রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যার পুনর্বিন্যাস

৩৭ সরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোট আসন থেকে ২৮০টি কমিয়ে এবার মোট ৫ হাজার ১০০ আসন নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন পুনর্বিন্যাস করা হল।
চিঠি অনুযায়ী, বর্তমানে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর সংখ্যা দাঁড়াল ৫১০০-তে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজসহ মোট ১৪টি মেডিক্যালে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে। আসন বেড়েছে তিনটি মেডিক্যালে।

চিঠি অনুযায়ী, দেশের প্রথম সারির পুরনো আটটি মেডিক্যাল থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। ২৫০ থেকে আসন কমে এই ৮ প্রতিষ্ঠানে আসন সংখ্যা দাঁড়িয়েছে ২২৫-এ। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শেরেবাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিক্যাল কলেজ। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজেও ২৩০ থেকে ৫ কমিয়ে ২২৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে হবিগঞ্জ মেডিক্যাল কলেজ থেকে ৫০ এবং নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিক্যাল থেকে ২৫ করে কমিয়ে ৫০ আসন নির্ধারণ করা হয়েছে। আসন বাড়া তিনটি প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ। এর মধ্যে শহীদ তাজউদ্দীন এবং টাঙ্গাইল মেডিক্যালে ২৫ করে বাড়িয়ে আসন দাঁড়িয়েছে ১২৫টি। আর পটুয়াখালী মেডিক্যালে ২৫ বাড়িয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১০০টি।

অন্যান্য মেডিক্যালের আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
এর মধ্যে ২০০ করে আসন রয়েছে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর এবং দিনাজপুর মেডিক্যাল কলেজে। ১০০ করে আসন রয়েছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিক্যাল কলেজে। অপরদিকে ১২৫টি করে আসন রয়েছে গোপালগঞ্জ এবং মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে। আর সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে রয়েছে ৭৫টি আসন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ইসির সিদ্ধান্ত অবৈধ, সেই ৪ সংসদীয় আসন বহালের আদেশ

বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পূর্বের ন্যায় বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
একই সঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেদিন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন।
তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট ফয়সাল মোস্তফা, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, ব্যারিস্টার কাজী সামান্তা এনাম, অ্যাডভোকেট আমিনুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট এনামুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।

শাকিবের নায়িকা তাসনিয়া ফারিণ চূড়ান্ত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। তবে সিনেমার আরেক নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তাসনিয়া ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তি সম্পন্ন হবে। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
তবে সিনেমায় ইধিকা পাল থাকছেন না।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমায় ইধিকা পালের থাকা নিয়ে গুঞ্জন ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত এই নায়িকা থাকবেন না বলে জানা গেছে।

প্রিন্স সিনেমা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’।

অ্যাকশন ধাঁচের সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

মুক্তি মিলছে না আইভীর, নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, আরেকটি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা। এতে তার জামিন প্রক্রিয়া ফের আটকে গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় গতকাল রবিবার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াত আইভীকে শ্যোন আরেস্ট দেখানো হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় আইভীকে।
তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তার হন আইভী।

রাজধানীতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গ্রেপ্তার

ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণ করা আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রমনা থানাধীন ওয়্যারলেস এলাকা থেকে অ্যাডভোকেট বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দীর্ঘদিন ধরে কাজ করেও সুপারস্টার শব্দটি শুনতে পাইনি : শাকিল খান

ঢালিউডে প্রায় একই সময়ে অভিষেক ঘটে সালমান শাহ ও শাকিল খানের। যে কারণে খুব কাছ থেকে সালমান শাহর সিনেমায় বেড়ে ওঠা দেখেছেন শাকিল খান। যদিও এখন অভিনয়ে নিয়মিত নন তিনি, মাঝেমধ্যেই চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন শাকিল খান।

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন একসময়ের জনপ্রিয় এই নায়ক।
অনুষ্ঠানের মাঝে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় সিনেমা থেকে কেন দূরে, সালমান শাহর হত্যা মামলা কিভাবে দেখেন—এ রকম প্রশ্নের মুখে পড়েন তিনি।

এদিন সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে শাকিল খান বলেন, ‘আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম, তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষরাই দায়ী।
একজন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে সারাক্ষণ টর্চার করলে তিনি ফ্রাস্ট্রেশনে পড়ে যান। সিনেমার মানুষরাই তাকে ফ্রাস্ট্রেশনে ফেলেছিলাম। আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে (সালমান শাহ) বয়কট করেছিল।
দেশের বহু পরিচালক তাকে বয়কট করেছিলেন। শেষে আমি বলতে চাই, সত্যের বিচার হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন বলে দেবে তার (সালমান শাহ) সঙ্গে কী হয়েছিল।’

