সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

নেইমারকে ছাড়িয়ে শীর্ষে মেসি, ১৫৫ নম্বর র‌্যাংকিংয়ের দলকে নিয়ে ‘ছেলেখেলা’ আর্জেন্টিনার

সাউথ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি গোল করতে না পারলেও দুই অ্যাসিস্টে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

লিভারপুলের অ্যলেক্সিস ম্যাক আলিস্টার (১৪ ও ৩৬) এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ (৭৯’ ও ৮৪) দুজনেই দুটি করে গোল করেছেন। রিভার প্লেটের গনজালো মন্টিয়েল (২৩) এবং পুয়ের্তো রিকোর স্টিভেন এগেভারিয়ারার আত্মঘাতী গোলে বিশাল জয় পায় আলবিসেলেস্তেরা।

একপেশে এই ম্যাচে ১৫ তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির শট ক্রসবারে লাগলে ফিরতি বলে নিকো গঞ্জালেসের শট ম্যাক-অ্যালিস্টারের পায়ে লেগে গোল হয়। এর ৮ মিনিট পর মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন মন্টিয়েল। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ম্যাক অ্যালিস্টার।
বিরতির পর আরো ৩ গোল পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে একটি আত্মঘাতী। ৭৯ ও ৮৪ মিনিটে গোল দুটি লাওতারোর। শেষ গোলটি মেসি দৌড়ের ওপর লাওতারোকে ব্যাক পাস দেন।
বল জালে ইন্টার তারকা।

জোড়া অ্যাসিস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল অ্যাসিস্টে নেইমারকে ছাড়িয়ে যান মেসি। তার অ্যাসিস্ট এখন ৬০টি। আর নেইমারের ৫৯।

অবশেষে গাজার রাফাহ সীমান্ত খুলে দিচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকার সঙ্গে মিসরের রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। স্থগিত থাকা মানবিক সহায়তা প্রবাহও স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান।

এর আগে, ইসরায়েল সরকার আজ বুধবার থেকে নতুন করে কিছু নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা করেছিল। এর মধ্যে ছিল গাজায় মানবিক সহায়তা সীমিত করা এবং রাফাহ সীমান্ত বন্ধ রাখা।
তবে শেষ মুহূর্তে এসব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে একাধিক সূত্র।

প্রতিবেদনে বলা হয়, গত রাতে হামাস আরো চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। এর পরই ইসরায়েলি নেতৃত্ব এ সিদ্ধান্ত পরিবর্তন করে। এ নিয়ে হামাস ২৮ জন নিহত জিম্মির মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করল।

ফেরত পাওয়া মরদেহগুলো ফরেনসিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেখানে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এখন পর্যন্ত ফেরত দেওয়া চারজনের পরিচয় প্রকাশ করেনি।

মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, আজকের মধ্যেই হামাস আরো চার জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে।

শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকায় নেই যুক্তরাষ্ট্র

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট সূচকের ২০ বছরের ইতিহাসে এবারই প্রথম শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে দেশটি। সর্বশেষ ৭ অক্টোবর প্রকাশিত তালিকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১২তম।

হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে গত রোববার (১৪ অক্টোবর) এই তথ্য জানানো হয়।
অভিবাসন বিনিয়োগবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানটি জানায়, ২০১৪ সালে সূচকের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র পরের বছর নেমে আসে দ্বিতীয় স্থানে। গত বছর দেশটির অবস্থান ছিল সপ্তম, আর এবার এসে পড়েছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

কোন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কয়টি দেশে যেতে পারেন, সূচক নির্ধারণে মূলত সেটিই ব্যবহৃত হয়।
এতে বিবেচনায় নেওয়া হয়েছে ১৯৯টি দেশ ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

শুধু যুক্তরাষ্ট্র নয়, অবনমন হয়েছে যুক্তরাজ্যের পাসপোর্টের অবস্থানেও। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী যুক্তরাজ্য গত জুলাইয়ে নেমেছিল ষষ্ঠ স্থানে। নতুন সূচকে দেশটি আরো পিছিয়ে অষ্টম স্থানে গেছে।

অন্যদিকে, শীর্ষ তিনটি অবস্থান ধরে রেখেছে এশিয়ার তিন দেশ— সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান। সিঙ্গাপুরের নাগরিকেরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পান। তাদের পরেই দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)।

সর্বশেষ তালিকায় বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া।
এই দুই দেশের নাগরিকরা মাত্র ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউএফপির

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ।

তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এখনো রোমভিত্তিক জাতিসংঘ সংস্থাটির অগ্রাধিকারের তালিকার শীর্ষে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইতালির একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত প্রধান এ কথা বলেন।

বৈঠকে মূলত চলমান রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্কাউ গত ১৫ মাস ধরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকটে আন্তর্জাতিক দৃষ্টি ফিরিয়ে আনার জন্য তার অবিচল প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

উভয় নেতা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। স্কাউ রোহিঙ্গা ইস্যুতে গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রশংসা করে জানান, এটি সফলভাবে সংকটের দিকে আন্তর্জাতিক দৃষ্টি ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।
আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটি আন্তর্জাতিক এজেন্ডায় শীর্ষে রয়েছে।’

উভয়ই ধনী দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানসহ নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। স্কাউ উল্লেখ করেছেন যে, নিউইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছ থেকে ঘোষিত নতুন মানবিক সহায়তার প্রতিশ্রুতির পরে, ডাব্লিউএফপি প্রতিটি রোহিঙ্গা শরণার্থীকে মাসিক ১২ ডলার খাদ্য উপবৃত্তি প্রদান অব্যাহত রাখবে।

অধ্যাপক ইউনূস ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবেলায় ডব্লিউএফপি’র বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশে একটি নতুন স্কুল ফিডিং প্রোগ্রাম চালুতে সহায়তার জন্য জাতিসংঘ সংস্থাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এশিয়ার কয়েকটি দেশ স্কুলে খাওয়ানোর ক্ষেত্রে আশ্চর্যজনক অগ্রগতি অর্জন করেছে। আমাদের লক্ষ্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করা, গুণমান এবং ধীরে ধীরে সম্প্রসারণ নিশ্চিত করা।’

আলোচনায় বিশ্বের ক্ষুধা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্কাউ বিশ্বব্যাপী প্রায় ৩০০ মিলিয়ন লোককে প্রভাবিত করে ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে গাজায় শত শত খাদ্য ট্রাক সরবরাহের জন্য ডব্লিউএফপির চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন।

সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

২০ বছর পর জেইসি বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে ঢাকা আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা।

আসন্ন জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আর পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা। বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ।

আহাদ খান চিমার ঢাকা সফরের সময় জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠকের কথা রয়েছে। সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠকটি ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

এবার থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আসন্ন শীর্ষ সম্মেলনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক দেশ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয় এবং প্রায় ৩ লাখ মানুষ ঘরছাড়া হন।

টানা পাঁচ দিন যুদ্ধের পর ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যদিও এরপর দুই দেশই বারবার একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

মোহাম্মদ হাসান মঙ্গলবার কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি প্রত্যক্ষ করার জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ২৬ অক্টোবর মালয়েশিয়া সফর করবেন, যেখানে তিনি ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

মোহাম্মদ বলেন, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, যাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আরো বিস্তৃত একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

এই চুক্তির অংশ হিসেবে দুই দেশকে সীমান্ত এলাকা থেকে সব স্থলমাইন অপসারণ এবং সামরিক সরঞ্জাম প্রত্যাহার করতে হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করছি উভয় পক্ষ এসব শর্ত পূরণ করবে এবং আসিয়ান সম্মেলনের সময় একটি ঘোষণা স্বাক্ষরিত হবে।
আমরা একে ‘কুয়ালালামপুর ডিক্লারেশন’ বা ‘কুয়ালালামপুর অ্যাকর্ড’ বলতে পারি — মূল লক্ষ্য হলো এই দুই প্রতিবেশী দেশ যেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে।’

মেসির সিদ্ধান্তের অপেক্ষায় স্কালোনি

ফিফা আন্তর্জাতিক বিরতিতে কাল বুধবার (১৫ অক্টোবর) ভোরে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার লডারহিলে চেইজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আগের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে খেলেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, পুয়ের্তো রিকোর বিপক্ষে কিছু সময়ের জন্য হলেও মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

মেসির খেলার প্রসঙ্গে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, মেসির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

কোচ বলেন, ‘গত শনিবার মেসিকে খেলতে (মায়ামির ম্যাচে) দেখেছি। যতটা জানি, ম্যাচটি সে ভালোভাবেই শেষ করেছে। তবে তার সঙ্গে এখনো কথা হয়নি আমার।
এখন আগামীকালের ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন আমাদের এবং প্রস্তুতির শেষ ধাপে সবসময়ই যেটা করি, তার (মেসি) সঙ্গে কথা বলব আমি। সে যদি ভালো অবস্থায় থাকে, অবশ্যই সে খেলবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপ ২০ অক্টোবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসবে আগামী ২০ অক্টোবর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর পুলিশ ও সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি।

ইতিমধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেতৃত্বের সঙ্গে সংলাপ করেছে কমিশন।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক

নতুন সিনেমায় চঞ্চল, থাকছেন সাবিলা-রাজও!

