শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা।

বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আজ বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো :

* সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ
* ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান
* সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

আতলেতিকোকে হারিয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

ক্যাম্প ন্যুতে দারুণ প্রত্যাবর্তন। এক গোল পিছিয়ে থেকেও আতলেতিকো মাদ্রিদকে ৩–১ গোলে হারিয়ে লা লিগায় চার পয়েন্টের লিড নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান পাকা করল বার্সেলোনা।

অক্টোবরে এল ক্লাসিকোয় ২–১ গোলে হারার পর রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সা। তবে টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে এখন হানসি ফ্লিকের দল স্বস্তির জায়গায়।
যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

ম্যাচের ১৯তম মিনিটে বার্সার উচ্চ রক্ষণভাগ ভেদ করে পাওয়া লং পাস ধরে দারুণ চিপ শটে জোয়ান গারসিয়াকে পরাস্ত করেন আলেক্স বাইনা। সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললেও ভিএআর চেকের পর গোলের স্বীকৃতি মেলে।
এতে ১-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো।

মাত্র সাত মিনিট পরই সমতায় ফেরে বার্সা। পেদ্রির নিখুঁত থ্রু-বলে ডি-বক্সে ঢুকে ওবলাককে কাটিয়ে খালি পোস্টে বল জড়ান রাফিনিয়া।

এরপর ম্যাচে আধিপত্য স্থাপন করে স্বাগতিকরা।
১–১ অবস্থায় পেনাল্টিও পেয়েছিল বার্সেলোনা। আতলেতিকোর পাবলো বারিয়োসের ফাউলে স্পট-কিকে দাঁড়ান রবার্ট লেভানদোস্কি, কিন্তু স্পট কিক থেকে বল জালে পাঠাতে পারেননি পোলিশ ফরোয়ার্ড।

বিরতির পর দুই দলই তৈরি করে একের পর এক সুযোগ। তবে ৬৫তম মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর তার বাড়ানো বল ধরে নিচু শটে জাল খুঁজে পান দানি অলমো। বার্সা লিদ পায় ২–১ গোলের।

সুযোগ ছিল আতলেতিকোরও। গোলরক্ষককে কাটিয়ে প্রায় শূন্যপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট করেন থিয়াগো আলমাদা।

শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে আলেহান্দ্রো বালদের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে গোল করে জাল নড়ান ফেরান তোরেস। নিশ্চিত হয় বার্সার ৩–১ ব্যবধানের জয়।

তবে জয়ের আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে দানি অলমোর কাঁধের ইনজুরি।

অ্যাশেজে বিতর্কিত মন্তব্যের জন্য স্টোকসের প্রকাশ্য দুঃখপ্রকাশ

অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে বিধ্বংসী পরাজয়ের পর নিজের মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এবার সেই বিতর্কিত ‘হ্যাজ-বিন’ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।

সিরিজ শুরুর আগে যথাযথ প্রস্তুতি না নেওয়ায় দলকে কাঠগড়ায় দাঁড় করান ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথাম, জিওফ বয়কট, গ্রাহাম গুচ ও মাইকেল ভন। তাদের মতে, ধীর গতির উইকেটে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলে বাউন্সি পার্থের জন্য নিজদের মোটেও প্রস্তুত করতে পারেনি স্টোকসের দল।

সমালোচনার জবাব দিতে গিয়েই সাবেকদের ‘হ্যাজ-বিন’ অথ্যাৎ একসময় বিখ্যাত ছিল, এখন গুরুত্বহীন ব্যক্তি, বলে ফেলেছিলেন স্টোকস। তবে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইংলিশ অধিনায়ক।
স্টোকস বলেন, ‘আমি সম্পূর্ণ ভুল শব্দ ব্যবহার করেছি। সবাই জানে, হ্যাজ-বিন শব্দটি ভীষণ খারাপ।
মুহূর্তটির চাপে সেটাই মুখে চলে এসেছিল। একদিন আমিও তো সাবেক খেলোয়াড় হয়ে যাব। এটা ভীষণ ভুল শব্দ ছিল, আর সবাই বুঝতে পারে আমি সেটা বলতে চাইনি।’

ইংল্যান্ডের ‘বাজবল’ ব্যাটিং দর্শনেরও সমালোচনা করেন বোথাম ও বয়কট।
তারা সতর্ক করে দেন, বোলার-বান্ধব কন্ডিশনে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং উল্টো বিপদ ডেকে আনবে। পার্থের প্রথম টেস্টেই তাদের আশঙ্কা সত্যি হয়। মাত্র দুই ইনিংসে ৩২.৫ ও ৩৪.৪ ওভার টিকে ইংল্যান্ড।

