শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালায় তারা।

ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বেগম রোকেয়া নারী জাগরণের আলোক দিশারী : তারেক রহমান

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও তিনি সেই সময়ে অগ্রণী এক অগ্রদূত। নারী জাগরণের একজন আলোক দিশারী।’ সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বেগম রোকেয়া তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পিছিয়ে পড়া। অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা।’

তিনি বলেন, ‘বেগম রোকেয়া নারী শিক্ষার বিস্তারকে বিশিষ্টতা দিয়েছেন ও এর মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো সম্ভব। বিশেষভাবে পিছিয়ে পড়া এদেশের মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন।
আর নারীমুক্তির বাণী বহন করতে গিয়ে তাকে সমাজের গোঁড়া রক্ষণশীলদের প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। তা সত্ত্বেও তিনি ছিলেন কর্তব্যকর্মে স্থির, অদম্য ও অবিচল।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনে ছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতিকে জীবনের মর্মস্থলে তিনি স্থাপন করেছিলেন নারীর স্বায়ত্তশাসন ও আত্মমর্যাদা রক্ষা করতে।
আর এজন্য তিনি বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। নারী সমাজকে স্বাবলম্বী করতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলে ছিলেন, শত কূপমণ্ডূকতার বাধা সত্ত্বেও।’

শেষে তারেক রহমান লিখেছেন, মূলত বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে রয়েছে নারীর সঠিক স্বাধীনতা। তার কর্মময় জীবন ও আদর্শ নারী সমাজকে আরো উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।

ইসরায়েলি হামলায় গাজায় ২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গোলাবর্ষণের ফলে একজন ফিলিস্তিনি নিহত হন।
একই সময় উত্তর গাজার জাবালিয়ার হালাওয়া শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত হন।

গাজা শহরে বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপন করা তাঁবুগুলোকে লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় আরো বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

দুই মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব ধরনের কার্যক্রম স্থগিত চাওয়া রিট আবেদনটি উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘শুনানি ছাড়াই রিট আবেদনটি উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করা হয়েছে। আমিই চেয়েছিলাম।
’ কেন চেয়েছিলেন, জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘আদালত বলেছেন, দেশ এখন নির্বাচনমুখী। নির্বাচনের এই সময়ে আপনার রিট আবেদনটি উপযোগী না। তখন মেরিটে (রিট আবেদনের বিষয়বস্তুতে) না গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে রিট আবেদনটি নট প্রেসড (উত্থাপিত হয়নি) করে নিয়েছি।’

আইনজীবী ইয়ারুল ইসলাম নিবিন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’-এর মহাসচিব।
দলের পক্ষে গত ৩ ডিসেম্বর তিনি এই রিট করেছিলেন।

বিদ্যমান নির্বাচনীব্যবস্থায় জেলা প্রশাসককে (ডিসি) রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন স্থগিত চাওয়ার পক্ষে রিটে বলা হয়েছিল, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন ও পরিচালনা করবে। আর নির্বাচন পরিচালনায় কমিশনকে সব ধরনের সহায়তা দেবে নির্বাহী বিভাগ।
কিন্তু কমিশনের নিজস্ব জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা থাকার পরও নির্বাচনের সময় ডিসিকে রিটার্নিং অফিসার ও ইউএনওকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এর ফলে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। এই কারণে জাতীয় সংসদ নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে ডিসি ও ইউএনওকে রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং অবৈধ।

রিটে বলা হয়, ডিসি ও ইউএনওরা নির্বাহী বিভাগের কর্মকর্তা ও সরকারের প্রতিনিধি। তাদের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কারণে ভোটার তালিকা হালনাগাদ করা, ব্যালট পেপার ছাপানো, ব্যালট বাক্স প্রস্তুত এবং সরবরাহ করা ছাড়া নির্বাচন পরিচালনায় কার্যত কমিশনের কিছুই করার থাকে না।
তা ছাড়া নির্বাহী বিভাগের বিভিন্ন পর্যায় থেকে নির্বাচন কমিশনে আসা কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার বিষয়ে কোনো ব্যাবহারিক অভিজ্ঞতা থাকে না। নির্বাহী বিভাগের কর্মকর্তাদের প্রেষণে এনে কমিশনে নিয়োগ দেওয়ায় নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। যে কারণে নির্বাচন কমিশনকে তার নিজস্ব দক্ষ, অভিজ্ঞ জনবল তৈরির জন্য জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা উচিত।

