রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যারা নতুন করে রাজনীতি করতে চান, যোগাযোগ করুন : ভিডিও বার্তায় নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। শাপলা কলি মার্কায় দলটিকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন পেয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি ভিডিও বার্তায় বলেন, জাতীয় নাগরিক পার্টির সারাদেশের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে অত্যন্ত খুশির সঙ্গে আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে, এনসিপি দীর্ঘদিনের চেষ্টার পর আজকে নিবন্ধন পেয়েছে। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শাপলা কলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পেছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে নেতৃত্ব একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি। জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকেই মার্চ মাস থেকে আমরা এই নিবন্ধনের কার্যক্রম শুরু করি। জুন মাসের দিকে আমরা আমাদের নিবন্ধনের সব কাগজপত্র জমা দিই। নির্বাচন কমিশন আমাদের সবকিছু জমা হওয়া সত্ত্বেও যে প্রত্যাশিত মার্কা ছিল শাপলা, সেটি দিতে গড়িমসি করে। তারপরে কয়েকটা মাস নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্যদিয়ে যেতে হয়। সারাদেশে আমাদের যে অফিস রয়েছে, নেতাকর্মী রয়েছে, কমিটি রয়েছে, সেগুলো নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করে। অবশেষে আমরা শাপলাকলি মার্কায় নিবন্ধন পেয়েছি।

নাহিদ ইসলাম বলেন, যারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, এজন্য আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই। আমরা এই পুরোটা সময়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। সারাদেশে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দিচ্ছি। সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমাদের বিজয় আসবে।

বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সদস্য ফরম গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান।

শাপলা কলি, হ্যান্ডশেক ও কাঁচি পেল তিন দল

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাওয়া নতুন তিনটি রাজনৈতিক দল ইসির প্রতীক পেয়েছে। দাবি-আপত্তি শেষে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পেলে এই প্রতীকগুলো দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করবে এই তিন দল।

মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন
আদালত প্রাঙ্গণে ‘চাঁদাবাজ’ স্লোগান, মাথা নিচু বৈষম্যবিরোধী ৪ ছাত্রনেতার
নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) কাঁচি এবং জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ এর কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে।

তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অনলাইন জুয়া বন্ধে বিটিআরসি থেকে ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেইল পাঠানো শুরু হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, মিডিয়া হাউজগুলো কীভাবে তাদের ওয়েব ব্রাউজার ও অ্যাডসেন্স সেটআপ করবে সে বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে, যা বর্তমানে তথ্য মন্ত্রণালয়ে ভেটিং প্রক্রিয়াধীন রয়েছে। ভেটিং শেষে তা সংশ্লিষ্ট সকল মিডিয়াকে সরবরাহ করা হবে। পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপন সংক্রান্ত গাইডলাইনও তথ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে, যা অনুমোদনের পর সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

বিশেষ সহকারী আরও জানান, অনলাইন জুয়ায় জড়িত প্রায় ৫ হাজার এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) হিসাব ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। সরকার এখন একটি কমন ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, প্ল্যাটফর্ম ও অপারেটরদের সমন্বয়ে তথ্য সংরক্ষণ ও নজরদারি করা হবে।

তিনি বলেন, যারা অনলাইন বেটিংয়ে জড়িত, তাদের ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এছাড়া সিম ও এমএফএসের ইকেওয়াইসি সমন্বয়ে দ্রুততম সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, দেশকে অনলাইন জুয়া থেকে মুক্ত করতে হলে জুয়ার চক্রের সুডো সদস্যদের চিহ্নিত করা, ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে লিংক স্লো করা, এবং যে নম্বর বা এমএফএস অ্যাকাউন্ট থেকে লেনদেন হয় সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। যাচাইয়ের পর এসব অ্যাকাউন্ট ব্লক করা হবে, তবে ন্যায্যতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করা এবং অর্থপাচার বন্ধে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, ১৬ ডিসেম্বরের পর সিম সংখ্যা ১০টিতে সীমিত করলে জুয়া প্রতিরোধে এটি সহায়ক হবে। একই সঙ্গে যারা জুয়া খেলছে তাদের শনাক্ত করাও জরুরি।

