যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হওয়ার পরও পোপ চতুর্দশ লিও বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। গত সোমবার (১৩ এপ্রিল) আলজেরিয়া যাওয়ার পথে বিমানের মধ্যে রয়টার্সকে এ কথা বলেন তিনি। গত সোমবার ১০ দিনের সফর শুরু করেছেন তিনি। এই সময়ে তিনি আফ্রিকার চারটি দেশ ভ্রমণ করবেন।
পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন পোপ। তিনি বর্তমানে বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু। সম্প্রতি প্রকাশ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কড়া সমালোচনা করেন। গত শনিবার যুদ্ধের উন্মাদনার তীব্র নিন্দা করে শান্তির আহ্বান জানান।
ইরানের সঙ্গে যুদ্ধ এবং হোয়াইট হাউসের কঠোর অভিবাসননীতির সমালোচনা করায় পোপকে রীতিমতো অপমান করেছেন ট্রাম্প। গত রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘পোপ লিও অপরাধের বিরুদ্ধে দুর্বল এবং তিনি পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ।’
আফ্রিকা সফরের পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন পোপপ। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি তার (ট্রাম্প) সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চাই না। কিছু মানুষ যেভাবে যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করছে, সেটা ঠিক বলে আমার মনে হয় না।’
পোপ সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে কথা বলেন। তিনি বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব এবং শান্তি, আলোচনা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করব, যেন সমস্যার ন্যায্য সমাধান খুঁজে পাওয়া যায়।’
‘আজ বিশ্বের অনেক মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বলতে হবে, এর (যুদ্ধের) চেয়ে ভালো পথ আছে’, বলেন পোপ।
পোপ শান্তি স্থাপনকারীদের আশীর্বাদ করে বলেন, ‘গির্জার বার্তা, আমার বার্তা, যিশুখ্রিষ্টের শিক্ষায় শান্তি স্থাপনকারীরা আশীর্বাদে ধন্য। আমি আমার কাজকে রাজনৈতিকভাবে বা নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখি না।’




