সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায়- তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না, নকলের সহযোগিতা করতে দেওয়া হবে না।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যদি কোনো শিক্ষক খাতা দেখায় দুর্বলতা করেন বা ইচ্ছাকৃতভাবে কাউকে নম্বর কম দেওয়া বা বাড়িয়ে দেওয়া হয় সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। কোনোধরনের পরীক্ষাতেই আর নকল করার সুযোগ নেই। সেটা পাবলিক পরীক্ষা হোক কিংবা চাকরির ইন্টারভিউ হোক। সব পরীক্ষাতেই একই আইন বলবৎ থাকবে।

মন্ত্রী বলেন, নকলের বিরুদ্ধে অভিযানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে সবসময় সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন নকলের বিরুদ্ধে অভিযান চালাতে। তার একটাই এজেন্ডা- আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই এজেন্ডা বাস্তবায়নের শিক্ষা মন্ত্রণালয়কে ব্যাপক ভূমিকা নিতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যদি শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে আপনারা সাদগাহে যারিয়ার সাওয়াব পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই সাদগাহে যারিয়ার সওয়াব পাবেন। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে আমার এবাদতখানা। সেই এবাদতখানার দায়িত্ব আমি পেয়েছি। সেখানে আপনাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় দেশের আর দশটা মন্ত্রণালয়ের মতো নয়। এখানে অসৎ কাজ করা যায় না। এ মন্ত্রণালয় আমার সঙ্গে কাজ করছেন শ্রদ্ধেয় শিক্ষকগণ।

মন্ত্রী বলেন, নকলের ডেট অফ বার্থ শুরু হয়েছিল ১৯৭২। ৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত কারা নকলে সহযোগিতা করছিল? আমরা সেই নকলের মূল উৎপাদন করেছিলাম। কিন্তু তা পুনরায় চালু করল কারা? ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করিনি। আপনারাই তো দেখছেন নকলমুক্ত করতে সহযোগিতা করেছিলেন। তাহলে পুনরায় কেন নকলের প্রাদুর্ভাব বাড়ল। তার মানে কি, আপনারা সরকার যেভাবে চায় সেভাবেই চলেন? আমরা জানি, স্টিয়ারিং যেহেতু সরকারের হাতে- সুতরাং আপনারা সেভাবেই চলেন। মাঝখানের সময়টাতে সবকিছু এলোমেলো হয়ে গেল। তবে এখন আর নকলের সুযোগ হবে না। শিক্ষার্থীদেরকে যত্ন সহকারে মনোযোগ দিয়ে পড়াতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জেনজিরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ৫ আগস্টের পর থেকে আমরা নতুন করে বাংলাদেশকে দেখার চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা অন্যায় করে না, তারা আর কোনো অন্যায় দেখতে চায় না। তারা চেয়েছে বাংলাদেশে পরিবর্তন আসুক। পরিবর্তন এসেছে, পরিবর্তিত বাংলাদেশে তারাই পরীক্ষা দিচ্ছে। তাদেরকে দিয়েই আগামীতে আমরা দেশ চালাব। তারাই তো আমাদের আগামী দিনের পরীক্ষার্থী। তারা কি আর কোনো অন্যায় করবে? না, করবে না। বরং তারা শিক্ষকদেরকে আরও সহযোগিতা করবে। তাদের অভিভাবকরাও সত্যের পথে। পুরো জাতিই আজ সত্যের পথে। আজকে আমি এখানে প্রথম অনুষ্ঠান শুরু করেছি, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় আমি অনুষ্ঠান করব। সকলের অভিমত শুনব।

প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক উল্লেখ করে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মত পাঠদানে ক্লাসরুমে উপস্থিত থাকেন কিনা সেটা রেকর্ড রাখতে হবে। এছাড়াও শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কোচিং সেন্টার এবং ব্যাংকের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনও নিবন্ধনের আওতায় আনবে সরকার। সবেমাত্র দায়িত্ব পেলাম, এই দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রলার মো.কবির আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.শামছুল ইসলাম।

হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রবিবার

প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে হাম-রুবেলার বিশেষ এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রথম ধাপে এসব জেলার ৩০টি উপজেলায় টিকা প্রদান করা হবে। কর্মসূচির উদ্বোধনী দিনে পাঁচটি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন এবং বাকি উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে, এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সসীমার সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু।

