বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

তারেক রহমানের আগমনে সব ষড়যন্ত্রের সমাপ্তি ঘটেছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে দেশবাসী দীর্ঘ প্রতীক্ষায় ছিল। তার আগমনকে নিয়ে নানা গুঞ্জন ছিল, তার আসার মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ও সব গুঞ্জনের সমাপ্তি ঘটেছে। যে লড়াইটা তিনি বিদেশের মাটিতে বসে জনগণের জন্য করেছেন, একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য—এখন সেই লড়াইটা প্রত্যক্ষভাবে দেশের মাটিতে বসে জনগনকে নেতৃত্ব দেবেন।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষই তাকে সংবর্ধনা দিয়েছে, বিএনপি একা সংবর্ধনা দেয়নি। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে, বিএনপি, বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, দেশের মানুষই তাকে গতকালকে তাকে সংবর্ধনা দিয়েছে। তিনি এখন জগণের নেতা এবং মানুষের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান।’

শুক্রবার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবস্থান করছেন।
এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। একই সাথে তার আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।

পাবনা ও ফরিদপুরের ৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এই চার সংসদীয় আসন হলো : পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ (নির্বাচনী এলাকা : ৬৮) আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে।

পাবনা-২ (নির্বাচনী এলাকা : ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ব্যতীত বেড়া উপজেলা।

গেজেটের তথ্যানুযায়ী, ফরিদপুর-২ (নির্বাচনী এলাকা : ২১২) আসনের সীমানায় নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে। ফরিদপুর-৪ (নির্বাচনী এলাকা : ২১৪) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা।

স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজকের (শুক্রবার, ২৬ ডিসেম্বর) এ পরীক্ষা স্থগিত করা হয়।

স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদানের ঘোষণা নৌ উপদেষ্টার

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আজকের ঘটনাটি দুঃখজনক।

তিনি বলেন, সব ধরনের পরিবহনের মধ্যে নদীপথ তুলনামূলকভাবে নিরাপদ।
তার পরও এ ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। আমি নিজেও নিয়মিত নদীপথে যাতায়াত করি। লক্ষ করেছি, অনেক সময় রাতে লঞ্চ চলাচলের সময় লাইট ব্যবহার করা হয় না।

উপদেষ্টা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুই লঞ্চের দায়িত্বপ্রাপ্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। রাতে কুয়াশার মধ্যে কোনো লঞ্চ চলাচল করতে পারবে না।
রাতে কোথাও দাঁড়ালে অবশ্যই লাইট ব্যবহার করতে হবে। এ মৌসুমে বাল্কহেড সকাল ৮টার আগে চলাচল করতে পারবে না। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে।

নৌ উপদেষ্টা বলেন, এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঝড় বা তুফানে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যেভাবে দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে, তাতে মনে হয় চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা অন্য কাউকে দিয়ে লঞ্চ চালাচ্ছিলেন।
তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো লঞ্চ চালক সঠিকভাবে লঞ্চ পরিচালনা না করলে, রাতে লাইট ব্যবহার না করলে বা নির্দেশনা অমান্য করলে তাদের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হবে।

এর আগে গতকাল রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ‘এডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা হলেন— আ. গনি (৩৮), মো. সাজু (৪৫), মো. হানিফ (৬০) ও মোসা. রিনা (৩৫)। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা।

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে দিল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চমকপ্রদ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাগতিক সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করে রাজশাহী। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহী ২ উইকেট হারিয়ে, হাতে ২ বল রেখেই জয় নিশ্চিত করে।
শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে অনবদ্য জুটিতে ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম।
খালেদ আহমেদের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড-অনে হজরতউল্লাহ জাজাইয়ের হাতে ক্যাচ দেন তিনি।

এরপর শান্ত ও সাহিবজাদা ফারহান ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ফারহান আউট হন মেহেদী হাসান মিরাজের বলে। এরপর শান্ত ও মুশফিক ধীরে কিন্তু নিশ্চিতভাবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন।

৩৬ বলে ফিফটি পূর্ণ করা শান্ত পঞ্চাশের পর গতি বাড়ান। নাসুম আহমেদ ও মিরাজকে একের পর এক চার-ছক্কা হাঁকান তিনি। ইনিংসের ১৭তম ওভারে ইথান ব্রুকসকে ছক্কা মেরে শান্ত-মুশফিক জুটির শতক পূর্ণ হয়। শেষ ওভারে নিজের বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন রাজশাহীর অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট ভালো শুরু পায় রনি তালুকদার ও সাইম আইয়ুবের ব্যাটে।
তবে এই জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো।

পাওয়ার প্লে শেষে সন্দ্বীপ লামিচানে জাজাই ও রনিকে ফিরিয়ে ম্যাচে রাজশাহীকে ফেরান। এরপর মোহাম্মদ ইমন ও আফিফ হোসেন জুটি গড়ে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন। ইমন অপরাজিত থাকেন ৬৫ রানে, আর আফিফ ১৯ বলে করেন ৩৩ রান।

রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন লামিচানে।

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে। তাঁর রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন।

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনেরও প্রত্যাশাও জানান তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

দীর্ঘ ১৯ বছর পর আজ (শুক্রবার) রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যাবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বাদ জুমা শেরেবাংলা নগরে বাবার সমাধিতে যাওয়ার কথা তারেক রহমানের। এ উপলক্ষ্যে সমাধি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকাল থেকে নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। দলের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে মাজার এলাকায়।

অন্যদিকে, তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।

নেতাকর্মীরা জানান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর সেটিকে বাস্তবায়ন করেছেন বেগম খালেদা জিয়া। এখন তারেক রহমানের হাত ধরে সেই গণতন্ত্র প্রস্ফুটিত হবে।

