শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ৪৭তম বিসিএসের প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরতদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহত পাঁচজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।
আহতরা হলেন শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান সন্ধ্যার দিকে শাহবাগ থেকে পাঁচজন বিসিএস প্রার্থী আহত হয়ে হাসপাতালে আসে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতরা জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশে শাহবাগ পর্যন্ত যান।
বিকেলে পদযাত্রা নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের সামনে না যাওয়ার অনুরোধ করেন। এর পরও সামনের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেন। এতে তাদের অনেকেই আহত হন।

আহতরা অভিযোগ করেন, আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও তাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক।
প্রস্তুতির জন্য আরো বেশি সময় দিতে হবে। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।
কিন্তু শাহবাগে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার সময় দেওয়া হয়েছে তুলনামূলক কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তারা বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছানো ছাড়া বিকল্প নেই। তারা যৌক্তিক সময় দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

অন্যদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে দেশের আটটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

পিএসসি জানায়, একটি পক্ষ পরীক্ষা পেছানোর দাবি জানালেও আরেকটি পক্ষ সময়মতো পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের ‘মাত্র দুই মাস সময় পাওয়া’ দাবি সঠিক নয় উল্লেখ করে পিএসসি বলে, গত ৩ জুনই লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল; ফলে পরীক্ষার্থীরা প্রায় ছয় মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন। তাই নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর থেকেই পরীক্ষা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান।

মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু

মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালের কণ্ঠ

মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে বিএনপি গুরুত্ব দেবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা কোনো মেগাপ্রজেক্টে যাব না। মানুষের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান, বিদেশে চাকরির সুযোগ, এসবই আমাদের অগ্রাধিকার।’

চট্টগ্রাম মহানগর বিএনপির ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি।
এ জন্য দলের প্রণীত বাজেটে সর্বাধিক বিনিয়োগ রাখা হবে এই দুই খাতে। আমাদের বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষার জন্য। সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্যব্যবস্থার জন্য। পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের আরো অনেক কাজ আছে।

শিক্ষাব্যবস্থার গুরুত্ব উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘দেশে এখন শিক্ষার্থীদের পড়ালেখার গুরুত্ব রাজনৈতিক পর্যায় পর্যন্ত পৌঁছেছে। তাদের মেধা, দক্ষতা ও শিক্ষার ওপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ কেমন হবে।’

তিনি বলেন, ‘লেখাপড়া করেও অনেকে চাকরি পাচ্ছে না, এ জন্য ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করাই প্রথম দায়িত্ব। লেখাপড়া ভালো করলে একটা স্বীকৃতির ব্যাপার আছে।
স্বীকৃতিটা শুধু সামাজিক পর্যায়ে না, এখন রাজনৈতিক পর্যায়েও পৌঁছেছে। স্বৈরাচার বিদায়ের পর নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যা এক দুই বছর আগেও ছিল না। মেধা আগামীর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

বিএনপির শিক্ষা ভাবনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, শিক্ষাটা কেমন হবে, শিক্ষকের প্রশিক্ষণ কেমন হবে, এসব বিষয়ে আমরা পরিকল্পনা করছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, মিউজিক, নাটক থিয়েটারের প্রয়োজনীয়তাও রয়েছে।
নতুন বিশ্বে কিভাবে আমরা সম্পৃক্ত হবো, সেসব বিষয়ও আগামী দিনের শিক্ষাব্যবস্থায় প্রবর্তিত হবে।’

প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘এখন সবার হাতে একটি করে স্মার্টফোন আছে। মোবাইল ফোন থেকেই বিশ্বের যেকোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায়, বই অর্ডার করা যায়। মেধার যে ব্যবহার শুরু হয়েছে, সেটাকে যত বেশি কাজে লাগাতে পারবে, তত বেশি এগিয়ে যাবে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ।’

