সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএনআই।

সরকারি বিবৃতিতে বলা হয়, ‘প্রণয় ভার্মা (আইএফএস: ১৯৯৪), বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভারতের বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করে আসা প্রণয়কে ব্রাসেলসে নেওয়ার উদ্যোগের কথা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম বলা হচ্ছিল। গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পরে সেখানকার দায়িত্ব ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই চুক্তির মাধ্যমে পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এটি ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই এফটিএ ভবিষ্যত-উপযোগী বাণিজ্য কাঠামো তৈরি করবে, যা ভারতের নতুন প্রজন্মের অর্থনৈতিক খাতগুলোকে সহায়তা করবে। বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত।

ইউরোপের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার বাড়ার ফলে ভারতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ইউরোপীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে ভারতীয় উৎপাদকদের সংযুক্তি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ চুক্তিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং আঞ্চলিক শিল্প ক্লাস্টারগুলোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা বৈশ্বিক বাজারে প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণ করতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১.৫ লাখ কোটি রুপি (১৩৬.৫৪ বিলিয়ন ডলার)। এর মধ্যে রপ্তানি ছিল ৬.৪ লাখ কোটি রুপি এবং আমদানি ছিল ৫.১ লাখ কোটি রুপি।

একই সময়ে সেবা খাতে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৭.২ লাখ কোটি রুপি (৮৩.১০ বিলিয়ন ডলার), যা দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতার ইঙ্গিত দেয়।

বিশ্ব অর্থনীতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন যথাক্রমে চতুর্থ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত। একসঙ্গে তারা বৈশ্বিক জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।

ভারত সরকার মনে করছে, এই চুক্তি দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং প্রবৃদ্ধি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রণয় ভার্মা বাংলাদেশে আসার আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এ কর্মকর্তা তার আগে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের জুলাইয়ে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হয়ে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব ছিলেন তিনি।

এর আগে ২০১৭ সাল পর্যন্ত ভারতের পরমাণু কূটনীতি নিয়ে কাজ করা অ্যাটমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলেছেন প্রণয় ভার্মা। যন্ত্রকৌশলে স্নাতক করা প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে আসার আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন। যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার উপর স্নাতকোত্তর করেছেন তিনি।

লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

লেবাননের সিদোন, নাবাতিয়াহসহ সমগ্র দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। যার মধ্যে একটি গাড়ির ওপর ড্রোন হামলাও অন্তর্ভুক্ত ছিল।

আলজাজিরার তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল রাতভর রাজধানী বৈরুতের ওপর দিয়ে একটি ইসরায়েলি নজরদারি ড্রোন উড়তে দেখা গেছে। হামলার মাঝেই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর বাসিন্দাদের শহর ছেড়ে নিরাপদে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

এই নির্দেশে দেশটির জনা শহরও অন্তর্ভুক্ত ছিল, যেখানে ইতিমধ্যে ইসরায়েল বিমান হামলায় দেশটির বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও পরিচালিত বৃহৎ দুটি হাসপাতালও রয়েছে। ডব্লিউএইচও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ওই হাসপাতালগুলোর কার্যক্রম পূর্ণমাত্রায় চলছে। সেখানে অন্তত ৪৫০ জন রোগী চিকিৎসাধীন আছেন, যাদের জন্য বিকল্প কোনো চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেই।
অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে সংস্থাটি

ইসরায়েলের হামলায় আহতের সংখ্যা এত ছাড়িয়েছে যে লেবাননজুড়ে হাসপাতালগুলো এখন ধারণক্ষমতার বাইরে। গত বুধবার ইসরায়েলি হামলায় আহত ১,০০০-এরও বেশি আহত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলো। একদিকে নিরবচ্ছিন্ন হামলা চলছে, অন্যদিকে নিহতের সংখ্যা গণনা ও শনাক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে আলোচ্য বিলের বদলে অন্য বিলের প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলনকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

একই সঙ্গে তিনি বলেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালের অধিবেশনে আমানত সুরক্ষা বিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব ওঠার সময় এ ঘটনা ঘটে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ রহিত করে যুগোপযোগীভাবে পুনঃপ্রণয়নের লক্ষ্যে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চান। স্পিকার অনুমতি দিলে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন।

এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলার আহ্বান জানান। প্রস্তাব তোলার পর কণ্ঠভোটের আগে সাইফুল আলম কথা বলার সুযোগ চান।

তখন স্পিকার তাকে জিজ্ঞেস করেন, ‘মাননীয় সদস্য সাইফুল আলম ঢাকা-১২, আপনি কিসের ওপরে, কোন বিলের ওপর আপত্তি দিতে চান?’ জবাবে সাইফুল আলম বলেন, ‘আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ সংরক্ষণের পক্ষে কথা বলতেছিলাম।’ তখন স্পিকার বলেন, ‘এটা তো উত্থাপন করা হয় নাই, এই নামে কোনো বিল নাই তো এখন।’ এরপর সাইফুল আলম বলেন, ‘আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।’

