শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নির্বাচনের আগে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

চার দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তার এই সফর।

কমনওয়েলথ জানায়, ২০-২৪ নভেম্বর বাংলাদেশের সফরে মহাসচিব শার্লি বচওয়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বাড়াবেন। আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে মহাসচিব অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার ও অন্যান্য প্রতিনিধি।

সংলাপগুলোতে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হবে।

এছাড়া, তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) তুলে ধরবেন, যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র। এছাড়া, তিনি জানবেন বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে।

সফরের আগে এক বিবৃতিতে মহাসচিব বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ কমনওয়েলথে যোগ দিয়েছিল এবং এটি সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি জানান, বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরাসরি বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্ভাব্য সহায়তার ক্ষেত্র নির্ধারণ করবেন।

বচওয়ে বলেন, কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে, যা আগামী বছরের নির্বাচনের আগে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আমাদের অঙ্গীকার হলো বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকা, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সম্মানিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন ভোটের প্রস্তুতি নিচ্ছে, তখন তিনি দেশের জনগণের মঙ্গল কামনা করেন এবং গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

কমনওয়েলথ জানায়, মহাসচিবের এই সফরটি গত মাসে বাংলাদেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের মিশনের স্বাভাবিক ধারাবাহিকতা। দলটি দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে আসন্ন নির্বাচনের সামগ্রিক পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছিলেন।

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত অন্তত ২৮

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন ২৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে, গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া এবং জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আঘাত হেনেছে আইডিএফের বোমা। এতেই ঘটেছে হতাহতের ঘটনা।

আলজাজিরাকে হানি মাহমুদ বলেন, “আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে। গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন; কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন।”

এদিকে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি বাহিনী, সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল। কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি, বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে হামলা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, “গাজার খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিস্ট মোট ৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংসের জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।”

আইডিএফের এক কর্মকর্তা বলেছেন, “গাজায় যুদ্ধবিরতির শর্তগুলোর একটিতে উল্লেখ ছিল যে হামাসকে নিরস্ত্রিকরণ করতে হবে। এই শর্তের ভিত্তিতেই বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে। তাই এতে যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটেনি।”

তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে হামাস বলেছে, “আইডিএফ হামলাকে ন্যায্যতা প্রদানের জন্য খোঁড়া যুক্তি দিচ্ছে। এই হামলা স্পষ্টভাবে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। আমরা মনে করি, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ফের গাজায় গণহত্যা শুরু করে করতে চান এবং এ কারণেই তিনি উত্তেজনা বাড়াচ্ছেন। এর ফলাফল বিপজ্জনক হতে পারে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ও হামাস উভয়ে সম্মতি জানানের পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। আলজাজিরার বিশ্লেষণ বলছে, গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ দিনে গাজায় মোট ৩৯৩ বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী।

সূত্র : আলজাজিরা

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ (১৯ নভেম্বর)। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে দোয়া–মিলাদ ও অর্থদান ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবারে তার ডাকনাম ‘পিনো’।

তারেক রহমান ২২ বছর বয়সে, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। এর আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের পাশাপাশি দেশব্যাপী প্রচারণায় অংশ নেন। পরে ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় আজ জেরার মুখে রাজসাক্ষী

জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরা আজ। আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা তাকে জেরা করবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা শুরু হবে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাজসাক্ষী আবজালুলের জেরা শেষে আরও দু-তিনজনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এরপরই যুক্তিতর্কে এগোবে মামলাটি। সবমিলিয়ে আগামী মাসের মাঝামাঝিতে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন।

এর আগে, গতকাল বুধবার এ মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে মুখ খোলেন আবজালুল। রাজসাক্ষী হয়ে পুরো সত্য উদঘাটনের কথা ছিল তার। তবে অনেক কিছুই যেন চেপে রেখেছেন তিনি। ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বহু তথ্য সামনে আসেনি বলেও মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। যদিও রাজসাক্ষী হিসেবে নিজের জানা সবকিছুই প্রকাশ করেছেন বলে দাবি প্রসিকিউশনের।

এদিন বেলা ১১টায় সাক্ষীর ডায়াসে ওঠেন আবজালুল। এরপর পরিচয় দিয়ে সাক্ষ্য শুরু করেন। মিনিট পঞ্চাশেকের মধ্যেই তার জবানবন্দি সম্পন্ন হয়। গত বছরের ৫ আগস্ট থানার সামনে লাশ পোড়ালেও নিজ চোখে দেখেননি তিনি। থানায় অস্ত্র-গুলি জমা দিতে গেলে ১৫ আগস্ট অন্যের মুখে শোনেন তিনি। অর্থাৎ ৫ আগস্ট লাশ পুড়িয়েছিলেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ।

