শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু ডিএনসিসির

এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রতি এলাকাতেই এ কার্যক্রমে অংশ নিচ্ছেন ডিএনসিসির কর্মীরা।

শুক্রবার (২১ নভেম্বর) ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, বিশেষ অভিযানে ৩৮ নং ওয়ার্ডের উত্তর বাড্ডার একতা সোসাইটি এলাকায় হুইল ব্যারো ও স্প্রে মেশিন দ্বারা লার্ভিসাইডিং, নোভালুরন ট্যাবলেট প্রয়োগ, ফগিং, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এছাড়া মশার প্রজনন নিয়ন্ত্রণে উৎপত্তিস্থল ধ্বংস করতে বাসা মালিকদের চিঠি দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আবাসিক ভবনে মশার লার্ভা পাওয়া গেলে প্রাথমিকভাবে সতর্কতা নোটিশ প্রদান করা হচ্ছে।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম স্বাক্ষরিত ডিএনসিসির পক্ষ থেকে বাসা মালিকদের চিঠি দেওয়া হচ্ছে। সেখানে লেখা আছে, বর্ষা ও শুষ্ক মৌসুমে মশার প্রজনন বৃদ্ধি পায় বিধায় মশার প্রজনন ও বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

কিন্তু ব্যক্তি মালিকানাধীন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীনস্থ স্থাপনার ভেতরে বা আশেপাশে পড়ে থাকা অব্যবহৃত পাত্র, প্লাস্টিক ড্রাম, বালতি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, চৌবাচ্চা, কমোড, ডাবের খোসা, নারিকেলের মালা, ওয়াসার ওয়াটার মিটার, ছাদ বাগান, লিফটের গর্ত, বেজমেন্ট ইত্যাদিতে জমে থাকা পানি এবং অধীস্থ জলাশয়ের কচুরিপানা, জলজ আগাছা, ময়লা-আবর্জনাযুক্ত স্থির পানি মশার প্রজননের সুতিকাগার হিসেবে কাজ করছে।

এই সমস্যা এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সকলের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। এটা জনস্বার্থে অতীব জরুরি।

এই অবস্থায় মশার প্রজনন রোধে আপনার নিয়ন্ত্রণাধীন বাসাবাড়ি, প্রতিষ্ঠানের অধীনস্থ স্থাপনা ও জলাশয়ের মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যথায় জনস্বার্থে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯-এর ৫ম তফসিলের ২৭, ৩০, ৩১, ৩৪ ধারার আলোকে মামলা ও অর্থদণ্ডের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আরমানিটোলার ভবন, ধসে পড়েছে একাংশ

ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে একটি ৫ তলা ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল৷

ভূমিকম্পে আরমানিটোলার কসাইটুলিতে ৩ জন নিহত

রাজধানীর পুরানঢাকার কসাইটুলিকে ভয়াবহ ভূমিকম্পের কারণে একটি ভবনের রেলিং পড়ে তিনজন পথচারি নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে কিছু ভবন হেলে পড়েছে এবং বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।

ভয়াবহ কম্পন রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। এই কম্পন বাংলাদেশ ও ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর থেকে শহরজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে, তীব্র ঝাঁকুনি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল৷

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল৷

সোনার দাম ভরিতে কমলো ১৩৫৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৮ হাজার টাকায় নেমে এসেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলারের নিচে নেমে গেছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা।

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ধরেন আগামী তিন চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।

তিনি বলেন, আজকে আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু, অবাধ নির্বাচন দেখেছিলাম। সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো। এছাড়া বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলোর ব্যর্থতা থাকে, সেটার পরিপ্রেক্ষিতে হতো। খুবই আনফরচুনেটলি আমাদের সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ করা হয়। এরপর এটার সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে।

তিনি আরও বলেন, মাসখানেক আগের একটা রায়। সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক সাহেব যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন— তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সেই রায়টা বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে। এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে। কারণ, সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এখন সংসদের অস্তিত্ব নেই এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ যখন ভেঙে যাবে, তার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

