রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার গতকাল (বৃহস্পতিবার) জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে দূর করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন। কিন্তু জুলাই সনদ আদেশ জারি করা হলেও এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশে গণভোটের যে প্রসঙ্গ, সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে। এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে, আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে। কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এনসিপির সদস্য সচিব বলেন, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। সেই দুদক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেই দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না? সে ব্যাপারেও কিন্তু এই সনদের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লিয়ার করা হয়নি। সে জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে। এরপর উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। এবার যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ সনদ অবহিত হওয়ার পরের যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে কারা প্রতিনিধি হিসেবে যাবেন, তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে। কিন্তু এর অর্থ কি এরকম যে, এবার তালিকা প্রকাশ করা হলো না। কিন্তু পরবর্তী থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগেই তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কি না, সে বাধ্যবাধকতার কথাটি এই জুলাই সনদে অনুক্ত থেকে গেছে।

আখতার হোসেন বলেন, আমরা জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চেয়েছিলাম। এই আদেশের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার, অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। জুলাই সনদে যেগুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয়, সেক্ষেত্রে কী ধরনের ফলাফল তৈরি হবে, সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয়নি। আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে, গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে। সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে।

সরকারের কাছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে, এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায়, তেমন একটা ভাষ্যে। সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একইসঙ্গে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে, সে অস্পষ্টতাগুলো দূর করবে। জুলাই সনদ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে- সাংবিধানিক, অর্থনৈতিক সব ধরনের সমস্যার সমাধান হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশে যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা- গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই, সবাই চায় নির্বাচন।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে তিনি বলেন, রায় কোনদিকে যাবে তা বিচারবিভাগের ওপর নির্ভর করে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।
এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধন শেষে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। দিনব্যাপী সামিটে অংশ নেন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।

ঘোষণা সংশোধন করে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নির্ধারণ করে সরকার জনগণকে অযথা সংকটে ফেলেছে। তিনি বলেন, ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত। জনগণের মতামতই হবে সরকারের প্রকৃত ভিত্তি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর থানা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ২৬ সালের জাতীয় নির্বাচনের কোনো আইনি বৈধতা নেই। সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নির্বাচন হওয়ার কথা। সর্বশেষ নির্বাচন হয়েছে ২০২৪ সালে। সংবিধানের অনেক ধারা ও অনুচ্ছেদ ইতোমধ্যে অকার্যকর হয়ে পড়েছে। সেখানে প্রধান উপদেষ্টা কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন তা সংবিধানে উল্লেখ নেই। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের ভিত্তিতে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু এই রেফারেন্স কোনোভাবেই ক্ষমতা গ্রহণের ভিত্তি হতে পারে না। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেমন সংবিধানে নেই, তেমনি নির্বাচনের মেয়াদও সংবিধানে নেই। প্রধান উপদেষ্টার পদও সংবিধানে উল্লেখ নেই। সুতরাং জুলাই সনদই একমাত্র সংবিধানের অংশ হতে পারে এবং এর মাধ্যমেই সব বিষয়ে আইনি ভিত্তি দেওয়া সম্ভব।

দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মুশাররফ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। মহানগরী ব্যবসায়ী থানার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দলের খুলনা অঞ্চল টিমের সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, খুলনা জেলা সহকারী সেক্রেটারি গাউসুল আযম হাদী, অধ্যাপক শহীদুল ইসলাম, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির, মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মহানগরী যুববিভাগের সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, খুলনা সদর থানা আমির এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবীর, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম চৌধুরী, মতিয়ার রহমান, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

১০১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৬ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণি-পেশার মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার।

এদিকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে, গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।

বৃহস্পতিবার দিনগত রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে সময় বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়। এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে। সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তিনি বলেন, ‘একটি দল বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে নারীদের কর্মসংস্থান হারাবে।’

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে।’

তিনি বলেন, ‘জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেয়া হলে জনগণ বিবেচনা করবে।’

কোনো আইন-আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কোনো আরোপিত বিষয় থাকতে পারে না যা সংসদের সার্বভৌমত্ব খর্ব করে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করাও যাবে না। সবকিছু সংসদের মাধ্যমেই করতে হবে।’

সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে: তাহের

অন্তর্বর্তী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে।

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, ‘আমরা ভেবেছিলাম, তিনি (প্রধান উপদেষ্টা) কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে জনগণ ও দেশের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, সরকার কমিশনের সুপারিশকে গ্রহণ না করে, সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে, একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে; জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থে, অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ ও দেশবাসী অনেক হতাশ হয়েছেন।’

এসময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ‘সরকারের আচরণ আমাদের এমনটা বিশ্বাস করতে বাধ্য করছে, এই সরকারের অধীনেও কোনও সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে শঙ্কা ও অস্থিরতা তৈরি হয়েছে। আমরা দেখছি, সরকার লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়।’

এসময় তিনি আরও দাবি করেন, একটি দলকে ক্ষমতায় আনতে ৩ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।

একটি দলের ফাঁদে পা দিয়ে সরকার সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে দিয়েছে উল্লেখ করে তাহের বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে জনগণ গণভোটে আগ্রহ হারাবে।’

গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন নয়-সহ দুটি প্রস্তাব পেশ করেন জামায়াতের নায়েবে আমির। এসময় তিনি জানান, ৮ দলের ৫ দফা দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি চলবে।

খুলনা-রাজশাহী-বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার

দেশের চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বিভাগগুলো হলো- খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশননের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনে বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১৬ বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি ‘কাটাছেঁড়া’ নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ইউনূস জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

বৈঠকে তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই সনদ’ বাংলাদেশে একটি ‘নতুন সূচনা’ করেছে।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয়ের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশিকে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করছে।

রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, ক্যাম্পের তরুণেরা আশা-আকাঙ্ক্ষা হারিয়ে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে। তিনি বলেন, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে।

মন্ত্রী চ্যাপম্যান দুদেশের বিমান যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়ে লাঞ্চে গেল আয়ারল্যান্ড

তৃতীয় দিনের শেষ বিকেলে হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করেছিল আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সিলেটের আকাশে সূর্যটা হেলে পড়ায় শেষ রক্ষা হয়েছে সফরকারীদের। তবে তা ছিল সাময়িক, ধারণা করা হচ্ছিল অ্যান্ডি বালবার্নির দল আজ (শুক্রবার) চতুর্থ দিনের শুরুতে গুটিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষা বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা, ৭ উইকেটে আইরিশদের সংগ্রহ ১৯৮ রান।

গতকাল (বৃহস্পতিবার) দিনের ঘণ্টা দুয়েক বাকি থাকতেই ৫৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ৩০১ রানের। দ্বিতীয় ইনিংসের শুরুতে ১ উইকেটে ৬১ রান করেছিল আয়ারল্যান্ড। এরপর দিন শেষ হওয়ার আগে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। চতুর্থ দিনে নামার আগেই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে আজ আইরিশরা দিনের শুরুটা ভালো করেছে।

সফরকারীদের স্কোরবোর্ডে আরও ৩১ রান যোগ হওয়ার পর বাংলাদেশ দিনের প্রথম উইকেটের দেখা পায়। তাইজুল ইসলামের বলে খেলতে গিয়ে টপ এজ হয়ে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন ম্যাথু হামপ্রিস (১৬)। এরপর অধিনায়ক বালবার্নি ও অ্যান্ডি ম্যাকব্রাইন মিলে ৬৬ রানের জুটি গড়েন। হাসান মুরাদের বলে সুইপ খেলার চেষ্টায় ব্যর্থ হয়ে এলবিডব্লিউ হয়েছেন ৩৮ রান করা বালবার্নি। ইনিংসের তৃতীয় উইকেট পেলেন অভিষিক্ত হাসান মুরাদ। প্রথম ইনিংসে তিনি ২ উইকেট শিকার করেন।

বালবার্নি বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ম্যাকব্রাইন। যা টেস্টে তার পঞ্চম ফিফটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ম্যাকব্রাইন ৫২ এবং জর্ডান নেইল ৬ রানে অপরাজিত আছেন। এখনও ১০৩ রানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড। মুরাদের তিন শিকার ছাড়া এখন পর্যন্ত তাইজুল ইসলাম ২ ও নাহিদ রানা এক উইকেট শিকার নিয়েছেন।

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয়ে মধ্যরাতে একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠনো হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চালক তাবেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে তিনি গাড়িতেই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক তাবেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।