রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আসিফের মন্তব্যের নিন্দা বাফুফের, ব্যাখ্যা চেয়ে বিসিবিতে চিঠি

টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে ঢাকার এক পাঁচতারকা হোটেলে দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বিসিবি। দেশের ৬৪ জেলার সঙ্গে ৮ বিভাগের কোচ, কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে গতকাল শুরু হয়েছে ২৫ বছর পূর্তির আয়োজন। সেই আয়োজনেই ফুটবল নিয়ে আপত্তিকর ও বিরূপ মন্তব্য করেন আসিফ আকবর।

জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবলের জন্য ক্রিকেট খেলা হচ্ছে না বলে জানিয়েছেন আসিফ।
বিসিবি পরিচালকের এমন মন্তব্যর পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। তার এমন মন্তব্য আপত্তিকর সম্বোধন করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আসিফের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আজ বিসিবিতে এক চিঠি পাঠিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বিসিবিতে পাঠানো তাবিথ আউয়াল স্বাক্ষরিত বাফুফের চিঠিটি নিচে হুবহু তুলে ধরা হলো—

‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, যা আমাদের জন্য এক গর্বের বিষয়।
আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাব প্রকাশ পাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক।
আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা উভয়েই প্রতিশ্রুতি দিয়েছি যে দেশের সব ক্রীড়া ফেডারেশন একসঙ্গে কাজ করবে একটি সুস্থ, দৃঢ় ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

কিন্তু যখন ক্রিকেট বোর্ডের কনফারেন্সে ‘অভিজাত’ শব্দটি ব্যবহার করা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই জুলাইয়ের ছাত্র-জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি? আর যখন ‘মারামারি’ শব্দটি উচ্চারিত হয়, তখন আরো গুরুতর প্রশ্ন জাগে, এটি কি কোনো ধরনের হুমকি?

এমন দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক।
এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবেলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আপনি নিশ্চয়ই অবগত যে বাংলাদেশে ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত নির্বাহী কমিটি, হাজার হাজার খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও জনসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি।

আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট। আমি বিশ্বাস করি, আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না; বরং আপনি এখনই এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদি মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন।

বাংলাদেশে ক্রিকেটসহ সব খেলাধুলার সফল যাত্রা কামনা করছি।’

এর আগে গতকাল ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেছেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।’

‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার, অনেক আগের.. সুযোগ পাইনি নিজেকে ফোকাস করার… যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার’— যোগ করেন আসিফ।

জীবনানন্দ দাশের কবিতায় কণ্ঠ দিলেন শিল্পী শুভমিতা

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘তোমরা যেখানে সাধ’ বিখ্যাত কবিতাটি সুরস্রষ্টা শাহীন সরদারের সুরে কণ্ঠ দিলেন ভারতের বিখ্যাত শিল্পী শুভমিতা ব্যানার্জি। আজ সোমবার কলকাতার ‘গানবাজনা মিউজিক গ্যারেজ’ স্টুডিওতে কবিতার গানটি রেকর্ড করা হয়। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল।

গানটি প্রসঙ্গে শিল্পী শুভমিতা বলেন, এই প্রথম কবিতার গানে কণ্ঠ দিলাম।
বিখ্যাত কবি জীবনানন্দ দাশের কবিতা বলেই নিঃসন্দেহে একেবারে ভিন্ন এক অনুভূতি। কবিতাটি অসাধারণ প্রাণস্পর্শী সুর করেছেন শাহীন সরদার। আশা করি, গানটি সুধীমহলে ভালো লাগবে।

শাহীন সরদার এ গান প্রসঙ্গে বলেন, ‘আমার বহু বছরের ইচ্ছে ছিল শিল্পী শুভমিতা ব্যানার্জির কণ্ঠে একটি গান রেকর্ড করার, আজ সেই ইচ্ছে পূরণ হলো।
সত্যিই জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার গানটি যেন শিল্পী শুভমিতার কণ্ঠে অনন্য এক মাত্রা পেল। আমি আশ্চর্য হয়েছি, শুভমিতার মতো একজন বড় মাপের শিল্পী গানটি রেকর্ড করার সময় বেশ কয়েকবার অনলাইনে গানের স্ক্যানিং ও সুরের আবেগমথিত জায়গাগুলো নিয়ে আলাপ করেছেন। সত্যিই এখানেই একজন বড় মাপের প্রকৃত শিল্পীর বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আশা রাখি, কবিতার গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।