এ সময় স্পিকার সাইফুল আলমকে উদ্দেশ করে বলেন, মাই গড! মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচির মাধ্যমে আপনি বাধা দিচ্ছেন।

বিরতির আগে বৈঠকের শেষ দিকে বিরোধীদলীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রথমে যে কার্যতালিকা তাদের দেওয়া হয়েছিল, সেখানে ‘ব্যাংক রেজুলেশন আইন’ ছিল। সেটি আলাদাভাবে আসবে কি না, তা নিয়ে তারা বিভ্রান্তিতে পড়েছেন।

জবাবে স্পিকার বলেন, পরে আসবে।

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল

বর্তমান নির্বাচিত সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনার বহিঃপ্রকাশ।’

আজ শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন অ্যাটর্নি জেনারেল।
মতবিনিময় শেষে সাংবদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়েছে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জনগণ করেছিল। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট।’

সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।
এরই মধ্যে সরকার জুলাইযোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে বলে জানান তিনি।

ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ আছে।’

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী এরই মধ্যে এ বিষয়ে জাতীয় সংসদে সুস্পষ্টভাবে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
আমরা এ বিষয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই।’

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছেন। তবে সেই রায় চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের অর্থনীতিকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে কাজ করছে সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারা অনুযায়ী একটি বিস্তৃত বিবৃতি উপস্থাপন করে তিনি বলেন, ‘শক্তিশালী জনসমর্থন নিয়ে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই অর্থনীতি স্থিতিশীল করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনরুদ্ধার এবং সব নাগরিকের জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে।
প্রতিদান হিসেবে বাংলাদেশকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের প্রত্যাশা পূরণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে অর্থনৈতিক মুক্তির যাত্রা শুরু করে।’

তিনি আরো বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পোশাকশিল্পের বিকাশ, বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান বিস্তৃত করা এবং মধ্যবিত্ত শ্রেণির বিকাশের মাধ্যমে একটি দুর্বল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছিলেন।’

আমির খসরু বলেন, ‘ভ্যাট ব্যবস্থা প্রবর্তন, শুল্ক ও আমদানি কাঠামোর আধুনিকায়ন এবং বেসরকারি বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে তিনি অর্থনীতির ভিত শক্তিশালী করেন।

এই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার উত্তরাধিকারসূত্রে একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো পেয়েছে। সেখানে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক খাতে চাপ, বিনিয়োগের ধীরগতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সুশাসনের ঘাটতি রয়েছে।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও নিয়ন্ত্রণমুক্তির মাধ্যমে উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে সরকার ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে এবং ধাপে ধাপে সব পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রকৃত কৃষক, জেলে ও প্রাণীসম্পদ খামারিদের জন্য কৃষক কার্ড চালু করা হচ্ছে।

তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং গ্রামীণ উৎপাদকদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়তা দেওয়া হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইসিটি খাতের সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ব্লু ইকোনমি, ইকো-ট্যুরিজম ও আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড চালুর মাধ্যমে রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজস্ব খাতে স্বচ্ছতা ও অটোমেশন নিশ্চিত করে কর আদায় বাড়ানো এবং ঋণের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩৪ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকিং খাতে সংস্কার, কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এসএমই খাত শক্তিশালী করা, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং সহজ ঋণপ্রাপ্তি নিশ্চিত করা হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।’

তিনি জানান, আন্তর্জাতিক তেল ও এলএনজি মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, যা বাজেটে চাপ সৃষ্টি করবে এবং বৈদেশিক মুদ্রার ওপর প্রভাব ফেলবে।

এই পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি সাশ্রয়, অফিস সময় কমানো, বিদ্যুৎ ব্যবহার সীমিত করা, বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করা এবং মার্কেট আগে বন্ধ করার মত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বাজেট ঘাটতি সামাল দিতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হচ্ছে। বৈশ্বিক সংকট সত্ত্বেও জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমদানিনির্ভর অর্থনীতি হওয়ায় বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না, তবে বিচক্ষণ নীতি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে।’

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

আমির খসরু আশা প্রকাশ করেন, জনগণ অতীতের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন দেবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকার সুশাসন নিশ্চিত, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার কর্মীদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে।’

মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান রিজভী। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ৩৬টি পাবে বিএনপি ও তাদের মিত্ররা।
এই জোটে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

রিজভী বলেন, ‘বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা।’ একই সঙ্গে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকাল ১১টা থেকে ফরম বিক্রি শুরু হয়। দলের যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্ভোধন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে।
যারা আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই বিএনপি সংরক্ষিত নারী সংসদ সদস্য বেছে নেবে।’

দলের মনোনয়ন বোর্ডের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান রুহুল কবির রিজভী। দলের সিদ্ধান্ত সবাইকে মান্য করতে হবে বলেও জানান বিএনপির এ নেতা।

আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টনের বিষয়ে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বিএনপি ও তাদের মিত্ররা পাবে ৩৬টি আসন। এই জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস পাবে ১৩টি আসন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বচিত হয়েছেন ছয়জন। তারা সবাই একজোট হয়ে একটি আসন পাবেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা কোনো জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।
পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল শুরু, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

সচিব জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলায় মোট ২ হাজার ৭০৩ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পুলিশের ওয়েবসাইটে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সংখ্য পর্যালোচনা করে দেখা যায়, সবচেয়ে বেশি শূন্য পদ ঢাকা জেলায় (২২৬) এবং সবচেয়ে কম বান্দরবান জেলায় (৭)।
এ ছাড়া চট্টগ্রামে ১৪৩ শূন্য পদ, রাজশাহীতে ৪৯টি, খুলনা এবং বরিশালে ৪৪টি করে নিয়োগযোগ্য শূন্য পদ আছে।

জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা—

১. ঢাকা– ২২৬
২. গাজীপুর– ৬৪
৩. মানিকগঞ্জ– ২৬
৪. মুন্সীগঞ্জ– ২৭
৫. নারায়ণগঞ্জ– ৫৫
৬. নরসিংদী– ৪২
৭. ফরিদপুর– ৩৬
৮. গোপালগঞ্জ– ২২
৯. মাদারীপুর– ২২
১০. রাজবাড়ী– ২০
১১. শরীয়তপুর– ২২
১২. কিশোরগঞ্জ– ৫৫
১৩. টাঙ্গাইল– ৬৮
১৪. ময়মনসিংহ– ৯৬
১৫. জামালপুর– ৪৩
১৬. নেত্রকোনা– ৪২
১৭. শেরপুর– ২৫
১৮. চট্টগ্রাম– ১৪৩
১৯. বান্দরবান– ০৭
২০. কক্সবাজার– ৪৩
২১. ব্রাহ্মণবাড়িয়া– ৫৩
২২. চাঁদপুর– ৪৫
২৩. কুমিল্লা– ১০১
২৪. খাগড়াছড়ি– ১২
২৫. ফেনী– ২৭
২৬. লক্ষ্মীপুর– ৩২
২৭. নোয়াখালী– ৫৮
২৮. রাঙামাটি– ১১
২৯. রাজশাহী– ৪৯
৩০. জয়পুরহাট– ১৭
৩১. পাবনা– ৪৭
৩২. সিরাজগঞ্জ– ৫৮
৩৩. নওগাঁ– ৪৯
৩৪. নাটোর– ৩২
৩৫. চাঁপাইনবাবগঞ্জ– ৩১
৩৬. বগুড়া– ৬৪
৩৭. রংপুর– ৫৪
৩৮. দিনাজপুর– ৫৬
৩৯. গাইবান্ধা– ৪৫
৪০. কুড়িগ্রাম– ৩৯
৪১. লালমনিরহাট– ২৪
৪২. নীলফামারী– ৩৪
৪৩. পঞ্চগড়– ১৯
৪৪. ঠাকুরগাঁও– ২৬
৪৫. খুলনা– ৪৪
৪৬. যশোর– ৫২
৪৭. ঝিনাইদহ– ৩৩
৪৮. মাগুরা– ১৭
৪৯. নড়াইল– ১৪
৫০. বাগেরহাট– ২৮
৫১. সাতক্ষীরা– ৩৭
৫২. কুষ্টিয়া– ৩৬
৫৩. চুয়াডাঙ্গা– ২১
৫৪. মেহেরপুর– ১২
৫৫. বরিশাল–৪৪
৫৬. ভোলা– ৩৩
৫৭. ঝালকাঠি– ১৩
৫৮. পিরোজপুর– ২১
৫৯. পটুয়াখালী– ২৯
৬০. বরগুনা– ১৭
৬১. সিলেট– ৬৪
৬২. মৌলভীবাজার– ৩৬
৬৩. সুনামগঞ্জ– ৪৬
৬৪. হবিগঞ্জ– ৩৯

হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা

হরমুজ প্রণালি নিয়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নতুন বার্তা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গতকাল বৃহস্পতিবার রাতে বিবৃতিটি ছিল লিখিত আকারে প্রকাশ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

বিবৃতিতে তিনি হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যুদ্ধের শুরুতে তার বাবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবং ইরানের সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি।

তার বার্তায় তিনি বলেন, এই যুদ্ধে ইরানের জনগণই ‘বিজয়ী পক্ষ এবং ইরানই এই যুদ্ধে ‘বিজয়ী জাতি’।

তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করবে এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করবে।

বিবৃতিতে বলা হয়, সরকার হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে—তবে সেটি কিভাবে করা হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরানপন্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উন্মুক্ত চত্বরে আপনাদের কণ্ঠ আলোচনা ও দর-কষাকষির পরিণতিতে প্রভাব ফেলে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চাচ্ছে না, তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না।’

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

জানা গেছে, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি।

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারের আসরে গ্রুপ ‘জে’-তে পড়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই দুটি প্রীতি ম্যাচকে দলটির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন কোচিং স্টাফ।