সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি- আইএইএ)- এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমরা আইএইএ-এর সঙ্গে পরমাণু সহাযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয়, যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক— আমরা আবার চুক্তিতে ফিরে যাব।”

১৯৬৮ সালে আইইএ’র সঙ্গে নন-প্রোলিফারেশন অ্যাক্ট বা এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন।

আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।

জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ-এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়। গত ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল— ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। এই বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়েসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব।

আইএইএ এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় ১২ জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান ‘দ্য রাইজিং লায়ন’ শুরু করে ইসরায়েল। অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেছিলেন, জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতিতে আমলে নিয়ে এ অভিযান শুরু হয়েছে।

ইসরায়েলের সঙ্গে ১২ দিন ধরে সংঘাত চলে ইরানের। শেষ পর্যায়ে এই সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। এই ১২ ‍দিনের সংঘাতে ইরানের সেনাপ্রধান ও সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কমপক্ষে ১২ জন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত হন, ইরানের পরমাণু স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কিন্তু সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের হদিস এখনও পাওয়া যায়নি। জাতিসংঘ এখনও জানে না যে সেই ইউরেনিয়াম কোথায় আছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর তেহরান সফর এবং পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সংলাপের আগ্রহ জানায় আইএইএ; কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়, ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং আইএইএ-এর প্রতিনিধি দল তেহরান সফরে আসতে পারবেন; পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো তাদের দেখাতে তেহরান বাধ্য থাকবে না।

এর পর গত সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রঢীদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাগচি। বৈঠকে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে ইরানকে আহ্বান জানান এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, তবে ইরান তার অবস্থানে অনড় থাকায় সেই আহ্বান ব্যর্থ হয়।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরের শেষ দিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।

রোববারের সাক্ষাৎকারে আরাগচিকে প্রশ্ন করা হয়েছিল, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ফের বৈঠক করবেন কি না— এমন এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই।”

সূত্র : আরটি

কুদুসের জাদুতে ঘানার বিশ্বকাপ নিশ্চিত

মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা। রবিবার কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ‘ব্ল্যাক স্টারস’-রা ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে পঞ্চম আফ্রিকান দল হিসেবে নাম লেখায়।

আক্রার গমগমে স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭তম মিনিটে থমাস পার্টের পাস থেকে সহজ ফিনিশে গোল করেন কুদুস। এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ঘানা।

তবে ঘানার জন্য জয়টা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। কারণ একই সময়ের আরেক ম্যাচে মাদাগাস্কার ৪-১ ব্যবধানে হেরে যায় মালির কাছে। ফলে হারলেও বিশ্বকাপে যাওয়া নিশ্চিত ছিল ঘানার।

মালির হয়ে জোড়া গোল করেন লাসিনে সিনায়োকো, অন্য দুটি গোল দেন ডোরগেলেস নেনে ও গাওসু দিয়ারা।
মাদাগাস্কার ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আর মালি ১৮ পয়েন্টে তৃতীয় হয়ে অভিযান শেষ করে।

গ্রুপের অন্য ম্যাচে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ৩-২ গোলে চাদকে হারায়। বদলি খেলোয়াড় কার্ল নামনগান্ডা ইনজুরি সময়ে গোল করে দলকে জয় এনে দেন।

এর আগেই বিশ্বকাপে জায়গা করে নেওয়া মিশর শেষ ম্যাচেও জয় ধরে রাখে।
অধিনায়ক মোহাম্মদ সালাহ বিশ্রামে থাকলেও, ১০ মিনিটে মোহাম্মদ হামদির হেডে গিনি বিসাউকে ১-০ গোলে হারায় ফারাওরা।

গ্রুপ ‘এ’-তে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছে মিশর, আর দ্বিতীয় স্থানে থাকা বুরকিনা ফাসো ৩-১ গোলে ইথিওপিয়াকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে। দলের হয়ে হ্যাটট্রিক করেন স্কটল্যান্ড-ভিত্তিক ফরোয়ার্ড পিয়েরে কাবোরে।

এদিকে, জ্যাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-তে রানার্সআপ হয়ে প্লে-অফের পথে এগিয়ে গেছে নাইজার। ম্যাচের একমাত্র গোলটি করেন দানিয়েল সোসা—টানা তৃতীয় ম্যাচে যার গোল।

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের বৈঠক

ইতালির রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও। রবিবার (১২ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে তারা বৈঠকে বসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও আইএফএডির সহযোগী ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

আজ জীবিত সব বন্দিকে মুক্তি দেবে হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দিরা আজ মুক্তি পেতে যাচ্ছেন। সোমবার সকালে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, জীবিত ২০ জিম্মির সবাই একসঙ্গে ফিরিয়ে আনা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও একইভাবে দেওয়া হবে।
প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরে রেডক্রস তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরাইলি সেনারা গাজায় থাকা ইসরায়েলের সামরিক ঘাটিতে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে। তারপর ইসরায়েল নিয়ে যাওয়া হবে যেখানে তারা পরিবারের সঙ্গে মিলিত হবেন।

জিম্মিদের পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। তবে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।

গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।

গাজায় ২০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করবে যুক্তরাজ্য

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মিসর সফরকালে গাজায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সরবরাহে সহায়তা করতে ২০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন।

এই অর্থায়ন চলতি বছরে ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্যের মোট ১১৬ মিলিয়ন পাউন্ড সহায়তা প্রতিশ্রুতির অংশ।

স্টারমার তার বক্তব্যে এই ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ‘যুক্তরাজ্য শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে পরবর্তী ধাপের আলোচনাকে সমর্থন করবে, যাতে উভয় পক্ষের মানুষ নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে তাদের জীবন পুনর্গঠন করতে পারে।

