সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

জানা গেছে, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি।

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারের আসরে গ্রুপ ‘জে’-তে পড়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই দুটি প্রীতি ম্যাচকে দলটির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন কোচিং স্টাফ।

১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার

রাশিয়ার ৪১ জন সেনার মরদেহ হস্তান্তর করেছে ইউক্রেন। এর বিপরীতে কিয়েভের এক হাজার সেনার মরদেহ ফিরিয়ে দিয়েছে মস্কো। এক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল,২০২৫ সালের জুন মাস থেকে নিহতদের মরদেহ ফেরত পাঠানো শুরু হয়।
এই পর্যন্ত কিয়েভের কাছে বারো হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে মস্কো। এর বিপরীতে রাশিয়ার দুই শ সেনার দেহ পেয়েছে। এর মাঝেই নতুন করে আরো এক হাজার সেনার মরদেহ ফেরত পাওয়ার তথ্য জানাল রুশ কর্তৃপক্ষ।

চলমান সংঘাতের মধ্যেই দুই দেশ সময়ে সময়ে নিহত সেনাদের মরদেহ বিনিময় করে আসছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের বাহিনী শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার আঞ্চলিক সংকট প্রতিক্রিয়া কেন্দ্র। এসব হামলায় অন্তত একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সংকট প্রতিক্রিয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, গ্রাইভোরনস্কি জেলায় গ্রাইভোরন শহরসহ গ্লোতোভো, গোলভচিনো, গোরা-পোদোল, দুনাইকা, জামোস্তিয়ে এবং মোশচেনোয় গ্রামে মোট ৩৬টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ১৬টি ভূপাতিত করা হয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

দেশে এখন মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি ব্যয়ের ওপর নির্ভর করে রিজার্ভের এই অবস্থান নির্ধারিত হয়।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ধারা রিজার্ভকে স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, রিজার্ভের এই অবস্থান দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণ পরিশোধে এই রিজার্ভ একটি প্রধান নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করে।

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বি‌পিএস-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা হলে ব্যবহারযোগ্য রিজার্ভের প্রকৃত চিত্র প্রতিফলিত হয়, যা অর্থনীতির স্থিতিশীলতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মো. আ. রশিদ (৫৮), অন্তর মোল্লা (১৯), রাসেদ (৪০), মো. ইলিয়াস (৩০), মো. কামাল (৪৫), মো. মিরাজ হোসেন (২৬), মোছা. সেলিনা (৩০), মো. রাজন (২৪), হোসেন ইমাম (৪০), মো. সিরাজুল ইসলাম (২৫), নাসির উদ্দিন রিয়াদ (২৫), মিরাজ (২১), মো. জসিম (৩০), মো. চাঁন (২৪), ওসমান আমিন জয় (৩২), অমিত আহমেদ (২৫), মো. সজীব (২৪), মো. সজীব ওরফে হৃদয় (২৬), মো. শামিম তালুকদার ওরফে ছগির (৫০), মো. তন্ময় হাসান (২০), মো. সাগর (২২), মো. শামীম, মো. আলমগীর হোসেন ওরফে কোবরা আলমগীর, ফেকু আলম, মো. মাসুদ রানা ওরফে রনি (৩৫), মো. তামিম আহম্মেদ (১৯), মো. আশিক (১৯), মো. ফারুক (১৮), মো. জিসান (১৮), মো. সুজন শেখ (৩৫), মো. রায়হান (৪৫), মোহাম্মদ তানজিনুল ইসলাম (৩৫), মো. আরমান সরকার (২৭), মো. মনুসুর মিয়া (৩৭), মো. সামিদুর রহমান (৩০), মো. শাকিব (২০), মো. ইসমাইল (২০), মো. সামসুদ্দীন সবুজ (৪৩), মো. ইয়ার হোসেন ওরফে বেধুন (২৮), মো. শামীম (২১), মো. মিলন মন্ডল (৩৩), শাহ আলম (২৮), মো. চাঁন বাদশা (২৫), মো. মুন্না (২৩), মো. রিয়ান মিয়া (২৫), মো. আশিক (৩০), মো. ফারুক হোসেন রকি (৩০), চাঁন মিয়া (২৭), মো. রাসেল শিকদার (৩২), মো. সাইদার সরদার (৬২) ও মো. ইমরান (৩৫)।

পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হয়।

বগুড়া-৬
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।

এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনীর ২৫০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র‌্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হন। তবে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয় ইসি।

শেরপুর-৩
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনীর ১৪০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাবের ১৪টি টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৭০৪ জন সদস্য নিয়োজিত রয়েছেন।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার

লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যই নন, বরং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাট ডিবি পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হয়ে গতকাল পরিচালনা পর্ষদের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কমিটির সবাইকে আলাদা আলাদা দায়িত্ব যেমন বুঝিয়ে দেন, তেমনি নিজের কাছেও রেখেছেন ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এই সভা শেষে ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে খেলা নারী ক্রিকেটাররা তুলনামূলক অনেক কম পারিশ্রমিক পান বলে মনে হয়েছে তাঁর।

