সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

এমবাপ্পের নৈপুণ্যে ফ্রান্সের সহজ জয়, কিমিখের জোড়া গোলে শীর্ষে জার্মানি

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে ফ্রান্স। শুক্রবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিল দিদিয়ের দেশমের দল।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে অবস্থান করছে লে ব্লুসরা, আগামী সোমবার আইসল্যান্ডের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে তাদের বিশ্বকাপের টিকিট।

ইনজুরির কারণে পিএসজির তিন ফরোয়ার্ড উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা ছিলেন না।
তবে দলকে হতাশ হতে দেননি অধিনায়ক এমবাপ্পে। নিষ্প্রভ প্রথমার্ধের শেষ মুহূর্তে দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে নেন এই তারকা ফরোয়ার্ড। বিরতির পর তারই অ্যাসিস্ট থেকে হেডে দ্বিতীয় গোল করেন আদ্রিয়েন র‍্যাবিওত। শেষ দিকে বদলি হয়ে নামা ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্লোরিয়ান থাউভিন মাত্র এক মিনিটের মধ্যেই ভলিতে তৃতীয় গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন।

ফ্রান্সের হয়ে দারুণ জয় হলেও ম্যাচে উদ্বেগের খবরও ছিল। শেষ দিকে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তবে কোচ দেশম জানিয়েছেন, চোটটি তেমন গুরুতর নয়।

এই জয়ের মাধ্যমে টানা ২৬ ম্যাচ ধরে বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বে অপরাজিত থাকল ফ্রান্স।
অপরদিকে আজারবাইজান তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।

অন্যদিকে একই রাতে জোশুয়া কিমিখের জোড়া গোলে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। ডেভিড রাউমের ফ্রি-কিকে এগিয়ে যাওয়ার পর কিমিখ পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। বিরতির পর সের্জ গুনাব্রি ও কিমিখের আরও একটি করে গোলে জয়ে পায় জুলিয়ান নাগেলসমানের দল।

এদিকে বেলফাস্টে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে।
আত্মঘাতী গোলের পর ট্রাই হিউমের দারুণ ভলিতে জয় নিশ্চিত করে ঘরের মাঠে তিন পয়েন্ট তুলে নেয় তারা।

সোমবার বাছাইপর্বে দারুণ কিছু লড়াই অপেক্ষা করছে—ফ্রান্স মুখোমুখি হবে আইসল্যান্ডের, আর জার্মানি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওলোনগং থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে শনিবার সকাল ১০টার দিকে একটি বিমান দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

লেক ইলাওয়ারা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি রাজ্যের মধ্য পশ্চিমাঞ্চলীয় বাথার্স্টে যাচ্ছিল।

রানওয়েতে পড়ে বিমানটিতে আগুন ধরে গেলে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

দমকল বাহিনীর পরিদর্শক অ্যান্ড্রু বারবার জানিয়েছেন, দুর্ঘটনার সময় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে প্রশিক্ষণ নিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়।
তবে জ্বালানি দাহ্য হওয়ায় যাত্রীদের বাঁচানোর কোনো সুযোগ ছিল না।

নোবেল পাওয়ার পর মাচাদোর সঙ্গে যে কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কথা বলেছেন, যদিও তার প্রশাসন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে জানিয়ে আসছেন যে তিনি নোবেল পুরস্কার পেতে চান। সাম্প্রতিক দিনগুলোতে তার গাজা শান্তি পরিকল্পনা অগ্রগতি পাওয়ায় বিশ্বনেতাদের একটি অংশও তাকে পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন। তবে নোবেল পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী, কোনো বছরের জন্য মনোনয়ন জানুয়ারির শেষেই বন্ধ হয়ে যায়।

নোবেল কমিটি শুক্রবার জানায়, ২০২৫ সালের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নেতা মারিয়া কোরিনা মাচাদো — ‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তার সংগ্রামের’ স্বীকৃতি হিসেবে।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো জানান, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে আলাপের বিস্তারিত প্রকাশ করতে চাননি। পুরস্কার গ্রহণের পর দেওয়া তার বিবৃতির মতোই তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার সন্ধ্যায় এক বক্তব্যে ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি মাচাদোর সঙ্গে কথা বলেছেন এবং বলেন, ‘তিনি খুবই ভদ্র ছিলেন।