স্বাস্থ্যব্যবস্থাকে আরো উন্নত করার পরিকল্পনা জানিয়ে আমীর খসরু বলেন, ‘অনেক মানুষ আছে যারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না। শরীর ভালো না থাকলে মেধা বিকাশও হবে না। এ জন্য আমরা সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা পয়সায় নিশ্চিত করব, ইনশাল্লাহ। পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক ডাক্তার আছে, কিন্তু চাকরি নেই। অনেকেই ২০-৪০ হাজার টাকা বেতনে কাজ করছে। এ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী দিনে বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সেখানে অনেকের চাকরির সুযোগ তৈরি হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির সবচেয়ে বড় যে ঘোষণা, ১৮ মাসে এক কোটি লোকের কর্মসংস্থান। সারা বাংলাদেশে আমরা স্কিল সেন্টার করব। ছেলেমেয়েরা গ্রাম থেকে কলসেন্টার, ডেটা সেন্টারে কাজ করতে পারবে। অনেকে ঘরে বসে আচার বা পণ্য তৈরি করে অনলাইনে বিক্রি করছে, এটা আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে গ্রামে ইন্টারনেট পৌঁছে দেব।’

ই-কমার্সকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা উল্লেখ করে খসরু বলেন, ‘নকশিকাঁথা তৈরি করেও অনলাইনে বিক্রি করা সম্ভব হবে, শুধু বাংলাদেশে নয়, অ্যামাজন আলিবাবার মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গায়। সেই ব্যবস্থাও বিএনপি করবে ইনশাআল্লাহ।’

ডিজিটাল যুগের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘এআইয়ের সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এতে যাতে আমাদের ছেলেমেয়েরা যুক্ত হতে পারে, তাদের জীবনের মান উন্নয়ন করতে পারে, এটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

আমীর খসরু তরুণদের প্রতি আহ্বান জানান, এটা বিএনপি একা করতে পারবে না, সবার সহযোগিতা লাগবে। তরুণ মেধাবী ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও আহমেদুল আলম চৌধুরী রাসেলের পরিচালনায় এতে মুখ্য আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। আলোচক ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শাহজালাল বিমানবন্দরে আগুন নাশকতা নয় : প্রেসসচিব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুন লেগেছে।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসসচিব। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন।

আগুনের সূত্রপাত নিয়ে প্রেসসচিব বলেন, তদন্ত কমিটি খুঁজে পেয়েছে এটা কোনো স্যাবোটাজ ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক অগ্নিকাণ্ডের এ কারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রেসসচিব।

প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।

সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন বলে জানান আইন উপদেষ্টা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ১ লাখ মানুষ, বলছে জার্মান গবেষণা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দুই বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

মূলত জার্মান এই গবেষণায় সরকারি পরিসংখ্যানের বাইরে উঠে এসেছে বিপুল সংখ্যক প্রাণহানির চিত্র। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে। জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা নিহত হয়েছে।

গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, “সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি।”

গবেষকদের হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজা উপত্যকায় ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান ১ লাখ ১২ হাজার ৬৯ জন।

ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন। গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন।

এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম দুই বছরে তারা ৬৭ হাজার ১৭৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে জাইট–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারসাজির প্রমাণ পাওয়া যায়নি।

উল্টো বিভিন্ন গবেষণা দল আগেই দেখিয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত রক্ষণশীলভাবে হিসাব করে থাকে। এখন ভালোভাবেই নথিভুক্ত হয়েছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে সরকারি সংখ্যার চেয়ে বাস্তবে আরও বেশি মানুষ মারা গেছেন। বিভিন্ন গবেষণাতেই অপ্রকাশিত মৃত্যুর সংখ্যা যে বেশি, তা বারবার উঠে এসেছে।

এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল নিশ্চিত মৃত্যুর তথ্যগুলোই গণনা করে— যেমন হাসপাতাল থেকে ইস্যুকৃত মৃত্যু সনদের ভিত্তিতে। যুদ্ধের কারণে অনেক হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যুসংবাদও গ্রহণ করে; পরে একটি প্যানেল সেগুলো যাচাই করে। বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা মারা যান, তাদের অনেকেই এসব রেকর্ডে ধরা পড়ে না।