পেমেন্ট সিস্টেম এজেন্সির প্রতিনিধি জানান, সিম, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সমন্বয় করা গেলে অনলাইন জুয়ার সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব।

বিকাশের প্রতিনিধি জানান, জুয়ায় জড়িত থাকার অভিযোগে গত দুই সপ্তাহে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে এবং এখন ক্রলিং ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে অনলাইন ট্র্যাকিং প্রক্রিয়া উন্নয়ন করা হচ্ছে।

সভায় আরও প্রস্তাব করা হয়, অনলাইন স্ক্যাম ও জুয়া প্রতিরোধে মাদক অধিদপ্তরের মতো একটি বিশেষ সংস্থা গঠন এবং ক্রস-ডোমেইন মনিটরিং কার্যক্রম জোরদার করার।

সভায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সার্ভিস, আইন প্রয়োগকারী সংস্থা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।

তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন মামদানি। তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন।

৩৪ বছর বয়সী এই রাজনীতিক নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। মঙ্গলবার রাতে তার ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আয়োজিত এক বিজয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও, সোমবারই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের কারণেই আজ এই শহরে ইতিহাস রচিত হলো।”

এদিকে বহুজাতি ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা মামদানির জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তবে তার সমর্থকরা বলছেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণার চালিয়েছেন, সেটিরই জয় হয়েছে।

আল জাজিরা বলছে, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যতের দিকনির্দেশনাও হয়ে উঠেছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ছিলেন ধনী দাতাদের প্রভাবিত ‘পুরোনো ধারার’ প্রতিনিধি, আর নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বলে পরিচয় দেওয়া মামদানি প্রতিনিধিত্ব করেছেন নতুন প্রজন্মের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির।

মঙ্গলবার ভোট দিতে গিয়ে কুয়োমো বলেন, “এটা ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে এক ধরনের গৃহযুদ্ধ। সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন চরম বামপন্থিরা এখন মধ্যপন্থিদের চ্যালেঞ্জ করছে।”

ব্রঙ্কসের মোট হেভেন এলাকার সমাজকর্মী ৩৩ বছর বয়সী জোশুয়া উইলসন ভোট দিয়েছেন মামদানিকে। তার ভাষায়, “ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পুরো আমেরিকা রাজনৈতিকভাবে বিভক্ত। এমন সময়ে নতুন ও তরুণ কণ্ঠের উত্থান জরুরি।”

৬৮ বছর বয়সী লুসি কর্দেরো বলেন, “আমরা কুয়োমোকে দেখেছি— তিনি ভালো ছিলেন না। মামদানি নতুন, তরুণ, হয়তো তিনিই কিছু পরিবর্তন আনতে পারবেন।”

ব্রুকলিনের ক্রাউন হাইটসের ৫২ বছর বয়সী ফ্রিল্যান্সার মেগান মার্কস বলেন, “মামদানির অবস্থান আমার চেয়েও বেশি বামঘেঁষা, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তার মতো দৃষ্টিভঙ্গির একজন নেতার প্রয়োজন। আমি তাকে সমর্থন করেছি, কারণ আমাদের হারানোর কিছু নেই।”

অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে কুয়োমোকে সমর্থন ঘোষণা দিয়েছিলেন। রক্ষণশীল ভোটারদের একত্রিত করার উদ্দেশ্যে এই ঘোষণা দেওয়া হলেও তা উল্টো ফল দেয় বলে মনে করা হচ্ছে।

৫৫ বছর বয়সী আইনজীবী অ্যালেক্স লরেন্স বলেন, “প্রাইমারিতে আমি মামদানিকে ভোট দিইনি। পরে ভেবে দেখেছি, তার কথাবার্তায় ইতিবাচকতা আছে, সততা আছে। আমি তাকে সুযোগ দিতে চেয়েছি।”

