রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, এ বছর কৃষকরা খুব সম্ভবত আলু নিয়ে বিপাকে পড়েছেন। একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় তিন হাজার কোটি টাকা গচ্ছা দিতে হবে। চাষিদের কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল ভেবে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায়; কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল গ্রহণ করে; সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকা দরকার।

রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান রেখে তারেক রহমান বলেন, যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, দয়া করে তা করবেন না। এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্যও দেশের গণতান্ত্রিককামী জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে। কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি-ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, এ বছর কৃষকরা খুব সম্ভবত আলু নিয়ে বিপাকে পড়েছেন। আলুর উৎপাদন খরচ এবং কোল্ড স্টোরেজে রাখতে প্রতি কেজির পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় ২৫ থেকে ২৭ টাকা। অথচ চাষিরা কিন্তু এখন অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে পারছে না। আলু চাষিদের এবার তিন হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে। একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় এই তিন হাজার কোটি সমপরিমাণ টাকা গচ্ছা দিতে হবে। চাষীদের কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্যমূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহতের তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয়ে শত-শত দফা আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি।

সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন কিন্তু সম্পন্ন করতে পারে নাই।

তারেক রহমানকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার আব্বা-আম্মা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যান। আমাদের পক্ষ থেকে সাহায্য করব।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাত্তার পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

মাদারীপুরে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের পৌর বাস টার্মিনালে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলার সদর উপজেলা শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ করে বাস টার্মিনালে থাকা পরিবহনের মধ্যে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে আওয়াজ পেয়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় বর্তমানে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু বলেন, এগুলো লীগের কাজ। তারা জ্বালাও পোড়াও এবং পরিবহনে আগুন দেয়াতে এক্সপার্ট। এর আগে প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বাস টার্মিনালে পুলিশের টহল বাড়ানোর দাবি করেছিলাম। এখন পুলিশ যদি সেভাবে ভূমিকা না নেয় তাহলে কি করার আছে। তবে ককটেল বিস্ফোরণের পর টার্মিনালে থাকা প্রতিটি বাসের একজন করে শ্রমিককে অন্তত এই দুইদিন থাকতে বলা হয়েছে। এছাড়া নিয়মিত রাতে চারজন পাহাড়ায় থাকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতির চেষ্টা করেছিল। কিন্তু কোনো ক্ষতি হয় নি। ১৩ নভেম্বরের লকডাউন বাস্তবায়নে এসব নাশকতা করা হচ্ছে।’

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এদিকে, আজ বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগে চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল নিক্ষেপ করা হয়েছে স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে। এ কর্মসূচি ঘিরে এ ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলা অথবা দিনের ব্যস্ততম সময়ে টার্গেট করা স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। অনেক সময় ককটেল বিস্ফোরণে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। দু-একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আওয়ামী নাশকতায় পুড়ল ১৪ বাস, ফুটল ১৭ ককটেল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিত নাশকতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে, ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারবিরোধী সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনে রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঘটনায় আতঙ্ক সৃষ্টি এবং জনজীবনে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা চলছে।

গত বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর আলম চাকলাদার আহত হন। তিনি জানায়, আজিমপুরের বাসায় ফেরার পথে ককটেল বিস্ফোরণে তার পিঠে স্প্লিন্টার লাগে। যদিও তার অবস্থা গুরুতর নয়, তবে এই ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে।

ঢাকা শহরে গত কয়েকদিনে একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার পর্যন্ত, রাজধানীতে চার দিনের মধ্যে ১৪টি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া, ১১ দিনে ১৫টি স্থান থেকে অন্তত ১৭টি ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলি। হামলাকারীরা মোটরসাইকেলে হেলমেট পরিধান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছিল।

গতকাল (১২ নভেম্বর) সন্ধ্যায় দোলাইরপাড় মোড়ে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। একই দিন, মিরপুর-১ নম্বরে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন ধরানোর ঘটনা ঘটে। এছাড়া, নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রাজধানীজুড়ে অব্যাহত নাশকতার জেরে, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চলছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্ল্যাশ মিছিল’ ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ৪৪ জন আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং চলমান নাশকতার ঘটনায় সরকারের বিরোধী দল আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দলটির শীর্ষ নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, যা তাদের ঘরোয়া সহিংসতার পরিকল্পনার অংশ বলে ধারণা করা হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়েছে, যা একাধিক সন্ত্রাসী হামলার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে, যেখানে তারা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন করবে। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জানিয়েছেন, তারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন।

দেশের বিভিন্ন জেলা থেকেও নাশকতার খবর পাওয়া গেছে। গাজীপুর, সাভার, ফরিদপুর, খুলনা, মেহেরপুর এবং নারায়ণগঞ্জের কিছু উপজেলায় সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পেট্রোল বোমা ও বিস্ফোরক উপকরণ ছিল। পুলিশ ধারণা করছে, এসব সরঞ্জাম নাশকতার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