জিওফ বয়কট তো টেলিগ্রাফে সরাসরি ইংলিশ ব্যাটিংকে ‘ব্রেইনলেস’—অর্থাৎ মগজবিহীন আখ্যা দিয়েছেন।
তার দাবি, ‘ইংল্যান্ড কিছুই শেখে না, কারণ তারা নিজেদের বৃত্তের বাইরে কাউকে শোনে না।

স্টোকস অবশ্য অহংকারের অভিযোগ নাকচ করেছেন। বোথাম ও সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন বলেছিলেন, ইংল্যান্ড দল নাকি অতিমাত্রায় আত্মবিশ্বাসী। জবাবে স্টোকস বলেন, ‘আমাদের বাজে বলুন, যা খুশি বলুন। তবে ‘অহংকারী’ শব্দটা বাড়াবাড়ি। আমরা সমালোচনা সামলে নিতে জানি ‘

অধিনায়ক সমর্থকদেরও ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
‘আমরা জানি ফলাফলই সব। সমর্থকরা জয়ের জন্য আসে, আমরাও মরিয়া হয়ে জিততে চাই। পাঁচ ম্যাচের সিরিজ। আর লক্ষ্য অর্জনে যা করার প্রয়োজন সবই করছি,’ বলেন স্টোকস।

ধানমন্ডি ৩২ এর সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক দেখি না: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, হাসিনা তার বাবাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যে তার বাবাকে একটা মনস্টার বানিয়ে রেখেছিল। ফলে মানুষের সমস্ত রাগ যেয়ে পড়েছে তার বাবার ওপরে। ধানমন্ডি ৩২ অনেকের কাছে শেখ মুজিবের ওইটা একটা বাড়ি। আমি এক্সেপ্ট করি যে, অনেকের মেমোরির সাথে এটা জড়িত।
কিন্তু ওইটার সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না।

সম্প্রতি টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা প্যারেড করলেই কি মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হয়ে গেলাম? আমরা কোন কাজটা করেছি যেটা মুক্তিযুদ্ধের স্পিরিটের এগেনস্টে গেছে? মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মানুষকে তার ডেমোক্রেসিকে ফিরিয়ে দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী? মানুষকে তার সমস্ত ধরনের অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া এটা কি চেতনা বিরোধী? দেশে ৫৪ বছর ধরে কোর্টগুলোকে ল মিনিস্ট্রি কবজায় রেখেছে। সেটাকে আমরা সরিয়ে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি।
এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি?

শফিকুল বলেন, মুক্তিযোদ্ধা কি বলে? মুক্তিযোদ্ধা আমাদেরকে বলে যে দেশে একটা শোষণমুক্ত, সবার জন্য একটা বাংলাদেশ তৈরি করা। যেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। এমন একটা কাজ সেখানে আমি প্রাউডলি বলতে পারি— আমি এই দেশের নাগরিক। আমি হয়তো গরীব আছি কিন্তু আমার প্রাইডের জায়গাটা আছে।
সেটাকে মুক্তিযোদ্ধা বলে।

শফিকুল আলম আরো বলেন, ওনারা মুক্তিযুদ্ধকে নিয়ে আসছিলেন, ওনার বাপ-মা, খালা-খালু দিয়ে। ৮৮৮ টা ইস্টাবলিশমেন্ট বিল্ডিং, স্কুল-কলেজ, ব্রিজ এমন কোনো জায়গা নেই যেখানে নাম দেওয়া হয়নি শেখ ফ্যামিলির নামে। আমরা কি একটা কিংডমের বাসিন্দা? ওনাদের রাজত্বে আমাদের তখন মাথা নত। আমরা প্রজা হিসেবে ছিলাম।
তখন এই কথাটা আসেনি। তখন মুক্তিযুদ্ধের চেতনা কই ছিল?

আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী গড়ে তোলা হবে

সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পুরস্কার বিতরণ করেন কৃতী ক্যাডেটদের মাঝে।

সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশে বক্তব্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সচেষ্ট থাকতে হবে।
প্রধান অতিথি সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সব অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন অফিসার ক্যাডেট ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন।
কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকশ ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র‌্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণের পিতা-মাতা ও অভিভাবকগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

জনগণকে নিয়েই দেশ পরিচালনা করবে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না। জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামায়াত। ইনসাফ এবং কোরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত। গতকাল মিরপুরের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সব অংশীজনের সম্মানিত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না। দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে। একমাত্র ইসলামই পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সঙ্গে প্রতারণা করছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ রয়েছে।

একসময় বাংলাদেশ ওষুধশিল্পে বিদেশিদের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংক (বিবি) তাদের চলমান ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়া শুরু করবে।

গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে অন্যান্য শাখার মাধ্যমে বিতরণ করা হবে।

নতুন নোটটির আকার ১৫২ মি.মি ৬৫ মি.মি এবং রঙ হবে প্রধানত সবুজ।
বাম পাশে থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝের পটভূমিতে ফুটন্ত শাপলা ফুল ও পাতা। বিপরীত পাশে চিত্রায়িত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

নোটটিতে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, উজ্জ্বল ইলেক্ট্রোটাইপ ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজিত রয়েছে। নোটটির সত্যতা নিশ্চিত করতে ১০টি স্বতন্ত্র সুরক্ষা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

নোটের ডান দিকের ওপরের কোনে থাকা ‘৫০০’ সংখ্যা অপটিক্যালি ভ্যারিয়েবল কালিতে মুদ্রিত। নোটটি কাত করলে এই রঙ সবুজ থেকে নীল হয়ে যায় এবং ভেতরে তির্যক ‘৫০০’ দেখা যায়।

৪ মি.মি চওড়া একটি টুইস্টেড সিকিউরিটি থ্রেডে লাল এবং উজ্জ্বল সোনালি রঙের সমন্বয় রয়েছে। নোটটি কাত করলে লাল অংশ সবুজে রূপ নেয় (যেখানে দেখা যায় Taka ৫০০), আর সোনালি অংশে চলমান রেইনবো রঙের বার দেখা যায়।

নোটটির নিচের বর্ডারের সবুজ নকশায় লুকানো ‘৫০০’ সংখ্যাটি কেবল অনুভূমিকভাবে ধরলে দেখা যায়। গভর্নরের স্বাক্ষরের পাশে থাকা সি-থ্রু ‘৫০০’ সংখ্যাটি আলোয় ধরলে স্পষ্টভাবে দৃশ্যমান হয়।

দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার জন্য নোটে ডান নিচের কোনে ৫টি ছোট উঁচু ডট দেওয়া হয়েছে। শহীদ মিনার, ব্যাংকের নাম, ডান পাশে তির্যক লাইন এবং সুপ্রিম কোর্টের ছবিসহ গুরুত্বপূর্ণ অংশগুলো রাফ ইনট্যালিও মুদ্রণে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা স্পর্শে নোটের বৈশিষ্ট্য বোঝতে পারেন।

নোটের দু’পাশে ইউভি কিউরিং ভার্নিশ ব্যবহার করা হয়েছে, যা নোটকে চকচকে অনুভূতি ও বাড়তি স্থায়িত্ব দেয়।
ইউভি ডিটেক্টরে নোট ধরলে শাপলা ফুলের ছবি মেজেন্ডা রঙে জ্বলে ওঠে এবং কাগজে ছড়ানো লাল, নীল ও সবুজ রঙের তন্তুগুলো দৃশ্যমান হয়।

নোটের বিভিন্ন স্থানে মাইক্রো প্রিন্টিংয়ে ‌‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা কেবল লেন্সের সাহায্যে দেখা যাবে।

এর আগে একই স্থাপত্য সিরিজে নতুন ১০০০, ১০০, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।

ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে তফসিল আগামী সপ্তাহের রোববার (০৭ ডিসেম্বর) ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে পারে।

অন্যদিকে ভোটগ্রহণের সময়ও একটা বাড়ানোর কথা ভাবছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮ থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে সাতটা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে চারটা করার কথা ভাবা হচ্ছে।

এবার লটারির মাধ্যমে ৫২৭ থানার ওসি পদায়ন

লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হলো। তবে তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।

পদায়নের মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওসিদের লটাটির মাধ্যমে পদায়নের ঘোষণা দেন।

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশে নিরাপত্তায় নিয়ে কোনো ঝুঁকি নেই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত।
স্পেশালি যাদের জন্য দরকার, তাদের জন্য স্পেশাল নিরাপত্তা দিতে প্রস্তুত। সবার স্ট্যাটাস অনুযায়ী দেওয়া হয়।’

বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।