সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা

ইউরোপা লিগে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে আসন্ন ম্যাচে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের কোনো সমর্থকই ইংল্যান্ডের স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবে না। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইংল্যান্ডের বার্মিংহামে ভিলা পার্কে আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা উদ্বেগ এবং সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাস্টন ভিলা ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘মাকাবি তেল আবিব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মুখপাত্র বলেন, “সম্প্রতি প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও অতীতের ঘটনার বিশ্লেষণে এই ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। গত বছরের নভেম্বরে আমস্টারডামে আয়াক্স ও মাকাবি তেল আবিবের ম্যাচে সহিংসতার ঘটনা ঘটেছিল।
এই সিদ্ধান্ত জননিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত।”

তবে সিদ্ধান্তটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার বলেছেন, ‘এটি ভুল সিদ্ধান্ত। পুলিশের ভূমিকা হওয়া উচিত, যেন সব ফুটবল সমর্থক নিরাপদে খেলা উপভোগ করতে পারেন।

কনজারভেটিভ দলের নেতা কেমি বাডেনক একে বলেছেন ‘জাতীয় লজ্জা।’

অন্যদিকে এমপি নাইজেল হাডলস্টন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা কি সত্যিই এমন এক ব্রিটেনে বাস করছি যেখানে ইহুদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায় না? এই সিদ্ধান্ত ঘৃণা ও বিভেদের কাছে আত্মসমর্পণ।’

উল্লেখ্য, গত বছর অ্যাস্টন ভিলার বিপক্ষে লেগিয়া ওয়ারশ’র ম্যাচের আগেও সহিংসতা ছড়িয়েছিল, যেখানে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

উয়েফা জানিয়েছে, তারা চায় সব দল ও সমর্থক যেন ‘নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশে’ ম্যাচ উপভোগ করতে পারে।

তবে সংস্থাটি বলেছে, স্থানীয় নিরাপত্তা সিদ্ধান্তের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই বর্তায়।

নভেম্বরে আফ্রিকার দুই পরাশক্তির মুখোমুখি হবে ব্রাজিল

এশিয়ার পর এবার আফ্রিকার শক্তিশালী দুই দলের বিপক্ষে নামছে ব্রাজিল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপে অনুষ্ঠিত হবে তাদের দুটি প্রীতি ম্যাচ।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। তিন দিন পর, ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

সিবিএফ বলছে, বিশ্বকাপের আগে আফ্রিকার দলের বিপক্ষে খেলে খেলোয়াড়দের ভিন্নধর্মী খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এমন সূচি সাজানো হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলেছিল ব্রাজিল। প্রথম ম্যাচে কোরিয়াকে ৫-০ গোলে হারালেও, দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি।
দলে স্থিতি আনতে সময় বেশি না পেলেও, তার অধীনে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা। সিবিএফ জানিয়েছে, খেলোয়াড়দের বিভিন্ন ঘরানার ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতেই আফ্রিকান প্রতিপক্ষ বেছে নেওয়া হয়েছে।

ব্রাজিল আরো ইঙ্গিত দিয়েছে, আগামী প্রীতি ম্যাচগুলো ইউরোপের শীর্ষ দুটি দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হতে পারে। মার্চের মধ্যেই নিজেদের সম্ভাব্য বিশ্বকাপ একাদশ চূড়ান্ত করার লক্ষ্য আনচেলত্তির।

ভক্তদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে আসন্ন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল রিও দে জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকেই তারা রওনা হবে বিশ্বকাপ মঞ্চে।

দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। অন্যদিকে, সুশৃঙ্খল রক্ষণভাগের জন্য পরিচিত তিউনিসিয়া গত মাসেই দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে।

ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বেসরকারিভাবে ভিপি (সহসভাপতি) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। তবে চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন।

এজিএস পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস. এম. সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাত সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং রাত সাড়ে ১০টা থেকে নারী হলগুলোর ফলাফল ঘোষণা শুরু হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে পুরো ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদের তিনটি, হল সংসদের তিনটি এবং সিনেট ছাত্র প্রতিনিধির পাঁচটি পদের ফল ঘোষণা করা হচ্ছে।

রাকসু নির্বাচনে ১০টি প্যানেলসহ ২৩ পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
হল সংসদের ১৭টি হলে ১৫ পদে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদের জন্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন। ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। ছয়টি নারী হলে ভোট পড়ার হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ।

ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ডাকসু, জাকসু ও চাকসুতে যুবসমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এর প্রতিচ্ছবি জাতি আগামীতে দেখবে।’ গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে।
সব জায়গায় একই চিত্র। তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।
৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরেবাইরে কোথাও নেই। তারা এ দেশের নাগরিক।’ তিনি বলেন, ‘আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কী, মুখের ভাষা কী, সে পাহাড়ে থাকে নাকি সমতলে। সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক, সেই হিসেবে আমরা তাদেরকে পরিচালনা করব।

