বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় ছাত্র-জনতার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় করেছেন ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার পরে তারা জোহরের নামাজ পড়া শুরু করেন।

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও দেন তারা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

এক মাসে সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েক দিনের তুলনায় আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। অর্থাৎ তিনি ভালো আছেন। গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির চিত্র তুলে ধরে বলেন, ‘আপনারা জানেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে আজকে (গতকাল) পর্যন্ত প্রায় এক মাস হয়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও (গতকাল) উনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে। অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন।’

ডা. জাহিদ বলেন, ‘আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সবার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যেমনিভাবে বেগম খালেদা জিয়া দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, সে মেডিকেল বোর্ডের চিকিৎসা উনি নিতে পারছেন। সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। এখনকার যে অবস্থা আছে, এই অবস্থা যাতে আরও সুস্থতার দিকে উনাকে নিয়ে যেতে পারেন, সেই দোয়া চাই।’

এক প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘এটুকুই বলব যে, উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে (গতকাল) আল্লাহর অশেষ মেহেরবানীতে সবার দোয়ায় মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে আগের চেয়ে অনেকটা বেশি উনার অবস্থা স্থিতিশীল রয়েছে। উনার সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের (উপস্থিত গণমাধ্যমকর্মী) মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আমি দুটি শব্দ উচ্চারণ করেছি। একটি বলেছি, আলহামদুলিল্লাহ; দ্বিতীয়টি বলেছি যে, উনার শরীরের ওপর একটা প্রসিডিউর করা হয়েছে। অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং এই মুহূর্তে উনার অবস্থা স্থীতিশীল আছে। অর্থাৎ উনার অবস্থার অবনতি ঘটেনি।’

হাদির আসনে প্রার্থী হচ্ছেন তার বোন

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শরিফ ওসমান হাদি। তবে দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় ওই আসন থেকে এবার নির্বাচনে লড়বেন তার বোন মাসুমা বেগম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাসুমা বেগমের প্রার্থিতা ঘোষণা করা হয় শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে। সমাবেশে আরও দাবি জানানো হয়—শাহবাগ এলাকায় ওসমান হাদির নামে একটি স্থাপনা নির্মাণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার।

শাহবাগ মোড়ে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন, ওসমান হাদি কোনো সাধারণ মৃত্যু বরণ করেননি; দেশের মানুষ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি শহীদ হয়েছেন।

এ সময় তিনি তথাকথিত সুশীল সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ঘটনায় যারা নিয়মিত কথা বলেন, তারা কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় নীরব ছিলেন। এ ধরনের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে ধানমন্ডির ছায়ানট, কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ভাষণের শুরুতেই তিনি ওসমান হাদির আত্মার শান্তি কামনা করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

অধ্যাপক ড. ইউনূস বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে ওসমান হাদির ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে এক বড় ধরনের শূন্যতা তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, শনিবার একদিনের জন্য এই শোক পালন করা হবে এবং এ উপলক্ষে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবন ও বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগর এলাকায় এক হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর পর সারা দেশে বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেয়।

শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। বর্তমানে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। আজ জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

লন্ডন সফর সংক্ষিপ্ত করে হাদির মরদেহ দেখতে ঢাকায় এলেন জামায়াত আমির

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে শহীদ ওসমান হাদির মরদেহ সংরক্ষিত রয়েছে।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

হিমাগারে পৌঁছে আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

পরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে তিনি মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত ও তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

এদিকে, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় জামায়াত আমিরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

নির্বাচন বানচাল করতেই হাদিকে হত্যা করা হয়েছে : ডা. জাহেদ

ওসমান হাদি মনে করতেন, নির্বাচনই রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান।

সে কারণেই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন। নির্বাচন বানচালের লক্ষ্যে দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করতেই তাঁকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ‘আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিপ্লবী ওসমান হাদির মরদেহ এখন ঢাকায়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডা. জাহেদ উর রহমান বলেন, এটি একটি টার্গেটেড কিলিং।

এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যিনি হাদির হত্যাকাণ্ডে দুঃখ পাননি। তবে তার মৃত্যুর পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

সংবাদমাধ্যম নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু হাদিকে যারা ভালোবাসেন, তারা তার মৃত্যুর প্রতিবাদে এসব গণমাধ্যমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে পারেন না।

তিনি বলেন, এই ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত রয়েছে। দেশে যখন অনৈক্য তৈরি হয় এবং এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দেয়, তখন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপগুলো সুযোগ নেয়।

বর্তমানে বাংলাদেশে এমন অনেক গোষ্ঠী সক্রিয়, যারা দেশের স্থিতিশীলতা চায় না। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও ওসমান হাদিকে বাঁচানো যায়নি।

তার হত্যাকাণ্ডে আমরা ব্যথিত, মর্মাহত ও শঙ্কিত। হত্যাকারীরা ইতিহাসে কাপুরুষ হিসেবে ঘৃণিত হয়ে থাকবে। এই হত্যাকাণ্ড জাতির জন্য একটি কালো অধ্যায়।

তিনি বলেন, হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তা হলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে।

পরাজিত ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। হাদি হত্যাকাণ্ড তারই অংশ।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয়-পরাজয়ের নিয়ামক’ শীর্ষক ছায়া সংসদে বিচারক ছিলেন সাংবাদিক কাজী হাফিজ, মো. আলমগীর হোসেন, জাকির হোসেন লিটন, কাজী জেবেল ও মো. আতিকুর রহমান। প্রতিযোগিতায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে পরাজিত করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানায় সংগঠনটি।

ইনকিলাব মঞ্চ জানায়, ইনকিলাব মঞ্চ শহিদ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসবে। ছাত্র-জনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দেবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমরা আমাদের শহিদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফেরবো, ইনশাআল্লাহ।

ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে, সেটার দায় এই সরকারকেই নিতে হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। শোনা যায়, ৫০/৬০ জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার জন্য তাদের ওপর হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত-মওতের মালিক আল্লাহ, হেফাজত করার মালিকও আল্লাহ। কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াতে পারে না।

পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত সভায় রুমিন ফারহানা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে—সেগুলো আপনারা খুঁজে বের করুন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। ৫ আগস্টের পর থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অবৈধ অস্ত্র যদি কারও কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসুন।

তিনি বলেন, পরিষ্কার বলে দিতে চাই ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে—প্রত্যেক মানুষের নিরাপত্তা সরকারকে দিতে হবে।

এছাড়াও নিজের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল ও আশুগঞ্জে। আমি যা বলি, আমি তাই করি—এটা ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই।

হাদির বিক্ষোভ থেকে ফেরার পথে শিবির নেতার মৃত্যু

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিহত হন ওই নেতা।

এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বগুড়া জেলা পূর্ব শাখার সাথী রাফিউল হাসান শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।
আরও পড়ুন
শহিদ হাদির একাডেমিক ফলাফল ভাইরাল

শিবির নেতা রাফিউল হাসান ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় এডমিশন ক্যান্ডিডেট ছিলেন।

সর্বশেষ একটি উপশাখার সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানান শিবির সেক্রেটারি নিহতের নাম রাফিউল হাসান বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।

‎স্থানীয়রা জানান, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল।

মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী ওরিন পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে উল্টো পথে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে রাফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‎শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে হাদিকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ ঢাকায় পৌঁছার পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়, ‘শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।’
আরও পড়ুন
বিপ্লবী ওসমান হাদির মরদেহ এখন ঢাকায়

এতে বলা হয়, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা জানিয়ে সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখা এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে ইনকিলাব মঞ্চ।