একই সঙ্গে তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা কেটে গেছে বলেও দাবি তাদের।

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেয়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা যান-চলাচল বন্ধ করে দেয়।

এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি, লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ধর’সহ নানা স্লোগান দেয়।

অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেয় হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরের রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্তিতিতে যে কাউকে যেকোন সময় ভোটার করতে পারেন। তবে ভোটার হতে তারেক রহমান শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আসবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি ইসি মাছউদ। এরই মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান।

বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

যুবকদের বেকারভাতা না দিয়ে প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, অনেকে সংখ্যা গুনে বলছেন, আমি এত কোটি, এত লাখ যুবককে কর্মসংস্থান দেবো। বাকিদের কী হবে? বলছেন, বাকিদের ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারও কাছ থেকে বেকারভাতা গ্রহণ করুক, দেখতে চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করতে চাই।

প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকারভাতা নয়, বেকারভাতার পরিবর্তে এরাই এ দেশে সব ক্ষেত্রে বিপ্লব সাধন করবে। সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। তোমরা তৈরি হও, ইনশা আল্লাহ তোমরা পারবা। আমরা তোমাদের সঙ্গে আছি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, যে শিক্ষাব্যবস্থা তোমাদের মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। যে শিক্ষাব্যবস্থা তোমাদের শিক্ষার চরম উৎকর্ষে পৌঁছে দেবে। এবং এ শিক্ষা নিয়ে, উন্নত চরিত্র নিয়ে, দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজগঠনে আত্মনিয়োগ করবে। আর একজন যুবক-যুবতিও বেকার থাকবে না।

বিভিন্ন ছাত্রসংসদে ছাত্রশিবিরের জয়ের বিষয়টি স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, তোমাদের কাঁধে ১৮ কোটি মানুষের বোঝা। আল্লাহ তা’য়ালা এ বোঝা তোমাদের জন্য হালকা করে দিন। এ বোঝা বহন করা শক্তি তোমাদের দান করুন। তোমাদের এ বিজয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে, আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশা আল্লাহ। ছাত্রসমাজ তোমাদের ভোট দিয়েছে, তোমাদের ইনসাফের প্রতীক হিসেবে তারা দেখতে চায়। অন্য কোনো কারণ নেই।

ইনসাফ কায়েম করার বিষয়ে জামায়াতে ইসলামী ‘ডেসপারেট’ বলেও জানান দলের এই শীর্ষ নেতা। তিনি বলেন, আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব! আর সেই ইনসাফের ভিত্তি হচ্ছে আল্লাহর কোরআন। নবী (সা.)-এর সুন্নাহ। কোরআন-সুন্নাহ বাদ দিয়ে দুনিয়ার কোথাও ইনসাফ কায়েম হয়নি, হওয়ারও সম্ভাবনা নেই। এ ব্যাপারে আমরা খুবই ডেসপারেট।

তিনি আরও বলেন, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মানুষের জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চাই।

হাসিনার আমলে আমদানি করা ৩০ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর

শেখ হাসিনার শেষ মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় দ্বাদশ সংসদের এমপিদের আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন যানবাহন অধিদপ্তরের পরিবহন পুলে হস্তান্তর করা হচ্ছে। শুল্ক-কর ছাড়াই গাড়িগুলো দেয়া হলেও ভবিষ্যৎ জটিলতা এড়াতে শর্ত যুক্ত করা হয়েছে।

নিলামে প্রত্যাশিত দর না ওঠায় গত সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের ৩১ জন সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ি এভাবে সরকারের কাছে নেওয়ার কোনো নজির না থাকায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে যানবাহন অধিদপ্তর, কাস্টমস ও বিআরটিএর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

সবশেষ গত ১২ নভেম্বর প্রায় ২৭০ কোটি টাকা মূল্যের গাড়িগুলো শর্তসাপেক্ষে পরিবহন পুলে দেয়ার বিশেষ আদেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। আদেশ অনুযায়ী, ভবিষ্যতে আমদানিকারক অর্থাৎ সাবেক এমপিরা চাইলে নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করে গাড়িগুলো ফেরত নিতে পারবেন।

এরইমধ্যে যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরে সংরক্ষিত গাড়িগুলো পরিদর্শন করেছেন। সব প্রক্রিয়া শেষে ৩০টি গাড়ি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরিফ আল আমিন বলেন, ‘এরইমধ্যে গাড়ি খালাসকরণের জন্য সব প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়েছে। জনপ্রশাসন ও পরিবহন পুলের কর্তাব্যক্তি যারা আছেন তারা এরইমধ্যে গাড়িগুলো বুঝে নেয়ার জন্য এসেছেন।’

গাড়ি আমদানিকারকদের মতে, উচ্চ মূল্য ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি করা কঠিন হতো। বন্দরের শেডে ফেলে রেখে নষ্ট হওয়ার ঝুঁকির চেয়ে পরিবহন পুলে দেয়াই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির আইন সংশোধনের দাবি জানিয়েছে বারভিডা।

বারভিডার সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘আপনি এমপিদের জন্য গাড়িই দেন তাহলে ৩ হাজার সিসি পেট্রোল কেন করবেন আপনি? অন্তত সাড়ে ৩ হাজার সিসি পেট্রোল করতে হবে। একটা স্ল্যাট ভাগ করে দিতে হবে যাতে যেকোনো জায়গা থেকে গাড়ি নামতে পারে।’

সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধা চালু হয় এরশাদ সরকারের আমলে। দ্বাদশ সংসদের পর এ সুবিধায় ৫১টি গাড়ি আমদানি করা হলেও সংসদ বিলুপ্তির পর বেশিরভাগ গাড়ি খালাস হয়নি। এর অধিকাংশই টয়োটা ল্যান্ড ক্রুজার।