বাংলাদেশি বংশোদ্ভূত ড্রাইভার ইফতেখার খান বলেন, “এই নির্বাচনে মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের ঐক্যই মামদানির বড় শক্তি। ২০০১ সালের ৯/১১ হামলার পর যেভাবে মুসলিমরা বৈষম্যের শিকার হয়েছিলেন, সেই বাস্তবতার প্রেক্ষাপটে তার জয় আমাদের জন্য এক নতুন সূচনা।”

মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতা এবার খুব দ্রুত কলকাতা যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

গত ২ নভেম্বর ছিল শাহরুখ খানের ৬০তম জন্মদিন। বিশেষ এই দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানান। এদের মধ্যে অন্যতম ছিলেন মমতা। তিনি ‘এক্স’ হ্যান্ডলে (সাবেক টুইটার) বলিউড তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।’

প্রিয় ‘দিদি’র এই ভালোবাসার বার্তা নজর এড়ায়নি শাহরুখের। অবশেষে তিনি তার পোস্টে উত্তর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।’

শাহরুখের এই মন্তব্যের পর থেকেই তার অনুরাগীরা দিন গুনতে শুরু করেছেন। একটা সময় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে তাকে ফেস্টিভ্যালে দেখা যায়নি।

ভারত বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার : ইসরায়েল

মিত্র ভারতের প্রশংসা করে ইসরায়েল বলেছে, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী পর্যায়ে আছে এবং ভারত বর্তমানে বিশ্বের অন্যতম এক পরাশক্তিতে পরিণত হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। গিডিয়ন সার বলেন, ভারত ও ইসরায়েল শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সার। তিনি বলেন, আমরা কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্বনেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব।

ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে সার বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়; যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিখেছি এবং সেই ভুল আর করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ।

ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস ও গাজার শাসনব্যবস্থা পরিবর্তন করা। হামাস প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজনকে হত্যা করছে। জনগণের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে হামাস এটি করছে। আমরা এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে চাই।

তিনি বলেন, সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরায়েলের একই রকম। ভারত লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরায়েলের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং আমরা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত।

গিডিয়ন সার বলেন, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে; যা দুই দেশের সম্পর্ককে একটি বাস্তব কৌশলগত অংশীদারিত্বে রূপ দিচ্ছে। সাক্ষাৎকারের শেষের দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অত্যন্ত উন্মুক্ত ও কৌশলী। আমি আশা করি, তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরায়েল আঞ্চলিক শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে বড় কিছু করতে পারব।

আগামী বছর ভারতের আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে বলেও জানিয়েছেন ইসরায়েলি এই মন্ত্রী।

সূত্র: এনডিটিভি।

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৮

ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার (৪ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

শনিবারের ভারি বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যা পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়া পেগুনুংগানের নডুগা অঞ্চলের দুটি পৃথক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

প্রাথমিকভাবে ২৩ জন নিখোঁজ থাকার খবর জানানো হলেও, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি পরে জানান, ‘১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো বলেন, নিখোঁজ বাকি ৮ জনের সন্ধান এখনো চলছে।

মুহারি জানান, ওই এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, নিখোঁজদের মধ্যে ১৫ জন নদী পার হওয়ার সময় আকস্মিক স্রোতে ভেসে যান। তবে উদ্ধার হওয়া মৃতরা তারাই কিনা, তা এখনো নিশ্চিত নয়।

প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়।

গত সেপ্টেম্বর মাসে বালিতে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়। এ বছরের জানুয়ারিতেও মধ্য জাভা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : এএফপি।

খামেনির ছবি পুড়িয়ে ইনস্টাগ্রামে পোস্ট, ইরানি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ইরানের সর্বোচ্চ নেতার ছবি পোড়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর এক ইরানি যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। ইরানের বাইরে থেকে পরিচালিত বিরোধী সংবাদমাধ্যমগুলোর মতে, শোকাহতরা এই মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে দায়ী করছেন।

পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের বাসিন্দা ওমিদ সারলাক শুক্রবার একটি বনাঞ্চলে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পোড়ানোর একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টা পরই সপ্তাহান্তে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা তার শহর আলিগুদর্জের পুলিশ প্রধান আলী আসাদোল্লাহির বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, এক ব্যক্তিকে তার গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার পাশে একটি পিস্তল পাওয়া গেছে, যা দিয়ে তিনি আত্মহনন করেছেন।

তবে সোমবার সারলাকের জানাজার সময়, কয়েক ডজন শোকাহত ব্যক্তি ‘তারা তাকে হত্যা করেছে!’ এবং ‘খামেনির পতন হোক’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। ইরান ইন্টারন্যাশনালের মতো ইরানের বাইরে থেকে পরিচালিত বিরোধী সংবাদমাধ্যম এবং রেডিও ফার্দা কর্তৃক প্রচারিত ফুটেজে এই দৃশ্য দেখা যায়।

বিশ বছর বয়সী সারলাক তার ভিডিওতে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির কণ্ঠস্বর যুক্ত করেছিলেন, যা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের প্রতি তার সহানুভূতি নির্দেশ করে।

ক্ষমতাচ্যুত শাহের মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছেলে রেজা পাহলভি এক্সে লিখেছেন, সারলাক ‘ইসলামিক প্রজাতন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং ইরানের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন’।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার ‘বিপ্লব-বিরোধী মিডিয়ায়’ প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল, সারলাককে ‘সমালোচনামূলক মন্তব্যের জন্য অভিযুক্ত করা হয়েছিল এবং সন্দেহজনকভাবে হত্যা করা হয়েছে’। তাসনিম জানিয়েছে, সারলাকের বিরুদ্ধে কোনো মামলা ছিল না এবং তিনি মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

ইরানের বিরোধী সংবাদমাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সারলাকের বাবার একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে’।

তবে পরে তিনি স্থানীয় রাষ্ট্র-পরিচালিত টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন এবং মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা বিষয়গুলো বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন।

কর্মীরা বলছেন, দেশজুড়ে বিক্ষোভ কর্তৃপক্ষকে নাড়িয়ে দেওয়ার তিন বছর পরও এবং জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের মাসখানেক পরেও কর্তৃপক্ষ দমন-পীড়ন তীব্র করেছে।

ইরানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাই সাতো গত সপ্তাহে বলেছেন, ‘বাহ্যিক আগ্রাসন অভ্যন্তরীণ দমনকে আরো গভীর করেছে,’ তিনি ফাঁসি এবং কর্মীদের ‘ব্যাপক গ্রেপ্তারের’ ‘উদ্বেগজনক’ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

কখন কোথায় কিভাবে দেখবেন বায়ার্ন-পিএসজি ও রিয়াল-লিভারপুল ম্যাচ

চ্যাম্পিয়নস লিগে আজ মঙ্গলবার বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই এবং লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে।

বাংলাদেশ সময় রাত ২টায় পার্ক দেস প্রিন্সেসে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে পিএসজি। একই সময়ে এনফিল্ডে লিভারপুলের ঘরে প্রতিশোধ নিতে নামবে রিয়াল।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ চার ম্যাচের সবগুলোতেই হেরেছে পিএসজি। তবে গেলো জুলাই মাসে ক্লাব বিশ্বকাপে দুই দলের শেষ দেখায় ২-০ গোলের দাপুটে জয় পেয়েছিল ফরাসি জায়ান্টরা।

অন্যদিকে গত মৌসুমে এনফিল্ডে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। এবার একই মাঠে জয়ের লক্ষ্যেই যাবেন এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।

ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া অনলাইনে সনি লিভ ও টফি অ্যাপ-এ সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলাগুলো সরাসরি দেখা যাবে।