এ কারণে প্রথম পর্যায়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে।
টিকাদান কর্মসূচির পাশাপাশি আক্রান্ত বা জ্বরগ্রস্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। আগের টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল ও কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম পরিচালিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও, ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চালু থাকবে।

২০২৫ সালে টিকা দানের হার কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অতীতের বিষয় নিয়ে তদন্তে সময় নষ্ট না করে, বর্তমানে শিশুদের সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে, সুস্থ হওয়ার পর টিকা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলাগুলো হলো— রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর ও যশোর সদর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ৩৬তম দিনে এসেও সমান তালে লড়ে যাচ্ছে ইরান। বিপরীতে শুক্রবার (৩ এপ্রিল) হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মার্কিনীদের ব্যাপক ক্ষতিসাধন করেছে ইরান। ভূপাতিত করেছে তিনটি যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন।

এরপরই ইরানি আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন।

তবে মার্কিনিদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
প্রতিবেদনে বলা হয়, একটি বন্ধু দেশের মাধ্যমে গত বুধবার(১ এপ্রিল) এই কূটনৈতিক প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয়। তবে কোন দেশটি মধ্যস্থতার ভূমিকা পালন করেছে তা প্রকাশ করা হয়নি।

এদিকে, কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার মধ্যেই সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তি জীবিত আছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তবে বিমানে থাকা অপর ক্রু সদস্যের ভাগ্য এখনও অজানা রয়েছে। তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সূত্রের বরাতে জানা যায়, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল, যা আকাশ ও স্থল উভয় স্থানে হামলা চালাতে সক্ষম। এই মডেলের যুদ্ধবিমান সাধারণত একজন পাইলট ও একজন অস্ত্র পরিচালনাকারী ক্রু কর্মকর্তাসহ দুই সদস্যের দল দ্বারা পরিচালিত হয়।

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

নতুন সময়সূচিতে যা থাকছে—

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে ব্যাংকগুলোর লেনদেন ও অফিস কার্যক্রম নিচের সময়সূচি অনুসরণ করবে—

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে।

এছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, এখন থেকে দেশের সব শপিং মল-দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে আলোকসজ্জা না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শনিবার (০৪ মার্চ) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ১৪ জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকার অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে।

এ ছাড়া আরো কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন।’
মীর শাহে আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকারের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সব বিষয়ে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

হামের চিকিৎসায় বিএমইউতে ৮ শয্যার ওয়ার্ড চালু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিএমইউ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্ত রোগীদের জন্য আট শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডটির পরিসরও সম্প্রসারণ করা হয়েছে।

এ ছাড়া হাম শনাক্তে একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে।
গত বৃহস্পতিবার হাম ওয়ার্ডটি পরিদর্শন করেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি রয়েছেন। হাম পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ২ নম্বর বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেশন ওয়ার্ড স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষায় অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে সর্বপ্রথম কুমিল্লার আমড়াতলী হাই স্কুল থেকে নকল প্রতিরোধ শুরু হয়েছিল। ওই সময়ে দু’জন শিক্ষককে গ্রেপ্তারও করা হয়। আবার সেই কুমিল্লায় এসেছি। শিক্ষকদের আমি সবসময় প্রটেকশন দিতাম, না দিলে তো হবে না।

কোনো শিক্ষক আহত হলে তাকে ২০ হাজার টাকা সহায়তা দিতাম। তবে শিক্ষায় অনিয়ম হলে ছাড় দেওয়া যাবে না। কারণ এটা শিক্ষা।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে ছাত্রদের লেখাপড়া শেখান তাহলে সদকায়ে জারিয়া পাবেন। আমি বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা। এখানে আপনি ওজু ছাড়া ঢুকতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে অসৎ কাজ করা যায় না।

এই মন্ত্রণালয়কে আমি পবিত্র করেছিলাম। সেখানে আপনারা কাজ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন। আমরা অনেক কাজ করেছি, স্বপ্ন একটি, তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য দশটা মন্ত্রণালয়ের মতো না।

