে সহায়ক হয়। সরকার বলেছে, যুদ্ধের শুরু থেকেই তারা ইসরায়েল থেকে অস্ত্র কেনা বা ইসরায়েলকে অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর যুদ্ধ শুরু হয়।

তবে সানচেজ গত মাসে একটি আদেশ ঘোষণা করেন, যার মাধ্যমে নিষেধাজ্ঞাটি আইনিভাবে দৃঢ় করার কথা বলা হয়। এই পদক্ষেপটি ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ।

আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের করা ভয়াবহ আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল যেভাবে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর অযৌক্তিক আক্রমণ চালিয়েছে, তা বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞদের মতে, গণহত্যা হয়ে দাঁড়িয়েছে।’ এটি ইসরায়েলে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম, পণ্য বা প্রযুক্তির রপ্তানি এবং দেশটি থেকে এমন পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ ছাড়া আদেশে সামরিক ব্যবহারের উপযোগী বিমান জ্বালানি পরিবহন নিষিদ্ধ করা হয়েছে এবং গাজা ও পশ্চিম তীরের অবৈধ উপনিবেশগুলোর পণ্য বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে সরকারকে কিছু ব্যতিক্রম করার সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে যখন ‘জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে’— এমন পরিস্থিতি তৈরি হয়।

ইসরায়েল স্পেনের ঘোষণাটির তীব্র নিন্দা করেছে। ইসরায়েলের ২০২৪ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর স্পেন থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল। ইসরায়েলের স্পেন দূতাবাস পূর্বে এই পরিকল্পনাকে ‘একটি নিন্দনীয় সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেছিল।

ভোটটি মঙ্গলবার হওয়ার কথা ছিল, তবে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, হামাস আক্রমণের দুই বছরের বার্ষিকী উপলক্ষে এটি একদিন পরে অনুষ্ঠিত হয়।

সূত্র : এএফপি

চীনা নারীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্ক’, মার্কিন কূটনীতিক বরখাস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার জানিয়েছে, তারা স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। ওই কর্মী একজন চীনা নাগরিকের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক গোপন করেছিলেন।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে একজন ফরেন সার্ভিস অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করেছে। যিনি স্বীকার করেছেন, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত একজন চীনা নাগরিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গোপন করেছিলেন।

বিভাগটি জানিয়েছে, ওই কর্মকর্তা ক্যামেরার সামনে স্বীকার করেছেন, চীনা নারীটি ‘গোয়েন্দা হতে পারেন,’ তবে কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা আরো বলেছেন, তার সঙ্গিনীর বাবা ছিলেন ‘একজন খাঁটি কমিউনিস্ট পার্টির সদস্য।’

চীনা কমিউনিস্ট পার্টি দেশটির ব্যবসা, শিক্ষা ও সামাজিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, যেখানে অনেক সাধারণ চীনা নাগরিক আদর্শের চেয়ে বাস্তব কারণে পার্টির সঙ্গে সম্পর্ক রাখেন।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের অধীনে নেওয়া প্রথম বরখাস্তের ঘটনা, যেখানে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন, সব সরকারি কর্মচারীকে ‘প্রেসিডেন্টের নীতিমালা সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।’

পিগট বলেন, ‘আমরা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত কর্মচারীর ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখব।’

এ বছর শুরুর দিকে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, চীনে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের স্থানীয় নাগরিকদের সঙ্গে রোমান্টিক সম্পর্ক স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হবে, যা অনেকের কাছে স্নায়ুযুদ্ধ যুগের কৌশলের কথা মনে করিয়ে দেয়।

সোমবার গাজায় আটক জিম্মিরা মুক্তি পাবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর গাজায় আটক সব জিম্মি, এমনকি মৃতদের দেহও সোমবার ফেরত পাঠানো হবে।

ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য অনেক কিছুই ঘটছে এবং আমরা মনে করছি, তারা সবাই সোমবার ফিরে আসবে। এর মধ্যে মৃতদের দেহও অন্তর্ভুক্ত থাকবে।’

রিপাবলিকান এই প্রেসিডেন্ট বুধবার রাতে এসব কথা বলেন।

ট্রাম্প জানান, এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল তাদের সেনা নির্দিষ্ট সীমারেখার পেছনে সরিয়ে নেবে, যা মিসরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে।