দায়িত্বগ্রহণের দ্বিতীয় দিনেই খেলোয়াড়দের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত তামিমের, ‘আমরা প্রথম শ্রেণির ছেলে ও মেয়ে ক্রিকেটারদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কিছু বিষয় দেখে আমি নিজেও বিস্মিত। নারী ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে আগে খুবই কম ম্যাচ ফি পেতেন, একসময় যা ছিল মাত্র এক হাজার টাকা, পরে তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এটি কোনোভাবেই যথাযথ ছিল না।
অথচ তাঁরা টি-টোয়েন্টি, ওয়ানডে এবং দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলেন। আমরা যেটা অনুমোদন দিয়েছি, বলব না এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। কারণ, সবকিছু বাড়ানোর একটি সীমাবদ্ধতা আছে।

এখন থেকে নিগার সুলতানারা তিন থেকে চার দিনের প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন। ওয়ানডেতে পাবেন ১৫ হাজার টাকা করে। টি-টোয়েন্টি খেললে পাবেন ১০ হাজার টাকা করে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করেছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কিছুটা পার্থক্য রাখতে এর বেশি বাড়ানো হয়নি বলেই মন্তব্য করেন তামিম, “চুক্তিতে (কেন্দ্রীয়) সবচেয়ে কম বেতনের ক্যাটাগরি হচ্ছে ৬০ হাজার টাকা।
আমি ঘরোয়া ক্রিকেটে বেতন বাড়ালেও ওই ব্যবধানটা তো রাখতে হবে। এই কারণে আমরা যতটুকু পেরেছি, ততটুকুই বাড়িয়েছি।’

ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আগেও নেতৃত্ব দিয়েছেন তামিম। ফারুক আহমেদ বিসিবির সভাপতি থাকাকালীন তাঁর সঙ্গে এসব নিয়ে আলোচনা করেন তিনি। এবার নিজে দায়িত্ব পেয়ে নারী খেলোয়াড়দের পাশাপাশি ছেলেদেরও পারিশ্রমিক বাড়ালেন তামিম। আগে বোর্ডের চুক্তিতে থাকা ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে পেতেন। এখন ৬৫ হাজার টাকা করে পাবেন তাঁরা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার টাকা থেকে বেড়ে এখন ৫০ হাজার টাকা হয়েছে। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতেও ১৫ হাজার টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৪০ হাজার টাকা। এ ছাড়া ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছে তামিমের বোর্ড।

এ ছাড়া গতকালের বৈঠকে স্থবির হয়ে পড়া ঢাকার ক্লাব ক্রিকেট দ্রুত শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে তামিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই প্রতিটি দলের সঙ্গে বসব। তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ নির্ধারণ করা যায় এবং খেলা মাঠে শুরু করা যায়—সেটাই আমাদের লক্ষ্য। মাঠ নিয়ে একটি শঙ্কা আছে। তবে প্রয়োজন হলে মাঠ ভাড়া করতেও প্রস্তুত আছি।’ এদিকে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়েও পরিবর্তন এনেছে বিসিবি। জ্বালানিসংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাতে ফ্লাডলাইট না জ্বালিয়ে দিনের আলোয় খেলা শেষ করার পরিকল্পনার কথা জানান তামিম, ‘আমরা সবাই মিলে দেশকে যতটা সহায়তা করতে পারি, সেই চিন্তা থেকেই আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি।’ আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া এই সিরিজে দুপুর ২টার ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার ভাবনা রয়েছে বিসিবির।

দাপুটে জয়ে সেমির পথে পিএসজি, বিপদে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুণ এক জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল প্যারিস সেন্ট জার্মেই।

বুধবার রাতে পার্ক দে প্রাঁসে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। ফলে বড় সুবিধা নিয়ে অ্যানফিল্ডে যাচ্ছে ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির।
মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ডিফ্লেকশন পেয়ে গোল করেন দেজিরে দুয়ে।

এরপর একের পর এক আক্রমণে লিভারপুলকে চাপে রাখে পিএসজি। তবে গোলরক্ষক জর্জি মামারদাশভিলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

প্রথমার্ধে লিভারপুলের সেরা সুযোগ আসে জেরেমি ফ্রিমপংয়ের শটে, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে উসমান দেম্বেলে সহজ সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র, পিএসজির দাপট। অবশেষে ৬৫ মিনিটের দিকে ব্যবধান দ্বিগুণ করেন খাভিচা কাভারেস্কেলিয়া।
জোয়াও নেভেসের অসাধারণ পাসে বক্সে ঢুকে গোল করেন তিনি।