ট্রাম্প বলেন, ‘‘যিনি আসলে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ ফোন করে বললেন, ‘আমি এটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনি এই পুরস্কারের যোগ্য।’ তার আচরণ খুবই ভদ্র ছিল। আমি বলিনি, ‘তাহলে আমাকে দিন,’ যদিও আমার মনে হয় তিনি হয়তো দিতেন। তিনি খুব ভালো মানুষ।
’’

তিনি আরো বলেন, ‘আমি তাকে অনেকভাবে সাহায্য করেছি। ভেনেজুয়েলায় এখন বিপর্যয়কর অবস্থা, অনেক সহায়তার প্রয়োজন। আর আপনি এটাও বলতে পারেন, পুরস্কারটি মূলত ২০২৪ সালের ঘটনাকে ঘিরেই দেওয়া হয়েছে, যখন আমি নির্বাচনে লড়ছিলাম।’

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং সামাজিক মাধ্যমে লেখেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করল, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয়।

চীনের ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বেইজিং যুক্তরাষ্ট্রের শিল্পের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ (রেয়ার আর্থ) রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করায় তিনি এই ঘোষণা দেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর ওয়াল স্ট্রিট শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটে, কারণ বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আরেকটি বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দুই দেশের আলোচনার ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছিল এবং ট্রাম্প এই বছরের শুরুর দিকে আরোপিত উচ্চ শুল্কগুলো অনেকটা কমিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন।

তবে শুক্রবার রাতে ট্রাম্প আবারও সতর্ক করেন যে, তিনি চীনা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের ‘ওপরও অতিরিক্ত’ ১০০ শতাংশ নতুন শুল্ক আরোপ করতে পারেন। তিনি বলেন, “এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে পারে, ‘অথবা তার আগেও’, যদি চীন প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।”

ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’ রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে।

তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি কখনো ভাবিনি বিষয়টি এ পর্যায়ে আসবে, কিন্তু হয়তো সময় এসে গেছে।
শেষ পর্যন্ত, যদিও এটি কিছুটা কষ্টদায়ক হবে, এটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভালো ফল বয়ে আনবে।’

তিনি আরো লেখেন, ‘আমরা বর্তমানে যে নীতিগুলো পর্যালোচনা করছি তার একটি হলো চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক বৃদ্ধি। আরো অনেক পাল্টা ব্যবস্থা আছে, যা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’

এই ঘোষণার পর আসন্ন সময়ে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে পরিকল্পিত বৈঠকটি বাতিল হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন দেখা করার কোনো যৌক্তিক কারণ দেখা যাচ্ছে না।’

এই হুমকির ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। মাত্র চার মাস আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছিলেন, যখন তিনি শুল্ক হ্রাস সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন।

এ বছরের বসন্তে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠার সময় ট্রাম্প বারবার চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। পাল্টা হিসেবে বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় উত্তর গাজায় ফিলিস্তিনিদের ঢল

গাজায় যুদ্ধবিরতি শুক্রবার কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে আসতে শুরু করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ‘যুদ্ধের অবসান’ এবং বন্দি বিনিময়ের চুক্তি অনুমোদনের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা (গ্রিনউইচ মান সময় সকাল ৯টা) থেকে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়, যখন তারা প্রথম ধাপের চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমান্তরেখায় সেনা প্রত্যাহার সম্পন্ন করে।
হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

শুক্রবার সকালে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন দেয়, কয়েক ঘণ্টা আগে হামাসও জানায় যে একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা ‘কান’ মিশরে স্বাক্ষরিত চুক্তির প্রথম ধাপের একটি ফাঁস হওয়া কপি প্রকাশ করে। এতে উল্লেখ আছে যে, ইসরায়েল অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধ ‘তাৎক্ষণিকভাবে শেষ হবে।

দলিলে আরও বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা, যেখানে তিনি গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন।

ট্রাম্প সপ্তাহান্তে মিশর সফরে যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সোমবার তিনি ইসরায়েল সফর করবেন।

বৃহস্পতিবার হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া নিশ্চিত করেন যে, ফিলিস্তিনি সংগঠনটিও যুদ্ধের অবসান ঘটাতে চুক্তিতে সম্মতি দিয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা নিশ্চয়তা দিয়েছে যে এই চুক্তি স্বাক্ষরের অর্থ হবে ‘যুদ্ধের অনির্দিষ্টকালের জন্য সমাপ্তি।’

তবে শুক্রবার সকালে গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মাঠের নীরবতা নিয়ে ইংলিশ সমর্থকদের ওপর চটেছেন টুখেল