এখানে যারা কাজ করছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন।
শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা। আবার ২০০১ সালে থেকে ২০০৬ সালে আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। ওই সময়েও আমাকে সহাযোগিতা করেছিলেন শিক্ষকরাই। তার মানে যেভাবে সরকার চায় আপনারা সেভাবে কাজ করবেন। এবার আমরা এসেছি, আমরা নকল চাই না।

মন্ত্রী বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত পরীক্ষায় যেসব স্কুলে পাসের হার শূন্য থাকবে; সেসব স্কুলের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে না। আজ শিল্পকলাতে আমি আপনাদের বলে গেলাম।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ আরো অনেকে।

আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮

আফগানিস্তানে গত রাতে আঘাত হানা এক ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে জানা গেছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী কাবুলে অনুভূত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানিয়েছেন, ‘কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পের কারণে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে।’

তিনি আরো জানিয়েছেন, ওই পরিবারের দুই বছর বয়সি এক শিশু জীবিত আছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই শিশু ভূকম্পনের সময় আহত হয়েছে।

আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় সেখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয়।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন?

দীর্ঘ সাত বছর পর আবারও জমকালো আয়োজনে ফিরেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। ঘোষণার মুহূর্তেই আবেগে ভেঙে পড়েন তিনি, আর সেই আবেগঘন দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীদের।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই চূড়ান্ত পর্ব ছিল চোখ ধাঁধানো।

বিজয়ী বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি—যা ছিল এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি, তিনি পাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।
প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তাঁর প্রাপ্তি পাঁচ লাখ টাকার চেক।

আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, যিনি পেয়েছেন তিন লাখ টাকা।
লাক্স সুপারস্টার ২০২৫ হলেন বিদুষী বর্ণিতা

শুধু এখানেই শেষ নয়, প্রতিযোগিতার বিজয়ী ও সেরা প্রতিযোগীদের জন্য আরো বড় সুযোগের দুয়ার খুলে যাচ্ছে। নির্মাতা শিহাব শাহীন তাঁদের নিয়ে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, যা নতুনদের জন্য শোবিজে শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে।

এবারের আসরে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং রায়হান রাফী।

তাঁদের দিকনির্দেশনায় প্রতিযোগীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরো শাণিত করেছেন।
এবারের আসরে চূড়ান্ত পর্ব সঞ্চালনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধনসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা।

উল্লেখ্য, ২০০৫ সালে শুরু হওয়া ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতা ২০১৮ সালের পর বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরে এসেছে এটি।

ডিজেল ও অকটেন আমদানির জন্য বিকেলে জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী

মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য সরকারি ছুটির দিন আজ শনিবার জরুরি ভিত্তিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বসছে। বিকেল ৫টা ১৫ মিনিটে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন উভয় কমিটির প্রধান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিভিন্ন ধরনের মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য প্রথমে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে এ বৈঠকের পর অনুষ্ঠেয় ক্রয় কমিটির বৈঠকে তা অনুমোদন পেতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ বাস্তবতায় আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে।

ক্রয় কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। এ ছাড়া ইউএইর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে এক লাখ টন ডিজেল ও কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে পাঁচ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।

গত ৩১ মার্চ মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাবও অনুমোদিত হয় ক্রয় কমিটির বৈঠকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, চলতি এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় সাড়ে তিন লাখ টন। আজ যে প্রস্তাব উঠছে, তাতে ১৭ লাখ টনের মধ্যে ১৬ লাখ টনই ডিজেল। প্রস্তাব অনুমোদিত হলে আগামী মে ও জুনের দিকে এসব তেল দেশে ঢুকবে বলে সূত্রগুলো জানায়। তবে এর নানা ধাপ আছে। ক্রয় কমিটিতে অনুমোদনের পর কোম্পানিগুলো থেকে পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) নেবে বিপিসি। এরপর বিপিসি ঋণপত্র (এলসি) খুলবে এবং কোম্পানিগুলোকে কার্যাদেশ দেবে।

যোগাযোগ করা হলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্যই সরকার জরুরি বৈঠক ডেকেছে। তিনি জানান, দেশে অকটেনের সরবরাহে সংকট নেই, অন্তত তিন মাস চলার মতো অকটেন আছে। চলতি এপ্রিলে ডিজেলেরও সংকট নেই।