তিনি আরো বলবেন, ‘আজকের দিনটি এই যুদ্ধের অবসানের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখন আমাদের অবশ্যই দ্বিতীয় ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।’

সূত্র : বিবিসি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুজব ও অপপ্রচার রোধে কাজ করতে হবে : তথ্যসচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জাতীয় নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ রুখে দিতে তথ্য কর্মকর্তাদের আপসহীন ঢাল হয়ে কাজ করতে হবে।

আজ রবিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, দেশের তথ্য প্রবাহকে সঠিক ও বস্তুনিষ্ঠ রাখতে তথ্য কর্মকর্তাদের দায়িত্ব এখন বহুগুণ বেড়েছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপফেকের মতো অপশক্তিকে দৃঢ়ভাবে ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে।
বিশেষত, একটি মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে হলে গুজব ও অপপ্রচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তারা নিজেদেরকে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আপনাদেরই প্রতিষ্ঠান। তবে, এই প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে বদ্ধপরিকর।
তিনি প্রতিষ্ঠানের এ লক্ষ্য সফল করতে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সর্বোচ্চ নিয়মানুবর্তিতা এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদফতর (পিআইডি) থেকে মোট ২২ জন কর্মকর্তা এই পেশাগত প্রবেশক পাঠ্যধারায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ ও পারভীন সুলতানা রাব্বীসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভবিষ্যৎ ‘ফেভ ফোরের’ নাম জানালেন ভারতের সাবেক ব্যাটার

প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। কিছু না কিছু দ্বারা সেই শূন্যস্থান পূরণ হয়ে যায়। এই মহাজাগতিক নিয়ম সবার জন্যই। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়।

যেমনটা ক্রিকেটের ‘ফেভ ফোর’ নিয়ে কথা হচ্ছে। টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর নেওয়ায় জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের নিয়ে গড়া টার্মটা এখন বলা যায় শেষের পথে। বাকিরাও হয়তো এক-দুই বছর খেলার পর ব্যাট-প্যাড তুলে রাখবেন ভারতীয় কিংবদন্তির মতোই।

কেননা রুট (৩৪), স্মিথ (৩৬), উইলিয়ামসনরা (৩৫) এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে।
তাদের শূন্যস্থান কারা পূরণ করবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সেই আলোচনায় নিজের মত দিয়েছেন আকাশ চোপড়া। ভারতের সাবেক ব্যাটার ও ধারাভাষ্যকারের মতে, ভবিষ্যত ‘ফেভ ফোর’ হচ্ছেন দুই ভারতীয়র সঙ্গে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের এক ব্যাটার।

আকাশের মতে, আগামীর চার নেতৃত্বস্থানীয় ব্যাটার হচ্ছেন— শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, হ্যারি ব্রুক ও রাচিন রবীন্দ্র।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে বলেছেন, ‘আমার মতে, ভবিষ্যৎ ফেভ ফোরের দেখা মিলেছে। শুবমান গিল ফেভ ফোরের অংশ এবং ভবিষ্যতে সব সংস্করণেরই। একই মত জয়সওয়ালের ক্ষেত্রেও। এখন অবশ্য একটা সংস্করণে মনোযোগী সে। তবে আগামীতে তিন সংস্করণেই ভালো খেলবে।
পরের নামটি হ্যারি ব্রুক। যে নিজের স্টাইলে তিন সংস্করণে রাজত্ব করছে। চতুর্থজন হচ্ছেন রাচিন রবীন্দ্র। টেকনিক এবং টেম্পারমেন্ট উভয়ই ভালো তার।’

আফগানিস্তানের হামলার নিন্দা পাকিস্তানের, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রবিবার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় গতরাতে ঘটে যাওয়া ঘটনাকে ‘আফগানিস্তানের উসকানি’ হিসেবে অভিহিত করে তার নিন্দা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না, এবং প্রতিটি উসকানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, আফগানিস্তানের এই হামলা ছিল ‘অকারণ গুলিবর্ষণ’ যা পাকিস্তানের ভেতরে বেসামরিক এলাকায় চালানো হয়েছে।
তিনি যোগ করেন, ‘বেসামরিক জনগণের ওপর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।’

তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার বিষয়ে তাদের ‘স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান’ ঘোষণা করেছে।

তিনি এক্সে লেখেন, ‘এটি লক্ষণীয়, আফগান পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতের সফরে রয়েছেন এবং সেখানে পাকিস্তানবিরোধী বক্তব্যগুলো যৌথ ঘোষণায় রূপ পাচ্ছে, ঠিক সেই সময়েই আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই কর্মকাণ্ড দুঃখজনক এবং নিন্দনীয়।

এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে। এ ছাড়া পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের টোলো নিউজ জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে জানিয়েছে, এতে ৯ জন আফগান সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে তার আফগান সমকক্ষের সঙ্গে বৈঠকের পর বলেন, ‘ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ

সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি গ্রেপ্তার

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এরশাদ আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে আজ রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‘জুলাই অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে’

জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য হতো, এর থেকেও ছোট অবকাঠামো হতে দেখেছি, যেগুলোর বাজেট ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু তখন তাদের এমন কথা বলতে দেখতাম না।
এখন বলছে কারণ, এটা জুলাই নিয়ে কাজ হচ্ছে।

তিনি বলেন, সমালোচনাকারীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন আলোচনা করেন। জুলাই নিয়ে শহরে যেন কোনো কাজ না করা হয়, সেজন্য একটা চাপ সৃষ্টির চেষ্টা করেন। তবে জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার কাজ করব।

এ সময় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, শহীদদের স্মরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।