শাহীন সরদারের সুরে ২০১০ সালে ১০ জন বিখ্যাত কবির ১১টি কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম শিল্পী ঐশিকা নদীর কণ্ঠে সুরেলা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়। সেই অ্যালবামে জীবনানন্দ দাশ, জসীম উদদীন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বিখ্যাত কবির কবিতা স্থান পায়।

সদ্য রেকর্ডকৃত শিল্পী শুভমিতা ব্যানার্জির কবিতার গানটি শীঘ্রই ভিডিও দৃশ্যায়নসহ অনলাইনে প্রকাশিত হবে।

বিশ্ববাজারে সোনার দাম ফের ঊর্ধ্বমুখী

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে সোনার মূল্য আবারও উর্ধ্বমুখী হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.৪ শতাংশ বেড়ে ৪,০৫৩.৪০ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারের দামও বৃদ্ধি পেয়ে ৪,০৬২.৪০ ডলারে দাঁড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার উল্লেখ করেছেন, ‘বর্তমানে বাজারে সোনার চাহিদা বাড়ছে।
বিনিয়োগকারীরা মনে করছেন ডিসেম্বরে ফেড সুদের হার কমাতে পারে, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি।’

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক সূচক এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর আশাবাদ—এই দুই কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়ছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে।
একই সঙ্গে ভোক্তা আস্থা প্রায় তিন বছর তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সম্প্রতি ৪০ দিনের সরকারি শাটডাউনও মার্কিন অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে সোনার আকর্ষণ বাড়ে, কারণ এটি মুনাফাবিহীন সম্পদ হিসেবেও নিরাপদ মনে হয়।

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তাদের স্বর্ণের মজুদ বেড়ে ১,০৪২.০৬ মেট্রিক টনে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট সিলভার ১.৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯.১৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম বেড়ে ১.৩ শতাংশে ১,৫৬৫.৩৬ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ১,৩৮৯.৯৪ ডলারে পৌঁছেছে।

সূত্র : রয়টার্স।

রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গতকাল (শুক্রবার) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, গতকাল রাতে গির্জা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় গির্জা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও সাংবাদিকদের বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।

ভিএপিটি অডিট করে নিরাপত্তার নিশ্চয়তা দিতে নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেম (ইএমএস) এবং সংশ্লিষ্ট অ্যাপসসহ অন্যান্য সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ইসির ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যারের ওপর ‘ভালনারাবিলিটি অ্যান্ড পিনেট্রেশন টেস্টিং (ভিএপিটি) কার্যক্রম শেষ করতে হবে বলে জানিয়েছে ইসি। আইসিটি অডিট টিমকে এই কার্যক্রমের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ভিএপিটি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সকলের প্রয়োজনীয় প্রশিক্ষণ/জ্ঞান/অন্যান্য সহায়তা নিশ্চিত করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহারের পূর্বে নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের কাছে কারিগরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লিখিত সাপোর্ট নিশ্চিত করার ওপর। এ ছাড়া, ভবিষ্যতে যেন কোনো কর্মরত ব্যক্তি ‘গুরুত্বপূর্ণ সিস্টেমের লগ-ইন’ পুনরায় ব্যবহার করতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কার্যক্রম শেষ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আকারে তা সরাসরি সিনিয়র সচিব/প্রতিষ্ঠান প্রধানের কাছে উপস্থাপন করতেও বলা হয়েছে আদেশে। সিস্টেম সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে চূড়ান্তভাবে কার্য সম্পাদনের অনুমতি নিতেই এই নির্দেশনা দিয়েছে ইসি।

ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল এক যুবকের প্রাণ

রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ইউসুফকে হাসপাতালে নিয়ে আসা বোনজামাই সাইদুল ইসলাম জানান, আমার বোনজামাই একজন মাছ ব্যবসায়ী। ভ্যানে করে তিনি মাছ বিক্রি করেন। ভোরের দিকে মাছ নিয়ে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

মুক্তি পেলো জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়।

টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন।

তিনি বলেন, ‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।’

নূর ইসলাম বলেন, ‘আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।’

দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত।

গতকাল ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদমাধ্যম নেটওয়ার্ক ১৮ গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশিকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক।

সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস) উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।”

“আমি আর একটি কথা এখানে বলতে চাই— ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম; কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড. মুহম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত।

তুর্কি পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধিদলের সব সদস্যকে এক কপি করে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি বই উপহার দিয়েছেন মুহম্মদ ইউনূস।