খুলনা, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়ও নাশকতার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এসব কার্যক্রমের পেছনে আওয়ামী লীগের ক্যাডারদের সংশ্লিষ্টতা থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, তারা শুধু নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদেরই নয়, বরং তাদের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও গ্রেপ্তার করছেন। তিনি বলেন, “যারা এই নাশকতার পেছনে রয়েছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে এবং রাজধানীজুড়ে অভিযান আরও তীব্র করা হয়েছে।

ঢাকায় ককটেল বিস্ফোরণে সরকারি কর্মকর্তা আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টিএসসি মোড়ে ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম জানিয়েছেন, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে এতে বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার লেগে আহত হন। পরে চিকিৎসার জন্য রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তার অবস্থা গুরুতর নয়, সামান্য আহত হয়েছে।

আহত জাহাঙ্গীর আলম পেশায় মাদ্রাসা অধিদফতরের সহকারী পরিচালক। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত মমতাজ আলী চাকলাদার। বর্তমান থাকেন তিনি আজিমপুর সরকারি কোয়াটারে।

পল্লবীতে মধ্যরাতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কয়েক ঘণ্টা আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। সেখানেও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পরিবহন আগুন দেওয়ার ঘটনা বেড়ে গেছে। এতে রাজধানীবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

চলমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিস সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাঙ্গাইলে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে টাঙ্গাইলের বাঐখোলা এলাকায় রাজধানী ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে রাত সাড়ে ১২টার দিকে। স্থানীয়দের খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বাংলা স্টার’ পরিবহনের বাসটি মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

তারেক রহমানের বক্তব্য: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, সতর্কবার্তা দিলেন পলাতক স্বৈরাচারের সহযোগীদের বিষয়ে

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত কয়েকদিনে রাজধানীতে ঘটে যাওয়া আগুন সন্ত্রাসের ঘটনা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্য একটি সতর্কবার্তা হতে পারে। তিনি দাবি করেন, পলাতক স্বৈরাচারের সহযোগীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে, এবং তাদের বিষয়ে রাজনৈতিক শক্তিকে সজাগ থাকার আহ্বান জানান।

আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক শক্তির ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, “এখনই সবার কাছে স্পষ্ট—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কিছু দল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পক্ষ থেকে ঐ একই কৌশল পুনরায় অবলম্বন করা হচ্ছে।”

তবে তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও, তার বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত দেন যে, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সুরক্ষিত রাখতে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করছে।

তরুণ নেতা তারেক রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেক দল জাতীয় নির্বাচনকে এক ধরনের শর্তসাপেক্ষে আটকে রাখতে চাইছে। তাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, বরং রাজনৈতিকভাবে পতিত শক্তির পুনর্বাসনের পথ সুগম করা।”

বিএনপি এবং জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে বিরোধপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের দাবিতে আন্দোলনের আড়ালে কৌশলে রাজনৈতিকভাবে পতিত শক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ তৈরি হচ্ছে। এটি দেশের গণতান্ত্রিক জনগণের জন্য একটি বড় বিপদ হতে পারে।”

আন্তর্বর্তী সরকারের গঠনের বিষয়ে তিনি বলেন, “স্বল্প মেয়াদে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ সার্বিক সফলতা আশা করে না। তবে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে—তারা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনী প্রক্রিয়া অগ্রাধিকার দেবে।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন, যেমন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জামায়াতে ইসলামী নেতা এহসানুল মাহবুব জুবায়ের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

তারেক রহমানের বক্তৃতা থেকে রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন, তিনি বিএনপির চলমান রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনকে আরও তীব্র করতে চান।

যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

জাতীয় ডেস্ক

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫: রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরেকটি ইউনিট যোগ দেয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ নির্ধারণে তদন্ত করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে পুড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুন লাগার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ও পরিবহন ভস্মীভূত করার ঘটনা ঘটছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পরিদর্শন চালাচ্ছে এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো নাশকতার উপাদান রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

সিলেটের বিটিসিএল অফিসের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি আনুমানিক ২ লাখ টাকা

জাতীয় ডেস্ক

সিলেট, ১২ নভেম্বর ২০২৫: সিলেট নগরীর তালতলা এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিসের পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিটিসিএল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে গুদামে থাকা কিছু পুরনো আসবাবপত্র এবং অন্যান্য মালামাল পুড়ে যায়, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকার বেশি বলে জানানো হয়েছে।

বিটিসিএল সিলেট কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মিহির রায় জানান, “আগুনে গুদামে থাকা কিছু পুরনো জিনিসপত্র পুড়ে গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

এদিকে, ফায়ার সার্ভিসের সিলেট তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, “প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর গুদামের আশপাশের এলাকাও নিরাপদ ঘোষণা করা হয়। সিলেট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আরও সতর্ক থাকতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।