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এটি নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’ নির্মাতা তানিম নূর। আজ মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

তার আগেই জানা গেল, ছবিটিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, সাবিলা নূর ও শরিফুল রাজ।

এখন চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। কাস্টিং নিয়ে আগেই সংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও একাধিক গণমাধ্যম বলছে চঞ্চল, সাবিলা, রাজ থাকছেন এ ছবিতে। থাকবে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র।

সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।
ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের ছবিটির শুটিং হবে, একটি বড় অংশজুড়ে থাকবে ট্রেন জার্নি।

২০২৬ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে ভেনেজুয়েলা সোমবার ঘোষণা করেছে। দেশটির বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার পরেই এমন ঘোষণা এলো।

সরকারি বিবৃতিতে ভেনেজুয়েলা জানিয়েছে, এই পদক্ষেপ তাদের বিদেশি সেবা কাঠামো পুনর্গঠনের অংশ। যদিও মাচাদোর নোবেলপ্রাপ্তি নিয়ে কারাকাস কোনো মন্তব্য করেনি।
একই সঙ্গে দেশটি অস্ট্রেলিয়াতেও তাদের দূতাবাস বন্ধ করেছে, তবে জিম্বাবুয়ে ও বুরকিনা ফাসোতে নতুন কূটনৈতিক মিশন খুলেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই দুই দেশকে ভেনেজুয়েলা ‘আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নিশ্চিত করেছে, ভেনেজুয়েলা কোনো কারণ না জানিয়ে অসলো দূতাবাস বন্ধ করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে পাঠানো এক ই-মেইলে বলেন, ‘এটি দুঃখজনক।
যদিও অনেক বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাবে।’

সোমবার সন্ধ্যা নাগাদ অসলোতে ভেনেজুয়েলার দূতাবাসের টেলিফোন সেবা বিচ্ছিন্ন হয়ে যায়। এই পদক্ষেপ আসে মাচাদোর নোবেল পুরস্কার ঘোষণার মাত্র তিন দিন পর। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ হয়েছিলেন, যেখানে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।
যদিও বিরোধী দল সেই ফলাফলকে জালিয়াতি বলে বিক্ষোভ জানিয়েছিল। গত রবিবার মাদুরো মাচাদোর নোবেল জয়ের বিষয়ে সরাসরি কিছু না বললেও তাকে ‘দানবীয় ডাইনি’ বলে উল্লেখ করেন— যা সরকারের প্রচলিত অপমানসূচক শব্দগুলোর একটি।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ভাটনে ফ্রিডনেস ওসলোতে বলেন, ‘মারিয়া কোরিনা মাচাদোকে সম্মানিত করা হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস কাজের জন্য এবং স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সংগত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের কারণে।’

নরওয়ের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রোয়াং স্পষ্ট করে বলেন, ‘নোবেল পুরস্কার নরওয়েজীয় সরকারের সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান।’ পুরস্কারপ্রাপ্তির পর মাচাদো এই নোবেল উৎসর্গ করেন ‘ভেনেজুয়েলার ভোগান্তিতে থাকা জনগণের প্রতি’ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
তাকে তাদের ‘সংগ্রামে দৃঢ় সমর্থন’ তিনি উল্লেখ করেন।

সোমবার রাতে মাচাদো কলম্বিয়ার রাজধানী বোগোটায় দুই ভেনেজুয়েলীয় কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনার তদন্তের দাবি জানান। পুলিশ জানায়, আহত দুজনের নাম লুইস আলেহান্দ্রো পেচে ও ইয়েনদ্রি ভেলাসকেজ, যারা বাসে উঠতে যাচ্ছিলেন, তখনই তাদের গুলি করা হয়। মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘তারা নিকোলাস মাদুরোর স্বৈরতন্ত্রের জন্য নিপীড়িত।’

সূত্র : এএফপি