শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পশ্চিম তীরে ফের ইসরায়েলি সেনাদের অভিযান

ইসরায়েলি সশস্ত্র বাহিনী ফের পশ্চিম তীরের তুবাস শহর এবং সংলগ্ন আকাবা শহরে অভিযান চালিয়েছে। সোমবার ভোর থেকে এই হামলা চালানো হয় বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়।

খবরে বলা হয়, এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা অভিযান। এর আগে চলতি সপ্তাহেই টানা চার দিন ধরে এই দুটি জায়গায় অভিযান চালানো হয়।
সোমবারের অভিযানে ইসরায়েলি সেনারা দুই স্থানের প্রবেশপথগুলো বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে।

অভিযান চলাকালে তুবাসে এক পরিবারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির স্থানীয় পরিচালক জানান, ঠিক এই একই যুবককে দুই দিন আগেও আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই সঙ্গে আরো ছয়জনকে আটক করা হয়, তবে পরবর্তীতে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

রাফাহর টানেলে অবরুদ্ধ ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহর টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সমস্ত ফিলিস্তিনি যোদ্ধাকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে— এমন দাবি করেছে ইসরায়েল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল ১৪ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আগামী সময়ে গাজার তথাকথিত ‘ইয়েলো জোন’ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে এবং সেখানে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করবে।

এর আগে রবিবার, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে তারা গত কয়েক দিনে রাফাহর টানেলগুলোতে ৪০ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। এসব তথ্য ইঙ্গিত দেয় যে, দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরো তীব্রতর হয়েছে।

এদিকে, হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় সেখানে অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ।

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এবং গাছ-পালার শাখা প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আজ সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সিলেট থেকে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইন বন্ধ থাকবে। এই লাইনের আওতাধীন উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে।

এ বিষয়ে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী সাময়িক এ অসুবিধার জন্য নগরীর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

হাসিনা-রেহানা ও টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির রায় আজ

প্লট জালিয়াতি মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, পরিবারের সদস্যদের প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ১৭ জন আসামি।

যুক্তরাজ্যের লেবার পার্টির তৎকালীন মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ—মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে তিনি প্রভাব খাটিয়েছেন। দুদকের মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা নিজে ও পরিবারের সদস্যদের নামে প্লট নেওয়ার প্রক্রিয়া চলছিল—এ খবর জানার পর টিউলিপ শেখ হাসিনা ও তাঁর তত্কালীন একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনকে ফোন করে প্লট বরাদ্দের জন্য চাপ দেন।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান কালের কণ্ঠকে বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ছয়জন জালিয়াতির মাধ্যমে প্লট নেন বলে অভিযোগ রয়েছে। যদিও টিউলিপ নিজে প্লট নেননি, তবে বরাদ্দে প্রভাব খাটানোর বিষয়টি সাক্ষ্যে উঠে এসেছে।
প্রসিকিউশন সব আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাঁদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ, ঢাকায় সম্পত্তি থাকা সত্ত্বেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট নেন। অভিযোগপত্রে বলা হয়েছে, টিউলিপের বিশেষ ক্ষমতা ও সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ দেন এবং পরে নথি গায়েবের অভিযোগও রয়েছে।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি করেন। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে ৩২ জন সাক্ষ্য দেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পৃথক দুই মামলায় পাঁচ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন।

ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া : চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ বহু

ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৯ শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ আছেন অনেকে।

এছাড়া এছাড়া আহত হয়েছেন বহুসংখ্যক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদেনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এসব তথ্য।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে গত একসপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন, থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের পথে তিন জাহাজে ১২শ পর্যটক

প্রতীক্ষার অবসান হলো অবশেষে, পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য প্রবালদ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেছে তিনটি জাহাজ।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে, চলতি মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন ১২শ পর্যটক।

প্রথম এই যাত্রায় অংশ নিতে ভোর থেকেই ঘাটে আসা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামের জাহাজগুলোর যাত্রীরা। ক্রয় করা টিকিট প্রর্দশন করে জাহাজের আসন গ্রহণ করার আগে প্রত্যেক যাত্রীর হাতে প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় ‘পরিবেশবান্ধব’ পানির বোতল।