আজ সশস্ত্র বাহিনী দিবস

সশস্ত্র বাহিনী দিবস আজ। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর ক্রমোন্নতি এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধান উপদেষ্টা পরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তার জন্য নির্ধারিত কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। পরবর্তীতে বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

আইএসপিআর আরও জানায়, সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় প্রধান উপদেষ্টা ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ), সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আইএসপিআর জানায়, দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনার আয়োজন করা হবে। এ সংবর্ধনায় প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রাক্তন প্রধান, প্রাক্তন সামরিক কর্মকর্তা, সব বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারী, স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের উত্তরাধিকারী, বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের পত্নী/উত্তরাধিকারী, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি, উচ্চপদস্থ অসামরিক কর্মকর্তা এবং তিন বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আমন্ত্রিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস/ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আইএসপিআর আরও জানায়, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ ও বিমান বাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ শুক্রবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে অবস্থান/নোঙর করবে।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় বিশেষ অনির্বাণ অনুষ্ঠান প্রচার করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান প্রচার করবে। এ উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মিস ইউনিভার্সের মঞ্চে আলোচনায় ফিলিস্তিনি সুন্দরী

থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করছেন দুবাইয়ে বসবাসরত ২৭ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন ‎নাদিন আইয়ুব। পাশাপাশি ‎পুষ্টিবিদ হিসেবেও কাজ করেন। ‎কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ‎২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট ওঠে তাঁর মাথায়।

২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন নাদিন। ‎এটিই কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন।

নাদিন আইয়ুব বলেন, ‘আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’

‎শিক্ষা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেন ‘গ্রিন অলিভ একাডেমি’।
এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান। ‎ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব নাদিন। ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’–এর প্রতিনিধিও নাদিন আইয়ুব।

এবারের মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ মাথার মুকুট হিসেবে পরেছেন। গাউনে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে জলপাইগাছের মোটিফ রয়েছে।
তার ভেতরে রয়েছে আল আকসা মসজিদ।

চারদিনের যুদ্ধে ভারতের বিপক্ষে ‘জিতেছে’ পাকিস্তান : মার্কিন কমিশনের তথ্য

চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে চারদিনের যুদ্ধে পাকিস্তান সফল বা জয়ী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন।

বার্তাসংস্থা আনাদোলু বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এই কমিশন তাদের প্রতিবেদন কংগ্রেসের কাছে হস্তান্তর করেছে। কমিশনটি ভারত-পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা নিয়ে তদন্ত করেছে।

‘দ্য ইউএস-চায়না ইকোনোমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন ২০২৫’ নামের এ কমিশনটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ভারত-পাকিস্তানের মে মাসের যুদ্ধ গত ৫০ বছরের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই ছিল।

গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর পেছনে পাকিস্তানের হাত আছে দাবি করে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ যুদ্ধে গত ৫০ বছরের মধ্যে দুই দেশ একে-অপরের সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে।

তারা বলেছে, চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তান এ সামরিক সংঘাতে সফলতা পেয়েছে। এরমাধ্যমে চীনা অস্ত্রের কার্যকারিতাও ফুটে উঠেছে।

এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিংয়ের তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি।

এদিকে ভারতের বিরুদ্ধে এ যুদ্ধে চীনা জে-১০ যুদ্ধবিমান, পিএল-১৫ এয়ার টু এয়ার মিসাইল এবং এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তান। এরমাধ্যমে সরাসরি কোনো যুদ্ধে চীনের এসব অস্ত্র পরীক্ষার সুযোগ তৈরি হয়।

এছাড়া চীন পাকিস্তানের মোট সামরিক অস্ত্রের ৮২ শতাংশ সরবরাহ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ কমিশন।

সূত্র: আনাদোলু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল রায় বৃহস্পতিবার ঘোষণা

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ঘোষণা বৃহস্পতিবার (২০ নভেম্বর)। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে গত ১১ নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়।

টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্ব্বোচ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহামদ শিশির মনির। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২, ৪, ৫, ৬, ১১ নভেম্বর ও ২৯, ২৮, ২৩, ২২ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের টানা শুনানি হয়েছে।

গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়।

এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।

এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১৬ অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

পরে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।