রিটে আরো বলা হয়, বিচার বিভাগের মতই নির্বাচন কমিশনের স্বাধীনতা সংবিধান প্রদত্ত। বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে। সম্প্রতি বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়ের অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগীয় সচিবালয় নিজস্ব জনবল, অর্থাৎ বিচার বিভাগ থেকেই সচিব নিয়োগ করেছে। কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় নির্বাহী বিভাগ থেকে সচিব নিয়োগ করে, যা কমিশনের সংবিধান প্রদত্ত স্বাধীনতার পরিপন্থী। এ কারণে কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি ইলেকটোরাল সার্ভিস কমিশন থাকা আবশ্যক। নইলে নির্বাচন কমিশন সব সময়ই নির্বাহী বিভাগের অধীন হয়ে থাকবে। তাই নির্বাচন কমিশনকে সচিবসহ নিজস্ব জনবল নিয়োগের জন্য একটি ‘ইলেকটোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশ দেওয়া উচিত।

এসব যুক্তির আলোকে জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ডিসি-ইউএনও নিয়োগ না দিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে রুল চাওয়া হয়েছির রিটে। একই সঙ্গে জনবল বাড়ানোর পাশাপাশি পদোন্নতির ব্যবস্থা করে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাচন কমিশন সচিব নিয়োগ না দিয়ে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিব নিয়োগ দেওয়া কেন আইনগত কর্তৃত্বহির্ভূত ঘোষণা করা হবে না, সে মর্মেও রুল চাওয়া হয়। আর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যদি হাইকোর্ট রুল জারি করেন, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব স্থগিত করতে নির্দেশনা চাওয়া হয় রিটে।

বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকারপ্রধান শেখ হাসিনাই দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদরাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আজ গোটা বিশ্বের মানুষ দল-মত নির্বিশেষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করছে।
তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।

এসময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদরাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করানো হয়।

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আসছে না কাল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি পূর্বঘোষিত সময়ে (আগামীকাল মঙ্গলবার) ঢাকায় আসছে না।

এরই মধ্যে অপারেটর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেবিচকের অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বেবিচক সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুল্যান্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।
বাতিলের অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুল্যান্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।

আগামী বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত

আগামী বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে এই চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানিয়েছে, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে রবিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালান গৃহকর্মী

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মা-মেয়েকে গলাকেটে হত্যার পর মেয়ের স্কুলের ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান ওই বাসার গৃহকর্মী। চার দিন আগে তিনি বাসাটিতে কাজ শুরু করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ। ‎সোমবার (৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎পুলিশ বলছে, চার দিন আগে নিহতদের বাসায় কাজ শুরু করেন পালিয়ে যাওয়া গৃহকর্মী। সে সময় তিনি নিজের নাম আয়েশা বলে পরিচয় দেন। তার বিস্তারিত পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

‎ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত মালাইলা আফরোজ গৃহিণী।
মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক। তিনি উত্তরার সানবিমস স্কুলে ফিজিক্স পড়ান।‎

ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নাফিসার বাবা স্কুলের উদ্দেশে সকাল ৭টার দিকে বের হয়ে যান।
সকাল ৯টা ৩৬ মিনিটে কাধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে বের হয়ে যান গৃহকর্মী আয়েশা। বেলা সাড়ে ১১টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

‎তিনি বলেন, আমাদের বাসায় একজন কাজের মহিলা দরকার ছিল। সাধারণত গেটে অনেকেই কাজের সন্ধানে আসে। চার দিন আগে একটি মেয়ে আসে।
বোরকা পরিহিত মেয়েটি আমাদের বাসার দারোয়ান খালেকের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয়।

আজিজুল ইসলাম জানান, এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয়। পরে আমি স্ত্রীর মুখে শুনেছি, মেয়েটার নাম আয়েশা। বয়স আনুমানিক ২০ বছর। তার গ্রামের বাড়ি রংপুর। জেনেভা ক্যাম্পে চাচা-চাচির সঙ্গে থাকে। বাবা-মা আগুনে পুড়ে মারা গেছে। তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে।

‎তিনি আরো বলেন, মেয়েটা কাজ শুরুর পর প্রথম দুদিন সময় মতো এসেছে। গতকাল সে সাড়ে ৯টার দিকে আসে। আজ কী হয়েছে এটা তো আর বলার অবস্থায় নেই।

‎পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, পুলিশ সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে একটি লাশ পায়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, নেওয়ার পর সেও মারা গেছে। পরে লাশ দুটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেসব যাচাই বাছাই চলছে।

নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্বপ্রস্তুতিই এগোচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, জানুয়ারির মধ্যেই সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকে, তা নিশ্চিত করা হবে।

এই উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে খুন-অপরাধ বন্ধ হয়ে যাবে না। আমার কাছে তো ম্যাজিক নেই, বলব যে লাইট অফ বন্ধ হয়ে যাবে আর তা হয়ে গেল। ব্যাপারটা এমন না।

জাতীয় পার্টি ইস্যুতে স্বরাষ্ট্র ‍উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে।
অনেকে বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়। তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে।

এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

২০টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক জোট। রাজধানীর গুলশানে সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

নতুন এই জোটের নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি)।

জোটে থাকা দলগুলো হলো— জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।