ঢাকা থেকে আসা পর্যটক অরুপ হোসেন বলেন, প্রথমবারের মতো সেন্টমার্টিন যাচ্ছি, সত্যিই খুব রোমাঞ্চকর লাগছে এই ভ্রমণ। প্রশাসনের তৎপরতাও প্রশংসনীয়, আশা করছি সময়গুলো ভালো কাটবে।’

সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে, পরবর্তী দুই মাস (৩১ জানুয়ারি পর্যন্ত) থাকছে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ।

যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

জাহাজ মালিকদের ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ৬টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে, যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ ৩টি জাহাজ যাচ্ছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্টমার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো বিকেলে আবার কক্সবাজারের উদ্দেশে ফিরবে।

গতবছর থেকে টেকনাফ থেকে বন্ধ রয়েছে জাহাজ চলাচল, ফলে কক্সবাজার থেকে দীর্ঘ সমুদপথ অতিক্রমে ভ্রমণ কিছুটা ক্লান্তিদায়ক হতে পারে বলে মনে করছেন চট্টগ্রাম থেকে আসা পর্যটক রোকসানা আলী। তিনি বলেন, সেন্টমার্টিন আমার পছন্দের জায়গা অনেকবার গিয়েছি। আগে টেকনাফ থেকে দ্রুত যাওয়া যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। এতো দূরত্বের জার্নি একটু কষ্টের। তবুও তৃপ্তি মিলবে দ্বীপে পৌঁছে, কারণ সেখানে প্রাকৃতিক প্রশান্তি আছে।

ঘাটে প্রবেশের সময় তল্লাশির পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়োজিত আছেন।

পুলিশের বিশেষায়িত এই ইউনিটের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, পর্যটকরা যাতে নির্বিঘ্নে সেন্টমার্টিন যাত্রা উপভোগ করতে পারেন সে লক্ষ্যে আমাদের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত আছে। সমুদ্রপথে জাহাজে এবং সেন্টমার্টিনে আমাদের সদস্যরা নিরাপত্তা দেবে, যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে আমরা প্রস্তুত।

সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে ১২টি নির্দেশনা জারি করেছে সরকার।

দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ।

সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ ঘাটে প্রথম যাত্রার প্রারম্ভে পরিদর্শনে এসে জেলা প্রশাসক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, নির্দেশনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধ পরিকর, এক্ষেত্রে অবশ্যই পর্যটক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কাম্য।

গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করা হয়। তবে নভেম্বর মাস সেখানে রাত্রিযাপনের ওপর বিধিনিষেধ আরোপ ছিল।

রাতে থাকার সুযোগ না থাকায় সেন্টমার্টিনগামী আগ্রহী পর্যটক কম ছিল এবং এ কারণে কক্সবাজার থেকে গত নভেম্বর মাসে কোনো জাহাজ সেন্টমার্টিন যায়নি।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ।

রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনসংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ওই প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদ এর উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথরূপে পালনের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস এর সম্ভাব্য সংস্কার সম্পর্কে পরিপূর্ণ প্রস্তাব প্রেরণ করা হয়।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করার মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন আজ বাস্তবরূপ নিল।

গত ২ সেপ্টেম্বর অধস্তন আদালতের দায়িত্বপালনরত বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, দান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্বলিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে এবং বাহাত্তরের সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ বহাল করে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে সুপ্রিম কোর্টের অধীন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাবনা অনুসারে তিন মাসের মধ্যে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়।

মুশফিককে দলে নেওয়ার কারণ জানালেন শান্ত

প্রায় এক যুগ পর গতকাল (রোববার) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। যেখানে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ওই দলে সরাসরি চুক্তিতে আগেই নাম লিখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, মুশফিকের মতো ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা ছিল টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্ত।

মুশফিককে দলে নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ ও মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

নিলামের প্রথম ডাকে দল পাননি কিছুদিন আগে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিক। পরবর্তীতে তাকে দাম না কমিয়ে ‘বি’ ক্যাটাগরি থেকেই নেয় রাজশাহী। এই সিদ্ধান্তের জন্য দলটির ম্যানেজমেন্ট ও রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিয়েছেন শান্ত, ‘আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। অবশ্যই সম্মান দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি (ক্যাটাগরি অবনমন না করা) প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল।’

রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে নেওয়া স্থানীয় ক্রিকেটারদের নিয়েও সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা, ‘আমি স্থানীয় যেসব খেলোয়াড় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা তাতে খুশি। আপনি যদি সবার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে, তাহলে দেখবেন যে এরা সবাই বেশ ভালো পারফর্মার। আশা করি, তারা বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’

একনজরে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

আগেরদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু তারা আগের দুই ম্যাচের মতো জিরোনার মাঠে গিয়েও হোঁচট খেয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপের পেনাল্টিতে সমতায় ফেরে জাবি আলোনসোর দল। এরপর আর কোনো গোল না পাওয়ায় রিয়ালকে টানা তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

গতকাল (রোববার) রাতে প্রতিপক্ষের মাঠে সবদিক থেকেই এগিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। ৬০ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নেয় রিয়াল, তবে লক্ষ্যে রাখতে পারে কেবল ৪টি শট। বিপরীতে অবনমন অঞ্চলে থাকা স্বাগতিক জিরোনার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল। তাদের সঙ্গে ১-১ সমতার পর রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে পিছিয়ে আছে ১ পয়েন্টে।

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচ থেকে ৫টি পরিবর্তন এনে শিষ্যদের মাঠে নামিয়েছিলেন রিয়াল কোচ আলোনসো। শুরু থেকে বল পায়ে থাকলেও, সেভাবে আক্রমণ শাণাতে পারছিল না তারা। জিরোনার ২৬ মিনিটে লক্ষ্যে রাখা প্রথম শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। আরও ১২ মিনিট পর রিয়াল প্রথম বলার মতো সুযোগ পায়। তবে কর্নার থেকে উড়ে আসা বল এডার মিলিটাও হেড দিয়ে জিরোনা গোলরক্ষকের কাছে পরাস্ত হন। ৩৯ মিনিটে এমবাপে লিড এনে দিয়েছিলেন, কিন্তু ভিএআর মনিটর দেখে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি।

৪৫ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে বক্স থেকে জোরালো শটে অ্যাজেডিন ঔনাহি রিয়ালের জাল কাঁপিয়ে দেন। সেই গোল শোধ করতে ২২ মিনিট অপেক্ষা করতে হয়েছে সফরকারীদের। বিরতির পর আবারও মিলিটাওয়ের হেড পরাস্ত হয় প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে। জিরোনা ব্যবধান বাড়ানোর বড় সুযোগ পেয়েছিল ৫৭ মিনিটে। কিন্তু ওয়ান-অন-ওয়ানে তাদের একটি শট কোর্তোয়ার দেয়াল ভেদ করতে পারেনি।

ভিনিসিয়ুসের গোলে ৬১ মিনিটে সমতায় ফিরতে পারত রিয়াল, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৬ মিনিট পরই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন এমবাপে। যা চলতি মৌসুমের লা লিগায় ফরাসি অধিনায়কের ১৪তম গোল (সর্বোচ্চ)। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে ২৪ গোল করেছেন। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা।

যদিও এমবাপের গোলটি কেবল রিয়ালের হার এড়াতে পেরেছে। বাকি সময়ে আর গোল হয়নি। ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। জিরোনা ১২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে, রেলিগেশন জোনে।

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজ রবিবার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন : মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী ডিআইজি (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল।
আপনারা সত্য উদ্‌ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে।
জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি।’

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, ‘তদন্তকাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন।

তিনি বলেন, ‘আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো কারো ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা। যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা করেছি। তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি।
এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্‌ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কী ভূমিকা ছিল। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল অ্যাকশন নিল না।’

তিনি আরো বলেন, ‘তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে।’

এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিলো। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো।

তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা।

তিনি বলেন, ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিলো অপেশাদার। ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন) যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন, তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি।

জানা যায়, কমিশন তাদের প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করেছে, যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন‍্যায় বিচার পায়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।