ম্যাক্স প্ল্যাঙ্কের এই গকেষণা দলটি আগের গবেষণার ভিত্তিতে আরও বিস্তারিত মৃত্যুহার বিশ্লেষণ করেছে। তারা পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক হিসাব আলাদাভাবে পরীক্ষা করেছে।

এ পদ্ধতিতে শুধু মোট মৃত্যুর সংখ্যা আরও নির্ভুলভাবে জানা যায় না, বরং কারা মারা গেছে— তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায়। লিঙ্গ ও বয়সভেদে মৃত্যুর রেকর্ডের তথ্য পরিবর্তিত হয়; নারীদের মৃত্যু অনেক সময় পুরুষদের তুলনায় কম নথিবদ্ধ হয়। ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যু প্রায়ই সরকারি হিসাব থেকে বাদ পড়ে যায়।

গবেষকদের হিসাবে, মৃতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী।

এছাড়া গবেষকরা যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার ওপর প্রভাবও হিসাব করেছেন। যুদ্ধের আগে গাজায় নারীদের গড় আয়ু ছিল ৭৭ বছর, পুরুষদের ৭৪ বছর। ২০২৪ সালের তথ্য অনুযায়ী নারীদের জন্য এই সংখ্যা নেমে এসেছে ৪৬ বছরে এবং পুরুষদের জন্য ৩৬ বছরে। এটি আপাতত একটি পরিসংখ্যানগত মান।

এর অর্থ হলো— যদি সাম্প্রতিক বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে, তাহলে ফিলিস্তিনিরা গড়ে এই বয়স পর্যন্ত বাঁচতে পারবেন। আর এসব পরিসংখ্যানই দেখাচ্ছে, গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়ে গেছে।

৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেল দুই ভাগে এই সংলাপের কথা রয়েছে।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান, ইসির চলমান সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি এবং দুপুর ২টা থেকে ৪১টিসহ মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় সভা হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবলায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনে লক্ষ্যে ইতোমধ্যেই রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, নারীনেত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেছে ইসি। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ অনুষ্ঠিত হয়।

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ নভেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। সাময়িক ভোগান্তির জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

৬৫ জনকে সুখবর দিল বিএনপি

জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু স্থগিতাদেশ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময় সংগঠনের নিয়মভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ বা অন্যান্য কারণ দেখিয়ে যেসব নেতা-কর্মীর ওপর ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের আবেদনের প্রেক্ষিতে সেসব শাস্তি তুলে নেওয়া হয়েছে। মোট ৬৫ জন নেতা এবার দলীয় কার্যক্রমে ফের যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, নীলফামারী, লালমনিরহাট, কুমিল্লা, সরাইল, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, দেবিদ্বারসহ বিভিন্ন জেলার নেতারা এই তালিকায় রয়েছেন।

ভূমিসেবায় শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

মাঠ পর্যায়ের ভূমিসেবায় কর্মকর্তা ভিত্তিক শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার (২৪ নভেম্বর) তেজগাঁওস্থ ভূমি ভবনে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ সারাদেশে একযোগে চালুকরণ ও ভূমিসেবা মোবাইল অ্যাপ এর উদ্বোধন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিসেবায় কর্মকর্তা- কর্মচারী ভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৪ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মহান রবের দরবারে আশু সুস্থতা কামনা করছি।

এরআগে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গতকাল রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। চেয়ারপারসন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে: ডা. শাহাবুদ্দিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ম্যাডাম আগের চেয়ে একটু ভালো আছেন। কেবিনে চিকিৎসাধীন। আমি সার্বক্ষণিক ওনার সঙ্গে হাসপাতালে থাকছি।’

এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। বোর্ডের আরেক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে।

ওই চিকিৎসক বলেন, ‘নিউমোনিয়া ছাড়াও মাল্টি ডিজিস জটিলতা কিছুটা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেয়া যাচ্ছে না, ঝুঁকি থেকে যায়।’

তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটোই আছে এবং বিএনপির চেয়ারপারসনকে সব মিলিয়ে সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হবে।