এরপর নিজের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমার কারণেই আমি দর্শকদের কাছে এখনো শাকিল খান।
কিছু মানুষ আমাকে সেই কারণেই চেনেন। এই ফিল্মকে আমি এখনো ভালোবাসি। আমি এখনো সিনেমা করতে চাই। সিনেমা করব না, এটা কখনোই বলিনি। তবে সেটা অবশ্যই সুস্থধারায় হতে হবে। এখন আমি বলছি না সুস্থ ধারায় সিনেমা হচ্ছে না, ভালো ছবি হচ্ছে। কিন্তু একই প্রযোজকরা খুব বেশি সিনেমা করছেন না।’

নব্বইয়ের দশকে একের পর সিনেমায় অভিনয় করে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও তারকাখ্যাতি নিয়ে কখনোই কিছু ভাবেননি শাকিল খান। তার ভাষ্যে, ‘এখন সিনেমা ব্যবসা করলেই সুপারডুপার হিট তকমা লেগে যাচ্ছে। একটি রিলিজ করলেই সুপারস্টার হয়ে যাচ্ছেন। সব সহজ হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও কখনো সুপারস্টার শব্দটি শুনতে পাইনি।’

এরপর বললেন, “অথচ ১৯৯৬-এ ‘এই মন তোমাকে দিলাম’ সিনেমাটি ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে তুমুল আলোচনায় আসে, ব্যবসাসফল সিনেমা। আমরা কিন্তু সুপারস্টার হতে পারিনি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। এখন দুটি সিনেমা করলে নামের আগে যোগ হয় সুপারস্টার। এটা আপনারাই বানাচ্ছেন।”

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জ শহরে বিএনপির তিন নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জ শহরে বিএনপির তিন নেতাকর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া তিন মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। মামলাগুলোতে মোট ৫৪৯ জনকে আসামি করা হয়।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তারা। এর আগে গত বুধবার (৫ নভেম্বর) মামলাগুলোর চার্জশিট আদালতে দাখিল করা হয়।

প্রত্যেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ হলেন সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি ড. জান্নাত আরা হেনরী, একই আসনের সাবেক এমপি ড. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ার অপু, সিরাজগঞ্জ জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।

সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাছুমপুর দক্ষিণপাড়ার সোহানুর রহমান খান রঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য ও গয়লা গ্রামের সুমন এবং বিএনপি কর্মী ও গয়লা গ্রামের আব্দুল লতিফ নিহত হন।

ওই ঘটনায় ২২ আগস্ট নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে ১৫০ জন, নিহত সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জন এবং আব্দুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।
প্রতিটি মামলায় ১০০ থেকে ১৫০ জন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়।

রঞ্জু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই প্রনয় কুমার প্রামানিক বলেন, এ মামলায় বাদী ১৫০ জনকে এজাহারভুক্ত আসামি করেছিল। তদন্ত শেষে ৫ নভেম্বর ১৯৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত করা হয়েছে।
এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। চার্জশিট দাখিলের আগে সদর থানার এসআই হোসাইন আলী ও এসআই মনিরুল ইসলাম মামলার তদন্ত করেছেন।

আদালতে ছাত্রদল নেতা সুমন ও বিএনপিকর্মী আব্দুল লতিফ হত্যা মামলার চার্জশিট দাখিল করেছেন সদর থানার এসআই শরিফুল ইসলাম। তিনি বলেন, সুমন হত্যা মামলায় বাদী ১৫৪ জনকে এজাহারভুক্ত আসামি করেছিলেন। তদন্ত শেষে ৫ নভেম্বর ১৭৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
তদন্ত চলাকালে ২২ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত করা হয়েছে। চার্জশিট দেওয়ার আগে সদর থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই শাহিন মিয়া এ মামলার তদন্ত করেছেন।

এসআই শরিফুল ইসলাম আরো বলেন, আব্দুল লতিফ হত্যা মামলায় বাদী ১৫৯ জনকে এজাহারভুক্ত আসামি করেছিল। তদন্ত শেষে ৫ নভেম্বর ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্ত চলাকালে ১৯ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত করা হয়েছে। চার্জশিট দেওয়ার আগে সদর থানার এসআই শাহিন মাহমুদ এ মামলার তদন্ত করেছেন। দুইটি মামলার চার্জশিটেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে বলে জানান এই এসআই।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ওসি রওশন ইয়াজদানী বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা জুলাই আন্দোলনের তিনটি চার্জশিট দাখিল করার পর ক্রটি-বিচ্যুতি যাচাই-বাচাই করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চার্জশিটগুলো আদালতে উপস্থাপন করা হবে।