এরপর পেনাল্টির সুযোগ পেলেও ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে স্কোরলাইন ২-০-ই থাকে।

এই হারের ফলে চাপে পড়ে গেছে লিভারপুল। টানা তিন ম্যাচে হার এবং চ্যাম্পিয়নস লিগে গোলমুখে কোনো শট না নিতে পারা তাদের জন্য বড় সতর্কবার্তা।

এখন দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ লিভারপুলের সামনে। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর পিএসজি সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

লেবাননে ইসরায়েলি হামলায় ২৫৪ জন নিহত, আহত অন্তত ১১০০

লেবাননে গত মাসে ইসরায়েলি হামলা শুরুর পর বুধবার সবচেয়ে বড় হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে।

মৃতের সংখ্যা সর্বোচ্চ ছিল বৈরুতে, যেখানে ৯১ জন নিহত হয়েছেন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ১৮২ জন বলে জানিয়েছে এবং বলেছে যে এটি চূড়ান্ত সংখ্যা নয়।
রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে রাজধানী বৈরুতে পরপর অন্তত ৫টি হামলা চালানো হয়, যার ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই যুদ্ধের সবচেয়ে বড় সমন্বিত হামলাটি চালিয়েছে। ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার ভোরে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তারা মানারা নামের ছোট কিবুতজটিতে রকেট হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।

গত ২ মার্চ শুরু হওয়া যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিন ছিল বুধবার। এর দুই দিন আগে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহ তেহরানের সমর্থনে ইসরায়েলে গুলি চালায়।
এর জবাবে ইসরায়েল একটি পুরোদস্তুর বিমান ও স্থল অভিযান শুরু করে।

রয়টার্সের সাংবাদিকরা দেখেছেন, বৈরুতের পশ্চিমাঞ্চলের একটি ভবন থেকে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা একজন বয়স্ক নারীকে ক্রেনে তুলে নিয়ে যাচ্ছেন। ইসরায়েলি হামলায় ভবনটির অর্ধেক অংশ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ওপরের তলার বাসিন্দারা আটকা পড়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সময়মতো পৌঁছানোর মতো পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় লোকজন মোটরসাইকেলে করে আহতদের তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘লেবাননে আজ যে হত্যা ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তার মাত্রা ভয়াবহ ছাড়া আর কিছুই নয়।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন হত্যাকাণ্ড অবিশ্বাস্য।’

রয়টার্সের সরাসরি সম্প্রচার অনুযায়ী, বুধবার গভীর রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে একটি ধর্মঘট শুরু হয়েছে।

এদিকে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অংশ নয় এবং ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর ওপর শক্তি প্রয়োগ করে হামলা অব্যাহত রেখেছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বুধবার বলেছেন, এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি।
ভ্যান্স বলেন, ‘আমার মনে হয়, ভুল বোঝাবুঝি থেকেই এ ঘটনার সৃষ্টি। আমার ধারণা, ইরানিরা ভেবেছিল যে যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আসলে তা ছিল না।’

এর আগে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, এই যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে হিজবুল্লাহ বুধবার ভোরেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করে দিয়েছে বলে দলটির ঘনিষ্ঠ তিনটি লেবানিজ সূত্র রয়টার্সকে জানিয়েছে।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আল-মুসাউই রয়টার্সকে বলেছেন, ‘আমাদের জানানো হয়েছিল যে এটি যুদ্ধবিরতির অংশ—তাই আমরা তা মেনে চলেছি, কিন্তু ইসরায়েল বরাবরের মতোই তা লঙ্ঘন করেছে এবং সারা লেবানন জুড়ে গণহত্যা চালিয়েছে।’

অ্যাতলেতিকোর কাছে হেরে বিদায়ের শঙ্কায় বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়ার পর অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের শট রুখে দেন গোলরক্ষক হুয়ান মুসো।
অন্যদিকে সাবেক বার্সা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিয়েজমানও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

১৮ মিনিটে রাশফোর্ড বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রথমার্ধের শেষ মুহূর্তে।

ভিএআর যাচাইয়ের পর বার্সার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
একে একে পিছিয়ে পড়া বার্সার জন্য এটি ছিল বড় ধাক্কা। সেই ফ্রি-কিক থেকেই অসাধারণ গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও আক্রমণ চালিয়ে যায় বার্সা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
উল্টো ৭০ মিনিটে বদলি হিসেবে নেমে আলেক্সান্ডার সলরথ ব্যবধান দ্বিগুণ করেন, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

পরিসংখ্যানে এগিয়ে থেকেও গোলের দেখা না পাওয়ায় হতাশ হতে হয়েছে বার্সাকে। অন্যদিকে কম সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো।

এই জয়ের ফলে সেমিফাইনালের পথে বড় সুবিধা পেয়ে গেল অ্যাতলেতিকো মাদ্রিদ। আর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে বার্সেলোনাকে করতে হবে কঠিন লড়াই।