তিনি আরো ইঙ্গিত দেন, এই চুক্তি শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির ঢেউ তুলতে পারে, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানও এতে ভূমিকা রাখতে পারে।

ট্রাম্প বলেন, ‘এটা শুধু গাজা নিয়ে নয়, এটা মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে। আমি বিশ্বাস করি, ইরানও এই পুরো শান্তি প্রক্রিয়ার অংশ হবে।

তিনি আরো যোগ করেন, ‘বিশ্ব এই চুক্তির পেছনে এক হয়েছে। এটি ইসরায়েলের জন্য দারুণ, মুসলমানদের ও আরব দেশগুলোর জন্য দারুণ এবং আমাদের দেশ — যুক্তরাষ্ট্রের জন্যও দারুণ।’

ট্রাম্প দীর্ঘদিন ধরে ইঙ্গিত দিয়ে আসছেন, যদি আঞ্চলিক উত্তেজনা কমে যায়, তবে ভূমধ্যসাগর তীরবর্তী গাজা একসময় সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে পরিণত হতে পারে। তিনি বুধবার আবারও সেই আশা ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘গাজা পুনর্গঠিত হবে। আশপাশের দেশগুলো, যাদের প্রচুর সম্পদ আছে, তারা এ কাজে সহায়তা করবে, কারণ তারাও এটা বাস্তবায়িত হতে দেখতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টায় সাহায্য করব এবং এটিকে শান্ত রাখতেও সাহায্য করব।’

ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হামাস তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে এবং বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে।

বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল একটি নির্ধারিত সীমারেখা পর্যন্ত তাদের সেনা প্রত্যাহার করবে।’

তবে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তির বিস্তারিত তথ্য পরে ঘোষণা করা হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্সে লিখেছেন, ‘মধ্যস্থতাকারীরা ঘোষণা করছে যে, আজ রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে; যা যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেবে। বিস্তারিত পরে জানানো হবে।’

এই ঘোষণা আসে কয়েক ঘণ্টা পর, যখন ট্রাম্প বলেন আলোচনাগুলো ‘খুব ভালোভাবে চলছে’ এবং তিনি এই সপ্তাহের শেষ দিকে মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন। তিনি বলেন, ‘আমি সম্ভবত সপ্তাহের শেষ দিকে, হয়তো রবিবার, সেখানে যেতে পারি।

বুধবার মিশরের লোহিত সাগর তীরবর্তী রিসোর্ট শহর শার্ম আল-শেখে তৃতীয় দিনের আলোচনায় কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন; যেখানে মধ্যস্থতাকারীরা ট্রাম্পের ২০ দফা প্রস্তাব নিয়ে উভয়পক্ষের মতপার্থক্য দূর করার চেষ্টা চালান।

পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দির মুক্তি (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) এবং ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির কথা বলা হয়েছে।

হামাস ইতোমধ্যে এই বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য তাদের বন্দিদের তালিকা জমা দিয়েছে।

সূত্র : আল জাজিরা।

ফের সোনার দামে রেকর্ড বৃদ্ধি, আজ থেকে কার্যকর

দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম আবারও ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে।

ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

• ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা

• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা

• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা

• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায়।

যুদ্ধবিরতির জন্য হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য : ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন। পাশাপাশি তিনি গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমকে জিভ এলকিন বলেন, যুদ্ধ শেষ করার নিয়ম ইসরায়েলই নির্ধারণ করবে এবং চূড়ান্ত ফলাফলে হামাসকে নিরস্ত্র ও গাজার নিয়ন্ত্রণে আর না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, হামাস আগেই জানিয়েছিল যে নিরস্ত্রীকরণ তাদের জন্য একটি ‘রেড লাইন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, ইসরায়েলকে এই বিষয়ে তাদের প্রত্যাশা অনেকটাই কমাতে হবে।

আবু মারজুক আরো বলেন, হামাসের কাছে কতটি রাইফেল আছে তা খুঁজে বের করার চেয়ে একটি যুদ্ধবিরতির অঙ্গীকারই বেশি গুরুত্বপূর্ণ।

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সৈনিক ও দুইজন কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, সীমান্তবর্তী কুররম জেলায় পাকিস্তানি সেনাদের সামরিক কনভয়ে প্রথমে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়, এরপর বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক বাহিনীর গাড়ির ওপর একযোগে গুলি চালায়।

এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
রয়টার্সের প্রতিবেদককে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারাই সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে। তবে কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।