গত রাতে প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড। তবে দলের জয়ের ম্যাচে ওয়েম্বলির গ্যালারিতে যেন নেমে এসেছিল রাজ্যের নীরবতা। আর এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

টুখেল জানান, ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটে তিন গোল করেও দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত উচ্ছ্বাস পাননি তিনি।

মরগান রজার্স, অলি ওয়াটকিনস ও বুকায়ো সাকার গোলেই প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টুখেলের দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠের লড়াই যেমন ম্লান হয়ে যায়, তেমনি গ্যালারিতেও নেমে আসে অদ্ভুত এক নীরবতা।

ম্যাচ শেষে আইটিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল বলেন, ‘স্টেডিয়াম একেবারে চুপ ছিল। একেবারে চুপ।
আমরা গ্যালারি থেকে কোনো শক্তি পাইনি। খেলোয়াড়রা এমন পারফরম্যান্স দিয়েছে, এ জন্য হলেও আরো প্রাণবন্ত সমর্থন পাওয়ার যোগ্য তারা।’

জার্মান এই কোচ বলেন, ‘হ্যাঁ, আমি আরো বেশি প্রত্যাশা করেছিলাম। আপনি আর কী চান? বিশ মিনিটে তিন গোল, এমন আক্রমণাত্মক ফুটবল—তবুও শুধু ওয়েলস সমর্থকদের আওয়াজই শোনা গেল।
এটা একটু দুঃখজনক। দলটা বড় সমর্থন পাওয়ার যোগ্য।’

৫২ বছর বয়সী টুখেল জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ইংল্যান্ডকে সাত ম্যাচে ছয় জয় এনে দিয়েছেন। একমাত্র পরাজয়টি আসে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে। সর্বশেষ দুই ম্যাচে তার দল করেছে আট গোল।
গত মাসেই সার্বিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

সংবাদ সম্মেলনে টুখেল আরো বলেন, ‘আমি ইংলিশ ফুটবল ও তাদের সমর্থকদের ভালোবাসি। কিন্তু আজকের পরিবেশ মাঠের পারফরম্যান্সের সঙ্গে মেলেনি। সার্বিয়ায় দুর্দান্ত সমর্থন পেয়েছিলাম। কিন্তু এখানে আমরা যখন ২০ মিনিটে ৩-০তে এগিয়ে, একের পর এক বল জিতেছি, তখন ভাবছিলাম—ছাদটা এখনো নড়ছে না কেন? ব্যাপারটা একটু হতাশাজনক।’

তবু আশাবাদী টুখেল বলেন, ‘আমরা আবারও চেষ্টা করব সবাইকে উজ্জীবিত করতে। এটা আমাদের দায়িত্ব। আমি নিশ্চিত, আমরা সবাইকে সঙ্গে নিতে পারব। তবে আজ রাতের বিষয়টা কিছুটা ‘হতাশ’ করেছে।’

যারা ভারতপন্থী শাসন চায়, তারাই দেশকে অস্থিতিশীল করছে : রুমিন ফারহানা

যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’—এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এ মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না; তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার, এটি এই সরকারও হতে পারে, আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়তে পারে— এগুলো যত বেশি হবে, ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম দিকে হকচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে।
যারা চায় বাংলাদেশে সত্যিকার অর্থে ভারতের শক্ত নজরদারি, ভারত সমর্থিত সরকার থাকুক, তারাই এ ধরনের বিভেদ-ঘৃণা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।’

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য হুমকি : ম্যাখোঁ

ইসরায়েলি বসতি স্থাপনের সম্প্রসারণ ফিলিস্তিনি রাষ্ট্র এবং মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টার জন্য হুমকি সৃষ্টি করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃহস্পতিবার সতর্ক করে এই মন্তব্য করেছেন। গাজায় যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পর আরব ও ইউরোপীয় মন্ত্রীরা একটি বৈঠকে অংশগ্রহণ করেন। প্যারিসে মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করার সময় ম্যাখোঁ এ মন্তব্য করেন।

ম্যাখোঁ যুদ্ধবিরতির চুক্তিকে অঞ্চলটির জন্য ‘বিশাল আশা’ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি অস্তিত্বগত হুমকি। তিনি আরো বলেন, ‘এটি শুধু অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয়, বরং উত্তেজনা, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।’

তিনি বলেন, ‘এটি আমেরিকার পরিকল্পনা এবং আমাদের সম্মিলিত শান্তিপূর্ণ অঞ্চলের জন্য গৃহীত উদ্দেশ্যের সঙ্গে মৌলিকভাবে বিরোধী।

ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যার মাধ্যমে ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে আটক বেঁচে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এটিকে একটি বৃহৎ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যে যুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে, সেই যুদ্ধটির সমাপ্তির দিকে নিয়ে যেতে পারে এই পদক্ষেপ।

মিসরের শারম-এল-শেখ রিসোর্টে পরোক্ষ আলোচনার মাধ্যমে মধ্যস্থতাকারী এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউরোপ যুদ্ধবিরতি প্রচেষ্টার পক্ষে দৃঢ় সমর্থন জানালেও, ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ মনে করছে, এটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত সময় নয়।

ম্যাখোঁ ২২ সেপ্টেম্বর জাতিসংঘে এক বক্তৃতায় ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন। এ ছাড়া কানাডা, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ আরো কয়েকটি দেশ ইতিপূর্বে ঘোষণা করেছে। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার আগে হওয়া প্যারিস বৈঠকটি ইসরায়েলকে ক্ষুব্ধ করেছে এবং ম্যাখোঁর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরবর্তী সময়ে ফরাসি-ইসরায়েলি সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সেয়ার তার এক বার্তায় বৈঠকটি ‘অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর’ হিসেবে অভিহিত করেছেন, যা শারম-এল-শেখের আলোচনার সময় ইসরায়েলের অগোচরে পরিকল্পিত হয়েছে। তবে ফ্রান্স আশা করছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা দুটি রাষ্ট্রের সমাধানকে শক্তিশালী করতে পারবে, যা প্যারিস এখনো দীর্ঘমেয়াদি আঞ্চলিক শান্তির একমাত্র সম্ভাবনা হিসেবে দেখছে।

সূত্র : আল-অ্যারাবিয়া

ইয়ামালের ব্যক্তিগত জীবনের বিতর্কে এমবাপ্পে বললেন, ‘এই বয়সে সবাই ভুল থেকেই শেখে’

ফুটবল অঙ্গনে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের প্রতিদ্বন্দ্বিতা এখন আর প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে খেলায় সীমাবদ্ধ নেই। কে কার চেয়ে খেলায় এগিয়ে তা নিয়েও ভক্তদের মধ্যে চলে কথার লড়াই।

ক্লাব হোক বা জাতীয় দল— দুজনের লড়াই যেন এক নতুন যুগের সূচনা করেছে ইউরোপীয় ফুটবলে। যদিও ফুটবলের রাজত্বে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তারকা এমবাপ্পে চাইবেন না উদীয়মান কারো সঙ্গে তার তুলনা হোক।

তবে গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে ফ্রান্সকে হারিয়ে দেন ইয়ামাল। এরপর মৌসুমজুড়ে বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স এই তরুণ স্প্যানিয়ার্ডকে আরো উজ্জ্বল করেছে।

ক্লাব ও দলের হয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ইয়ামালের প্রশংসা করে তার ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চা না করার আহ্বান জানান ফরাসি এই তারকা। ২৪ বছর বয়সি আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোলসহ কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে।
এসব খবরের মাঝেই এক টেলিভিশন সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘লামিনে ইয়ামাল ফুটবলকে ভালোবাসে—এটা সে বারবার প্রমাণ করেছে। সেই ভালোবাসা, সেই আবেগ যেন সে কখনো না হারায়। ব্যক্তিগত জীবন তার নিজের বিষয়।’

ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার জবাবে এমবাপ্পে বলেন, ‘মানুষ ওর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু বলে, কিন্তু সে তো মাত্র ১৮ বছর বয়সী।
সবাই এই বয়সে ভুল করে, সেখান থেকেই শেখে। আসল বিষয় হলো—মাঠে সে কী করছে। আর সেখানে সে ইতোমধ্যেই অসাধারণ।’

রিয়াল মাদ্রিদের এই তারকা শেষ পর্যন্ত তরুণ প্রতিদ্বন্দ্বীর প্রতি শুভকামনাও জানান, ‘ওর প্রতিভা অবিশ্বাস্য। আমি আশা করি, ও নিজের পথেই এগিয়ে যাবে আর প্রাপ্য সাফল্য অর্জন করবে।
শুধু মনোযোগটা যেন থাকে ফুটবলে।’

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৩৮৪৮ মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ৩ হাজার ৮৪৮টি মামলা করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার (০৭ ও ০৮ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়া ৮৮৮টি গাড়ি ডাম্পিং ও ১৫৪টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।