দুর্নীতির অস্তিত্ব দেশে রাখা হবে না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি বাসা গেঁড়ে বসে আছে। এই দুর্নীতি থাকবে না। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, করব। লড়াই করব, হিমালয়ের মতো পর্বত সমান বাধা এলেও দুর্নীতির অস্তিত্ব যেন আসমান থেকে মাটিতে নামিয়ে আনতে পারি।’

জামায়াতের আমিরের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ : এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং।
গতকাল জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে বাংলাদেশ ও কানাডার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এসময় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

ইসরায়েলি হামলায় হুতির সামরিকপ্রধান নিহত

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিকপ্রধান ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে বৃহস্পতিবার গোষ্ঠীটি জানিয়েছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে।

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি ‘ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে গৌরবময় লড়াইয়ে’ প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া কোনো বিস্তারিত জানানো হয়নি।

এই ঘোষণা এসেছে গাজায় দুই বছরব্যাপী যুদ্ধে স্থগিত যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যে, যখন হুতিরা রেড সি এলাকায় ইসরায়েলি লক্ষ্যভিত্তিক এবং কার্গো জাহাজে একাধিক হামলা চালিয়েছিল।

হুতির ওই বিবৃতিতে বলা হয়েছে, ঘামারি তার ‘সঙ্গীরা’ এবং ১৩ বছর বয়সী ছেলেসহ নিহত হয়েছেন, তবে হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, সর্বশেষ বড় ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যের মধ্যে ছিল হুতিদের জেনারেল স্টাফ সদর দপ্তর।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার এক্সে লিখেছেন, ঘামারি ‘আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন’—তিনি আগস্টের শেষ দিকে হওয়া সেই হামলার কথা উল্লেখ করেছেন, যাতে হুতি প্রধানমন্ত্রী ও তাদের মন্ত্রিসভার অর্ধেক সদস্য নিহত হয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘তিনি যেসব জঙ্গি কমান্ডাররা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের মধ্যে একজন, তারা নির্মূল হয়েছেন— আমরা সকলেরই মোকাবেলা করব।

ইরানের ‘প্রতিরোধ অক্ষে’ অংশ হিসেবে ইসরায়েল ও মার্কিন বাহিনীর সঙ্গে গাজা যুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে হুতি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, তাদের অভিযানে মোট ৭৫৮টি সামরিক অভিযান হয়েছে এবং এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ এক হাজার ৮৩৫টি সমরাস্ত্র ব্যবহার হয়েছে।

হুতিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রুর সঙ্গে সংঘর্ষের পালা শেষ হয়নি এবং জায়নবাদী শত্রু (ইসরায়েল) তাদের সংঘটিত অপরাধের প্রতিদান হিসেবে প্রতিরোধমূলক শাস্তি পাবে।’

রেকর্ড লক্ষ্য দিয়েও ১০ উইকেটের হার বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৯৯ রানের লক্ষ্য দিয়েও হারই সঙ্গী হয়েছে। সেটিও ১০ উইকেটের বড় পরাজয়। আগের সর্বোচ্চ লক্ষ্য ছিল ১৩৬।

বড় ব্যবধানের পরাজয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশাও শেষ বলা যায়। যা একটু সম্ভাবনা আছে তা যদি-কিন্তুর ওপরে। সেটিই নিজেদের শেষ দুই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে প্রতিপক্ষদের হার কামনা করতে হবে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বাংলাদেশ।
তাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়াটা এখন বাকি নিগার সুলতানা জ্যোতিদের।

১৫১ বল হাতে রেখে পাওয়া জয় নিশ্চিত করার আগে রেকর্ড জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড। অস্ট্রেলিয়ার হয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে ২০২ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা। অবশ্য শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো জুটিতে।

রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন হিলি। খেলেছেন ১১৩ রানের ইনিংস। ১৪৬.৭৫ স্ট্রাইক রেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ২০ চারে। অন্যদিকে অধিনায়কের সেঞ্চুরির বিপরীতে ৮৪ রানে অপরাজিত থাকেন লিচফিল্ড। তার ইনিংসে ১২ চারের বিপরীতে ১ ছক্কা।
এ জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

এর আগে প্রথমে ব্যাটিং করে সোবহানা মোস্তারির ফিফটিতে ১৯৮ রান করে বাংলাদেশ। মোস্তারির ৬৬ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ৪৪ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। প্রতিপক্ষের হয়ে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যালেনা কিং।

বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে করা হবে।
এ বিষয়ে অর্থ বিভাগ এরই মধ্যে সম্মতি দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫৭ হাজার ৭৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২৪৩ জন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সাক্ষাৎ

ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৃহস্প‌তিবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসে সার্জিও গোরের অফিসে সাক্ষাৎ ক‌রেন লুৎফে সিদ্দিকী। তিনি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে এক পো‌স্টে এই তথ্য জানান।

লুৎফে সিদ্দিকী লি‌খে‌ছেন, ‘আজ হোয়াইট হাউসে সার্জিও গোর তার অফি‌সে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানি‌য়ে‌ছেন।
আমি সার্জিও গোরের প্রতি কৃতজ্ঞ। গোর মা‌র্কিন প্রেসি‌ডে‌ন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক দূত ছাড়াও সম্প্রতি ভার‌তে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।’

গো‌রের স‌ঙ্গে আলোচনার বিষয়ে লুৎ‌ফে লিখেছেন, ‘আমরা বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বি‌শেষ করে শ্রম, আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনসহ অনেক বিষ‌য়ে বিস্তৃত আলোচনা ক‌রে‌ছি।’

তি‌নি লিখেছেন, ‘আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার মূল্য পর্যবেক্ষণ করেছি।
আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে তার বক্তব্যের জন্য আমি রাষ্ট্রদূত গোরকে ধন্যবাদ জানাই এবং যথাসময়ে ঢাকায় তাকে স্বাগত জানাতে আগ্রহী।’

এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে পাসের হার ৯৮ শতাংশ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব প্রতিষ্ঠানে গড় পাসের হার ৯৮ শতাংশের বেশি।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সেনাবাহিনী পরিচালিত ৩৭টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১৮ হাজার ৭১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮২৬ জন জিপিএ ৫ অর্জন করেছে।
গড় পাসের হার ৯৮ দশমিক শূন্য ৫ শতাংশ। জিপিএ ৫ পাওয়ার হার ৩৬ দশমিক ৪৭ শতাংশ। যা নিঃসন্দেহে জাতীয় পর্যায়ের একটি অসাধারণ অর্জন।

আইএসপিআর আরো জানায়, এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

এ ছাড়া উক্ত সাফল্যের পেছনে রয়েছে সেনাসদরের সার্বিক দিক নির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সার্বক্ষণিক তদারকি, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।

বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল : সালাউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনার জন্য মহান আল্লার ওপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। সেগুলো কিছু বহাল আছে, কিছু নেই।
এবার আমরা সব কিছু সংশোধন করব, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামীয়া (পটিয়া মাদরাসা) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আলেম ও ইসলামবিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগ। সেই ফ্যাসিবাদী গোষ্ঠীর উৎখাত হবে, নিপাত যাবে আমরা সবাই জানতাম।
কিন্তু কখন, কিভাবে হবে সেটা স্বয়ং আল্লাহ পাক জানতেন। আমরা আগেই অনুমান করেছিলাম ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, ক্ষমতাও ধরে রাখতে পারবে না। সে সময় আমাদের বহু আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী শহীদ হয়েছেন, বিশেষ করে শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শাহাদাত বরণ করেছেন।’

রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর গণতন্ত্রের জন্য জীবন দিতে না হয়, রাজপথে যেন শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড আর না ঘটে—এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনৈতিক কারণে যেন কেউ আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।’

সালাউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ বলে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে। কোনো রাজনৈতিক দলের পেছনে যদি ইসলাম শব্দ লেখা থাকে, তাহলে কি তারা ইসলামের মালিক হয়ে যায়? আমরা যেন কোনো রাজনৈতিক কারণে ইসলামকে ব্যবহার না করি। রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামকে ব্যবহার না করি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সব নাগরিকের ভোটাধিকারসহ মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন। এই বার্তাগুলো পৌঁছে দিতে আমরা দেশের সর্বস্তরের আলেম-ওলামাদের সঙ্গে দেখা করছি। কেউ কেউ বলে নির্বাচন আসছে, তাই টুপি পরে আলেমদের কাছে যাচ্ছেন। কিন্তু বিষয়টি তা নয়। আমরা আলেম-ওলামাসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে সব মানুষ একত্রে আলোচনা করে নীতি ও আইন নির্ধারণ করবে। এতে করে আইন সবার জন্য অন্তর্ভুক্তিমূলক হবে এবং তা বাস্তবায়ন করাও সহজ হবে।’

এ সময় পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিম মিয়া, সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাইফুদ্দীন সালাম মিঠু, রেজাউল করিম নেছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, সাইফুল ইসলাম সুমন।

এ ছাড়া জাহাঙ্গীর কবির, পটিয়া উপজেলা বিএনপি সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মঈনুল আলম ছোটন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুল মোনাফ, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, শামসুল আনোয়ার খান, গাজী মোহাম্মদ মনির, আবু শহীদ রমজান, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেলসহ জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।