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ১১৭৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭ জন, চট্টগ্রামে ১৫১ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৭০ জন, রংপুরে ১২ জন, এবং সিলেটে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৫ জন মারা গেছেন।
এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৫২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

মুশফিকের অন্য রকম সেঞ্চুরি সবাই মিলে উদযাপন করতে চান শান্ত

টেস্ট ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। তবে এবার অন্য রকম এক সেঞ্চুরির সামনে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দীর্ঘ সংস্করণে শততম ম্যাচ খেলবেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজেই রেকর্ডটি গড়বেন মুশফিক।
আগামীকাল সিলেটে ৯৯তম টেস্ট খেলতে নামবেন সাবেক অধিনায়ক। সতীর্থর এমন স্মরণীয় মুহূর্তটা সবাই মিলে উদযাপন করতে চান বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ এমনি জানিয়েছেন শান্ত। টেস্ট অধিনায়ক বলেছেন, ‘খুবই এক্সাইটেড।
আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, উপভোগ করতে চাই সবাই মিলে একসঙ্গে।’

আগামী ১৯ নভেম্বর মিরপুরে শততম টেস্ট খেলবেন মুশফিক। সেই টেস্ট উইকেটরক্ষক-ব্যাটার ফিট থেকেই কীর্তি গড়বেন বলে আশাবাদী শান্ত। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘বিশেষ করে একশতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারেন, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরো পাঁচটা দিন খুব ভালোভাবে উপভোগ করতে চাই।
খুবই আশাবাদী ইনশাআল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন।’

মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পাওয়াটা দারুণ জানিয়ে শান্ত বলেছেন, ‘কালকে ইনশাআল্লাহ ৯৯তম হবে। উনি ড্রেসিংরুমে থাকা সব সময় আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ টেস্ট ক্রিকেটে অবশ্যই আমরা সব সময় অভিজ্ঞতাকে প্রাধান্য দিই। উনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক সাহায্য করে।
উনার অভিজ্ঞতা, ক্রাঞ্চ মোমেন্টে কিভাবে ওই চাপ সামলে নেন, এই বিষয়গুলো সবসময় আলোচনা হয়।’

৬ মিনিটে শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

ঘরের মাঠে চলতি মাসে দুটি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের বিপরীতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তবে দল বাংলাদেশ হলেও টিকিট বিক্রিতে দেখা গেল ভিন্ন চিত্র।

প্রীতি ম্যাচের টিকিট ছাড়ার ২৬ ঘণ্টায় যেখানে মাত্র ৫ হাজার বিক্রি হয়, সেখানে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ছাড়ার ৬ মিনিটেই শেষ।
টিকিট নিয়ে দর্শকদের মধ্যে এমন উন্মাদনার কথা জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

টিকিট শেষ হওয়ার বিষয়ে গোলাম গাউস বলেছেন, ‘সাধারণ গ্যালারির সব টিকিট ৬ মিনিটের মধ্যে শেষ হয়েছে। গ্রাহকরা এখনো পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে।
এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’

আজ ৬ ক্যাটাগরিতে দুপুর ২টায় টিকিট ছাড়া হয়েছিল ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–তে। ছাড়া মাত্রই টিকিট কাটতে হুমড়িখেয়ে পড়েন দর্শকরা। এতে করে Quicket– এর কর্তৃপক্ষ ওয়েবসাইটে SOLD OUT লিখতে বাধ্য হয়।

ছয় ক্যাটাগরির মধ্যে সর্বনিম্ন দাম গ্যালারির—৫০০ টাকা। ৩০০০ করে দাম ধরা হয়েছে ক্লাব হাউস-২ ও ভিআইপি বক্স-৩। অন্যদিকে ভিআইপি বক্স-২য়ের ৪০০০ টাকার বিপরীতে ক্লাব হাউস-১ এর দাম ধরা হয়েছে ৫০০০। আর সর্বোচ্চ ৬০০০ টাকা ধরা হয়েছে রেড বক্সের।

অথচ, ১৮ নভেম্বরের ম্যাচটি বাংলাদেশ-ভারতের জন্য বলা যায় নিয়ম রক্ষার।
কেননা দুদলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা হারিয়েছে। তবে ম্যাচটা বাংলাদেশ-ভারতের মর্যাদার বলেই হয়তো টিকিট নিয়ে এত হাহাকার। বাছাইপর্বের ম্যাচটির আগে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামেই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।