সবশেষ তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন।

চলতি বছরের ২১ আগস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ওই সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেন। তবে দোষ স্বীকার করেন এসআই শেখ আবজালুল হক। একইসঙ্গে রাজসাক্ষী হতে চেয়ে মামলার ব্যাপারে যা জানেন সব আদালতের কাছে বলতে চেয়েছেন। পরে তার দোষ স্বীকারের অংশটুকু রেকর্ড করা হয়। একইসঙ্গে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাজসাক্ষী হওয়ার অনুমতি পান তিনি।

গত ১৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও বিশেষ পরিস্থিতির কারণে হয়নি। যদিও আসামিদের হাজির করা হয়েছে। ১২ নভেম্বরও একই কারণে সাক্ষীকে হাজির করেনি প্রসিকিউশন। ৫ নভেম্বর ২২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী শাহরিয়ার হোসেন সজিব। তার সামনেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এমনকি তার বন্ধু সাজ্জাদ হোসেন সজলকেও আগুনে পুড়িয়ে দেয় পুলিশ।

৩০ অক্টোবর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিবিদ্ধ হওয়া ভুক্তভোগী সানি মৃধা। ২১ নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে পুলিশের গুলিতে নিজে আহত হওয়ার কথা জানান তিনি। একইসঙ্গে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ার নির্মমতার দৃশ্যের বিবরণ দেন। ২৯ অক্টোবর জব্দতালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আশুলিয়া থানার এসআই মো. আশরাফুল হাসান। তিনি একই থানার ওসির নির্দেশে চলতি বছরের ১৪ এপ্রিল রাইফেলের ছয় রাউন্ড গুলি উদ্ধার করেন বলে জানিয়েছেন। পরে থানায় জমা দেন এ আলামত।

গত ১৫ সেপ্টেম্বর প্রথম দিনের মতো সাক্ষ্য দেন শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা মো. খলিলুর রহমান। এর আগের দিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ার সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন তিনি।

গত ২ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়। পরে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার আট আসামি হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল।

তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

একদিন কমে পরদিনই দ্বিগুণ বাড়ল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়। কিন্তু একদিনের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ দুই হাজার ৬১২ টাকা বেড়েছে। ফলে, ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছে দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

দুবাইয়ে জমকালো আয়োজনে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক এয়ার শো

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাঁকজমকপূর্ণভাবে চলছে বিশ্বের অন্যতম পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক দুবাই এয়ার শো। গত সোমবার (১৭ নভেম্বর) শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে আগামী (২১ নভেম্বর) শুক্রবার। এটি এ আয়োজনের ১৯তম আসর। দুবাইয়ে প্রথম এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে।

দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের সুবিশাল চত্বরে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ভিড় করেছেন দেড় লাখের মতো দর্শক, এভিয়েশন বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ১১৫ দেশের ৪৯০টি সামরিক ও বেসামরিক প্রতিনিধিদল।

বিশেষ এই আয়োজনের এ বছরের প্রদর্শনীতে রয়েছে ২১টি দেশের প্যাভিলিয়ন। এর মধ্যে প্রথমবারের মতো অংশ নিয়ে বিশেষ নজর কাড়ছে মরক্কো।

পাশাপাশি উপস্থিত আছে ৯৮টি কর্পোরেট প্রতিষ্ঠান, ১২০টি নতুন উদ্ভাবনী প্রজেক্ট এবং তাদের সঙ্গে অর্ধ শতাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সব মিলিয়ে এটি এখন এভিয়েশন সেক্টরের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে হাজির হয়েছেন এয়ারবাস ও বোয়িংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারাও। ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছে ১৫০টি এয়ারবাস কেনার, যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ। অন্যদিকে পাল্লা দিয়ে এমিরেটস জানিয়েছে, তাদের বহরে যুক্ত হবে আরও ৬৫টি বোয়িং ট্রিপল সেভেন, যাতে ব্যয় হবে প্রায় ৩৮ বিলিয়ন ডলার।

সামরিক ও বেসামরিক সব ধরনের আকাশযানের অন্যতম বড় ও জাঁকজমকপূর্ণ এই প্রদর্শনীতে সর্বশেষ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি নান্দনিক নকশার বিমান, হেলিকপ্টার, ড্রোন, আকাশট্যাক্সি এবং উড়ুক্কু স্কুটারের সমাবেশ দেখা যাচ্ছে। এসব নিয়ে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের নগর দুবাই এখন বিশ্ব এভিয়েশনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি ও জামায়াতসহ ১২ দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপ বসতে যাচ্ছে ইসি।

সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ নভেম্বর সকালে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) আমন্ত্রণ জানানো হয়েছে।

বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-(বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) আমন্ত্রণ জানানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রবিবার, সোমবার ও বুধবার এই চার দিনে মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হল।

নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ব্যাপকভাবে বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এই ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে নেওয়া হবে।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মোহাম্মদ বিন সালমান বলেন, “আমার মনে হয়, আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে এই ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগে বাড়িয়ে আমরা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি।”

এমবিএস জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে, যা “বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে।”

এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, “মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?” জবাবে এমবিএস বলেন, “নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।”

ট্রাম্প এসময় সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে একটু এটা নিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিত ভাবেই ধরতে পারি, তবে এই অংক আরও কিছুটা বাড়তেও পারে।”

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ প্রোসডেন্ট ট্রাম্প ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠককে “সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন” বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে। যদিও এসব চুক্তির বিস্তারিত তিনি উল্লেখ করেননি।

সৌদি এই রাষ্ট্রদূত আরও বলেন, “এই চুক্তিগুলো দুই দেশে বিনিয়োগ বাড়াবে, সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় আমাদের যৌথ প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে।”

ভারতকে হারানোয় হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। আজ ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয়ে পুরো ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ। ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত। বাফুফে সভাপতি হোটেলে পৌঁছেছেন নৈশভোজে অংশ নিতে। আগামীকাল সকালে হামজা ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন। অন্যদিকে বাফুফে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দেড় কোটি টাকা ঘোষণা করলেও এক বছর পেরিয়ে গেলেও তা এখনো পূরণ করতে পারেনি।

‘হামজা সব্যসাচী, আজকে গোলকিপিংও করেছে’

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মোরসালিনের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে জয় তুলে নেয়। স্বাভাবিকভাবেই এমন সাফল্যে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না। দর্শকদের মুখে হামজা চৌধুরীর প্রশংসা, আর অন্যদিকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রতি ক্ষোভ।

যাত্রাবাড়ী থেকে খেলা দেখতে আসা আশীষ বলেন, ভারত ম্যাচের আগ পর্যন্ত মনে হয়েছিল হামজার কেবল গোলকিপিংটাই বাকি। নয়তো সে তো বাকি সব দিকেই উজাড় করে খেলছিল। কিন্তু আজকে ফাঁকা বারের সামনে দাঁড়িয়ে যেভাবে চমৎকার এক হেডে গোল সেভ করল, তাতে গোলকিপারের দায়িত্বও সে পালন করে দিল। মানে ষোলকলা পূর্ণ করেছে সে। অলরাউন্ডারের ওপরে যদি কিছু থাকে, হামজাই সেটা। সে সব্যসাচী।

এরপর ক্যাবরেরার প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আজকেও কিন্তু ক্যাবরেরার ভুলেই আমরা ম্যাচটা হারাতে বসেছিলাম। যারা মাঠে বসে খেলা দেখেছে, তারা ভালো করেই বুঝেছে ব্যাপারটা। তাই হামজা যখনই সুযোগ পেয়ে কাছে গেছে, ক্যাবরেরাকে জিজ্ঞেস করেছে এখন আমাদের কী করতে হবে। সম্ভবত সেই কারণেই আজকে ম্যাচটা হাতছাড়া হয়নি। জয় নিয়েই ফিরেছি।

পাশে থাকা আরেক সমর্থক বলেন, আমরা আশা করি ক্যাবরেরার সঙ্গে বাফুফে আর চুক্তির মেয়াদ বাড়াবে না। তারপরও যদি বাড়ায়, আমরা ফ্যানরা অবশ্যই মাঠে নামব। তখন ব্যাপারটা ভয়াবহ পর্যায়ে যাবে। উল্লেখ্য, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ রয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনার কোনো ঘাটতি ছিল না। অল্প সময়ের মধ্যেই টিকিট সোল্ড আউট হয়ে যায়। কিন্তু খেলা শুরুর পরও গ্যালারির কিছু অংশ ফাঁকা দেখা যায়। এ নিয়ে সমর্থকদের অভিযোগ, বাফুফে বিজনেস করবেন ভালো কথা, কিন্তু আমাদের আবেগ নিয়ে খেলবেন না। আপনারা বলেছেন ২ মিনিটেই টিকিট শেষ, অথচ এখানে খেলার আগমুহূর্তে অনেক বেশি দামে টিকিট বিক্রি হয়েছে। মানে নামে-বেনামে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। এটা ভালো কিছু নয়, এভাবে চলতে থাকলে হামজাও ডিস্টার্ব ফিল করবে।