‘আর্ট অব ট্রায়াম্ফ’ মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়কার এবং এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি, গ্রাফিতির সংকলন। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮- এর অভিযোগ— এই সংকলনগ্রন্থে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্রের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজ ১৮-এর দাবি— আসাম দখল বিষয়ক যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধ পরবর্তী অবস্থায় কীভাবে আসামের প্রশাসন পরিচালনা করা হবে, তারও বিবরণ আছে আট অব ট্রায়াম্ফ সংকলনগ্রন্থটিতে।

সূত্র : ফার্স্টপোস্ট

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে— সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।

পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে অবশ্য এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘পিআর কৌশল’ বলে উল্লেখ করে বলেছেন, “এরদোয়ান তুরস্কের বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষদের মুখ বন্ধ রাখতে এবং ভিন্নমতাবলম্বী সাংবাদিক, বিচারক ও মেয়রদের বন্দি করার কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

এখানে উল্লেখ্য, গাজায় গণহত্যা চালানোর অভিযোগে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) যে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা, গত বছর সেটির বাদিপক্ষে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে তুরস্ক। ইস্তাম্বুলের শীর্ষ সরকারি প্রকৌশলী এমন এক সময়ে এই পরোয়ানা জারি করলেন, যখন গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। শুক্রবার এক বার্তায় গোষ্ঠীটির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল।”

ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি পজিটিভ ভারতের ঝাড়খণ্ডের পাঁচ শিশু

সরকারি হাসপাতালে গিয়ে ব্লাডব্যাংকের রক্ত নেওয়ার পর এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে ভারতের পাঁচটি শিশু।
ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালের এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর ওই হাসপাতালের সিভিল সার্জন, এইচআইভি ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় ভুক্তভুগী পরিবারদের দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে এই শিশুদের কথা তুলে ধরা হয়েছে। সংক্রমিত রক্ত সঞ্চালনের ফলে এইচআইভি পজিটিভ হয়ে পড়েছে এই শিশুরা।

এই শিশুদের একজনের মা বলেন, গত সেপ্টেম্বর মাসে তিনি যখন মেয়েকে সদর হাসপাতালে রক্ত দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন তার প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবর্তিত আচরণ দেখে তার সন্দেহ হয়। আমার মেয়ের প্রতি স্বাস্থ্যকর্মীদের এই আচরণ দেখে আমি বিচলিত হয়ে পড়ি। আমার সন্দেহ হয়েছিল যে আমার মেয়ের কিছু একটা হয়েছে।

পরে একজন স্বাস্থকর্মী তাকে জানান, আপনার মেয়েকে ভুল রক্ত দেওয়া হয়েছে, যার ফলে ও এইচআইভি পজিটিভ হয়ে গিয়েছে।

এই বিষয়ে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে, এই জেলায় মোট ২৫৯ জন দাতা রক্তদান করেছেন। এর মধ্যে ৪৪ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে চারজন দাতা এইচআইভি পজিটিভ বলে নিশ্চিত করা গেছে।

বাকিদের সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে, যাতে অন্য কোনো দাতা এইচআইভি পজিটিভ হলে তাদের শনাক্ত করা যায়।

দ্বিতীয় যে বড় প্রশ্ন উঠেছে তা হলো, এই শিশুদের এইচআইভি সংক্রমিত হয়ে পড়ার জন্য দায়ী কে?

ঝাড়খণ্ডের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশীর মতে, এই ক্ষেত্রে সিভিল সার্জন এবং অন্যান্য কর্মকর্তাদের অবহেলা রয়েছে, তাই তারাই দোষী।

ঝাড়খণ্ডের বিশেষ স্বাস্থ্য সচিব ডা. নেহা অরোরার মতে, বিষয়টা এখনো তদন্তাধীন রয়েছে।

দাতার রক্ত পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পরীক্ষার জন্য প্রি-কিট ব্যবহার করা হলে উইন্ডো পিরিয়ড বড় হয় এবং রোগী (এইচআইভি) পজিটিভ কি না তা দেরিতে জানা যায়। অন্যদিকে, এলিসা বা এনএটি টেস্টের ক্ষেত্রে ভাইরাস দ্রুত ধরা পড়ে, কারণ তারা অ্যান্টিজেনগুলো শনাক্ত করতে পারে। তাই এখন ডোনারদের পরীক্ষার জন্য প্রি-কিট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

অ্যাক্টিভিস্ট অতুল গেরা থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য কাজ করেন। তার অভিযোগ, ঝাড়খণ্ডের মতো রাজ্যে পাঁচ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছেন, কিন্তু তাদের চিকিৎসার জন্য পুরো রাজ্যে মাত্র একজন হেমাটোলজিস্ট আছেন।

সূত্র: বিবিসি বাংলা।